বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬

নিজামীর রায়ের প্রতিবাদে জামায়াতের হরতাল

 

Image copyrightAP
Image captionমতিউর রহমান নিজামী
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার পর কাল বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামি।
আপিল বিভাগের রায় ঘোষণার পরপরই ই-মেইলে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান।
দলটির ঘোষণা অনুযায়ী কাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে তারা।
ওই বিবৃতিতে তারা দাবি করেন যে ‘মি. নিজামী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন’।
পাশাপাশি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে মি. নিজামী উচ্চ আদালতে রিভিউ আবেদন করবেন।
তারা বলেন, “ রিভিউ আবেদনে ন্যায়বিচার নিশ্চিত হলে মাওলানা নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি”।
Image copyrightfocus bangla
Image captionট্রাইব্যুনালে নিজামীর রায় ঘোষণার পর সহিংসতা হয়েছিলো দেশের বিভিন্ন স্থানে- ফাইল ফটো

হাইড্রোজেন বোমার পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

 

Image copyrightAP
Image captionউত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়েছে বলে ঘোষণা দেয়া হয়।
হাইড্রোজেন বোমার একটি সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তথ্য অনুযায়ী বুধবার সকালেই ওই পরীক্ষা চালানো হয়েছে।
দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় একটি এলাকায় যেখানে ওই পরীক্ষা চালানো হয়েছে ওই অঞ্চল জুড়ে ৫.১ মাত্রার ভূ-কম্পন অনুভূত হওয়ার পর দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ওই ঘোষণা দেয়া হয়।
ঘোষণাটি নিশ্চিত হলে এটি হবে ২০০৬ এর পর চতুর্থ পরমাণু বোমার বিস্ফোরণ।
Image copyrightAFP
Image captionউত্তর কোরিয়ার টিভিতে ঘোষণাটি দেখছেন একজন দর্শক
তবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর এই প্রথম দাবি করলো উত্তর কোরিয়া।
যদিও নিরপেক্ষ কোন সূত্র থেকে এটি নিশ্চিত করা যায়নি।
এ ধরনের বোমা সাধারণ পারমাণবিক বোমার চেয়ে অনেক গুন বেশি শক্তিশালী।

বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬

আইএসের নতুন প্রোপাগান্ডা প্রধান সিদ্ধার্থ ধর

Image copyrightTwitter
Image captionটুইটারে পোস্ট করা একটি ছবিতে সিদ্ধার্থ ধর

ইসলামিক স্টেটের সাম্প্রতিক প্রোপাগান্ডা ভিডিও গুলোয় দেখানো প্রধান ব্যক্তির নাম সিদ্ধার্থ ধর, যিনি একজন ব্রিটিশ নাগরিক বলে বিবিসি জানতে পেরেছে।
সম্প্রতি ব্রিটেনের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে পাঁচজন ব্যক্তিকে হত্যা করে আইএস। সেই ভিডিওতে সিদ্ধার্থ ধরকে দেখা গিয়েছিল।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ গোয়েন্দা সূত্র বিবিসিকে জানিয়েছে যে, ওই ব্যক্তি সিদ্ধার্থ ধর বলেই তারা ধারণা করছে।
যুক্তরাজ্যের একটি হিন্দু পরিবারে জন্ম নেয়া মি. ধর পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।
সিরিয়ায় যাবার আগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের সামনে উগ্র বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে।
 
Image captionইসলামিক স্টেটের একটি ভিডিওতে দেখা যাওয়া প্রধান ব্যক্তি ব্রিটিশ নাগরিক সিদ্ধার্থ ধর বলে ধারণা করা হচ্ছে

এর আগে আইএসের প্রোপাগান্ডা ভিডিওতে ‘জিহাদি জন’ নামের একজনকে দেখা যেতো, যার আসল নাম মোহাম্মদ এমওয়াজি। তিনিও ছিলেন একজন ব্রিটিশ নাগরিক।
বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
সিদ্ধার্থ ধর পূর্ব লন্ডনে বসবাস করতেন। আগে হিন্দু ধর্মাবলম্বী থাকলেও পরে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং উগ্রপন্থী গোষ্ঠি আল মুহাজিরুনে যোগ দেন।
তার এখনকার নাম আবু রুমায়শা। সাবেক ব্যবসায়ী এবং চার সন্তানের জনক মি. ধরকে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে ২০১৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল।
জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে।
তার বোন কণিকা ধর বিবিসিকে বলেছেন, প্রথমবার শুনে মনে তাঁর মনে হয়েছিল, এটা তার ভাইয়েরই কণ্ঠস্বর। তখন তিনি খুবই মর্মাহত হন। যদিও তিনি পুরোপুরি নিশ্চিত নন, এটা সত্যিই তার ভাই কিনা।

অস্ত্র ক্রয়ে বিধিনিষেধ ঘোষণা করতে গিয়ে কাঁদলেন ওবামা

 

obamaImage copyrightAFP
Image captionঅস্ত্র সহিংসতার কথা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ে কিছু নতুন বিধিনিষেধের বিস্তারিত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে এই ঘোষণা দিতে গিয়ে আবেগতাড়িত মি. ওবামা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে 'নিষ্ক্রিয়তার জন্য অব্যাহতভাবে অজুহাত' দেয়া বন্ধ করতে হবে।
নির্বাহী আদেশে এই ব্যবস্থা নিচ্ছেন মি. ওবামা, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ক্রেতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া বা 'ব্যাকগ্রাউন্ড চেক'।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব ব্যবস্থার অধিকাংশ নেয়া সম্ভব হবে।
"এজন্যেই আমরা এখানে এসেছি। শেষ বন্দুক হামলার বিষয়ে কিছু করতে নয়, বরং পরবর্তী হামলার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য" বলেন মি. ওবামা।
তিনি বলেন "অস্ত্রের পক্ষের তদবিরকারীরা (গান লবি) হয়তো এখন কংগ্রেসকে জিম্মি করে রেখেছে, তবে তারা আমেরিকাকে জিম্মি করতে পারবে না"।
মি. ওবামা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আত্মীয়-স্বজন।
শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত কয়েক বছরে ঘটে যাওয়া গণহারে গুলির ঘটনার কথা স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারতীয় স্কুল বালকের এক হাজার রানের বিশ্ব রেকর্ড

Image copyrightBCCI
Image captionবিশ্বরেকর্ড করার পর প্রনভ ধনাওয়াড়েকে কাঁধে নিয়ে উল্লাস

ক্রিকেটে এক ইনিংসে এক হাজারের বেশি রান তুলে নয়া বিশ্ব রেকর্ড করেছে এক ভারতীয় কিশোর।
পনের বছর বয়সী প্রনভ ধনাওয়াড়ে মুম্বাইর স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে ১ হাজার ৯ রান করে আগের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন ।
ক্রিকেটের কোন ইনিংসে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ১৮৯৯ সালে আর্থার কলিন্সের করা। তিনি করেছিলেন ৬২৮ রান।
মুম্বাই স্কুল ক্রিকেটে প্রণভ ধনাওয়াড়ে খেলেন কেসি গান্ধী স্কুলের হয়ে। মঙ্গলবার তাদের দল আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে ১ হাজার ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।ধনাওয়াড়ে একাই করেন ১ হাজার ৯ রান।
 Image copyrightPranav Dhanawade
Image captionবিস্ময় বালক প্রনভ ধনাওয়াড়ে (ডানে)

তার এই ইনিংসে ধনাওয়াড়ে ৫৯টি ছক্কা এবং ১২৭টি চার মেরেছেন।
মুম্বাই স্কুল ক্রিকেট ভারতের সবচেয়ে নামকরা স্কুল ক্রিকেট টুর্ণামেন্টগুলোর একটি।
ভারতের ক্রিকেট কিংবদন্তী সচীন তেন্ডুলকার থেকে শুরু করে বর্তমান ভারতীয় ওপেনার রোহিত শর্মা- অনেকেই এই টুর্ণামেন্ট খেলেই তৈরি হয়েছেন।
ভারতের হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রনভ ধনাওয়াড়ে বলেন, “যখন খেলা শুরু করেছিলাম তখন ভাবিনি আমি এরকম একটা রেকর্ড করবো। রেকর্ড করার লক্ষ্য আমার ছিল না। আমি আমার সহজাত খেলাটা খেলেছি।”
প্রনভ ধনাওয়াড়ের এই রেকর্ড হৈ চৈ ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সচীন তেন্ডুলকার তাকে টুইটারে অভিনন্দন জানিয়ে বলেছেন, তোমাকে আরও অনেক উচুঁতে উঠতে হবে।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার প্রত্যাহার

Image copyrightBCB
Image captionবাংলাদেশের মাঠে একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া।
নিজেদের ওয়েবসাইটে এক বার্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘোষণা দিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল কিছুদিন আগে ঢাকা গিয়ে বাংলাদেশে ক্রিকেট এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
মেলবোর্নে ফিরে তার প্রতিবেদনের পর অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে টুর্নামেন্টে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি।
অস্ট্রেলিয়ার বদলে আয়ারল্যান্ডকে খেলতে আসার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন।
সব দেশের খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্ব আইসিসির বলেও তিনি জানান।
 Image copyrightCricket Australia
Image captionক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড

১৬টি দেশ নিয়ে জানুয়ারীর ২৭ তারিখে চট্টগ্রামে বিশ্বকাপটি শুরুর কথা রয়েছে। কিন্তু তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়া নিজেদের সরিয়ে নেয়ার এই ঘোষণা দিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা সবসময়েই আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। বেশ কিছুদিন ধরেই আমরা আইসিসির নিরাপত্তা পরামর্শক, বাংলাদেশের কর্মকর্তা, আমাদের ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম।
কিন্তু এখনো বাংলাদেশে অস্ট্রেলিয়াদের ভ্রমণে বড় ধরণের ঝুঁকি রয়েছে বলে আমাদের সরকার জানিয়েছে। সেখানে অস্ট্রেলিয়ানদের উপর হামলা হতে পারে বলেও খবর রয়েছে।
এসব বিবেচনায় বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয়া ছাড়া অন্য কোন বিকল্প তাদের সামনে নেই বলেও তিনি জানান।
তাদের এই সিদ্ধান্তে কোন সমস্যা তৈরি হলে, আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তারা ক্ষমা প্রার্থী বলেও জানান মি. সাদারল্যান্ড।
গত বছরের শেষের দিকে নিরাপত্তা কারণ দেখিয়েই টেস্ট সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

তুরস্কের উপকুলে ভেসে এলো ১৭ অভিবাসীর লাশ

 

Image copyrightAP
Image caption১৭ জনের লাশ ভেসে আসে তুরস্কের সৈকতে

তুরস্কের পুলিশ বলছে, এজিয়েন সাগরের উপকূল থেকে তারা শিশুসহ অন্তত ১৭ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে।
সমুদ্র পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার সময় তাদের নৌকা ডুবে গেলে মৃতদেহগুলো ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছেছে।
বলা হচ্ছে, দুটো নৌকাতে করে তারা গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলেন এবং খারাপ আবহাওয়ার কারণে একসময় দুটো নৌকাই উত্তাল সমুদ্রে ডুবে যায়।
শীতের সময় অভিবাসীদের সাগর পার হওয়ার চেষ্টা কমে আসছে বলে ধারণা করা হলেও, এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে, ইউরোপে আসার জন্যে এখনও অনেকেই জীবনের ঝুঁকি নিচ্ছেন।
কেবল গত বছরই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় দশ লক্ষ অভিবাসী ইউরোপে ঢুকেছে। এদের বড় অংশ এসেছে তুরস্ক এবং গ্রীস হয়ে।
Image copyrightAP
Image captionশীতের মধ্যেও ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছে অনেক অভিবাসী

জাতিসংঘের হিসেব অনুযায়ী গত বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত তিন হাজার ৭৭১ জন নিহত হয়।
কর্মকর্তারা বলছেন, এই মূহুর্তে এজিয়েন সাগর খুবই উত্তাল। রাবারের ডিঙ্গি নৌকায় এই সাগর পাড়ি দেয়া খুবই বিপদজনক। কিন্তু অভিবাসীরা সেই চেষ্টাই করছেন।
যে ১৭ জন অভিবাসীর লাশ পাওয়া গেছে তাদের নৌকা পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনী কিছু লাশ উদ্ধার করেছে। লাইফবোট পরা অন্য লাশগুলো সাগরে ভাসতে দেখা যায়।
স্থানীয় একজন কর্মকর্তা বলছেন, নিহতরা সিরিয়া, ইরাক এবং আলজিরিয়ার নাগরিক বলে তারা ধারণা করছেন।