ভূপাতিত রুশ জেট বিমানের নিখোঁজ পাইলটকে সিরীয় সেনা বাহিনী উদ্ধার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
রাশিয়া বলেছে ওই পাইলট ''জীবিত ও সুস্থ আছে।''
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দ্বিতীয় পাইলট এবং একজন নৌসেনা উদ্ধার তৎপরতায় প্রাণ হারিয়ছে।
ফ্রান্সে মস্কোর রাষ্ট্রদূত আলেকজান্ডার অরলফ এবং সিরিয়ার সরকারি সূত্র বলছে নিখোঁজ পাইলটকে সিরীয় বাহিনী উদ্ধার করেছে । একটি রেডিও স্টেশনকে ওই রাষ্ট্রদূত বলেছেন উদ্ধারকৃত পাইলটকে লাটাকিয়ায় রুশ বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবার বলেছেন তুরস্ক রুশ জেট বিমান লক্ষ্য করে গুলি করার আগে তাদের সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করে নি। প্রে পুতিন ওই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনার তীব্র নিন্দা জানান তুরস্ক অবশ্য বলছে বিমানটি গুলি করে ভূপাতিত করার আগে বারবার তারা রুশ জেট বিমানকে আকাশসীমা লংঘনের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছিল।
নেটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ বলেছেন ''পরিস্থিতি সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগ এবং উত্তেজনা প্রশমন জরুরি।''
তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর তীব্র নিন্দা করে বলেন 'সন্ত্রাসীদের সহযোগীরা আমাদের পিঠে ছুরি মেরেছে'।
রাশিয়া আরো হুমকি দেয়, এই ঘটনার পরিণতি হবে 'গুরুতর'।
রাশিয়া জানায় ওই জেট বিমান তুরস্কের জন্য কোনো হুমকির কারণ ছিল না এবং তুরস্ক সিরিয়া সীমান্তে বিমানটি আইএসের ওপর বিমান হামলা চালাচ্ছিল। bbc
এস আলম গ্রুপ একুশে টিভির মালিকানায় এসেছে বলে বুধবার একুশে টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ৮ অক্টোবর এক নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে একুশে টেলিভিশন লিমিটেডের শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এতদসংক্রান্ত সব কিছু কিনে নেয় এস আলম গ্রুপ।
বুধবার প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর এক সভায় টেলিভিশনটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনার কথাও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এবং আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান মনোনিত হয়েছেন।
এছাড়া ওই সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ দেওয়া হয়েছে।
২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসে একুশে টিভি।
১৯৬৫-তে ভারত বাংলাদেশের মধ্যে বেশিরভাগ সড়ক বন্ধ হয়ে যাওয়ার পর সীমিত সড়কপথে দুই দেশের মধ্যে যাতায়াত চালু আছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত বাড়াতে পঞ্চাশ বছর আগে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগের পথগুলো খুলে দেয়ার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত ভাগের পর এসব পথ চালু থাকলেও ১৯৬৫ সালে পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধের পর এগুলো বন্ধ হয়ে যায়।
ভারত ভাগের আগে তৎকালীন পূর্ববঙ্গের সঙ্গে পাশের এলাকাগুলো সড়ক, রেল ও নৌপথে সংযুক্ত ছিলো। আর এই যোগাযোগ ব্যবস্থা চালু ছিল ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের আগে পর্যন্ত।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নৌপথে সীমিত কিছু যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা হলেও সড়ক আর রেলপথে যোগাযোগ আবার চালু করার উদ্যোগ নেয়া হয় সাম্প্রতিক বছরগুলোতে।
মেঘালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬৫ সাল পূর্ববর্তী অবস্থার মতো যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলেন, আর এক্ষেত্রে জোর দেন সড়ক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার ওপর।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের কাজে চারদেশীয় সড়ক নেটওয়ার্ক তৈরির যে উদ্যোগ নেয়া হয়েছে, মূলত তার আওতায়, অন্য দুই অংশীদার হলো ভূটান ও নেপাল।
এই উদ্যোগের সমন্বয়ক আবদুল মালেক বলছেন প্রস্তাবনাগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
''এর সাথে কিছু লিগ্যাল ডকুমেন্ট তৈরির ব্যাপার আছে, সেগুলো প্রস্তুত করা হচ্ছে। কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে ঠিক করা হয়নি।''
''ভারত একটি ট্রায়াল করেছে কার্গো নিয়ে। আমরা আরেকটি ট্রায়াল করার চিন্তা-ভাবনা করছি মোংলা থেকে শুরু করে বুড়িমারী পয়েন্ট দিয়ে ভারত হয়ে ভূটান পর্যন্ত। দেশগুলোর সঙ্গে যখন প্রটোকল স্বাক্ষরিত হবে, তখন আমরা বলতে পারবো কতগুলো রুট আমরা গ্রহণ করলাম।''
ভারতকে ট্রানজিট দেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেকদিন ধরে বিতর্ক থাকলেও দুটো দেশই অবশ্য এখন পরস্পরের সঙ্গে যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলছেন ভারতের সাথে বাংলাদেশের ৯০ ভাগ বাণিজ্য হয় স্থলবন্দরের মাধ্যমে।
''কিন্তু এখানে অনেক সময়ের অপচয় হয়, যার ফলে ক্ষতিগ্রস্ত হন রপ্তানীকারক-আমদানীকারক সবাই। আর খেসারত দিতে হয় ভোক্তাদেরও। সুতরাং সব মিলিয়ে বড় সম্ভাবনা আছে এটাকে উইন-উইন করার, অর্থনৈতিকভাবেও উপকৃত হওয়ার সম্ভাবনা আছে।''
ড. রহমান অবশ্য মনে করেন, এক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, আর নজর দিতে হবে মাশুল আদায় ও নিরাপত্তার দিকে।
অন্যদিকে, মি. মালেক জানান, এই অঞ্চলে সড়ক যোগাযোগ হবে সিমলেস, অর্থাৎ সীমান্তে যানবাহন পরিবর্তন করতে হবে না। ওয়ালিউর রহমান মিরাজবিবিসি বাংলা, ঢাকা
২০১১ সালে ভিকারুননিসা নূন স্কুলের বাংলার শিক্ষক কোচিং করানোর সময় এক ছাত্রীকে ধর্ষণ করেন।
চারবছর আগে একজন ছাত্রীকে ধর্ষণ করার মামলায় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাংলাদেশে ঢাকার একটি আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্কুলে ছাত্রী-ধর্ষণের ঘটনায় আদালত স্কুলের একজন সাবেক শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
২০১১ সালে সাড়া জাগানো ঐ ঘটনায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেছে।
তবে ঐ মামলার দু'জন তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তে চরম অদক্ষতা ও গাফিলতি দেখিয়েছেন বলেও রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন।
ধর্ষণের অভিযোগ প্রকাশ হওয়ার পর সে সময় ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীরা বিক্ষোভে নেমেছিল। প্রতিবাদে সোচ্চার হয়েছিল অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও।
নারী অধিকার নিয়ে আন্দোলনকারী বিভিন্ন সংগঠনও আন্দোলনে নেমেছিল।
ঢাকায় র্শীষস্থানীয় একটি স্কুল ভিকারুননিসা নূন স্কুলের এই ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।
সেই পরিস্থিতির মুখে স্কুল কর্তৃপক্ষ শিক্ষক পরিমল জয়ধরকে বরাখাস্ত করে। তখনই নির্যাতিত ছাত্রীর বাবার দায়ের করা মামলায় ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়। ধর্ষণের প্রতিবাদে ঘটনার পর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রতিবাদ করে এখন বিচারে তার জেল জরিমানা হলো।
পাবলিক প্রসিকিউটর বা পিপি ফোরকান মিয়া বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারায় ধর্ষণের অভিযোগে মামলাটি হয়েছিল, বিচারে সেই ধারা অনুযায়ী সর্ব্বোচ্চ সাজা হয়েছে।
আইন অনুযায়ী পিপি বাদীর পক্ষে মামলা পরিচালনা করেছেন। ট্রাইবুনালের রায়ে মামলাটির তদন্তে দূর্বলতা এবং গাফিলতির কথাও উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার বাংলার শিক্ষক পরিমল জয়ধর স্কুলের পাশে একটি বাড়িতে কোচিং করানোর সময় ঐ ছাত্রীকে প্রলোভন দেখিয়ে প্রথম ধর্ষণ করেছিলেন ২০১১সালে ২৮শে মে।
সে সময়ের ভিডিও চিত্র মোবাইলে ধারণা করা হয়েছিল। অল্প কিছুদিন পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করা হয়েছিল।
মামলায় পরিমল জয়ধরকে প্রধান অভিযুক্ত করে ভিকারুননিসা নূন স্কুলের তৎকালীন অধ্যক্ষ এবং বসুন্ধরা শাখার প্রধানকেও অভিযুক্ত করা হয়েছিল।প্রথমে থানা পুলিশ এবং পরে গোয়েন্দা পুলিশের তদন্তে অভিযোগ থেকে দু’জনকে অব্যহতি দিয়ে শুধু পরিমল জয়ধরকে আসামী রাখা হয়েছিল।
পিপি ফোরকান মিয়া বলেছেন, দু’দফায় তদন্ত হয়েছে এবং ২৮জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। এসব কারণে সময় লেগেছে এবং বিচার কাজে বিলম্ব হয়েছে।
ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা যে করা হয়েছে। জরিমানার সেই টাকা নির্যাতিত ছাত্রীকে দিতে হবে। আর জরিমানার টাকা না দিলে ঐ শিক্ষককে অতিরিক্ত ছয়মাস জেল খাটতে হবে।
এই শিক্ষকের আইনজীবী মাহফুজ মিয়া বলেছেন, তারা হাইকোর্টে আপিল করবেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বুধবার যখন রায় হয়েছে, তখন আসামী পরিমল জয়ধরকে আদালতে হাজির করা হয়েছিল। কাদির কল্লোলবিবিসি বাংলা, ঢাকা
সপ্তাহদুয়েক আগেই যে আলফা নেতা অনুপ চেতিয়াকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দিয়েছে, তাকে কেন ভারতের কেন্দ্রীয় সরকার শান্তি আলোচনায় সামিল করল না সে ব্যাপারে আলফার মধ্যেই তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আসামের এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতারা বিবিসিকে জানিয়েছেন, যতক্ষণ না মি চেতিয়াকে আলোচনায় যুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সরকারের সঙ্গে কোনও রাজনৈতিক বিষয়ে কথাই বলবেন না।
গত বছরকয়েক ধরে দিল্লিও ঢাকাকে বারবার বলে এসেছে শান্তি আলোচনায় গতি আনার জন্যই মি চেতিয়াকে তাদের হাতে পাওয়া প্রয়োজন – কিন্তু এখন সেই দাবি মিটে যাওয়ার পর মি চেতিয়াকে আলোচনায় সামিল করার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকার এখন আর স্পষ্ট করে কিছু বলছে না।
প্রায় আঠারো বছর বাংলাদেশের জেলে কাটানোর পর আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে ভারতে ফিরিয়ে আনা হয় গত ১১ নভেম্বর সকালে।
এদিকে চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া-সহ আলফার অন্য যে নেতারা সরকারের সঙ্গে শান্তি-আলোচনা চালাচ্ছেন ২৪ নভেম্বর তাদের মধ্যে দিল্লিতে বৈঠক হবে সেটাও আগে থেকেই স্থির ছিল – ফলে সেই বৈঠকে মি চেতিয়াও যোগ দিতে পারবেন বলে তার সতীর্থরা আশা করেছিলেন।
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, প্রথমে ছদিনের ট্রানজিট রিমান্ড, তারপর পাঁচদিনের সিবিআই হেফাজতের পর এখন ১৯৮৬ সালের পুরনো একটি হত্যা মামলার জেরে মি চেতিয়া বিচারবিভাগীয় হেফাজতে কাটাচ্ছেন – আর তাঁকে ছাড়াই দিল্লি এসে সরকারের সঙ্গে বৈঠক করতে হচ্ছে আলফার অন্য নেতাদের।
সংগঠনের পররাষ্ট্র সচিব শশধর চৌধুরী বিবিসিকে বলছিলেন, ‘‘আমাদের বিশ্বাস উনি শান্তি-প্রক্রিয়ায় সমর্থন দেবেন। উনি আমাদের সাধারণ সম্পাদক আছেন ও থাকবেন – আর এখন যেহেতু উনি আসামে পৌঁছে গেছেন তাই ওনাকে বাইরে রেখে আমাদের কোনও রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়াটা ঠিক হবে না।’’
আলফা-র যে অন্য নেতারা আলোচনা প্রক্রিয়ায় যুক্ত আছেন, তাদেরও প্রায় সবাই জামিনে মুক্ত – কোনও কোনও মামলায় তারা অব্যাহতিও পেয়েছেন।
কিন্তু অনুপ চেতিয়ার মতো গুরুত্বপূর্ণ একজন নেতার জামিনের ব্যবস্থা করে কেন তাকে আলোচনায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে না? ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ প্রশ্নের কোনও সরাসরি জবাব দিচ্ছেন না। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু মি রিজিজু বলছেন, ‘‘এখন মি চেতিয়াকে নিয়ে তদন্তকারী সংস্থাগুলো তাদের কাজ করছে। যখন সেই জিজ্ঞাসাবাদ ও তদন্তের কাজ শেষ হবে তখনই জানা যাবে তিনি আলোচনার প্রক্রিয়ায় আসতে পারবেন কি না। তবে আলফার সঙ্গে আলোচনা খুব ভালভাবে এগোচ্ছে, খুব তাড়াতাড়ি এই আলোচনায় ভাল ফল মিলবে বলেও আমরা আশা করছি।’’
সরকারের বক্তব্যে এই ইঙ্গিত আছে – মি চেতিয়া যোগ দিন বা না-দিন, আলোচনা সফল হওয়ার দিকেই এগোচ্ছে বলে তাদের ধারণা। আগামী বছরের গোড়ায় আসামে নির্বাচনের আগেই কেন্দ্র আলফার সঙ্গে শান্তিচুক্তি সই করতে আগ্রহী, সরকার সেটাও আগেই জানিয়েছে।
কিন্তু শশধর চৌধুরী বলছেন – তারা বৈঠক বয়কট করেননি ঠিকই, কিন্তু সরকার যদি ভেবে থাকে ‘চেতিয়া-স্যার’কে ছাড়াও আলফা আলোচনা চালিয়ে যাবে তাহলে তারা ভুল ভাবছে।
তিনি বলছিলেন, ‘‘এই বৈঠকটা যেহেতু চেতিয়া-স্যার ভারতে আসার আগে থেকেই ঠিক ছিল তাই সরকারের আমন্ত্রণকে সম্মান জানাতে আমরা বৈঠক বর্জন করিনি। কিন্তু পাশাপাশি আমরা কিন্তু বৈঠকে এলেও রাজনৈতিক বিষয়ে একটাও কথা বলিনি। এখন সরকার আমাদের বলেছে স্যার-কে নিয়েই ডিসেম্বরের ভেতরেই আবার বৈঠক আয়োজন করা হবে।’’
ডিসেম্বরে পরের দফার বৈঠকে অনুপ চেতিয়াকে যোগ দিতে দেখা যাবে কি না – সে প্রশ্নের স্পষ্ট উত্তর অবশ্য কারও কাছেই নেই।
মি চেতিয়ার স্ত্রী ও পুত্র তাঁর আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন বিজন মহাজনকে – যিনি আসামে বিজেপির মুখপাত্রও বটে। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতাও নিশ্চিত হতে পারছেন না তাঁর মক্কেল শান্তি আলোচনায় যোগ দিতে পারবেন কি না।
তিনি বিবিসিকে বলছিলেন, ‘‘সত্যি কথা বলতে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন কেউ এমন আলোচনায় যোগ দিয়েছেন, এমন নজির কিন্তু একেবারেই নেই। তবে সরকারের তরফে সিবিআই যদি সেই মর্মে আবেদন করে তবে আদালত তা বিবেচনা করে দেখতে পারেন।’’
এর মধ্যে মি চেতিয়া জামিন পেয়ে গেলে অবশ্য অন্য কথা – কিন্তু তার বিরুদ্ধে আসামেও বহু বকেয়া মামলা আছে, সেগুলোতে রাজ্য সরকার কী অবস্থান নেবে সেটাও স্পষ্ট করেনি।
শুধু একটা ব্যাপারই স্পষ্ট – যে যুক্তি দেখিয়ে ভারত এত বছর ধরে বাংলাদেশের কাছ থেকে মি চেতিয়ার প্রত্যর্পণ দাবি করে এসেছে, সরকারের দিক থেকে সেই যুক্তিকে মর্যাদা দেওয়ার কোনও চেষ্টা এখনও অবধি চোখে পড়েনি। শুভজ্যোতি ঘোষবিবিসি বাংলা, দিল্লি
শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের মস্তিষ্কের গঠন নিয়ে কাজ করছেন গবেষকরা
শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের অপরাধের মাত্রা উদ্বিগ্নজনক হারে বাড়ার পর বিজ্ঞানীরা গত কয়েক বছর ধরে এই অপরাধীদের মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণা করার পর একটা বিষয়ে একমত হতে পারেন নি যে শিশু যৌন নির্যাতনকারীদের এই অপরাধের তাড়না আসে কোথা থেকে।
‘‘মানুষ চায় পিডোফাইল বা শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের বিচারের কাঠগড়ায় তুলতে, তাদের কারাগারে পাঠাতে বা তাদের নির্বীজ করে সাজা দিতে। কিন্তু তাদের এই অপরাধ প্রবণতার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা গেলে হয়ত শিশুদের এই নির্যাতনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।’’
এই মন্তব্য করেছিলেন ব্রিটেনে শিশু নির্যাতনের শিকার এক কিশোরী এপ্রিল জোনসের বাবা। ২০১২- র অক্টোবরে তাকে অপহরণ করে যৌন নির্যাতনের পর হত্যা করে অপরাধী মার্ক ব্রিজার। তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণে বলা হয় ওই কিশোরীকে অপহরণের আগে অপরাধী অনলাইনে শিশু পর্নোগ্রাফিক সাইটে শিশুদের অশ্লীল ছবি দেখছিল।
ক্যানাডার টরন্টোর মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষক ডঃ জেমস ক্যান্টর শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের মস্তিষ্ক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তার গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ কিন্তু বির্তকিত তথ্য।
তিনি বলছেন , ‘‘পিডোফিলিয়া একটা যৌন প্রবণতা এবং মানুষ এই প্রবণতা নিয়ে জন্মায়। সময়ের সঙ্গে এর পরিবর্তন ঘটে না।’’ পিডোফাইলদের মস্তিষ্ক কীভাবে কাজ করে তা নিয়ে বহু বিজ্ঞানী গবেষণা চালাচ্ছেন। শিশুদের ওপর যৌন হামলাকারীদের মস্তিষ্কের গঠন যাদের মধ্যে এই প্রবণতা নেই তাদের মস্তিষ্কের গঠনের থেকে আলাদা।
ড: ক্যান্টর বলছেন সাধারণ মানুষ যেমন শিশুদের দেখলে আদর করে – তাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে- এই পিডোফাইলদের মধ্যে সেধরনের প্রবণতা জাগে না- শিশুদের দেখলে তাদের মধ্যে যৌন প্রবণতা তৈরি হয়।
তাঁর তত্ত্ব অনুযায়ী এধরনের প্রবণতা জন্ম নেয় যখন মাতৃগর্ভে একটা শিশু বেড়ে ওঠে এবং তার মস্তিষ্ক গঠিত হয়। তিনি গবেষণায় দেখেছেন মা গর্ভাবস্থায় মানসিক চাপ ও অপুষ্টিতে ভুগলে শিশুর মস্তিষ্কের যথাযথ বিকাশ হয় না।
তবে এ নিয়ে আরও গবেষণা করে তিনি দেখতে চান এই প্রক্রিয়াকে বন্ধ করা যায় কীনা।
তার এই গবেষণাকে বির্তকিত বলছেন ক্যানাডারই অটাওয়ার একজন গবেষক ড: পল ফেডোরফ। তিনি মনে করেন না এটা জন্মগত সমস্যা। তার মতে এর চিকিৎসা সম্ভব।
তিনি বলেছন অ্যান্টি-অ্যান্ড্রোজেন ওষুধ দিয়ে এধরনের অপরাধীদের যৌন প্রবণতা বন্ধ করা সম্ভব। তার মতে ওষুধ ব্যবহার করে শিশুদের ওপর তাদের যৌন নির্যাতনের প্রবণতা যদি রোখা যায় তাহলে এদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তাদান সম্ভব। bbc
বাংলাদেশের মেয়েদের এখনো অনেক সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তবে তারা এসব মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে যুব অধিকার নেত্রী ফাহমিদা ফাইজা বলছেন, অনেক কম সুযোগ সুবিধা নিয়েই বাংলাদেশের মেয়েরা লড়াই করছে।
সমাজের বিভিন্ন স্তরে নারীদের অবস্থান তুলে ধরতে বিবিসিতে শুরু হয়েছে 'হান্ড্রেড উইমেন' বা ‘একশ নারী’ শিরোনামের এক বিশেষ আয়োজনমালা।
এই অনুষ্ঠানমালায় বিবিসি বাংলাও তুলে ধরছে বাংলাদেশের নারীদের অভিজ্ঞতা। তেমনই একজন নারী ফাহমিদা ফাইজা, যিনি বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করেন।
বাংলাদেশের মেয়েদের নানা সমস্যা প্রসঙ্গে তিনি বলছিলেন, ছোট থেকেই এদেশের মেয়েদের একটি ধারণা দিয়ে দেয়া হয় যে, একজন মেয়ে হিসাবে এগুলো তোমার দায়িত্ব, এই এই কাজ তোমাকে করতে হবে । এর বাইরে কিছু করতে গেলে বাধা আসতে পারে।
তার মতে, একজন নারীর পরবর্তী ভাগ্য কি হবে, সেটা যেন অনেকটা সমাজ নির্ধারণ করে দেয়। সে কতদূর পড়বে, কবে বিয়ে হবে ইত্যাদি। সেই প্রথাগত গণ্ডির বাইরে কেউ আসতে চাইলে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়। স্বামী হাত কেটে দিচ্ছে, তালাক দিচ্ছে, এসব ঘটনা দেখতে পাওয়া যায়।ৎ
কিন্তু এসব বাধা কাটিয়েই বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।
মিজ ফাইজা বলছেন, নারীর প্রতি সহিংসতা সারা বিশ্বেরই একটি সমস্যা। কিন্তু বাংলাদেশের মেয়েরা এসব সমস্যা মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে, সেটাই সবচেয়ে আশার কথা। অনেক কম সুযোগ সুবিধা নিয়েই বাংলাদেশের মেয়েরা লড়াই করছে, বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন। bbc