নিরাপত্তা নিয়ে নানা আশংকার মধ্যে বাংলাদেশের খ্রীষ্টান সম্প্রদায় এবারের বড়দিনের উৎসব উদযাপন করছে। সম্প্রতি বাংলাদেশে কয়েকজন খ্রীষ্টান ধর্মযাজককে হত্যার চেষ্টা করা হয়েছে, হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে আরও অনেককে। এ কারণে গির্জাগুলোতে বড়দিনের অনুষ্ঠানের জন্য নেয়া হয় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। এই পরিস্থিতিতে ঢাকার একটি সাধারণ খ্রীষ্টান পরিবার কিভাবে এবারের ক্রিসমাস উৎসব পালন করলেন, তা দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার ফারহানা পারভিন:
খুব সকালেই ক্রিস্টিনা মেথেলডার বাসায় শুরু হয়ে গেছে বড়দিনের উৎসব। স্বামী আর দুই সন্তানকে নিয়ে তৈরি হচ্ছেন গীর্জায় যাওয়ার জন্য।
“আজকে সকালে যেহেতেু গির্জায় যাবো, তাই খুব ভোরে উঠেছি, ছয়টায়। সবার জন্য নাস্তা রেডি করলাম। ঘর-বাড়ী পরিস্কার করার কাজটা রাতেই করে রেখেছি।”
ঢাকার তেজগাঁও ক্যাথলিক চার্চে বড়দিনের আয়োজনে ছিল কড়া নিরাপত্তা সকালে গির্জার প্রাথনায় ক্রিস্টিনার পরিবারের সঙ্গী হলাম আমিও। ঢাকার ফার্মগেটের মনিপুরি পাড়ার এই বাসা থেকে আমাদের গন্তব্য ছিল তেজগাও এর কাথলিক চ্যার্চ।
গির্জার মুখে ঢুকতেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সাদা পোশাকেও পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য।
বাংলাদেশে খ্রীষ্টান সংখ্যালঘুদের জন্য এরকম নিরপত্তাহীন সময় আর আসেনি।
ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী হামলার মধ্যে এখন খ্রীষ্টান সম্প্রদায়ও হয়ে উঠেছে নতুন টার্গেট। কয়েকজন খ্রীষ্টান ধর্মযাজককে হত্যার চেষ্টা হয়েছে। হত্যার হুমকি দেয়া হয়েছে আরও অনেককে।
এসব ঘটনার ছায়া পড়েছে এবারের বড়দিনের উৎসবে।
বার্নাড এন্থনি গোমেজ নিজের এলাকাতে বড়দিনের উৎসবের আয়োজন করেন। তবে এবারে স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখানোয় সংক্ষিপ্ত ভাবে শেষ করেছেন সে আয়োজন। বড়দিনের উৎসবে যোগ দিতে আসা শিশুরা “আমরা প্রতিবার বড়দিনের উৎসব যখন করি, তখন সেখানে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সবাই সেই অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু প্রতিবারের মতো এবার যখন অনুষ্ঠান করতে চেয়েছি, যে বাসার সামনের রাস্তায় অনুষ্ঠান করি তারা আপত্তি করলো। ওরা বললো, তোমরা যখন অনুষ্ঠান করে চলে যাবে, তখন কেউ যদি বোমা মারে, তখন কে দেখবে? এজন্যে এবার আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি, একদিনেই শেষ করেছি।”
বাংলাদেশের সর্বশেষ আদম শুমারী অনুযায়ী খ্রীস্টান জনসংখ্যা পাঁচ লক্ষ।
তবে খ্রীস্টান ধর্মাবলস্বীরা বলছেন ক্ষুদ্র জাতিসত্ত্বার লোকজনকে ধরে হিসেব করলে এই সংখ্যা দশ লক্ষ হতে পারে।
দেশের মোট জনসংখ্যার তুলনায় ছোট এই ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা ও মৃত্যুর হুমকিতে নিজেদের ধর্মীয় পরিচয় এখন কেউ কেউ গোপন করছেন।
লিপি রোজারিও বলছিলেন গতকালের রাতের অনুষ্ঠানে নিতে নিরাপত্তার কারণেই বের হননি।
“কালকে রাতে চার্চে আসতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চাদের নিয়ে আসতে ভয় পেয়েছি। যদি কিছু হয়ে যায়, তখন আমি কিভাবে এটা সামাল দেব?”
লিপি রোজারিও জানালেন, নিরাপত্তার স্বার্থে তিনি নিজের ধর্মীয় পরিচয়ও অনেক সময় গোপন রাখেন। ফারহানা পারভীনবিবিসি বাংলা, ঢাকা
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে টিম পিক পৌছেছেন ১৫ই ডিসেম্বর, ছয় মাস তিনি সেখানে থাকবেন - ফাইল ছবি
ব্রিটিশ নভোচারী টিম পিক দীর্ঘ ছয় মাস কাটাবেন মহাকাশে।
তিনি হলেন প্রথম ব্রিটিশ নভোচারী, যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছেন।
আন্তর্জাতিক এই মহাকাশ স্টেশনে তিনি হয়তো অনেক কিছু অর্জন করছেন। কিন্তু পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে তিনি যে একেবারে পটু নন, মি. পিক তা অবশ্য এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন।
পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশে ঘোরার সময় টিম পিকের ইচ্ছে হয়েছিল নিজের বাড়িতে ফোন করার।
ফোনও করেছিলেন তিনি।
এপাশে একজন নারী ফোন তোলার পর মি. পিক হালকা সূরে জানতে চাইলেন: “হ্যালো, এটা কি পৃথিবী নামের গ্রহ?”
কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পারলেন যিনি ফোনটি তুলেছেন, তিনি তাঁর স্ত্রী রেবেকা নন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন টিম পিক - ফাইল ছবি পরে এক টুইট বার্তায় তিনি ভুল নম্বরে ডায়াল করার জন্যে ক্ষমা চান। সেখানে তিনি বলেন, ইচ্ছে করে তিনি ভুল নম্বরে কল করেননি।
টিম পিক অবশ্য বাবা-মায়ের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলেন মহাকাশ থেকে। কিন্তু তাঁরা তখন বাড়িতেই ছিলেন না।
পশ্চিম সাসেক্সের বাসিন্দা টিম পিক দুই সন্তানের পিতা।
দশ দিন আগে সেনাবাহিনীর সাবেক এই মেজর মহাকাশে যান সরকারের ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক নানা পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্যে।
হেলেন শ্যারমান ছিলেন প্রথম ব্রিটিশ নাগরিক যিনি মহাকাশে গিয়েছিলেন। ১৯৯১ সালে তিনি গিয়েছিলেন সোভিয়েত ‘মির’ মহাকাশ যানে।
এরপর যেসব ব্রিটিশ মহাকাশে গিয়েছিলেন, তাঁরা গিয়েছিলেন হয় ব্যক্তিগতভাবে কিংবা মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে।
বিবিসি বাংলার স্টুডিওতে চিত্রনায়িকা নায়িকা নিপুণ (বামে), পরিচালক অরুপ রতন চৌধুরী (মাঝে) এবং চিত্রনায়ক ফেরদৌস (বামে)
বাংলাদেশে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে যোগ হয়েছে বাণিজ্যিক চলচ্চিত্র। দেশটিতে শুক্রবার একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, যেটিকে নির্মাতা এবং কলাকুশলীরা একটি মাদকবিরোধী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করছেন।
চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণ অভিনীত ‘স্বর্গ থেকে নরক’ নামের এই চলচ্চিত্রটির নির্মাতা বলছেন, এর মাধ্যমে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকের ভয়াবহতা এবং এ থেকে বেরিয়ে আসার একটি বার্তা দেয়া হয়েছে। বাংলাদেশে বিভিন্ন প্রচারণার মাধ্যমে মাদক বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা হলেও, চলচ্চিত্র মাধ্যমে এধরণের উদ্যোগ নতুন।
বাংলাদেশে সরকারী হিসেবে দেশটিতে মাদকাসক্তের সংখ্যা ৫০ লক্ষাধিক। এবং বেসরকারী হিসেবে এই সংখ্যা প্রায় ৭০-৮০ লক্ষ। এমন পরিস্থিতিতে মাদকের ভয়াবহতা এবং তা থেকে ফিরে আসার কাহিনী নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’।
চলচ্চিত্রটির নির্মাতা এবং চিত্রনাট্যকার ড. অরূপ রতন চৌধুরী, যিনি গত প্রায় ৩০ বছর যাবত মাদকবিরোধী আন্দোলনের সাথে যুক্ত।
তিনি বলেন, "শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক পাচারকারীদের ধরে বা মাদক আটক করে কোন লাভ হচ্ছে না। মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। আমি মনে করি চলচ্চিত্র সর্বশ্রেষ্ঠ যার মাধ্যমে একটি শিক্ষা বা একটি সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আমি তরুণ সমাজের কাছে পৌছাতে পারি।"
ড. চৌধুরী বলছেন, চলচ্চিত্রটি একটি সামাজিক বার্তাসম্বলিত চলচ্চিত্র হলেও বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের সকল বিনোদনই এই চলচ্চিত্রে থাকছে। আর একারণেই এধরণের চলচ্চিত্র মানুষের মধ্যে আরো বেশি সচেতনতা তৈরি করতে পারবে বলে মনে করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
"অনেক চলচ্চিত্রেই আমরা বিভিন্ন সামাজিক অসঙ্গতি কিংবা সমস্যা তুলে ধরে তাকে পাশ কাটিয়ে চলে যাই। আমরা দেখাতে চেষ্টা করেছি যে ড্রাগসটা কিভাবে মানুষের মধ্যে ঢুকে পড়ছে এবং কিভাবে আমরা তাকে সুস্থ করে তুলতে পারি এর পুরো প্রক্রিয়া আমরা দেখিয়েছি। তবে সেটা তথ্যচিত্রের স্টাইলে নয়," বলেন ফেরদৌস। 'স্বর্গ থেকে নরক' চলচ্চিত্রের শ্যুটিংয়ের একটি দৃশ্য এই চলচ্চিত্রের নায়িকার চরিত্রে রয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। মাদকবিরোধী চলচ্চিত্রের প্রতি দর্শকরা কেন আগ্রহী হবে ব্যখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন, এধরণের চলচ্চিত্রের মাধ্যমে কিশোর-কিশোরী থেকে সব বয়সের মানুষই সচেতন হতে পারে।
"চলচ্চিত্র দেখতে গেলে মানুষ বুঝতে পারবে যে এখানে বিনোদনের মাধ্যমে খুব বড় একটা জিনিস দেখানো হচ্ছে। শুধু স্মোকিং, ড্রাগস নিচ্ছে কিংবা ওয়াইন খাচ্ছে সেটা দেখানো নয়, দেখানো হচ্ছে ড্রাগস কিভাবে একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে," বলেন নিপুণ।
"আমি নিজেই একসময় ড্রাগস খাইতাম। পরে আমার বন্ধু-বান্ধব খায়া কি করে না করে দেখছি, নিজের অবস্থা দেখছি। তারপর ছাইড়া দিছি। সিনেমা দেইখা এইটা আরো সুন্দরভাবে হইতে পারে, যে দেখবে সেতো আর পোলাপান না। ছবিতে যদি এইটা দেখানো হয় তাইলে ও তো বোঝেই" ঢাকার একটি প্রেক্ষাগৃহের সামনে বলছিলেন একজন সিনেমার দর্শক।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলছেন, মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের সাথে সাথে জনসচেতনতা তৈরি সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই সচেতনতা তৈরির ক্ষেত্রে মাদকবিরোধী চলচ্চিত্র একটি বড় ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, "আমরা যদি সব এজেন্সি মিলেও মাদকের অবৈধ পাচার রোধ করে দেয়, কিন্তু দেশের ভেতরে যদি চাহিদা কমানো সম্ভব না হয়, তাহলেও এটা রোধ করা সম্ভব হবে না। যারা এখনো মাদক নেয়নি তাদেরকে সচেতন করার জন্য এর ক্ষতিকর দিক সম্পর্কে তাদেরকে সচেতন করার কোন বিকল্প নেই।"
মি. রহমান বলছেন, মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন জেলার হলগুলোতে মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিচ্ছেন। আর এই চলচ্চিত্রটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও প্রচারের উদ্যোগ নিচ্ছেন চলচ্চিত্রটির নির্মাতা।
পাকিস্তানি প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের জন্মদিনে হঠাৎ লাহোরে নেমে সবাইকে চমকে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে এভাবে হঠাৎ পাকিস্তানে যাবেন, এটা নাকি তার ঘনিষ্ঠজনদেরও অজানা ছিল।
কাবুল থেকে ফেরার সময় তার লাহোরে নামার এই কর্মসূচী তিনি প্রথম ঘোষণা করেন টুইটারে।
লাহোর বিমান বন্দরে তাকে উষ্ণ সম্বর্ধনাই জানানো হয়, প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ সেখানে তাকে অভ্যর্থনা জানান।
এরপর দুজনের মধ্যে দুই ঘন্টার এক বৈঠক হয়েছে। তবে দুজনের মধ্যে কি আলাপ হয়েছে তার বিস্তারিত কোন পক্ষই প্রকাশ করেনি।
ভারত আর পাকিস্তান সম্প্রতি তাদের সম্পর্ক উষ্ণ করার যে চেষ্টা চালাচ্ছে, এই সফরকে বলা যেতে পারে সেই লক্ষ্যে এযাবতকালের সবচেয়ে বড় পদক্ষেপ।
গত বছর ক্ষমতায় আসার পর মিস্টার মোদি এর আগেও বিভিন্ন জায়গায় পাকিস্তানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা-সাক্ষাত করেছেন।
কিন্তু পাকিস্তানের মাটিতে এটাই তার প্রথম সফর। কিন্তু মুম্বাইতে সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস যেরকম চরমে পৌঁছেছিল, সেখানে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা সহজ হবে না বলে মনে করেন বিশ্লেষকরা।
দুদেশের মধ্যে এই অবিশ্বাস আর সন্দেহের পেছনে আফগানিস্তানে ক্রমবর্ধমান ভারতীয় প্রভাবও একটা কারণ।
মিস্টার মোদি মাত্রই কাবুলে ভারতীয় সহায়তায় তৈরি এক নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করে ফিরছেন। আফগানিস্তানে আরও বহু অবকাঠামো প্রকল্পে বিপুল সহায়তা দিচ্ছে ভারত।
পাকিস্তান এ বিষয়টা মোটেই সুনজরে দেখছে না। আফগান সরকারের মতো ভারতেরও সন্দেহ, সেখানে তালেবান বিদ্রোহের অন্যতম মদতদাতা হচ্ছে পাকিস্তান।
ভারত মনে করে, আফগানিস্তানে তাদের যে প্রভাব, সেটা খর্ব করতেই তালেবানকে মদত দিচ্ছে পাকিস্তান।
বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় নরেন্দ্র মোদির এই প্রতীকী সফর হয়তো সম্পর্কের বরফ গলাতে সহায়ক হবে, কিন্তু দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় এর চেয়ে অনেক বেশি জরুরী হচ্ছে পারস্পরিক সন্দেহ অবিশ্বাসে দূর করার লক্ষ্যে কিছু বাস্তব পদক্ষেপ।
দক্ষিণ নাইজেরিয়ার একটি শিল্পাঞ্চলের এক গ্যাস প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, আনাম্ব্রা প্রদেশের নিউয়ি শহরের এক গ্যাস প্ল্যান্টে একটি ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
কিছু সংবাদমাধ্যম বলছে ৩৫ জন নিহত হয়েছে, আবার বেশ কিছু গণমাধ্যম ১০০ জন নিহত হবার খবর দিচ্ছে।
ভ্যানগার্ড নামের একটি পত্রিকা বলছে, যেসব মানুষ তাদের সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করতে এসেছিল তারা আগুন পুড়ে গেছে, কারখানার শ্রমিকসহ অনেক পথচারীও বিস্ফোরণে নিহত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পত্রিকাটি বলছে, সরবরাহের সময় গ্যাস ঠান্ডা করার যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি। বিবিসির একজন সংবাদদাতা আবু বকর জানাচ্ছেন, বিস্ফোরণের ঘটনাটি কেন ঘটেছে তা এখনও পরিস্কার নয়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী এবং ওই এলাকার বাসিন্দাদের চেষ্টায় কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই এলাকার আশেপাশের বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে বলে জানাচ্ছেন সংবাদদাতারা।
তবে স্থানীয় পুলিশ এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত জানাতে পারেনি।
বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত থেকে মিরপুরের একটি ছয়তলা বাড়িতে তারা তল্লাশি চালায়।
পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা উদ্ধার হওয়া গ্রেনেড ও হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেছে
পুলিশ বলছে তারা সেখানে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ১৬টি অবিস্ফোরিত হাতে তৈরি গ্রেনেড, দুটি হাতবোমা ও একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করেছে।
পুলিশ আগে কয়েকটি সুইসাইড ভেস্ট উদ্ধার করার কথা বললেও অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বিবিসি বাংলার কাদির কল্লোলকে অভিযান শেষে জানান তারা সেখান থেকে একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করেন।
তিনি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেসব জঙ্গী বিরোধী অভিযান চালানো হয়েছে তাতে এধরনের সুইসাইড ভেস্ট পাওয়ার নজির এটাই প্রথম।
ঢাকায় পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন ঐ এলাকায় গতকাল গভীর রাত থেকে অবস্থান নেওয়ার পর পুলিশ আজ ভোররাতে ঐ ছয়তলা বাড়িতে অভিযান চালায়।
বাড়িটি জঙ্গিদের একটি আস্তানা বলে পুলিশ বলছে।
৭ জনকে আটক করার কথা পুলিশ জানিয়েছে, যাদের মধ্যে তিনজন শীর্ষস্থানীয় জেএমবি নেতা বলে পুলিশের দাবি।
আটকরা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে এবং পুলিশ বলছে স্থানীয় সময় বিকেল চারটার দিকে তাদের এই অভিযান শেষ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মিরপুরের ঐ বাড়িতে ভোররাত থেকে অভিযান চালায়। পুলিশের তথ্য দেওয়া অনুযায়ী তাদের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা কাছেই একটি খালি জায়গায় গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে।
তল্লাশির এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছিল বলে পুলিশ জানায়।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল বিবিসিকে বলেন, মিরপুর একের এ ব্লকের নয় নম্বর সড়কের একটি ছয় তলা বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে এমন সংবাদ পেয়ে ভোররাত থেকে তারা বাড়িটিকে ঘেরাও করে রাখেন।
মনিরুল ইসলাম জানান, গতকাল আটক হওয়া এক সন্দেহভাজন জঙ্গি সদস্যকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই বাড়িটিতে জঙ্গিদের একটি আস্তানা রয়েছে। সেখানে অস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলেও তথ্য পাওয়া যায়।
এই তথ্য অনুযায়ী ভোররাতের দিকে বিপুল সংখ্যক পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলে।
ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে আনা হয় এবং জঙ্গি ও অস্ত্র-বিস্ফোরকের সন্ধানে শুরু হয় তল্লাশি।
'জঙ্গিরা মূলত ছয়তলার একটি ইউনিটে অবস্থান নিয়েছিল। আমরা আশঙ্কা করছি বাড়ি খালি করবার সময় কেউ কেউ ভাড়াটিয়ার ছদ্মবেশে বেরিয়ে যেতে পারে,' বলছিলেন মি. ইসলাম।
উদ্ধারকৃত বিস্ফোরকগুলো হাতে তৈরি গ্রেনেড বলে বর্ণনা করেছেন মিঃ ইসলাম।
মি. ইসলাম এই তল্লাশি অভিযানটিকে হাই-প্রোফাইল উল্লেখ করে বলছেন, সেখানে বম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াটের সদস্যও রয়েছে।
বছরের একেবারে শেষপ্রান্তে এসে বছরের আলোচিত সব ঘটনার সংকলন নিয়ে পড়ুন বিবিসি বাংলার বর্ষ পরিক্রমা:
রাজনীতিতে শুরু, রাজনীতিতে শেষ:
বাংলাদেশে এই বছরটা শুরুই হয় প্রচণ্ড রাজনৈতিক উত্তাপ দিয়ে।
এক বছর আগের বিতর্কিত যে নির্বাচনটিতে যোগ না দিয়ে সরকার ব্যবস্থা থেকে ছিটকে পড়ে দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, ৫ই জানুয়ারি সেই নির্বাচনের এক বছর পূর্তি পালন নিয়ে তারা ক্ষমতাসীন দলের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়।
৫ই জানুয়ারি ঢাকায় একটি বড় সমাবেশকে কেন্দ্র করে তার দুদিন আগে থেকে প্রশাসন কার্যত অবরুদ্ধ করে রাখে বিএনপি প্রধান খালেদা জিয়াকে।
গুলশানের অফিস থেকে বের হতে না পেরে খালেদা জিয়া অব্যাহতভাবে একটি অবরোধ কর্মসূচি চালানোর ঘোষণা দেন।
শুরু হয় দেশ জুড়ে টানা অবরোধ, সহিংসতা।
খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে দিবারাত্রি অবস্থান করতে থাকেন।
একপর্যায়ে ভবনটি থেকে পুলিশ অবরোধ তুলে নিলেও খালেদা জিয়া সেখান থেকে বেরিয়ে আসতে অস্বীকৃতি জানান। টানা বিরানব্বই দিন সেখানে তিনি অবস্থান করেন।
পুরো সময়টা বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়ে। রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায় শতাধিক মানুষ।
বছরের শেষটাও হলো রাজনৈতিক উত্তেজনা দিয়ে।
তবে সহিংসতা নয়, এটা ছিল নির্বাচনী উত্তাপ। বছর শেষ হবার একদিন আগে বাংলাদেশে দুইশটির বেশি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামে প্রার্থীরা।
বহুদিন পর এই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচনে লড়তে দেখা যায়। হামলার লক্ষ্য ভিন্নমত: <span >
<span >২০১৫ সালটি নি:সন্দেহে মানুষের মনে থাকবে বাংলাদেশ-জুড়ে চলা ভিন্ন মতাবলম্বী ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিদেশী নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা এবং এ ধরণের বেশ কয়েকটি হত্যাকাণ্ডের কারণে।
ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধেবেলায় ঢাকার বাংলা একাডেমির বইমেলা থেকে ফেরার সময়ে আততায়ীর হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়।
এ ঘটনায় মারাত্মক আহত হন তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদ।
মি. রায় বাংলাদেশে দ্বিতীয় ব্লগার যিনি ভিন্ন মত প্রকাশের জন্য খুন হলেন। সোহরাওয়ার্দি উদ্যানের সামনে এই ফুটপাতেই হামলা হয় অভিজিৎ রায় ও তার স্ত্রীর ওপর। প্রথম ঘটনাটি ঘটে ২০১৩ সালে।
কিন্তু মি. রায়ের হত্যার পর মার্চ থেকে অগাস্ট মাস পর্যন্ত আরো তিনজন ভিন্ন মতাবলম্বী ব্লগার খুন হন বাংলাদেশে।
মার্চ মাসে খুন হন ওয়াশিকুর রহমান, মে মাসে অনন্ত বিজয় দাস, অগাস্ট মাসে নিলাদ্রী চট্টোপাধ্যয়।
আর অক্টোবর মাসের শেষ দিন এসে ঢাকায় অন্তত দুটি প্রকাশনা সংস্থায় একযোগে হামলা হয়।
প্রকাশনা সংস্থাগুলো থেকে অভিজিৎ রায়ের বেশ কয়েকটি পুস্তক প্রকাশিত হয়েছিল।
এদিন জাগৃতি নামে একটি প্রকাশনা সংস্থার মালিক, ফয়সাল আরেফীন দীপন তার কার্যালয়ে নৃশংস হত্যার শিকার হন। বিদেশীরাও ছিলেন হামলার লক্ষ্য:
এবছর এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে অন্তত দুটি হামলায় প্রাণ হারান দুজন বিদেশী নাগরিক।
২৮শে সেপ্টেম্বর রাতে ঢাকার গুলশানে আততায়ীর হামলায় নিহত হন চেজারে তাভেল্লা নামে এক ইতালীয় নাগরিক।
আর ৩রা সেপ্টেম্বর রংপুরে নিহত হন কুনিও হোশি নামে এক জাপানী নাগরিক।
কাছাকাছি সময় আরো কয়েকজন বিদেশী নাগরিকের উপর হামলা হলেও তারা বেঁচে যান।
এই সময়ে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে বিশ্বের অনেক দেশ।
এমনকি হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর বাতিলও করে এই বছর। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা: ইমামবাড়ায় বোমা হামলার পরের দিন হাজার হাজার শিয়া মতাবলম্বী তাদের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল করে। এদের সাথে যোগ দেয় সুন্নি সম্প্রদায়ের বহু সদস্যও। এই বছর নজিরবিহীন একটি হামলার ঘটনা ঘটে ঢাকায় শিয়া মতাবলম্বীদের পবিত্র দিন আশুরা উপলক্ষে আয়োজিত এক তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে।
ঢাকার পুরনো অংশে ইমামবাড়ায় এই হামলাটি হয় ২৩শে অক্টোবর গভীর রাতে।
বোমা হামলায় ঘটনাস্থলেই একজন নিহত হয়, আহত হয় অর্ধশতাধিক।
যদিও বিশ্বের অনেক দেশেই শিয়া-সুন্নিদের মধ্যেকার বিভেদকে রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নিতে দেখা যায়, কিন্তু ঢাকার চারশো বছরের ইতিহাসে কখনো সংখ্যালঘু শিয়া মতাবলম্বীরা কোনও হামলার শিকার হয়নি।
শিয়াদের উপর হামলা ইমামবাড়ার ওই ঘটনাতেই থেমে থাকেনি।
২৬শে নভেম্বর বগুড়ার শিবগঞ্জে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে মসজিদের মুয়াজ্জিনকে হত্যা এবং ইমামসহ তিনজনকে আহত করে হামলাকারীরা।
৪ঠা ডিসেম্বর দিনাজপুরের কাহারোলে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে শতবর্ষ পুরনো এক মেলায় বোমা হামলা হয়।
আর ১০ই ডিসেম্বর ওই কাহারোলেই কৃষ্ণভক্ত হিন্দুদের আরেকটি মন্দিরে একযোগে বোমা ও গুলি হামলা চালানো হয়। আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থান?
বিদেশী ও ধর্মীয় সংখ্যালঘুদের স্থাপনায় হামলাগুলোর দায় তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে স্বীকার করা হয়।
যদিও এবছর বেশীরভাগ ব্লগার হত্যাকাণ্ডের দায় আল কায়েদার কথিত ভারতীয় উপমহাদেশ শাখা স্বীকার করে।
অনেক বিশ্লেষকই এই দায় স্বীকারের ঘটনাগুলোকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের এক নতুন মাত্রা হিসেবে বর্ণনা করেন।
যদিও দেশটির সরকার বরাবরই অস্বীকার করে এসেছে বাংলাদেশে আইএস সহ যেকোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের উপস্থিতির কথা। অমানবিক নিষ্ঠুরতা:
এবছর অন্তত দুটো নিষ্ঠুর হত্যাকাণ্ড মানুষকে নাড়া দিয়ে গেছে।
জুলাই মাসে সিলেটে শিশু রাজন নামে এক শিশুকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যার ঘটনার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়বার পর ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের মানুষ। শিশু রাজন হত্যার মূল অভিযুক্ত কামরুল ইসলাম ঘটনার পরই সৌদি আরব চলে গিয়েছিল। তাকে সেখানে আটক করে পুলিশ ও বাংলাদেশের হাতে তাকে সোপর্দ করে। দ্রুততম সময়ের মধ্যে চলা বিচার কার্যক্রম শেষে কামরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় সিলেটের আদালত। আর অগাস্ট মাসে খুলনায় রাকিব নামে এক শিশুর মলদ্বার দিয়ে মোটরগাড়ির চাকায় হাওয়া দেয়া নল ঢুকিয়ে বাতাস প্রবেশ করিয়ে হত্যার ঘটনা ঘটে, যা মানুষকে প্রচণ্ড আলোড়িত করে।
নভেম্বর নাগাদই দুটো হত্যাকাণ্ডের বিচার শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির রায় দেয় আদালত।
এত দ্রুত কোনও মামলার বিচার করাও বাংলাদেশে ছিল নজিরবিহীন ঘটনা। যুদ্ধাপরাধীদের ফাঁ:
এবছর তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বাংলাদেশে।
এপ্রিল মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াত ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের।
নভেম্বর মাসে একযোগে কার্যকর করা হয় জামায়াতের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড। সুখবর:
তবে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাঝেও কিছু ২০১৫ সালটিতে কিছু ইতিবাচক ঘটনার জন্ম হয়েছে বাংলাদেশে।
ক্রিকেটে এই বছর বাংলাদেশ দল যতগুলো একদিনের আন্তর্জাতিকের সিরিজ খেলেছে সবগুলোতেই জয় পেয়েছে।
বাংলাদেশের কাছে পরাজিতের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো পরাক্রমশালী দল।
এবছরের ছয়ই জুলাই জাতিসংঘ ঘোষিত পনেরো বছর মেয়াদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি শেষ হবার পর দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করেছে। ঢাকার কাছে মুন্সিগঞ্জে পদ্মা নদীর উপর এবছরই শুরু হয়েছে মেগা প্রকল্প পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মান। এই প্রকল্পের পুরো ব্যয় বহণ করবে বাংলাদেশ সরকার, যেটা দেশটির ইতিহাসে নজিরবিহীন। আর বাংলাদেশে বহু বিতর্ক সৃষ্টিকারী একটি মেগা নির্মাণ প্রকল্প পদ্মা সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছে এই বছরই।
গত বারোই ডিসেম্বর পদ্মা নদীর ওপর ছয় কিলোমিটারেরও বেশী দীর্ঘ এই প্রস্তাবিত সেতুটির মুল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় আটাশ হাজার কোটি টাকার এই প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন।
এর আগে এই প্রকল্পটিতে বিশ্বব্যাংকসহ কয়েকটি আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়ন করবার কথা থাকলেও সংস্থাগুলো দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে তাদের অর্থায়ন বাতিল করে দেয়। আহরার হোসেনবিবিসি বাংলা, ঢাকা