বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

'পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে'

 
    pak_statement
১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তান যা বলছে,তা ইতিহাস বিকৃতি: সেক্টর কমান্ডার্স ফোরাম

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও নিপীড়ন নিয়ে পাকিস্তান মিথ্যাচার করছে, এবং সেজন্য দেশটি বাংলাদেশের কাছে ক্ষমা না চাইলে, তাদের সাথে সব ধরণের সম্পর্ক, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার বাংলাদেশর কূটনীতিকে ডেকে পাঠিয়ে পাকিস্তান সরকার বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধাপরাধের সাথে পাকিস্তানের জড়িত থাকার যেসব কথা বলা হচ্ছে সেটাও তারা প্রত্যাখ্যান করছে।
সংস্থার মহাসচিব হারুন হাবিব বিবিসি বাংলাকে বলেন, পাকিস্তান যা বলছে, তা পরিপূর্ণ মিথ্যাচার।
কারণ, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তান যা বলছে, তাকে ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেন মি. হাবিব।
এছাড়া পাকিস্তান ক্রমাগত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে, যা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনার সমালোচনা করে পাকিস্তানের বিবৃতির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে তলব করার হয়। bbc

ঘুষ লেনদেনে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো

 
     smoking_cigarettes                 সরকারের ধূমপান বিরোধী আইন প্রণয়ন প্রভাবিত করতে এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে পূর্ব আফ্রিকায় ঘুষের লেনদেন করে প্রতিষ্ঠানটি           
     
সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো আফ্রিকার দেশগুলোতে দুর্নীতি এবং ঘুষ লেনদেনের সাথে জড়িত বলে প্রমাণ পেয়েছে বিবিসি।
এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে প্রতিষ্ঠানটি সরকারের ধূমপান বিরোধী আইন প্রণয়ন প্রভাবিত করতে এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদেরকে ঘুষ দেয়।
সম্প্রতি একজন গোপন তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত শত শত গোপন দলিল ফাঁস করে দিয়েছেন।
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো অবশ্য এই অভিযোগকে প্রতিশোধমূলক আখ্যা দিয়ে বলছে তারা কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।
প্রতিষ্ঠানটি ব্রিটেনের পঞ্চম বৃহৎ কোম্পানি। bbc

কমে যাচ্ছে এইডস মোকাবেলায় আন্তর্জাতিক অনুদান

 
     hiv_activist                 বাংলাদেশে এইডস সংক্রমণের হার এবং আক্রান্ত মানুষের সংখ্যা কম হওয়ার কারণেই আন্তর্জাতিক অনুদানের হার কমছে         
       
বাংলাদেশে এইডস সচেতনতা এবং স্বাস্থ্যসেবা বিষয়ক আন্তর্জাতিক সাহায্য গত কয়েক বছরে অনেকটাই কমে এসেছে।
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ-এর স্বাস্থ্য বিষয়ক পরিচালক ড. জাহাঙ্গির হোসাইন জানিয়েছেন, এইচআইভি প্রতিরোধে ২০১৪ এবং ২০১৫ সালের জন্য গ্লোবাল ফান্ডের অনুদানের পরিমাণ ছিল ২২ মিলিয়ন ডলার।
২০১৬ এবং ২০১৭ সালের জন্য যা কমে এসেছে ১২ মিলিয়ন ডলারে।
মি. হোসেন বলছেন, বাংলাদেশে এইডস সংক্রমণের হার এবং আক্রান্ত মানুষের সংখ্যা কম হওয়ার কারণেই আন্তর্জাতিক অনুদানের পরিমাণ কমছে।
এইডস মোকাবেলায় সরকারকে এখন আরো দায়িত্ব নিতে উৎসাহিত করছে দাতা সংস্থাগুলো।
বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস।
সরকারী হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা জনসংখ্যার এক শতাংশের কম।
তবে, বিশেষজ্ঞরা বলছেন, এইডসের ঝুঁকি এখনো ব্যাপকভাবে রয়েছে।
কিন্তু তারপরেও, এইডসের ঝুঁকি ক্রমেই কমছে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ।
তা সত্ত্বেও দেশে এখন এইডস বিষয়ক সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে।
বেসরকারি ক্লিনিকের পাশাপাশি সরকারী উদ্যোগে বারোটি সরকারী হাসপাতালে এখন এইডস পরীক্ষা করা যায়। bbc

'তাজমহল হিন্দু মন্দির নয়'

 
    taj_mahalতাজমহল দেখতে প্রতিদিন গড়ে ১২০০ দেশী বিদেশী দর্শনার্থী আসেন      
          
তাজমহল একটি হিন্দু মন্দির, এবং এই বক্তব্যের সমর্থনে যথেষ্ট প্রমাণাদি হাতে রয়েছে দাবী করেছিলেন ভারতের একদল আইনজীবী।
তাদের সেই বক্তব্যকে খণ্ডন করে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, এমন কোন প্রমাণ তারা খুঁজে পাননি।
ঐ দাবী অমূলক।
গত বছর আগ্রার কয়েকজন আইনজীবী আদালতে দায়ের করা এক পিটিশনে দাবী করেন, তাজমহল আসলে হিন্দু দেবতা শিবের জন্য নির্মিত এক মন্দির।
সেজন্য আদালতের কাছে তাজমহলকে হিন্দুদের কাছে হস্তান্তরেরও আহ্বান জানিয়েছিলেন ঐ আইনজীবীরা।
সতের শতকে মুঘল সম্রাট শাহ জাহান নিজের তৃতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিসৌধ নির্মাণ করেন, যিনি ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন।
তাজমহল দেখতে প্রতিদিন গড়ে ১২০০ দেশী বিদেশী দর্শনার্থী আসেন। bbc

পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

 
    bangladesh_cricket_women                 গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই সেমিতে উঠেছে বাংলাদেশের মেয়েরা---ফাইল ফটো      
          
ব্যাংককে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আজ পাপুয়া নিউগিনিকে ৫৯ রানে অলআউট করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড।
খাদিজাতুল কোবরা ১১ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন।
সকালে ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি মাঠে টসে হেরেই ব্যাটিংয়ে নেমে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
তবে, খাদিজাতুল কোবরা, রুমানা আহমেদ, জাহানারা আলমের বোলিং নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে ৫৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
এই জয়ে এ-গ্রুপে শতভাগ জয়ের রেকর্ড রেখেই এখন সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

তিমি শিকারে জাপানি ফ্লিট, আদালতকে বৃদ্ধাঙ্গুলি

 

    whaling                 জাপানের শিমোনোসেকি বন্দরে অপেক্ষায় তিমি শিকারের ফ্লিট      
          
দি হেগের আন্তর্জাতিক আদালতের রুলিং অগ্রাহ্য করে, তিমি শিকারে রওয়ানা হয়েছে জাপানের একগুচ্ছ জাহাজ।
হারপুন-সজ্জিত তিনটি ছোট ছোট ট্রলার নিয়ে ৮০০০ টন ক্ষমতাসম্পন্ন একটি জাহাজ জাপানের শিমোনোসেকি বন্দর থেকে আজ (মঙ্গলবার) রওয়ানা হয়েছে।
মার্চ পর্যন্ত এই শিকার চলবে।
জাপান অবশ্য বলছে, আদালতের সিদ্ধান্ত তারা আমলে নিয়েছে এবং এ বছর মাত্র ৩৩৩টি তিমি শিকার করা হবে, যেটা গত বছরের এক-তৃতীয়াংশ।
জাপানী মৎস্য বিভাগে বলছে, এই তিমি শিকার শুধুই গবেষণার স্বার্থে।
কিন্তু গবেষণার জন্য তিমি শিকারের এই যুক্তি ২০১৪ সালে খারিজ করে দেয় দি হেগের আন্তর্জাতিক আদালত।
তিমি শিকারকে বেআইনি ঘোষণা করা হয়। কিন্তু স্পষ্টতই জাপান তা অগ্রাহ্য করছে।
তিমিআন্দোলনকারিদের দাবি গবেষণা নয়, জাপানের তিমি শিকার বানিজ্যিক                

তিমি শিকার সবসময়ই একটি স্পর্শকাতর ইস্যু।
শিকার বিরোধীরা বলেন, তিমি স্তন্যপায়ী প্রাণী এবং হারপুন দিয়ে যে কায়দায় বিশাল এই সামুদ্রিক প্রাণীকে শিকার করা হয় তা নৃশংস এবং অমানবিক।
বিশ্বজুড়ে তীব্র আন্দোলনে মুখে, তিমি শিকারে আন্তর্জাতিক সংস্থা আইডব্লিউসি ১৯৮৫/৮৬ সাল থেকে তিমি শিকার স্থগিত করে।
কিন্তু গবেষণার যুক্তিতে জাপান তা অগ্রাহ্য করে আসছে।
জাপান গবেষণার যুক্তি দিলেও, আন্দোলনকারীরা বিভিন্ন তথ্য প্রমাণ দিয়েছেন তিমির মাংস খাবার টেবিলেই যাচ্ছে।
জাপান ছাড়াও নরওয়ে তিমি শিকারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে খুশি নয়। bbc

আইএস যোগাযোগ প্রমাণ করলে পদত্যাগ: এরদোয়ান

 
    erdogan                 তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান           
     
জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে তেল কেনার অভিযোগ প্রমাণের জন্য রাশিয়াকে চ্যালেঞ্জ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন তিনি।
তুরস্কের গুলিতে যুদ্ধ বিমান খোয়ানোর পর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রমাগত বলছেন, তেল চোরাচালানের রুট নিরাপদ রাখতেই আঙ্কারা রুশ বিমানে গুলি চালায়।
কয়েকদিন অপেক্ষার পর সোমবার রাতে ক্রোধে ফেটে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনার কাছে কোনো প্রমাণ থাকলে তা দেখান ... আমরা অপেক্ষা করছি।"
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আইএসের কাছ থেকে তুরস্কের তেল কেনার প্রমাণ দিতে পারলে, তিনি পদত্যাগ করবেন।
একইসাথে তিনি বলেন, প্রমাণ করতে ব্যার্থ হলে প্রেসিডেন্ট পুতিনেরও পদত্যাগ করা উচিৎ।
রাশিয়া তুরস্কের দ্বিতীয় শীর্ষ বাণিজ্যিক সহযোগী দেশ। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ হু হু করে বেড়েছে।
কিন্তু গত সপ্তাহে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর, দু-দেশের সম্পর্ক চরম সঙ্কটে পড়েছে। ক্রদ্ধ রাশিয়া তুরস্কের ওপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগুলু বলছেন, রাশিয়া এখন সিরিয়ার সঙ্কটকে রুশ-তুরস্ক সঙ্কটে রূপ দেওয়ার চেষ্টা করছে।
প্যারিসে তুরস্কের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা নিজেদের বিরোধ মিটিয়ে "অভিন্ন শত্রুর" দিকে নজর দেওয়ার জন্য রাশিয়া এবং তুরস্কের প্রতি আবেদন করেছেন। bbc