Image copyrightGettyImage captionইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি’অর জিতলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার অন্যতম ফুটবল তারকা লিওনেল মেসির মুকুটে যোগ হলো সাফল্যের আরও একটি পালক।
২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের শিরোপা জয় করেছেন বার্সেলোনার এই তারকা।
ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি’অর জিতলেন লিওনেল মেসি।
এ বছর ব্যালঁঅ ডি’অর এর সম্ভাব্য জয়ী হিসেবে শুরু থেকেই বারবার ঘুরে-ফিরে আসছিলো মেসিরই নাম।
দুনিয়ার নামজাদা সব ফুটবল বিশ্লেষকরাও মেসির সম্ভাবনাকেই দেখছিলেন সবচেয়ে বেশি। আর হলোও তাই। এই নিয়ে পঞ্চমবারের মতন এই খেতাব পেলেন কোটি ফুটবলভক্তের প্রিয় এই খেলোয়াড়।
Image copyrightAFPImage captionপুরস্কার নেবার পর মেসির প্রতিক্রিয়া।
এ বছর ব্যালঁঅ ডি’অর-এর সংক্ষিপ্ত তালিকায় অন্য যে দু’জনের নাম খুব জোরে-শোরে শোনা গেছে তাদের একজন হলেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্দো, এবং অন্যজন মেসিরই সতীর্থ নেইমার জুনিয়ার।
Image captionষ্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ হওয়া বাংলাদেশী শ্রমিকদের ৩০জন মিলে এই মামলাটি করেছেন---ফাইল ফটো
২০১৩ সালে গ্রীসে ষ্ট্রবেরি খামারে বকেয়া বেতন চাইতে গিয়ে গুলিবিদ্ধ বাংলাদেশী শ্রমিকেরা এবার দেশটির সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করেছে।
এ মাসের কুড়ি তারিখের পর শুনানির তারিখ পড়ার কথা রয়েছে।
গ্রীসের বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, বিবিসি বাংলাকে জানিয়েছেন ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের একটি অনুচ্ছেদ, যেখানে দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে প্রথমবারের মতো গ্রিসের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
ষ্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ হওয়া শ্রমিকদের ৩০জন মিলে এই মামলাটি করেছেন।
Image captionক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বেতন বা কোন ক্ষতিপূরণ দেয়নি গ্রীসের ঐ আদালত
২০১৩ সালের এপ্রিলে গ্রিসের পেলোপন্নেসিয়ান গ্রামের এক স্ট্রবেরি খামারে শ্রমিকেরা তাদের ছয়মাসের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়।
ঐ ঘটনায় ৩২ জন বাংলাদেশী শ্রমিক আহত হয়।
এরপর খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু পরবর্তীতে ঐ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রীসের আদালত খামার মালিক ও সুপারভাইজারকে নির্দোষ বলে রায় দেয়।
এছাড়া গ্রীসের ঐ আদালত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ বা কোন ক্ষতিপূরণও দেয়নি বলে জানিয়েছেন মি. আবেদিন।
সেকারণেই এখন মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষতিপূরণের আশায় গুলিবিদ্ধ হওয়া শ্রমিকেরা এই মামলা দায়ের করেছেন।
তবে, মি. আবেদিন বলছেন দেশটির সরকার ঐ শ্রমিকদের প্রতিবছর নবায়নের শর্তে সেদেশে কাজের অনুমতি দিয়েছে।
গ্রীসের বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, ঐ ঘটনার পর সেখানকার অভিবাসী শ্রমিকদের বেতন পরিশোধে ব্যপারে সচেতন হয়েছে অর্থনৈতিক মন্দা ও শরণার্থী সমস্যায় ভোগা গ্রীসের মালিকেরা।
এ নিয়ে সেখানে নিয়মিত আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশী ও অন্যান্য দেশের অভিবাসী শ্রমিকেরা।
Image copyrightbbcImage captionকেন্দ্রীয় সংশোধনাগার বা সিইটিপি এখনো সেখানে চালু হয়নি
হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের বলিয়াপুর ইউনিয়নে চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের জন্য সরকার সময়সীমা বেঁধে দিলেও, সেখানে এখনো সব ট্যানারি তাদের অবকাঠামো নির্মানের কাজ শেষ করেনি।
গ্যাস, বিদ্যুৎ আর পানির বন্দোবস্ত থাকলেও প্লট বরাদ্দ পাওয়া অনেকেই অবকাঠামো নির্মানে ব্যর্থ হওয়ায় পাননি সেসবের সংযোগ।
চামড়া শিল্পনগরীর কর্মকাণ্ড শুরু করতে আবশ্যক বিষয় কেন্দ্রীয় সংশোধনাগার বা সিইটিপি এখনো সেখানে চালু হয়নি।
বিসিক চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম বিবিসি বাংলাকে জানিয়েছেন, কেন্দ্রীয় সংশোধনাগার বা সিইটিপি এখনো চালু হয়নি।
মূলত এ কাজের জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার পেয়েছে যে প্রতিষ্ঠান তারা কাজ শুরু করতে দেরী করায় এখনো সিইটিপি চালু করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।
মি. কাইয়ুম জানিয়েছেন সিইটিপির যন্ত্রপাতি এখন ইন্সটলেশন চলছে।
৩১ শে জানুয়ারি থেকে শুরু হবে এর পরীক্ষামূলক কার্যক্রম।
Image captionপরিবেশের ক্ষতি ঠেকাতে হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে সরিয়ে নিতে প্রায় দুই দশক আগে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট---ফাইল ফটো
পুরোপুরি কার্যকর করতে আরো সময় লাগবে বলে জানান তিনি।
পরিবেশের ক্ষতি ঠেকাতে হাজারীবাগের ট্যানারি বা চামড়ার কারখানাগুলোকে সরিয়ে নিতে প্রায় দুই দশক আগে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
এরপর সরকার এ শিল্পকে সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের ব্যবস্থা করে।
আর সেজন্য ১২১টি ট্যানারিকে সরকার ক্ষতিপূরণও দেয়া শুরু করেছে।
কিন্তু ক্ষতিপূরণের অর্থ নেবার পরেও কারখানা স্থানান্তরের কাজ শুরু করেনি ২৮টি ট্যানারি।
আর তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতেই শিল্পমন্ত্রী ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যে তাদের সাভারে স্থানান্তর প্রক্রিয়া শুরুর আল্টিমেটাম দিয়েছেন বলে জানান মি. কাইয়ুম।
তবে, স্থানান্তর করলেই সেখানে উৎপাদন শুরু করতে পারবেনা ট্যানারিগুলো।
বরং নির্ধারিত সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষ করতে হবে।
বিষয়টি নিয়ে আজ দুপুরে শিল্প মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ট্যানারি মালিক এবং চামড়া রপ্তানীকারকদের সংগঠন।
Image captionসাগর তীরে মৃত একটি তিমি দেখছেন তুতিকোরিনের পুলিশ ও স্থানীয় লোকজন
ভারতের তামিলনাডুতে তুতিকোরিন শহরের কাছে সমুদ্রতটে প্রায় পঞ্চাশটির মতো তিমি সৈকতে এসে আছড়ে পড়ে মারা গেছে।
স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা কয়েকটি তিমিকে ঠেলে সমুদ্রে ফেরত পাঠাতে পারলেও অনেকগুলোই আবার সৈকতে ফিরে এসেছে। বাঁচানো যায়নি তাদের বেশির ভাগকেই।
তিমির ঝাঁকের এই রহস্যময় আচরণ কেন, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
তবে বিশেষজ্ঞদের অনেকে ধারণা করছেন খাবারের সন্ধানে সৈকতের কাছে অগভীর সমুদ্রে এসে পড়েই ওই তিমিগুলো আটকে পড়েছিল।
ভারতের দক্ষিণতম প্রান্তে তুতিকোরিনের কাছে যে তিরুচেন্দুর সৈকত, সেখানেই সোমবার রাত থেকেই আছড়ে পড়তে থাকে প্রায় একশো তিমির একটি ঝাঁক।
জেলেরা সেই তিমিগুলোকে ঠেলে সাগরের জলে ফেরত পাঠানোর চেষ্টা করেন। কাছের মানাপাড গ্রামের লোকজনও তাতে হাত মেলান।
কিন্তু বেশির ভাগ তিমিই আবার সৈকতে ফিরে আসে। সকালে দেখা যায় বেলাভূমিতে পড়ে আছে প্রায় পঞ্চাশটি তিমির নিস্পন্দ লাশ।
তিমির ঝাঁকের এই ধরনের প্রবণতা – যাকে বলে ‘বিচিং’ – তা অবশ্য নতুন কোনও ঘটনা নয় বলেই বলছেন ন্যাশনাল জিওগ্রাফিকের জুলিয়া ওয়াইল্ড।
Image copyrightAPImage captionতুতিনকোরিনের জেলেরা চেষ্টা করেছিলেন তিমিগুলোকে সাগরে ঠেলে পাঠিয়ে দিতে
তিমিদের 'বিচিং' অ্যারিস্টটলকেও ভাবিয়েছিল
তার কথায়, "তিমিদের ঝাঁকে ঝাঁকে বিচিং সেই অ্যারিস্টটলের যুগেও ঘটেছে, তবে ওই গ্রীক দার্শনিকও তার পেছনের কারণটা খুঁজে পাননি।
কিন্তু এই যুগে বিজ্ঞানীদের ধারণা, অনেক সময় শিকার খুঁজতে গিয়ে সাগরের ভাঁটায় পড়ে তিমিদের ওই হাল হয়। সৈকতে পড়ে থাকা তিমিদের লাশে দেখা গেছে তাদের অনেকেরই পেট খালি থাকে।
তা ছাড়া তিমি ভীষণ সামাজিক জীব, ঝাঁকের কেউ পথ হারালে অন্যরাও তাকে রক্ষা করতে সৈকতের দিকে তারা চলে আসে এবং আটকা পড়ে।
তবে তুতিকোরিনের ঘটনায় তিমিগুলো খাবারের সন্ধানেই মাঝসমুদ্রের গভীর জল থেকে সৈকতের কাছে অগভীর জলে চলে এসেছিল বলে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চের মেরিন বায়োলজিস্ট পুণ্যশ্লোক ভাদুড়ী বিবিসিকে বলছিলেন বঙ্গোপসাগরে সমুদ্রস্রোতের ‘সার্কুলেশন প্যাটার্ন’ পাল্টাচ্ছে – ফলে তিমিরা মাঝসমুদ্রে যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছে না বা ঠিক সময়ে সেটা পাচ্ছে না।
"এই কারণেই তারা খাবারের সন্ধানে সৈকতের কাছে অর্থাৎ অগভীর জলের দিকে চলে আসছে – এবং সেখানে খাবার পাক বা না-পাক, জলটা অগভীর হওয়ার কারণে অনেক সময়েই আটকা পড়ছে"।
১৯৭৩ সালেও প্রায় দেড়শো তিমি এই তামিলনাডুর উপকূলে এসে মারা গিয়েছিল। ড: ভাদুড়ীর মতো বিশেষজ্ঞরা মনে করছেন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জেরে পুরো বঙ্গোপসাগরের তটরেখা জুড়ে এই ধরনের ঘটনা আরও বাড়বে।
তবে আসামের জাটিঙ্গা গ্রামে যেমন পাখিদের আলোয় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে দেখা যায়, তিমিদের এই বিচিং-কে ঠিক আত্মহত্যা বলতে রাজি নন ড ভাদুড়ী।
তবে এটাও ঠিক যে তুতিকোরিন সৈকতে অনেক তিমিকে সাগরে ঠেলে দেওয়ার পরেও তারা ফিরে এসেছিল।
পাঁচই জানুয়ারির নির্বাচনের পর তার ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রেডিও, টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
প্রায় ৩০ মিনিটের ভাষণে তিনি মূলত তার সরকারের উন্নয়নমূলক কাজগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। সেই সাথে ছিল বিরোধীদের সমালোচনা।
শেখ হাসিনা বলেন, গত সাত বছরে তার সরকার দেশের অবকাঠামো উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে। পদ্মা সেতুর কাজ শুরু করা, ঢাকা ও চট্টগ্রাম শহরে বিভিন্ন ফ্লাইওভার নির্মাণ এবং দেশের বিভিন্ন মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি তুলে ধরেন।
এছাড়া বিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং বিভিন্ন খাতে সরকারের গৃহীত পদক্ষেপ বর্ণনা করেন।
শেখ হাসিনা বলেন , “ বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।”
বাংলাদেশে সম্প্রতি দু’জন বিদেশী নাগরিককে হত্যার জন্য তিনি আবারো রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন।
শেখ হাসিনা বলেন তার সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে পিছ পা হবেনা ।
তবে ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশ যে বিতর্ক অব্যাহত আছে সে বিষয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবী অনুযায়ী আগাম নির্বাচন নিয়ে তার সরকারের কী চিন্তা রয়েছে সে বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি প্রধানমন্ত্রীর ভাষণে।
কোন পরিস্থিতিতে ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটি আবারো মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন ৫ই জানুয়ারি নির্বাচনকে প্রতিহত করতে বিএনপি এবং জামায়াতে ইসলামী সারাদেশে সহিংসতা করেছিল। সে সময় ৩৪ দিনের সহিংসতায় ১৩৫ জন মানুষ নিহত হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন। তিনি বলেন ৫৮২টি স্কুল কলেজ পুড়িয়ে দেয়া হয়েছিল।