বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

সিরিয়ায় রুশ বিমান বাহিনীর অভিযান শুরু হয়েছে

                     সিরিয়ায় রুশ জঙ্গি বিমান                

রাশিয়ার প্রতিরক্ষা দফতর বলেছে, সে দেশের জঙ্গি বিমান সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস নামক সংগঠনের অবস্থানের উপর হামলা চালিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ-এর অনুরোধের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
মি: লাভরভ বলেন, আইএস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের মধ্যে আরো সহযোগিতার লক্ষ্যে তিনি পরিষদে একটি খসরা প্রস্তাব নিয়ে আসবেন।
তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, রুশ হামলা আইএস অবস্থানের উপর চালানো হয়েছে বলে মনে হচ্ছে না।
এর আগে, রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ মস্কোর সেনাবাহিনী দেশের বাইরে মোতায়েনের ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের অনুরোধ সর্বসম্মত্তিক্রমে অনুমোদন করে।
এই সিদ্ধান্তের ফলে সিরিয়াতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা করার পথ খুলে যায়।
                 মানচিত্র: সিরিয়ার কোন অংশ কার দখলে?
তবে ক্রেমলিনের একজন মুখপাত্র সার্গে ইভানভ সিরিয়াতে স্থলভাগে সেনা মোতায়েনের বিষয়টি নাকচ করেছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্টাফ প্রধান সার্গে ইভানভ সাংবাদিকদের বলেন সিরিয়ার সংকটের সঙ্গে রাশিয়া নিজেকে জড়াচ্ছে মধ্যপ্রাচ্যে তার আঞ্চলিক স্বার্থের জন্য নয়, বরং রাশিয়ার জাতীয় স্বার্থে।
তিনি বলেন, সে কারণেই সিরিয়াতে রুশ সেনাবাহিনীকে মোতায়েন করা হবে না।
সিরিয়ার অভিযানে শুধুমাত্র বিমান বাহিনী মোতায়েন করা হবে বলে তিনি জানান। মি. পুতিন বলেছেন যে স্থল বাহিনীর কোন ভূমিকা এই অভিযানে থাকবে না।
এই অভিযানের সামরিক লক্ষ্য হচ্ছে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকারকে বিমান বাহিনী দিয়ে সাহায্য করা।
সিরিয়ায় ত্রাণবাহী রুশ বিমান।                
তিনি বলেন, সিরিয়ার সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক সাহায্যের অনুরোধ আসার পরই রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।
চলতি সপ্তাহের গোড়াতেই রুশ প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণ দেয়ার সময় আইএস-এর বিরুদ্ধে বড় ধরনের জোট তৈরি করার তাগিদ দেন।
সিরিয়ার যুদ্ধের পুরো সময়টিতে রাশিয়া অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সিরিয়ার সরকারকে সাহায্য করেছে।
সম্প্রতি সিরিয়া থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে ভূমধ্যসাগরে সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়ার কাছেই এক বিমান ঘাঁটিতে রাশিয়ার জঙ্গি বিমানগুলো এসে জড়ো হচ্ছে।
bbc bangla

মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

 

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আপিল বিভাগ।
এর ফলে তাদের দণ্ড কার্যকরের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
মি. মুজাহিদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, রায় প্রকাশের পর থেকে পনেরো দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ রয়েছে। আমরা রিভিউ পিটিশন করবো।
এ বছর ১৬ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সেই রায়েরই পূর্ণাঙ্গ অনুলিপি আজ প্রকাশ করা হলো।
২০১৩ সালের ১৭ জুলাই মানবতা-বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাঁর বিরুদ্ধে আনা বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণসহ সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে আপীল করেছিলেন মি. মুজাহিদ।
অন্যদিকে এ বছর ২৯ জুলাই, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
২০১৩ সালের ১ অক্টোবর চার অভিযোগে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড এবং পাঁচ অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আপিল আংশিক মঞ্জুর করে আপিল আদালত আটটিতে দণ্ডাদেশ বহাল রেখেছে, একটিতে দেওয়া হয়েছে খালাস।

নেপালে সংবিধান বিরোধী বিক্ষোভে বিপর্যস্ত জীবন

                      কয়েক সপ্তাহ ধরেই নেপালে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে                

নেপালের দক্ষিণাঞ্চলে ভারত সীমান্তের প্রধান বন্দর এলাকায় বিক্ষোভের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, নেপালে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে।
নেপালের নতুন সংবিধানের বিরোধিতা করে ওই এলাকার একটি জাতিগোষ্ঠীর সদস্যরা অবরোধ শুরু করেছে। ফলে ভারত থেকে তেল আর অন্যান্য জরুরী সরবরাহ নিয়ে আসা যানবাহন সীমান্ত বন্দরেই আটকা পড়েছে।
ফলে নেপালের অনেক এলাকায় এর মধ্যেই খাবার আর তেলের মতো দরকারি জিনিসের রেশনিং ব্যবস্থা চালু হয়েছে।
সীমান্ত এলাকা ঘুরে এসে বিবিসির সঞ্জয় মজুমদার জানাচ্ছেন, একদিকে সড়কে যেমন অনেক মানুষ অবস্থান নিয়ে রয়েছে, তেমনি বিক্ষোভ মোকাবেলায় রণসজ্জায় প্রস্তুতি নিয়েছে পুলিশও। গত কয়েক সপ্তাহ ধরেই নেপালে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
                 বিক্ষোভের ফলে নেপালে খাবার আর তেলের মতো দরকারি জিনিসের রেশনিং শুরু হয়েছে
ভারত সীমান্তবর্তী সমতল ভূমিতে বসবাসকারী বাসিন্দারা দেশটির নতুন সংবিধানের বিরোধিতা করছে, কারণ তাদের মতে এটি ন্যায়সঙ্গত হয়নি। কারণ, তারা মনে করে, সংবিধানে যেভাবে নতুন প্রাদেশিক ভাগ করা হয়েছে, তা তাদের সংসদে ন্যায্য অধিকার দেবে না।
অনিল কুমার ঝাঁ, একজন বিক্ষোভকারী বলছেন, পঞ্চাশ শতাংশের বেশি জনসংখ্যা হিসাবে সংসদে আমাদের সেরকমই প্রতিনিধি থাকা উচিত। কিন্তু যেভাবে নতুন সংবিধান লেখা হয়েছে, তাতে আমাদের ত্রিশ শতাংশেরও কম প্রতিনিধি থাকবে।
দুইশ চল্লিশ বছর পুরনো রাজতন্ত্র উচ্ছেদের প্রায় সাতবছর পর নেপাল তার নতুন সংবিধান গ্রহণ করেছে, যা দেশটির একটি মাইল ফলক হিসাবেই বিবেচনা করা হচ্ছে। ফেডারেল সরকারের আদলে, আর হিন্দু রাষ্ট্র থেকে বেরিয়ে সেই সংবিধানটি গত সপ্তাহে পাস হয়েছে। কিন্তু সেটি যেন দেশটিতে নতুন করে সংকট তৈরি করেছে।
                 অবরোধে সীমান্ত এলাকায় আটকে পড়েছে অনেক মালবাহী ট্রাক                
নেপালের একটি রাজনৈতিক দলের নেতা কে পি ওলি, যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে, বলছেন, আমাদের দেশে একশ পঁচিশটি গোত্র রয়েছে।আর একশ তেইশটি পৃথক ভাষার জাতি রয়েছে। তাই শুধুমাত্র জাতির পরিচয়ে আমার তো নেপালে একশ পঁচিশটি প্রদেশে ভাগ করতে পারবো না। তবে সবার জাতি পরিচয়ই আমাদের সংবিধানে উল্লেখ করা হয়েছে।
নেপালের এই বিক্ষোভের জন্য অনেকে প্রতিবেশী ভারতকেও দায়ী করেছে। অনেকেই বলছেন, ভারত নেপালে তাদের প্রভাব বিস্তার করতেই প্রকাশ্যেই নতুন সংবিধানের সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও, ‘ভারত তুমি চলে যায়’, হ্যাশ ট্যাগ দিয়ে মন্তব্য করা হচ্ছে।
নেপালের একজন জ্যেষ্ঠ সাংবাদিক কনক মুনি দীক্ষিত বলছেন, ভারতের গায়ে পড়া উস্কানি আর অনানুষ্ঠানিক অবরোধ, নেপালের এই বিক্ষোভে আরো উস্কানি যোগাচ্ছে। একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত তাদের নিজেদের ইতিহাসের সম্মান করছে না, তাদের অবশ্যই এমন আচরণ বন্ধ করা উচিত।
এই বিক্ষোভে উস্কানি দেয়ার জন্য নেপালে অনেকেই ভারতকে দায়ী করেছেন                
ভারত সীমান্তবর্তী এই উত্তেজনার প্রভাব পড়েছে পুরো নেপাল জুড়ে। কারণ এই এলাকাটি নেপালের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানকার সমতলেই নেপালের সবচেয়ে বেশি চাল আর চিনির মতো ফসল ফলে। আর এই সড়ক দিয়েই ভারত থেকে নেপালের দরকারি সব পণ্য দেশের অন্যান্য অংশে যায়।
এ কারণে এই এলাকার বিক্ষোভে রাজনৈতিক আর অর্থনৈতিক, দুইদিকেই নেপালে প্রভাব ফেলতে শুরু করেছে।
BBC BAGLA

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ

    bbc

                 প্রায় সবকটি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল
নেপালের নতুন সংবিধানকে ঘিরে ভারতের সাথে দেশটির বিরোধের মধ্যেই নেপালে ক্যাবল টেলিভিশন অপারেটররা প্রায় সবকটি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে।
নেপাল বলছে যে ভারত তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে। ক্যাবল অপারেটররা সমিতি বলছে, ভারতের সাথে তাদের সীমান্তে জ্বালানীসহ অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই ট্রাক আটকে রাখার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লি অবশ্য এই অভিযোগ অস্বীকার করছে। নেপাল কেবল টিভি অপারেটর্স এসোসিয়েশনের প্রধান সুধীর পরাজুলি কাঠমান্ডুতে বিবিসির নেপালি সার্ভিসকে জানিয়েছেন, যে ৪২টি ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার তাঁরা বন্ধ করে দিয়েছেন।
নেপালের বিভিন্ন শহরে আর গ্রামে ভারতীয় চ্যানেলগুলি খুবই জনপ্রিয়, কিন্তু নেপালের বহু মানুষ মনে করেন যে ভারত জোর করে নেপালে পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছে গত কয়েকদিন ধরে - যার ফলে নেপালে অত্যাবশ্যকীয় পণ্যের একটা সঙ্কট দেখা দিয়েছে – বিশেষত পেট্রো পণ্যের।
bbc                 এসব চ্যানেল খুব জনপ্রিয় ভারতে                
যেহেতু নেপালের নতুন সংবিধান নিয়ে ভারত সন্তুষ্ট নয়, সেজন্যই প্রতিশোধ নেওয়ার জন্য ভারত পণ্য চলাচল বন্ধ করেছে এমনটাই মনে করেন নেপালের বহু মানুষ। সেজন্যই পাল্টা প্রতিবাদ হিসাবে ভারতীয় চ্যানেলগুলি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।
এই নিয়ে কাঠমান্ডুতে প্রতিবাদ মিছিলও হচ্ছে । আবার কেবল টিভি-র সঙ্গেই কয়েকটি সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনও বন্ধ করে দেওয়া হয়েছে।
নেপালের নতুন সংবিধানে ভারত লাগোয়া অঞ্চলগুলির বাসিন্দা মূলত মধেশি আর থারু জনজাতিদের সমানুপাতিক প্রতিনিধিত্ব দেওয়া হয় নি যারা নেপালের জনসংখ্যার প্রায় ৪০% তাদের এলাকাগুলিতে দাবীর থেকে অনেক কম রাজ্য দেওয়া হয়েছে এমনটাই মনে করে ভারত।
দিল্লি আরও বেশী চিন্তিত এই কারণে, যে ভারত লাগোয়া তরাই অঞ্চলে যদি অস্থিরতা না কমে, তার প্রভাব সীমান্ত পেরিয়ে ভারতেও পড়বে বিশেষত বিহার আর উত্তরপ্রদেশে।
নেপালের অনেক মানুষও টুইটারে মন্তব্য করছেন যে তরাই অঞ্চলের মধেশি আর থারুদের এই দাবীটা যথার্থ, কিন্তু ভারত সেটা নিয়ে কেন মতামত দেবে, দিল্লি কেন নাক গলাবে সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

bbc bangla

আফগানিস্তানের কুনদুয শহর পুনর্দখলের চেষ্টা করছে সরকারি বাহিনী

    বিবিসি                 তালিবানরা দখল করার পর কুনদুয পুর্নদখলের চেষ্টা করছে সরাকারি বাহিনী                

তালিবান যেভাবে হঠাৎ করে কুনদুয শহর দখল করে নেয়, সেটি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের জন্য ছিল চরম বিব্রতকর।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে অভিযান শুরু হওয়ার পর তালিবান এই প্রথম কোন প্রাদেশিক রাজধানী দখল করতে সক্ষম হয়।
এখন তাদের হটিয়ে এই শহর পুনর্দখলের জন্য আফগান সরকার জোরালো চেষ্টা শুরু করেছে।
কাবুল এবং মাযার ই শরিফ থেকে বাড়তি সৈন্য পাঠানো হয়েছে। মার্কিন জঙ্গি বিমান গুলো কুনদুযের উপকণ্ঠে তালিবানের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বিবিসি                          
পুলিশের এক মুখপাত্র দাবি করছেন, তালিবানকে হটিয়ে তারা ইতোমধ্যে কুনদুযেরে পুলিশ সদর দফতর, কারাগার এবং যের যাওরা এলাকা পুনর্দখল করেছেন।
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করছেন, বিদ্রোহীরা এই লড়াইয়ের সময় কুনদুযের বেসামরিক নাগরিকদের মানব বর্ম হিসেবে ব্যবহার করছে।
তবে তিনি এই শহর শীঘ্রই পুনর্দখল করা সম্ভব হবে বলে জানিয়েছেন।
এর আগে গতকাল বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, তালিবানের সঙ্গে তিনি এখনো শান্তি আলোচনায় বসতে রাজী, কিন্তু তাদেরকে আগে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে।
বিবিসি
                 তালিবানরা শহর দখল করে নেয়াতে বিব্রতকর অবস্থায় আফগান প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, "তালিবানকে আগে ঠিক করতে হবে, তারা আফগানি, নাকি বিশ্ব সন্ত্রাসবাদ আর আঞ্চলিক আধিপত্যবাদের একটা হাতিয়ার মাত্র।"
তিনি বলেন, "যদি তালিবান আমাদের বন্ধু হতে চায়, তবেই কেবল আমরা শান্তি অর্জন করতে পারবো। তাদের বুঝতে হবে যেভাবে তারা শিশুদের এবং নিরীহ মানুষদের হত্যা করছে , তাতে তারা এখন কতটা অজনপ্রিয় হয়ে উঠেছে।"
বিবিসির পশতু বিভাগের বিশ্লেষক দাউদ আযামী বলছেন, আফগানিস্তানের লড়াইয়ে কুনদুয শহরের একটা কৌশলগত গুরুত্ব রয়েছে।
তালিবান এই শহর দখল করে নেয়ার পর এটিকে নতুন তালিবান নেতা মোল্লাহ আখতার মনসুরের জন্য এক বিরাট সাফল্য বলে গণ্য করা হচ্ছিল। এখন এই পাল্টা হামলার মুখে এই শহর দখলে রাখার জন্য তালিবান মরিয়া চেষ্টা চালাবে বলেই মনে করা হচ্ছে।

bbc bangla

ঢাকায় ইতালিয় নাগরিককে হত্যার 'দাবি করছে' আইএস

bbc

                 ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ গতকাল এ তথ্য জানায়।
ইসলামিক স্টেট সামাজিক যোগাযোগের মাধ্যমে 'দাবি করছে' তারা ৫০ বছর বয়সী ইতালিয়ান নাগরিককে হত্যা করেছে।
এদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ও গতকাল এমন এ তথ্য জানায়।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকায় তাভেলা চেজারে নামে ঐ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এদিকে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে আইএসের দায় স্বীকারের যে সংবাদ আসছে সে সম্পর্কে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, “ এ ধরনের কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। বাংলাদেশের মানুষ জঙ্গিদের প্রশ্রয় দেয় না। এ ধরনের সংগঠন যখনি সক্রিয় হ্ওয়ার চেষ্টা করেছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলেছে ” ।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলছে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে পশ্চিমা স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে।
bbc bangla

চেজারে হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কিন্তু পূর্ব-পরিকল্পিত : স্বরাষ্ট্রমন্ত্রী

    

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ঢাকায় ইটালি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় দু:খ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ঘটনাটি ‘বিচ্ছিন্ন’ কিন্তু ‘পূর্ব-পরিকল্পিত’ বলেই মনে করছেন তারা ।
আজ ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে রহস্য রয়েছে বলেই তাদের ধারণা।
তিনি বলেন “ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে । ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে ”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের সাথে এ হত্যাকাণ্ডের ঘটনার কোন যোগসূত্র নেই।
যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্যে যে সতর্কবার্তা দিয়েছে সে সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের জন্যে নিরাপত্তামূলক সব ব্যবস্থা নেয়া হয়েছে।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আইএস র দায় স্বীকারের যে সংবাদ আসছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ এ ধরনের কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। বাংলাদেশের মানুষ জঙ্গিদের প্রশ্রয় দেয়না । এ ধরনের সংগঠন যখনি সক্রিয় হওয়ার চেষ্টা করেছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলেছে ” ।
সোমবার সন্ধ্যায় গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাভেলা চেজারে।
মি. চেজারে নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঢাকা অফিসে কাজ করতেন।