সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ভারতে আমলাদের 'দু:সাহসিক' খেলায় আনার চেষ্টা

 
    rock_climbing                           
ভারতে সরকারি কর্মচারীদের মধ্যে টিম স্পিরিট এবং ঝুঁকি নেওয়ার দক্ষতা বাড়ানোর জন্য তাদের নানা ধরনের দু:সাহসিক খেলা বা 'অ্যাডভেঞ্চার স্পোর্টসে' অংশ নিতে উৎসাহ দেওয়া হচ্ছে।
ভারত সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং তাদের এক নির্দেশনামায় জানিয়েছে, সরকারি কর্মীরা যদি রক ক্লাইম্বিং, প্যারাগ্লাইডিং, বেলুনিং বা বিচ ট্রেকিংয়ের মতো নানা অ্যাডভেঞ্চারে অংশ নেন তাহলে সরকারই তার খরচ বহন করবে।
তবে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর কাজের ধারায় এটা কোনও পরিবর্তন আনতে পারবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
ভারতে সরকারি কর্মচারীদের সম্পর্কে সাধারণভাবে যে ধারণাটা প্রচলিত তা হল এরা দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে পারেন না, দিনের পর দিন ফাইল আটকে বসে থাকেন এবং সরকারের কোনও বিভাগই কখনওই একটা ‘টিম’ বা দল হিসেবে কাজ করে না।
এখন কেন্দ্রীয় সরকার তার কর্মীদের হিমাচল প্রদেশের পাহাড়ে রক ক্লাইম্বিং কিংবা গোয়ার সৈকতে বিচ হাইকিং করতে পাঠিয়ে সেই ছবিটাই পাল্টাতে চাইছেন – কিন্তু সেই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সাবেক শীর্ষ আমলারা অনেকেই সন্দিহান।
ভারতের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি ও এ দেশের বাবুডম নিয়ে গবেষণাধর্মী বইয়ের লেখক টিএসআর সুব্রহ্মণ্যম যেমন বিবিসিকে বলছিলেন, ‘অ্যাডভেঞ্চারে ঝুঁকি নেওয়া আর সরকারি কাজে ঝুঁকি নেওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক। ফলে একটা আর একটাকে ট্রিগার করবে কি না তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে হ্যাঁ, প্রেসিডেন্ট কেনেডি সবাইকে দৌড়তে বলতেন, নিজেও শুরু করেছিলেন – সরকারি কর্মীদের শারীরিকভাবে ফিট থাকাটা নিশ্চয় জরুরি।’
সরকার বলছে, এই সব অ্যাক্টিভিটির জন্য তারা কর্মী-পিছু বছরে কুড়ি হাজার রুপি পর্যন্ত খরচ বহন করবে। ভারতে করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিয়মিত মনিটর করে যে ইন্ডিয়া ট্যাক্সপেয়ার্স অ্যাসোসিয়েশন তারা অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
surfing                           
ওই সংস্থার প্রেসিডেন্ট শান্তাকুমার বলছিলেন এই ধরনের অ্যাক্টিভিটিতে কর্মীদের মধ্যে এক সঙ্গে কাজ করার মানসিকতা বাড়বে বলেই তার বিশ্বাস।
তার কথায়, ‘বস্তুত সরকারি কর্মীদের চাকরির মেয়াদের সময় তাদের প্রশিক্ষণের জন্য প্রচুর অর্থ বরাদ্দ থাকলেও কখনও তা ঠিকঠাক খরচ হয় না। দেখা যায়, তারা ছোটখাটো ঝুঁকি নিতেও ভয় পান – আর তাতে প্রবৃদ্ধি ব্যাহত হয়।’
যদিও ঝুঁকি না-নেওয়াতে কোনও অন্যায় দেখেন না পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিব অর্ধেন্দু সেন – যিনি এই পুরো ভাবনাটা নিয়ে খুব একটা উৎসাহিত বোধ করছেন না।
অর্ধেন্দু সেন বিবিসিকে বলছিলেন, ‘আমার মনে হয় না ঝুঁকি নিতে আমলাদের উৎসাহিত করা উচিত। আমরা যে সিস্টেমে কাজ করি তাতে ঝুঁকি নেওয়াকে নিরুৎসাহিত করা হয় – এমন কী শাস্তি দেওয়া হয়। সরকার এখন বেসরকারি অংশীদারদের সঙ্গে একসাথে কাজ করা শিখছে, আমার মনে হয় ঝুঁকি নেওয়ার ব্যাপারটা সেই প্রাইভেট পার্টনারদের ওপরই ছেড়ে দিলে ভাল!’
তবে মি সেন সেই সঙ্গেই মনে করেন টিম স্পিরিটকে অবশ্যই উৎসাহ দেওয়া দরকার – কিন্তু পনেরো দিনের একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট করে সেই স্পিরিট কতটা বিকশিত হবে তা বলা খুব মুশকিল। ‘তাহলে গত একশো-দুশো বছর আমরা এটা করিনি কেন?’, প্রশ্ন তুলছেন তিনি।
দিল্লিতে নানা সরকারি খাতে কনসালট্যান্ট হিসেবে কাজ করেন দেবাশিস ভট্টাচার্য, তারও এই পদক্ষেপ নিয়ে নানা সন্দেহ আছে।
মি ভট্টাচার্য মনে করেন, ‘মানুষ তখনই একটা টিমে কাজ করে যখন লক্ষ্যটা নির্দিষ্ট থাকে, প্রত্যেকের ভূমিকা ও দায়িত্ব ঠিক করে দেওয়া থাকে – এবং প্রত্যেকের জবাবদিহিতার দায় থাকে। একমাত্র তখনই মানুষ উপলব্ধি করে অন্যদের সাহায্য পেলে তবেই কাজটা আমি অনেক ভালভাবে করতে পারব।’
ভারতের বেসরকারি বা কর্পোরেট খাতে অবশ্য বহুদিন ধরেই কর্মীদের নিয়ে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বা ডে-আউট করার রেওয়াজ চালু আছে।
কিন্তু সরকারের ভেতর একই ধরনের উদ্যোগ কতটা কাজে দেবে, তা নিয়ে নানা মহলেই এখনও প্রবল সন্দেহ।

রাক্কায় বিমান হামলায় ৩২ আইএস জঙ্গি নিহত



সিরিয়ার রাক্কায় একদিনের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৩২ জঙ্গি নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

গাদ্দাফির পতন আর গানার তরুণদের স্বপ্ন ভঙ্গ

Gaddafi

                     গানায় মুয়াম্মার গাদ্দাফি এখনো জনপ্রিয়।                
 
২০১১ সালে যখন লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফীর পতন হয়েছিল তখন লিবিয়া জুড়ে আনন্দ মিছিল করেছিলেন অনেকে।
কিন্তু লিবিয়ার এই নেতার পতন ও মৃত্যু নিয়ে এখনো দু:খ প্রকাশ করছে ছোট্ট দেশ গানার অনেক অধিবাসী। সেটা কিভাবে হলও?
গানার উত্তরে এমনকি একটি লিবিয়া প্রেমী কমিউনিটিও আছে।
এই প্রেমের মুলে অবশ্য আছে অর্থ।
লিবিয়াতে কাজ করে টাকা পয়সা উপার্জন করে সফল হয়েছেন এমন কিছু মানুষের দেখা মিলল গানায়।
তাদের একজন করিম মোহামেদ।
তিনি বলছেন, “গাদ্দাফির সময় লিবিয়ায় সবাই সুখী ছিল। মার্কিন মুলুকেও মানুষ রাস্তায় ঘুমায় কিন্তু লিবিয়াতে তা ছিল না”
গাদ্দাফির পতনের আগে তিন বছর লিবিয়াতে দর্জির কাজ করেছেন মোহামেদ।
সেখান থেকে উপার্জন করা অর্থ দিয়ে দেশে বানিয়েছেন ছয় বেডরুমের বাড়ি।
সেখানে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন।
করিম মোহামেদের মতো গাদ্দাফি প্রেমী আরও খুঁজে পাওয়া গেলো গানার উত্তরের শহর লিবিয়া কোয়ার্টারে।
স্থানীয়ভাবে মানুষজন শহরটিকে এই নামেই ডাকেন।
এই শহরের সবাই গাদ্দাফির সময়ে লিবিয়াতে অর্থ উপার্জন করে প্রতিষ্ঠিত হয়েছেন।
গাদ্দাফির গুনে মুগ্ধ আর একজন ইলিয়াস ইয়াহিয়া বলছেন, “তাকে মেরে কি লাভ হলও? সমস্যা দুর হওয়ার বদলে তা তো আরও শক্তপোক্ত হয়েছে”
এ শহরে একটাও ভাঙাচোরা ঘরের দেখা মেলে না।
তবে শহরের অধিবাসীরা বলছেন, গাদ্দাফির পতন ও মৃত্যুর পর থেকে শহরে নতুন করে আর কোন দামি বাড়িঘর ওঠেনি।
বরং অনেক অসমাপ্ত ভবন এখন চোখে পড়ে।
গানার তরুণরা আর লিবিয়ায় কাজ পান না। বেকারত্বও বেড়েছে অনেক।
গাদ্দাফির মৃত্যুর সাথে সাথে গানার অনেক তরুণের আশারও যেন মৃত্যু হলও।

ফেসবুক খোলার ব্যাপারে 'খুব শিগগীরই' সিদ্ধান্ত

 

    bangladesh home minister
                 বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
বাংলাদেশে ফেইসবুকের দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ফেসবুক খোলার ব্যাপারে তারা খুব শিগগীরই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
আজ ঢাকায় সরকারের তিন মন্ত্রীর সাথে বৈঠক হয় ভারত থেকে আসা ফেইসবুকের দক্ষিণ এশিয়া পলিসি ম্যানেজার ও আইন বিষয়ক একজন উপদেষ্টার।
এর পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন তা আমরা ফেসবুক কর্মকর্তাদের বলেছি এবং তারা এ ক্ষেত্রে কতটা সহযোগিতা করবেন তা জানিয়েছেন।"
"আমরা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো এবং খুব শিগগীর তা জানানো হবে।"
আসাদুজ্জামান খান বলেন, ফেসবুকের প্রতিনিধিদলটিকে বলা হয়েছে যে এই জনপ্রিয় মাধ্যমটির অনেক রকম অপব্যবহার হচ্ছে, এতে অনেক প্রোপাগ্যান্ডা হচ্ছে। "জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু প্রশ্ন নিয়েও তাদের সাথে কথা হয়েছে" - বলেন মি খান।
facebook                            
"সব বিষয় নিয়েই অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে" - এ ছাড়া আর বেশি কিচু বলতে চান নি স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের আরও যে দুই মন্ত্রী ছিলেন তারা হলেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
ঐদিনই দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসএ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
সরকার তখন বলেছিলও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বাঙালির মুক্তির লড়াই পাকিস্তানেও সাহস যুগিয়েছে: হিনা



বাঙালির স্বাধীনতার লড়াই নিপীড়ক সামরিক সরকারের মুখোমুখী দাঁড়াতে পাকিস্তানি জনগণকেও সাহস যুগিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির এক মানবাধিকারকর্মী।

হতে হবে অজেয়: প্রধানমন্ত্রী




 মুক্তিযুদ্ধে বিজয়ের কথা জাতিকে মনে রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে হবে অজেয় রূপে।

ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা