মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬

সমঝোতার পর মাদ্রাসা ছাত্রদের হরতাল প্রত্যাহার

brahmanbaria

আহত ছাত্রের মৃত্যু হলে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে

একজন মাদ্রাসা ছাত্রের মৃত্যুর জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনভর সহিংসতার পর পুলিশ ও প্রশাসনের সাথে মাদ্রাসা ছাত্রদের সমঝোতা হয়েছে।
দাবি অনুযায়ী জেলা পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এছাড়া, কোন পরিস্থিতিতে মাদ্রাসার একজন ছাত্র মারা গেছে তা তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এসব প্রতিশ্রুতির পর, বিক্ষোভরত মাদ্রাসা ছাত্র ও শিক্ষকরা বুধবার তাদের হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
রাতের বেলায় জেলা প্রশাসন বলেছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।
ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি কওমি মাদ্রাসার পাশে বাজারে মোবাইল ফোন কেনা নিয়ে বাক-বিতণ্ডা থেকে মাদ্রাসাটির ছাত্রদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয় গতকাল (সোমবার)। সংঘর্ষে পুলিশ এবং সরকার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও জড়িয়ে পড়েছিল।
সংঘর্ষে আহত মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমানের মৃত্যু হয় আজ (মঙ্গলবার) ভোররাতে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত ছাত্র লাঠিসোটা নিয়ে শহরটিতে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারি মাদ্রাসার ছাত্ররা রেল লাইন এবং সড়ক অবরোধ করে অন্যান্য জায়গার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।
সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো হামলার লক্ষ্য ছিল
স্থানীয় একজন সাংবাদিক আব্দুন নূর জানিয়েছেন,বিক্ষোভ থেকে সারাদিন ধরেই ভাঙচুর, অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনা ঘটেছে।
তিনি জানান, বিক্ষোভকারিরা রেল লাইন উপরে ফেলে এবং ষ্টেশনে ভাঙচুর করে। তারা আলাউদ্দিন খাঁ সঙ্গীত বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া শিল্পকলা একাডেমী এবং আরও কয়েকটি সাংস্কৃতিক সংগঠনে আক্রমণ করে ভাঙচুর করে।
স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়েও ভাঙচুর করে।
সোমবারের সংঘর্ষে যে ছাত্রের মৃত্যু হয়, তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া ইউনিছিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরাই মঙ্গলবারের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন।
ঐ মাদ্রাসার শিক্ষক এবং বিক্ষোভের অন্যতম নেতা সাজেদুর রহমান বলেছেন, মোবাইল ফোন নিয়ে তুচ্ছে ঘটনাকে কেন্দ্র করে গতকালের সংঘর্ষের সময় পুলিশ এবং ছাত্রলীগ মিলে তাদের মাদ্রাসায় ঢুকে ছাত্রদের আক্রমণ করেছিল এবং গুলি চালিয়েছিল। সেজন্য তারা স্থানীয় পুলিশের দু’জন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
তবে মাদ্রাসার এই শিক্ষক তাদের বিক্ষোভ থেকে সহিংসতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যারা সহিংস ঘটনাগুলো ঘটিয়েছে, তারা তাদের কেউ নয়।
বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্রদের আক্রমণের মুখে এক পর্যায়ে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কেও যান চলাচল বন্ধ ছিল।
নিরাপত্তার জন্য পুলিশ ও র‍্যাবের পাশাপাশি শহরে আধা সামরিক বাহিনী বিজিবি মোতায়েন করা হয়।
কাদির কল্লোল

ইস্তাম্বুলে আত্মঘাতী হামলায় নিহতের নয়জন জার্মান

 

turkey attackহামলার পরপরই ইস্তাম্বুলের সুলতানআমেত চত্বর

তুরস্কের সরকার বলছে ইস্তাম্বুলের কেন্দ্রে মঙ্গলবারের বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা।
নিহত ১০ জনের নয়জনই জার্মান পর্যটক।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভোতোলু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে টেলিফোন করে সমবেদনা জানিয়েছেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্কে জার্মান পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কোনও ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।
শহরের ঐতিহাসিক সুলতানআমেত চত্বরে স্থানীয় সময় সকাল দশটার এই হামলা হয়। জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরওয়ের একজন পর্যটক জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তুরস্কের সরকার বলছে হামলাকারী ছিল একজন সিরিয় নাগরিক। খুব সম্প্রতি সে সিরিয়া থেকে তুরস্কে ঢুকেছিলো।
তুরস্কের প্রধানমন্ত্রী দাবি করেছেন, হামলাকারী ইসলামিক স্টেট বা দায়েশের সদস্য।
তবে ইসলামিক স্টেটের পক্ষ থেকে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করা হয়নি।
ইস্তাম্বুল থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানাচ্ছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইস্তাম্বুলে একটি কট্টর বামপন্থি দল বিচ্ছিন্ন হামলা চালিয়েছে।
তবে হালে কুর্দি বিচ্ছিন্নতাবাদী পিকেকে'র সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে পড়ার পর সৈন্যদের সাথে বিদ্রোহী গেরিলাদের লড়াই শুরু হয়েছে। তবে সেই লড়াই হচ্ছে তুরস্কের দক্ষিণ-পূর্বে।
তুরস্কের ভেতর সাম্প্রতিক সময়ে কিছু বোমা হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকেও সরকারের পক্ষ থেকে দায়ী করা হয়েছে।
গত অক্টোবরে রাজধানী আঙ্কারায় দুটো আত্মঘাতী বোমা হামলায় একশরও বেশি লোক মারা যায়।

সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬

বেতনবৃদ্ধির পরও কেন আন্দোলন? প্রশ্ন হাসিনার

 

সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের জনসভায় ভাষণরত শেখ হাসিনা।Image copyrightfocus bangla
Image captionসোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের জনসভায় ভাষণরত শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১২৩% বেতন বাড়ানোর পরও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কেন আন্দোলন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোমবার রাজধানী ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনও দেশ কখনও ১২৩% ভাগ বেতন বাড়াতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগ তা পেরেছে। প্রত্যেকে দ্বিগুণের কাছাকাছি বেতন পেয়েছে।
তিনি বলেন, ``তারপরও দেখি কেউ কেউ অসন্তুষ্ট। তাদের অসন্তোষ যায় না। কেন অসন্তোষ এটা আমার কাছে বোধগম্য না।``
প্রধানমন্ত্রীর এসব মন্তব্য এমন এক সময়ে এলো যখন অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছেন।
শিক্ষকের মর্যাদা অনেক ওপরে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এখন তারা যদি সচিব মর্যাদা চান তবে তো হলও না। এক্ষেত্রে তারা শিক্ষক না হয়ে সচিব হতেন।
প্রধানমন্ত্রী বলেন, আর যাই হোক ছেলে-মেয়েদের পড়ালেখা বন্ধ করা যাবে না। এটি কেউ মেনে নেবে না।

আফগানিস্তানে তালেবানের সাথে শান্তির প্রচেষ্টা

 

তালেবানের সাথে শান্তি স্থাপনের প্রচেষ্টা গত বছরও নয়ো হয়েছিল।Image copyrightAP
Image captionতালেবানের সাথে শান্তি স্থাপনের প্রচেষ্টা গত বছরও নেয়া হয়েছিল।
আফগানিস্তানের সরকার এবং বিদ্রোহী তালেবানের মধ্যে শান্তি আলোচনার পথ খুঁজে বের করার লক্ষ্যে আফগান, পাকিস্তানী, চীনা এবং মার্কিন প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।
এক দশকেরও বেশি সময় ধরে আফগান সরকারের সঙ্গে তালেবানের লড়াই চলছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠকের মধ্য দিয়ে বৈঠকে অংশগ্রহণকারীরা আশা করছেন তালেবানের সঙ্গে সমঝোতার পথ খুলে যাবে।
তবে অন্তর্কলহে ছিন্নভিন্ন তালেবানের তরফ থেকে কোন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেয়নি।
তালেবান নেতা মুল্লা ওমর ২০১৩ সালে নিহত হয়েছেন, এই গোপন খবরটি ফাঁস হওয়ার পর তালেবানের সঙ্গে আফগান সরকারের একটি শান্তি উদ্যোগ গত বছর ভেস্তে যায়।
এর পর গত জুলাই মাসে মুল্লা মনসুরকে তালেবানের নতুন নেতা ঘোষণা করা হয়।
কিন্তু বেশ কজন গুরুত্বপূর্ণ তালেবান অধিনায়ক তার প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানায়।
তালেবানের মধ্যে মুল্লা মোহাম্মদ রসুলের নেতৃত্বে আরেকটি উপদলের সৃষ্টি হয় যারা সরাসরি মুল্লা মনসুরের বিরোধিতা করছে।

‘বাংলাদেশের মানুষ এখন আর খোলা জায়গায় মলত্যাগ করে না’

 

Image captionবাংলাদেশে প্রকৃতির ডাকে সাড়া দিতে এখন আর বনে বাদাড়ে দৌড়াতে হয়না।
বাংলাদেশের সরকার বলছে খোলা জায়গায় মলত্যাগ মুক্ত দেশ হিসেবে লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
এক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর জন্য রোল মডেল বলে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে পাশের দেশ ভারতের জনসংখ্যার অর্ধেক মানুষই খোলা জায়গায় মলত্যাগ করতে বাধ্য হয়।
বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণে বাংলাদেশ গত এক দশকে ব্যাপক ভাবে উন্নতি করেছে আর তাতে মানুষজনের খোলা জায়গায় মলত্যাগের অভ্যাসও কমেছে বলে জানিয়েছেন এ সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খাইরুল ইসলাম।
১০ বছর আগে বাংলাদেশের ৩৪ শতাংশ মানুষ টয়লেটে যাওয়ার সুবিধার আওতায় ছিলো।
আর এখন ৯৯ শতাংশ মানুষই এই সুবিধার আওতায় রয়েছেন।
অর্থাৎ এখন বাংলাদেশের প্রত্যন্ত কোন গ্রামে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে আর বনে বাদাড়ে দৌড়াতে হয়না।
একজন সাধারণ মানুষের বাড়িতেও একটি স্লাব বসানো টয়লেট পাওয়া যাবে বলে দাবি করছে সরকার।
আজই ঢাকায় এসব তথ্য দেয়া হয়েছে স্যানিটেশন বিষয়ক দক্ষিণ এশিয়া সম্মেলনে।
সেখানে দক্ষিণ এশিয়ার নানা দেশের ৪০০ মতো ডেলিগেশন অংশ নিয়েছেন।
তবে ইদানীং বলা হচ্ছে প্রতিটি বাড়িতে স্লাব বসানো টয়লেট থাকা মানেই আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নয়।
ত্যাগকরা মল মূত্র কোথায় নিষ্কাসন হচ্ছে সেটিও এর অংশ।
এই ক্ষেত্রে বাংলাদেশ কতটা এগিয়েছে তা অবশ্য প্রশ্নের সম্মুখীন।
বাংলাদেশে টয়লেটের বর্জ্য এখনো খুব অস্বাস্থ্যকরভাবে প্রকৃতিতে মিশে যাচ্ছে।
শহরাঞ্চলে খোলা ড্রেন ও ম্যানহোলের দুর্গন্ধের হাত থেকে বাচতে নাকে কাপড় চেপে মানুষজনের হাটার দৃশ্য নিয়মিতই দেখা যায়।

ব্রিটিশ পপ শিল্পী ডেভিড বোওয়ি মারা গেছেন

 

Image copyrightPA
Image caption১৯৭২ সালে ডেভিড বোওয়ির প্রথম উত্থান।
জনপ্রিয় ব্রিটিশ পপ শিল্পী ডেভিড বোওয়ি মারা গেছেন।
তার ছেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৬৯ বছর বয়সী এই শিল্পী ১৮ মাস যাবত ক্যান্সারে ভুগছিলেন।
মাত্র গত শুক্রবারই তার জন্মদিনে ডেভিড বোওয়ির শেষ এলবাম ব্লাকস্টার প্রকাশিত হয়েছে।
কয়েক দশক ধরে পপ গানের জগতে জনপ্রিয় নাম ডেভিড বোওয়ি।
১৯৭২ সালে তার প্রথম উত্থান।
বলা হয় ৭০ এর দশক থেকে কয়েক দশক ধরে সংগীত ও ফ্যাশনে তিনি দারুণ প্রভাব রেখেছেন।
তার শেষ লাইভ পারফরম্যন্স ছিল ২০০৬ সালে নিউ ইয়র্কে একটি চ্যরিটি কনসার্টে।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লেটস ড্যন্স, স্পেস অডিটি, আন্ডার প্রেসার ইত্যাদি।

জালিয়াতির অভিযোগে রাজকন্যা আদালতে

 

Image captionরাজকন্যা ক্রস্টিনার রাজকীয় টাইটেল বাতিল করা হয়েছে।
অর্থ জালিয়াতি আর কর ফাকি দেয়ার অভিযোগে স্পেনের রাজকন্যা ক্রিস্টিনা আজ আদালতে হাজিরা দেবেন।
তিনি হবেন দেশটির রাজপরিবারের প্রথম সদস্য যিনি কোন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।
৫০ বছর বয়সী এই রাজকন্যা স্প্যানিশ রাজা ফিলিপের বোন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামীকে কর ফাকি ও অর্থ জালিয়াতিতে সহায়তা করেছেন।
পুরো বিষয়টিতে স্পেনের রাজপরিবার ব্যাপক বিব্রত অবস্থায় পড়েছে।
রাজকন্যার স্বামী ইনাকি উরদাগারিন ৫৫ লাখ ইউরো সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আর রাজকন্যা ডাচেস অফ পালমা তাতে সহযোগিতা করেছেন তদন্তের পর এমনটাই বলা হচ্ছে।
রাজকন্যা সেই কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন।
তারা দুজনেই কর ফাকি দিতে নিজেদের আয় সম্পর্কিত তথ্য লুকিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
দোষী সাব্যস্ত হলে তার ৮ বছরের জেল হতে পারে।
রাজকন্যা ক্রিস্টিনা অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছেন।
এসব অভিযোগ ওঠার পর রাজা ফিলিপ তার বোনের রাজকীয় টাইটেল বাতিল করেছেন।
তবে তারপরও তিনি দেশটির রাজ সিংহাসনের উত্তরাধিকারীদের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছেন।