বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬

স্কুলে বেতন বৃদ্ধি: অভিভাবক ও কর্তৃপক্ষ ক্ষুব্ধ

Image captionঅভিবাবকদের অভিযোগ, অস্বাভাবিকভাবে নামী বেসরকারি স্কুলগুলোয় বেতন বৃদ্ধি করা হয়েছে
বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের অনেকগুলো নামী বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের চলতি বছরের শুরুতে বেতন ও ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করছেন অভিভাবকরা। তারা বলছে বেতন স্কেলের দোহাই দিয়ে ফি বৃদ্ধি তারা মেনে নেবেন না।
স্কুল কর্তৃপক্ষ বলছে নতুন বেতন স্কেল ঘোষণার পর তাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য ফি বৃদ্ধি করা ছাড়া কোন বিকল্প নেই।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, নীতিমালা না মেনে ভর্তি ফি ও বেতন বাড়ানোর অভিযোগে শোকজ করা হয়েছে ঢাকার সুপরিচিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজকে।
তবে শুধু এ স্কুলটিই নয়, বছরের শুরুতেই ফি ও বেতন বাড়িয়ে দিয়েছে ঢাকার প্রায় সব নামী বেসরকারি স্কুল। আর এর বিরুদ্ধে এখন আন্দোলনে নেমেছেন অভিভাবকরা। পালন করছেন নানা কর্মসূচি।
একজন অভিভাবক বলেন আমার মেয়ে স্ট্যান্ডার্ড সিক্স এ পড়ে। গত বছরের তুলনায় এবার ২/৩ হাজার টাকা বেশি দিতে হয়েছে।
আরেকজন বলেন তার দুই সন্তান নার্সারিতে পড়ে, তাদের বেতন ১৫শ থেকে ২৫শ করা হয়েছে।
Image copyrightGetty
Image captionকর্তৃপক্ষ বলছে, এভাবে বেতন বৃদ্ধির সুযোগ নেই
তবে অভিভাবকদের এসব বক্তব্যের জবাবে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন বলছেন, ৩৯৮ জন শিক্ষক ও কর্মকর্তা, যারা এমপিও ভুক্ত নন বলে সরকারি অর্থ পাননা, তাদের বেতন ভাতা যোগাতেই ৪৯শতাংশ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে। তার মতে এটি আরও বাড়ানোর প্রয়োজন ছিল।
অন্যদিকে ভিকারুননিসা স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক সুদীপ কুমার ভট্টাচার্য বলেন, সরকার নতুন বেতন স্কেল দিয়েছে বলে সবার ওপর অতিরিক্ত বেতন চাপিয়ে দেয়াটা অন্যায়।
তবে এসব বিষয়ে কথা বলতে রাজী হননি স্কুলের অধ্যক্ষ সুফিয়া খাতুন। তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন বেতন ভাতার বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
ওদিকে ঢাকার স্কুল গুলোর মতো বেতন বা ফি বাড়ানো হয়েছে চট্টগ্রামের স্কুলগুলোতেও। সেখানকার সিটি কর্পোরেশন পরিচালিত একটি স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক শিখা রানী বলছেন সেখানে ফি বেড়ে দ্বিগুণ হয়েছে।
তিনি জানান তার মেয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ৭৫ টাকার বেতন ১৫০ টাকা এবং ভর্তি ফি ১৬শ টাকার জায়গায় করা হয়েছে ২৬শ টাকা।
অভিভাবকদের এমন অভিযোগের বিষয়ে জানতে চেয়েছিলাম চট্টগ্রামে সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা নাজিয়া শিরিনের কাছে।
তিনি বলেন সব পর্যালোচনা করে শিক্ষার গুনগত মান বাড়াতে বেতন একটু বাড়ানো হয়েছে।
তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন বলছেন, সরকারি নির্দেশনার বাইরে গিয়ে এভাবে বেতন ভাতা বৃদ্ধির কোন সুযোগ নেই। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, উইলস লিটল ফ্লাওয়ারকে শোকজ করা হয়েছে, ভিকারুননিসা স্কুলও পরিদর্শন করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা যে পদক্ষেপ নিচ্ছেন তাতে করে কোন স্কুলই নীতিমালার বাইরে গিয়ে বেশি ফি আদায় করতে পারবে না।

ভারতে ধর্ষণের ভিডিও প্রকাশের পর নির্যাতিতার আত্মহত্যা

Image copyrightThinkstock
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক মধ্যবয়সী নারীকে গণধর্ষণ করে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার পর ওই নারী আত্মহত্যা করেছেন।
পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তার স্বামী জানিয়েছেন, রবিবার রাতে তাকে গণধর্ষণ করা হয় আর মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ে তাঁদের গ্রামে। বিকেলে ওই নারী বিষপান করেন।
মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও গত দুদিন ধরে ধৃতদের কঠোরতম শাস্তি ও ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষ।
উত্তর প্রদেশের মুজফফরনগরের ছাপড়া গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী ওই নারী একজন গ্রামীণ স্বাস্থ্য সহায়িকা।
তাঁকে রবিবার রাতে গ্রামেরই এক ব্যক্তি ডেকে নিয়ে যান এক আত্মীয়ার প্রসবের সময়ে। তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তি এবং তার আরও তিনসঙ্গী গণ ধর্ষণ করে এবং গোটা ঘটনার ভিডিও করে রাখে।
মূল অভিযুক্ত মঙ্গলবার ওই ভিডিওটি গ্রামে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় নির্যাতিতাকে। বিকেলে মধ্যেই সেটি সত্যিই ছড়িয়ে দেওয়া হয়েছে জানার পরে আত্মহত্যা করেন ওই নারী।
মুজফফরনগরের শহরাঞ্চলীয় পুলিশ সুপারিন্টেনডেন্ট প্রদীপ গুপ্তা টেলিফোনে বিবিসি বাংলাকে বলছিলেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় যেটা অপরাধ, সেটাই করা হয়েছে ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে। দণ্ডবিধির বেশ কয়েকটি ধারার সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনেও অভিযোগ জমা নেওয়া হয়েছে। মূল অভিযুক্ত সাহিবকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরাখণ্ড রাজ্য থেকে। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে।
এই ঘটনা সামনে আসার পরে সেখানে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। দুদিন ধরে জাতীয় মহাসড়ক অবরোধও করা হয়েছিল। স্থানীয় মানুষরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারী, কঠোর শাস্তি, নির্যাতিতার স্বামী সরকারী চাকরী প্রভৃতি দাবী তুলেছেন। পুলিশ সুপার বলছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
মি. গুপ্তা বলছেন, "এখন পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। ময়না তদন্ত হয়ে গেছে, মৃতার সৎকারও হয়ে গেছে, মূল অভিযুক্তও ধরা পড়েছে। তাই এখন উত্তেজনা প্রায় নেই। ওই গ্রামে কিছু পুলিশ পাহারা দিচ্ছে। তবে উত্তেজনা তো গ্রামের মানুষ তৈরি করেন নি, উস্কানি দেওয়া হয়েছিল।"
ভারতে ভিডিও ক্যামেরাসহ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার গ্রাম গঞ্জে দ্রুত ছড়িয়ে পড়েছে বেশ কয়েকবছর ধরে। একই সঙ্গে বাড়ছে ওই ধরণের ফোন ব্যবহার করে অপরাধও।
ধর্ষণকারীরা অনেক ক্ষেত্রেই ওই অত্যাচারের ঘটনা মোবাইলে রেকর্ড করে রাখছে। কখনও ব্ল্যাকমেইল করার জন্য অথবা পুলিশের কাছে অভিযোগ না জানানোর হুমকি হিসাবে ব্যবহার করা হচ্ছে ওই ভিডিও ক্লিপিং।
তবে হোয়াটস্অ্যাপ বা এমএমএসের মাধ্যমে সত্যিই তা ছড়িয়ে দিয়ে ধর্ষিতার ওপরে আবারও নির্যাতনের মতো পাশবিক ঘটনাও সামনে আসছে মাঝে মাঝেই।

বিমানবন্দরের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রস্তাব


Image captionবাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তায় নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে
বাংলাদেশের বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার।
সম্প্রতি মিশরে একটি রাশিয়ান বিমান বিধ্বস্ত হওয়ার পর পৃথিবীর বেশ কিছু দেশে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ তার অন্যতম।
বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, নতুন বাহিনী তৈরি করার আগে তারা পরীক্ষামূলকভাবে বিভিন্ন বাহিনী থেকে লোকবল নিয়ে একটি নিরাপত্তা দল গঠন করতে যাচ্ছে।
বিমানমন্ত্রী জানিয়েছেন, নতুন এ বাহিনীর নামকরণ হতে পারে এভিয়েশন সিকিউরিটি ফোর্স।
এজন্য জনবলের অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রনালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু সেটি এখনো অনুমোদন হয়নি।
এই বাহিনী গঠন না করার আগ পর্যন্ত নিরাপত্তা বাড়নোর লক্ষ্যে ভিন্ন আরেকটি ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ, আনসার এবং বিমান বাহিনী থেকে লোকবলের সমন্বয়ে ১০০ সদস্যের একটি দল গঠন করা হচ্ছে। আগামী কয়েকমাস এই দলটির কার্যক্রম মূল্যায়ন করা হবে। তার উপর ভিত্তি করে এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের চিন্তা করা হচ্ছে।
দেশের বিমানবন্দরগুলোতে বর্তমানে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তার বাইরে এই টিম কিভাবে করে সেটি সরকার দেখতে চাইছে।
সম্প্রতি মিশরের শার্ম আল শেইখ-এ রাশিয়ান একটি বিমান বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে সেই বিমানের কার্গো হোল-এ বোমা রাখা ছিল।
Image captionমিশরে একটি রাশিয়ান বিমান বিধ্বস্ত হওয়ার পর পৃথিবীর বেশ কিছু দেশে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ তার অন্যতম
এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের নিরাপত্তা পর্যালোচনা করে ব্রিটেনের বিশেষজ্ঞরা। সেই প্রেক্ষাপটে ব্রিটেনের বিশেষজ্ঞরা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্য সুপারিশ করে।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলছেন বাংলাদেশের বিমানবন্দরগুলোতে কোথায় নিরাপত্তার ঘাটতি আছে ব্রিটেনের বিশেষজ্ঞরা সেটি বাংলাদেশকে জানিয়েছে।
এরপর জরুরী ভিত্তিতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিমানমন্ত্রী জানিয়েছেন।
বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন বিমান চলাচল এবং নিরাপত্তার ক্ষেত্রে এখানকার রেকর্ড এখনো পর্যন্ত খুবই ভালো।
কিন্তু সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নারী কোন বোর্ডিং পাস ছাড়াই অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে উঠে বসে। এ ঘটনায় তুমুল শোরগোল শুরু হয়।
বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সাবেক প্রধান এবং এয়ার কমোডোর (অব.) ইকবাল হোসেন বলেন যাত্রী এবং মালামাল তল্লাশির ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে।
সেজন্য দক্ষ জনবলের সমন্বয়ে একটি বিশেষ বাহিনী গঠন যুক্তিযুক্ত বলে উল্লেখ করেন মি: হোসেন।
এদিকে বিমান মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে বিমানবন্দরে নতুন স্ক্যানিং মেশিন বসানো, যাত্রী তল্লাশি জোরদার এবং দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে।

শিশুটির শেষ ইচ্ছা পূরণ করছে চীনের বাসিন্দারা

Image copyrightFacebook
Image captionডোরিয়ান মারে
আমেরিকার মৃত্যুপথযাত্রী একটি শিশুর চীনে ‘বিখ্যাত’ হওয়ার ইচ্ছা পূরণ করতে শুরু করেছে চীনের বাসিন্দারা।
ক্যান্সার আক্রান্ত ডোরিয়ান মারের শেষ ইচ্ছা, সে যেন চীনে পরিচিত হয়ে ওঠে। কারণ সেখানে বিখ্যাত দেয়াল বা ‘গ্রেট ওয়াল’ রয়েছে।
যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের বাসিন্দা, এখন ৮ বছরের ডোরিয়ান ৪ বছর বয়স থেকেই ক্যান্সারের সাথে লড়াই করছে। কিন্তু এখন সে চিকিৎসা নেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
গত ১১ জানুয়ারি, ডোরিয়ানের জন্য তৈরি করা ফেসবুক পাতায় তার বাবা লিখেছে, ডোরিয়ান একরাতে জানায়, স্বর্গে যাবার আগে তার শেষ ইচ্ছা, সে যেন গ্রেট ওয়ালের দেশ চীনে ‘বিখ্যাত’ হয়ে ওঠে।
এরপরই চীনের বাসিন্দা আর অন্য দেশের বাসিন্দাদেরও ডোরিয়ানেরর জন্য ছবি তুলে পাঠানোর অনুরোধ জানানো হয় ওই বার্তায়।
যাতে ডোরিয়ান বুঝতে পারে যে, সে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
Image copyrightfacebook
Image captionডোরিয়ানের জন্য ছবি তুলে সমর্থন জানিয়েছে চীনের পত্রিকায় চায়না ডেইলির কর্মীরাও
Image copyrightchina daily
Image captionডোরিয়ানের জন্য ছবি তুলে পাঠাচ্ছেন চীনের বাসিন্দারা
চীনে ফেসবুক বন্ধ থাকা সত্ত্বেও, ডোরিয়ানের বাবা-মায়ের এই আবেদন দেশটিতে ছড়িয়ে পড়েছে। এখন চীনের হাজার হাজার বাসিন্দা ছবি তুলে তার সঙ্গে শেয়ার করছে।
চীনের বাসিন্দারা মহাপ্রাচীর বা গ্রেট ওয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলে শেয়ার করছে। নিজের বাসা বা রাস্তার সামনে দাঁড়িয়েও ছবি তুলছেন অনেকে। অনেক প্রতিষ্ঠানের কর্মীরা একসঙ্গে ছবি তুলে তাকে পাঠাচ্ছে।
চীন ছাড়াও অন্যান্য দেশের বাসিন্দারাও ছবি তুলে তাকে পাঠাচ্ছে।
এসব ছবিতে #D-STRONG বা ডোরিয়ানের জন্য শক্তি সূচক ট্যাগ যোগ করা হচ্ছে, যাতে ডোরিয়ান সহজেই ছবিগুলো দেখতে পারে।
চীনের ক্ষুদ্র বার্তার সাইট, ওয়েইবোতে হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করতে শুরু করেছে।

বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬

আওয়ামী লীগের টার্গেট দীর্ঘদিনের শাসন: বিএনপি


মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন।
Image copyrightBD PMO
Image captionমঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন।
বাংলাদেশে বিরোধীদল বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকার টার্গেট নিয়ে এগুতে চাইছে।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে তারা মনে করছেন।
আর সেকারণেই আওয়ামী লীগ জাতীয় নির্বাচন বা সংলাপে আগ্রহ দেখাচ্ছে না বলেও বিএনপি নেতাদের ধারণা।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
তবে এটাকে ভিশন বা লক্ষ্য হিসেবে বর্ণনা করছেন আওয়ামী লীগ নেতারা।
তারা বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নয়, আওয়ামী লীগ সরকার জনগণকে উদ্বুদ্ধ করার জন্য একটা ভিশন নিয়ে এগুচ্ছে।
আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে রূপকল্প২১ শিরোনামে তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছিল।
তাতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন বা লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছিল।
সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বছর তিনেক পর আওয়ামী লীগ বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার বক্তব্য তুলে ধরে।
বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার লক্ষ্যেই আওয়ামী লীগ নির্বাচন বা সংলাপ নিয়ে কথা বলতে অনাগ্রহী।Image copyrightfocus bangla
Image captionবিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার লক্ষ্যেই আওয়ামী লীগ নির্বাচন বা সংলাপ নিয়ে কথা বলতে অনাগ্রহী।
আওয়ামী লীগের এই বক্তব্য নিয়ে সরকার বিরোধীরা প্রশ্ন তুলে আসছিল যে, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে রাখতে চায় কিনা।
সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন।
তিনি বলেছেন, “আশাবাদী এবং আত্মবিশ্বাসী দেশবাসীকে সাথে নিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করব ... আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই।”
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণের আগের দিনে ঢাকায় আওয়ামী লীগের জনসভায় দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বলেছিলেন, তাদের সরকারের আরও কয়েক মেয়াদে ক্ষমতায় থাকা দরকার।
বিরোধীদল বিএনপির নেতারা বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চিন্তা থেকে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা নিয়ে কোন সংলাপে আগ্রহী নয় এবং তারা রাজনীতিকেই একটা সীমিত বা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে ঠেলে দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার মধ্য দিয়েই আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে। এখন প্রধানমন্ত্রী ভাষণে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত এলো। তবে সংলাপ বা নির্বাচনী ব্যবস্থা নিয়ে কোন দিক নির্দেশনা পেলাম না।”
বিএনপির নেতৃত্বাধীন জোট ৫ই জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে তাতে ব্যর্থ হয়েছিল।
সেই নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাদের অনেকের বক্তব্যে এমন ইঙ্গীত ছিল যে, অল্প সময়ের মধ্যে সব দলের অংশ গ্রহণে জাতীয় নির্বাচন হতে পারে।
কিন্তু দু’বছরে আওয়ামী লীগ আত্মবিশ্বাসী হয়ে বেশ মুক্ত অবস্থানে এসেছে। ফলে সহসা জাতীয় নির্বাচনের সম্ভাবনা কম।
পাঁচ বছর মেয়াদ শেষে অর্থাৎ ২০১৯ সালের আগে কোন নির্বাচন নয়, এমন চিন্তাই এখন আওয়ামী লীগের মধ্যে কাজ করছে।
এতে বিএনপিতে সন্দেহ বেড়েছে যে, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইছে।
তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, “এ সরকার ২০৪১ সাল পর্যন্ত থাকার কথা কোথাও বলা হয়নি। কিন্তু আওয়ামী লীগ অবশ্যই চাইবে, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক। তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে না।”
তিনি আরও বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার বিষয়টি একটি ভিশন বা স্বপ্ন।
জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী ভিশন বাস্তবায়নে তাদের সহযোগিতা চেয়েছেন।

ব্যক্তিগত মেসেজ অফিস খুলে দেখতে পারবে: আদালত


স্ট্রাসবার্গে ইওরোপীয় আদালত ভবন
Image copyrightCouncil of Europe
Image captionস্ট্রাসবার্গে ইওরোপীয় আদালত ভবন
আপনি অফিসে কাজ করার সময় যদি অনলাইনে চ্যাট করেন বা ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেন, তাহলে সেখানে আপনি কী লিখছেন সেটা আপনার বসের দেখার অধিকার রয়েছে।
এ নিয়ে ইওরোপের মানবাধিকার আদালতে এক মামালায় মঙ্গলবার বিচারকরা এই রায় দিয়েছেন।
রায়ে বলা হয়েছে, অফিসের কাজের সময় কোন কর্মীর পাঠানো ইয়াহু মেসেঞ্জারে কী বার্তা রয়েছে সেটা পড়ার অধিকার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার রয়েছে।
আদালত বলেছে, কাজের সময় ব্যক্তিগত মেসেঞ্জার ব্যবহার করলে ঐ কর্মী অফিসের নিয়মকানুন ভঙ্গ করছেন বলেই ধরে নিতে হবে।
এবং অফিসের দায়িত্ব হচ্ছে তিনি ঠিকমত কাজ করছেন কি না তা দেখা।
ব্রিটেনসহ যে সব দেশ মানবাধিকার সংক্রান্ত ইওরোপীয় সনদে সই করেছে সে সব দেশে এই রায় প্রযোজ্য হবে।
রোমানিয়ার একজন এঞ্জিনিয়ার ইওরোপীয় আদালতে এই মামলা দায়ের করে আর্জি জানিয়েছিলেন যে তার গোপন চিঠিপত্র পড়ার অধিকার যে অফিসের নেই, আদালত যেন তার পক্ষে রায় দেয়।
এই ব্যক্তি ইয়াহু মেসেঞ্জারকে তার ব্যক্তিগত এবং অফিসের কাজে ব্যবহার করতেন।
বিচারকরা বলছেন, যেহেতু তিনি দুধরনের কাজেই ইয়াহু ব্যবহার করেন, তাই অফিস যদি তার মেসেজগুলো খুরে দেখে তাহলে তারা কোন ভুল করেনি।
২০০৭ সালে ঐ এঞ্জিনিয়ারকে চাকরীচ্যুত করা হয়।

মাদ্রাসা ছাত্ররা সহিংসতা চালিয়েছে বিনা বাধায়


Image copyrightFocus Bangla
Image captionবিক্ষোভকারি মাদ্রাসার ছাত্ররা রেল লাইন এবং সড়ক অবরোধ করে অন্যান্য জায়গার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর চালায়।
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার দিনভর মাদ্রাসা ছাত্রদের সহিংস বিক্ষোভের পর আজ বুধবার সেখানে একেবারে উল্টো চিত্র বিরাজ করছে।
স্থানীয় সংবাদদাতারা বলছেন, গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও গভীর রাত পর্যন্ত শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল।
কিন্তু আজ সকাল থেকেই শহরে পরিস্থিতি একেবারে স্বাভাবিক।
শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং যেসব স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সে স্থান না দেখলে বোঝারই উপায় নেই গতকাল সেখানে এত বড় তাণ্ডব হয়ে গেছে।
সংবাদদাতারা জানাচ্ছেন, মঙ্গলবারের সহিংসতার শিকার রেলস্টেশন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত বিদ্যালয়, আওয়ামীলীগ কার্যালয় ইত্যাদি ঘটনাস্থলগুলো অবিকল পড়ে রয়েছে।
সেসব জায়গায় এখনো কেউ হাত দেয়নি।
এ নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনও মামলাও হয়নি বলে জানাচ্ছেন সংবাদদাতারা।
গতকালের এই সহিংসতায় বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত কোনও বাধা দেয়নি বলেও অভিযোগ রয়েছে।
এর কারণ কি?
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য উবাইদুল মুক্তাদির চৌধুরী বলেন, "প্রশাসন বড় ধরণের শক্ত অবস্থানে যায়নি এজন্য যে আর কোন হতাহতের ঘটনা ঘটুক এটা প্রশাসন চাইছিল না।"
"আমরাও চাইনি। আমরা আমাদের যেসব কর্মী আছে তাদেরকে মবিলাইজ করতে পারতাম। কিন্তু আমরা অনেক চিন্তাভাবনা করে দেখেছি যে এটাকে আমরা পলিটিকালি নিয়ে যাব না।"
"দোকানদারদের সাথে একটা ঘটনা ঘটে জানমালের ক্ষতি হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আমরা জানিনা, একটা মৃত্যু ঘটেছে। কিন্তু আরো যাতে মৃত্যু না হয় সেটা এড়ানোর চেষ্টা করেছিলাম।"
এই মনোভাবকে তারা নমনীয় মনে করে তারা তাণ্ডব চালিয়েছে বলে উল্লেখ করেন এমপি মি. চৌধুরী।
উল্লেখ করা যেতে পারে, ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি কওমি মাদ্রাসার পাশে বাজারে মোবাইল ফোন কেনা নিয়ে বাক-বিতণ্ডা থেকে মাদ্রাসাটির ছাত্রদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয় গত সোমবার।
সংঘর্ষে পুলিশ এবং সরকার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও জড়িয়ে পড়েছিল।
পরে সংঘর্ষে আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হলে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত ছাত্র লাঠিসোটা নিয়ে শহরটিতে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারি মাদ্রাসার ছাত্ররা রেল লাইন এবং সড়ক অবরোধ করে অন্যান্য জায়গার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর চালায়।