নতুন এই সরকারি নির্দেশনায় দেশটির বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশটির প্রায় ৪০ভাগ মানুষই মুসলিম।
রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী।
এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন।
হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে।
দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার ওড়িশার পারাদীপে বৃহৎ একটি তেল শোধনাগারের উদ্বোধন করেছেন, যেখানকার উৎপাদনের একটা বড় অংশ বাংলাদেশে রফতানির প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী নিজেও আজ ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার আলোচনায় ভারত থেকে বাংলাদেশে আবার পেট্রোরিয়ামজাত পণ্য রফতানি শুরু করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি বাংলাদেশে শুধু রফতানিই করবে না, সেখানে একটি পুরোদস্তুর ‘বিপণন অবকাঠামো’ গড়ে তুলবে বলেও জানা যাচ্ছে।
ওড়িশার বন্দর-শহর পারাদীপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে বিরাট তেল শোধনাগারের উদ্বোধন করেছেন, ভারতের পেট্রোলিয়াম খাতে এত বড় মাপের লগ্নি সাম্প্রতিক কালের মধ্যে হয়নি।
প্রায় ৩৫ হাজার কোটি রুপি খরচ করে তৈরি এই প্রকল্পে প্রতি বছর তৈরি করা যাবে ১৫ মিলিয়ন মেট্রিক টন বিভিন্ন ধরনের পেট্রোপণ্য।
কিন্তু পূর্ব ভারতে বঙ্গোপসাগরের তীরে এই শোধনাগারটির মোট যা উৎপাদন, দেশের ভেতরের চাহিদা মিটিয়েও তার অনেকটা উদ্বৃত্ত থাকবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। আর সে জন্যই কাছের দেশ বাংলাদেশে এর একটা বড় অংশ রফতানি করতে চাইছে ভারত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরীকে পারাদীপের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু সে জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল – প্রধানমন্ত্রী মোদিও তাকে মঞ্চে বিশেষভাবে সম্ভাষণ জানিয়েছেন।
এই অনুষ্ঠানের আগেই অবশ্য ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মি চৌধুরী। সেই বৈঠকে মি প্রধান সরাসরি জানান, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলো বাংলাদেশে পেট্রোলিয়াম খাতে লগ্নি করতে ও একটা মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার গড়তে ভীষণ উৎসাহী।
আর এই সহযোগিতার সূত্রপাত হতে পারে পারাদীপে উৎপাদিত পরিশোধিত তেল সমুদ্রপথে বাংলাদেশে রফতানির মধ্যে দিয়ে।
Image copyrightbbc delhiImage captionভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী
ওই বৈঠকের বিষয়ে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াই কে বাওয়েজা বিবিসি বাংলাকে বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলার বদলে বলা ভাল জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপারে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।’
‘পারাদীপ থেকে তেল রফতানিই শুধু নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এলপিজি রফতানির জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার বা ট্রানজিটের সুবিধাও চাওয়া হয়েছে। ভারতীয় সংস্থাগুলি যে বাংলাদেশে তেল-গ্যাসের অনুসন্ধান করতে চায়, শোধনাগারের সম্প্রসারণ ঘটাতে চায় জানানো হয়েছে সেটাও’, বলছিলেন ওই মুখপাত্র।
এই বৈঠকের পর তৌফিক ইলাহী চৌধুরীও ভুবনেশ্বরে সাংবাদিকদের বলেছেন, জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতায় তারা কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান।
বস্তুত এই পরিকল্পনা দিনের আলো দেখলে ভারত থেকে বাংলাদেশে শুধু পেট্রোপণ্যই যাবে না, সে দেশের রাস্তায় হয়তো অচিরেই দেখা যাবে ইন্ডিয়ান অয়েল বা ভারত পেট্রোলিয়ামের পেট্রল পাম্প।
ভারত আরও মনে করছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় কাছের পারাদীপ থেকে তেল আমদানি করলে বাংলাদেশের খরচও কম পড়বে।
নরেন্দ্র মোদি আজ পারাদীপের উৎপাদন ক্ষমতার বিশদ বিবরণ দিয়ে দাবি করেছেন – তেল রফতানির ক্ষেত্রে বিদেশের ওপর ভারতের যে নির্ভরশীলতা, তা অনেকটাই কমাতে সাহায্য করবে এই শোধনাগার।
আর শুধু তাই নয়, নেপালকে বাদ দিলে বিদেশে প্রথমবারের মতো ভারতের পরিশোধিত তেল রফতানিরও সূচনা হতে পারে এই পারাদীপ থেকে – যে পেট্রোপণ্যের গন্তব্য হবে বাংলাদেশ।
Image copyrightReutersImage captionরকেট নিক্ষেপ প্রত্যক্ষ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সারা বিশ্বজুড়ে তার সমালোচনা হচ্ছে।
প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেন হি এই ‘উস্কানিমূলক’ কাজের জন্যে পিয়ং ইয়ং কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন। একইভাবে সমালোচনা করেছে জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে এলো যখন মাস-খানেক আগেই ঐ দেশটি সফল পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ বলছে, পঞ্চমবারের জন্যে পরমাণু পরীক্ষা চালাতে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।
সবশেষ পরীক্ষা
স্থানীয় সময় সকাল ন'টার দিকে উত্তর কোরিয়ার সোহে মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয়।
পিয়ং ইয়ং জানিয়েছে, রকেটটি দশ মিনিটের মাথায় কোয়াংমিয়ংসং নামে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের কক্ষপথে প্রবেশ করে।
তাদের দাবি, এই রকেট নিক্ষেপ নেহাতই কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য, এর সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
কিন্তু উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাদের সামরিক মিত্র যুক্তরাষ্ট্র এই রকেট নিক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ প্রকাশ করেছে।
Image copyrightAPImage captionদক্ষিণ কোরিয়ার একটি রেল স্টেশনে লোকজন উত্তর কোরিয়ার চালানো পরীক্ষার খবর দেখছেন
তাদের ভয়, উত্তর কোরিয়ার এই রকেট নিক্ষেপ আসলে সামরিক মহড়া।
তারা বলছে, পিয়ং ইয়ং দেখালো যে তারা এখন পারমানবিক বোমাবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম, যেটা দক্ষিণ কোরিয়া ছাড়াও, জাপান এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে বলেছেন, বার বার অনুরোধের পরও এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া জাতিসংঘের প্রস্তাব ভঙ্গ করেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে নিরাপত্তা পরিষদ আজ রোববার জরুরী এক বৈঠকে বসছে।
দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছ থেকে হুমকি মোকাবেলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।
Image copyrightAFPImage captionতামিম ইকবালকে ভাষা নিয়ে প্রশ্ন করে রোষানলে পড়েছেন রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট লীগের পুরস্কার বিতরণীকে কেন্দ্র করে আবারো বাংলাদেশী ক্রিকেটভক্তদের সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা।
শনিবার পিএসএলের ম্যাচ শেষে তামিম ইকবালকে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সাক্ষাতকার নেবার সময় তিনি প্রশ্ন বলেন, "আমি তোমার ভাষা জানি না, তুমি কি ইংরেজিতে বলবে নাকি..."
রমিজ রাজার এই প্রশ্নে চটেছেন বাংলাদেশী ক্রিকেটভক্তরা। এই ঘটনার ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কড়া সমালোচনা করছেন অনেকে।
অনেকে ধারণা করছেন, তামিম ইংরেজি কিংবা উর্দুতে কথা বলবেন কিনা সেটিই জানতে চেয়েছিলেন রমিজ রাজা। তবে এর আগেও রমিজ রাজা বিভিন্ন সময় তামিম ইকবালের সাক্ষাতকার নিয়েছেন এবং সেই ম্যাচেও এর আগে তামিমের সাক্ষাতকার নিয়েছিলেন। তারপরও এধরণের প্রশ্ন করাটা অবাক করেছে অনেককে।
টুইটারে তারিফ নামের একজন লিখেছেন "তামিম রমিজ রাজা থেকে ভালো ইংরেজি বলে, এমন বোকাভাবে তামিম ইকবালকে প্রশ্ন করা দেখে আমি অবাক।"
তবে তামিম ইকবাল হাসিমুখেই বলেন তিনি ইংরেজিতে কথা বলবেন এবং সাক্ষাতকারটিও তিনি ইংরেজিতেই দেন।
এর আগের দিন করাচি কিংসের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন বাংলাদেশের সাকিব আল হাসান। সেদিনও ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে প্রথমে লেন্ডন সিমন্সের নাম ঘোষণা করেন রমিজ রাজা।
পরে শুধরে নিয়ে ঘোষণা করেন সাকিব আল হাসানের নাম।
বিব্রত সিমন্স মঞ্চ ত্যাগ করলে সাকিব আল হাসান পুরস্কার গ্রহণ করেন।
রমিজ রাজার এই কাণ্ডকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় উপস্থাপক স্টিভ হার্ভির ভুলের সাথে তুলনা করে ব্যঙ্গ করছেন কেউ কেউ।
রমিজ রাজা এর আগেও বাংলাদেশী ক্রিকেটভক্তদের রোষানলে পড়েছেন।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় বাংলাদেশ দল নিয়ে বিরুপ মন্তব্য করায় বাংলাদেশী ক্রিকেটভক্তরা তার সমালোচনা করেন। সেসময় মি. রাজার কুশপুত্তুলিকাও দাহ করা হয় ঢাকায়।
যুক্তরাজ্যের স্বশাসিত দ্বীপ গার্নসির অধিবাসীদের মধ্যে ইসলামভীতি এতটাই প্রবল যে তারা কোন কোন সিরিয়ান শরণার্থীকে আশ্রয় না দেবার সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটেনের মূলভূমির বাইরে ইংলিশ চ্যানেলে অবস্থিত দ্বীপটির মুখ্যমন্ত্রী জোনাথন লু টক বলেছেন, এখানকার বাসিন্দাদের মধ্যে অনেক 'ইসলামোফোবিয়া' বা ইসলাম-ভীতি এবং 'নেতিবাচক দৃষ্টিভঙ্গী' রয়েছে।
"এ কারণে সিরিয়ার কোন শরণার্থীকে এখানে আশ্রয় দেয়া হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।"
মি. লু টক অন্য কারণ হিসেবে দ্বীপটির অবকাঠামো নিয়ে উদ্বেগের কথাও বলেন।
এর আগেই দ্বীপটির কর্তৃপক্ষ ঘোষণা করে যে যুক্তরাজ্যের ভালনারেবল পার্সনস রিলোকেশন স্কিমের আওতায় তারা কোন সিরীয় শরণার্থী নেবে না।
Image captionগার্নসি ব্রিটেনের একটি স্বশাসিত দ্বীপ
ব্রিটেনের আরো একটি দ্বীপ জার্সিও ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারাও কোন সিরীয় শরণার্থীকে আমন্ত্রণ জানাবে না।
তবে গার্নসির একজন ত্রাণকর্মী এবং সাবেক সাংবাদিক এডি পার্কস মুখ্যমন্ত্রীর এই উক্তিকে অবমাননাকর বলে অভিহিত করেন।
তিনি বলেন, বাইরের লোককে স্বাগত জানানোর ব্যাপারে দ্বীপটি দারুণ সুনাম রয়েছে।
কিন্তু মি. লু টকের কথায়, বেশীর ভাগ লোক এ ব্যাপারে সদয় মনোভাব দেখালেও বিপদ হলো, অন্যরা একে স্বাগত জানাবে না।
গার্নসি কর্তৃপক্ষ অবশ্য সিরীয় শরণার্থীদের জন্য কর্মরত দাতব্য সংস্থাগুলোকে ৯০ হাজার পাউন্ড সহায়তা হিসেবে দিয়েছে।
Image captionঐতিহ্যবাহী ঢাকাই মসলিনের বাজার সীমিত হলেও এর অর্থনৈতিক সম্ভাবনা মন্দ নয়- বলছেন গবেষকরা।
ঢাকার ঐতিহ্যের কথা আসলেই মসলিন কাপড়ের নাম সবার আগে আসে। এখন থেকে চার-পাঁচশ বছর আগে ঢাকাই মসলিনের কদর ছিল পৃথিবীর বিভিন্ন দেশে।
মসলিনের প্রসঙ্গ উঠলে তার সাথে অনেক গল্পও সামনে আসে। জনশ্রুতি আছে যে একটি মসলিন শাড়িকে দিয়াশলাইয়ের বাক্সে রাখা সম্ভব। যদিও এর স্বপক্ষে কোন প্রমাণ মেলেনা।
দিয়াশলাইয়ের বাক্সে রাখা সম্ভব না হলেও, মসলিনের কাপড়ের সূক্ষ্মতা এবং হালকা আরামদায়কভাব নিয়ে কোন বিতর্ক নেই।
এই মসলিন বিলুপ্ত হয়ছে আজ থেকে অন্তত তিনশ বছর আগে। বিলুপ্ত এই মসলিনকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকায় মাসব্যাপী মসলিন উৎসব শুরু হয়েছে শুক্রবার। দৃক গ্যালারি , আড়ং এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মাসব্যাপী উৎসব।
শতশত বছরের পুরনো এই কাপড়কে আয়োজকরা কেন ফিরিয়ে আনতে চাইছেন?
Image caption''আমরা তো রোজ মোটা চালের ভাত খাই- তাই বলে আমরা তো বাসমতি ফেলে দেইনি। সে হিসাবে স্পেশাল জিনিস ফেলে দেওয়া উচিত নয়''- বলেন দৃক গ্যালারির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
মসলিন বিষয়ে গবেষক এবং দৃক গ্যালারির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মনে করেন মসলিন শুধু একটি কাপড় নয়, এটিকে দেখতে হবে ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসেবে।
মি: ইসলাম বলেন , “আমরা তো রোজ মোটা চালের ভাত খাই। তাই বলে আমরা তো বাসমতি ফেলে দেইনি। সে হিসেবে একটি স্পেশাল জিনিস ফেলে দেওয়া উচিত না।”
মসলিনের অংশ হিসেবে এখনো পর্যন্ত টিঁকে আছে জামদানী শাড়ি।
মসলিনের দাপট এক সময় ইউরোপের বাজারে থাকলেও, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে মসলিন আর টিঁকে থাকতে পারেনি। কারণ ইউরোপ জুড়ে তখন বস্ত্রশিল্প প্রসার লাভ করায় মসলিন বাজার হারিয়েছিল। তাছাড়া যে তুলা থেকে মসলিনের সুতা উৎপাদন হতো, সেই তুলার বীজও এখন আর নেই।
Image captionএক কারিগরের মতে আগের মসলিন উৎপাদন পুরোপুরি সম্ভব না হলেও কাছাকাছি যাওয়া সম্ভব।Image captionমসলিনের একটা বিশেষ বাজার রয়েছে বলে আয়োজকরা মনে করছেন- তারা বলছেন মসলিন কাপড় এখনও ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয়।
উৎসবে আসা একজন কারিগর জানালেন আগের মসলিনে হয়তো পুরোপুরি যাওয়া সম্ভব না হলেও কাছাকাছি যাওয়া সম্ভব।
এই উৎসব দেখতে অনেক দর্শক এসেছিলেন উৎসবস্থল জাতীয় জাদুঘরে। এদের একজন নুরুল ইসলাম বলছিলেন মসলিনকে তিনি উচ্চবিত্তদের কাপড় বলে মনে করেন।
“এই কাপড় আগের দিনেও রাজা-বাদশারাই পরতেন। এখনও যারা শৌখিন তারাই এটা পরবে। এটা সাধারণ মানুষের কাপড় না।”
বিশ্বায়নের এই যুগে যখন দেশে-বিদেশে কাপড়ের হাজারো বৈচিত্র্য আছে, সেখানে মসলিন কতটা প্রাসঙ্গিক?
গবেষক সাইফুল ইসলাম মনে করেন সীমিত হলেও বাজার একেবারে মন্দা নয়। মি: ইসলাম তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন ভারতের একটি গ্রাম মসলিনের নামে বছরে ২৫ কোটি টাকার কাপড় বিক্রি করছে।
“ভারত খাদি মসলিন হিসেবে বছরে প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করে। কিন্তু এগুলোকে সব বলা হয় বেঙ্গল মসলিন। তাহলে নিশ্চয়ই মসলিনের বাজার আছে।”
মসলিন কাপড় এখনো ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় বলে উল্লেখ করেছন মি: ইসলাম। তবে এটা কোনদিন সাধারণ মানুষের জন্য জনপ্রিয় হবে না বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্যিক সম্ভাবনার চেয়ে মসলিনকে ইতিহাস, ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক হিসেবে দেখছেন আয়োজকরা।
সেজন্যই দর্শকদের সামনে আবার মসলিনকে পরিচয় করিয়ে দেবার এই আয়োজন।