বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশে এত ভুয়া সিমের জন্যে দায়ী কে?

                     মোবাইল সিমের নিবন্ধন নিশ্চিত করার কাজ চলছে                 
বাংলাদেশে মোবাইল ফোনের সিমের নিবন্ধন নিশ্চিত করার কাজের শুরুতেই অসংখ্য ভুয়া সিম ধড়া পড়ার পর বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থার জন্যে দায়ী মোবাইল অপারেটর ও সরকারের নিয়ন্ত্রক সংস্থা।
তবে অপারেটররা বলছেন জাতীয় পরিচয়পত্র সার্ভারে এতদিন তাদের প্রবেশাধিকার ছিলনা বলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরকারের প্রতিমন্ত্রী বলছেন এ পর্যন্ত এক কোটির মতো সিমের তথ্য যাচাই করা হয়েছে তার মধ্যে ৭৫ লাখই যথাযথ নিবন্ধিত হয়নি।
মোবাইল ফোনের সিমের তথ্য যাচাইয়ের কাজ শুরু হওয়ার পর মোবাইল অপারেটররা এ পর্যন্ত এক কোটি সিমের তথ্য দিয়েছে জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের কাছে।
যাচাইয়ে দেখা গেছে মাত্র সাড়ে ২৩ লাখের মতো সিম সঠিক ভাবে নিবন্ধিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন তথ্য যাচাইয়ের চলমান কাজে তারা ভয়াবহ অনিয়মের চিত্র খুঁজে পেয়েছে।
তিনি বলেন, “একটা পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম দেয়া হয়েছে। এটি একটি কোম্পানি নয় বরং সবগুলো কোম্পানির সিম আছে একই পরিচয়পত্রের বিপরীতে। একটি ভুয়া পরিচয়পত্রের বিপরীতে অনেক সিম আছে। আবার অনেকগুলোতে দেখা গেছে পরিচয়পত্রই ভুয়া।”
                তারানা হালিম বলছেন তথ্য যাচাইয়ের চলমান কাজে তারা ভয়াবহ অনিয়মের চিত্র খুঁজে পেয়েছেন।                
কিন্তু এ পরিস্থিতির জন্যে দায়ী কে? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার উপদেষ্টা মোস্তফা জব্বার বলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির ব্যর্থতা এবং মোবাইল অপারেটরদের উদাসীনতাই এর জন্যে দায়ী।
তিনি বলেন, “বিটিআরসি এ পর্যন্ত এর বিরুদ্ধে ব্যবস্থার একটি দৃষ্টান্তও দেখাতে পারেনি। সে কারণে অপারেটররা সীমাহীন নির্লজ্জের মতো কোন কিছুর তোয়াক্কা না করে এ কাজ গুলো করেছে।”
তবে অপারেটররা বলছেন সিম নেয়ার সময় গ্রাহকরা পরিচয়পত্রের যে কপি দিয়েছেন এতদিন সেটি সংরক্ষণ বা তার উপর নির্ভর করা ছাড়া তাদের আর কিছু করার ছিলনা। গ্রামীণ ফোনের কোম্পানি সেক্রেটারি ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেইন সাদাত বলছেন এখন পরিচয়পত্র যাচাইয়ের সুযোগের মাধ্যমে এ সমস্যার অবসান হবে।
তিনি বলেন, “আমাদের হাতে পরিচয়পত্রের একটা হার্ড কপি দেয়া হতো। সেটা দিয়ে বোঝার কোন উপায় ছিলনা যে ভুয়া কি-না । এখন পুনঃ নিবন্ধনের পর সে সমস্যা আর থাকবেনা।”
অপরাধমূলক কাজে ফোনের ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারা যদি কোন সিমকে সন্দেহজনক মনে করেন তাহলে বিটিআরসির গাইডলাইন অনুযায়ী তারা বন্ধ করে দিয়ে থাকেন।
গ্রামীণ ফোনের এ কর্মকর্তা বলছেন তারা অনেক আগেই তারা পরিচয়পত্র যাচাই বাছাইয়ের সুযোগ চেয়েও পাননি। তবে মোস্তফা জব্বার বলছেন অনেকগুলো অপারেটর এ ধরনের সুযোগই চাননি।
তিনি বলেন, “মাত্র দুটি কোম্পানি ছাড়া আর কেউ এ সুযোগই চায়নি। তাহলে সুযোগ পাবে কিভাবে? ১৩ কোটি সিম বিক্রি করে তার মধ্যে এক কোটির বেশি ডাটা নেই, এটা কি কোন দেশে সম্ভব?"
ওদিকে অপরাধ মূলক কাজে মোবাইল ফোনের ব্যবহার ঠেকাতে ১৬ ডিসেম্বর থেকেই সিম নিবন্ধনে বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু হবে। এর মধ্যেই সব সিমের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করার আশা করছে কর্তৃপক্ষ।
অপারেটররা বলছেন তারাও আশা করছেন এ সময়ের মধ্যে বিষয়টি নিয়ে বড় ধরনের অগ্রগতি হবে।
 

চামড়ার মূল্য নির্ধারণ নিয়ে এবারেও বিতর্ক

                     বাংলাদেশে চামড়ার চাহিদার একটা বড় অংশ আসে কোরবানির পশুর চামড়া থেকে           
     
বাংলাদেশে ঈদ সামনে রেখে চামড়া ব্যবসায়ীরা গতবারের তুলনায় এবার ত্রিশ শতাংশ কমে কোরবানির পশুর চামড়া সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে। এনিয়ে এবছরও বিতর্ক দেখা দিয়েছে।
বিশ্লেষকদের অনেকে বলেছেন, চামড়ার বাজার প্রতিদ্বন্দ্বিতামূলক নয়, এটি নিয়ন্ত্রিত বাজার। ফলে চামড়ার দাম নির্ধারণের ক্ষেত্রে রপ্তানিকারক এবং বড় ব্যবসায়ীদের স্বার্থ দেখা হয়।
তবে চামড়া শিল্পের প্রধান সংগঠনগুলো বলেছে, সরকারের সাথে আলোচনা করে তাদের সংগঠনগুলো দাম নির্ধারণ করলেও তারা সব পক্ষের স্বার্থ বিবেচনায় নেয়।
তিন বছর ধরে ঈদে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হচ্ছে কম দামে।
কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি, ট্যানারি ওনার্স এসোসিয়েশন এবং রপ্তানিকারকদের সমিতি, চামড়া শিল্পের এই তিনটি সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দাম নির্ধারণ করে থাকে।
বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, “কোরবানির পশুর বাজারে যোগান বা কেনার ক্ষেত্রে যতটা প্রতিযোগিতা হয়, সেটা চামড়ার বাজারে দেখা যায় না। চামড়ার বাজার নিয়ন্ত্রিত হয় রপ্তানিকারক এবং এই শিল্পে বড় ব্যবসায়ীদের স্বার্থে।”
এছাড়াও তিনি মনে করেন, চামড়ার যোগানদাতারা সংগঠিত নয়।
অন্যদিকে ধর্মীয় বিশ্বাস থেকে কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা সাধারণত মাদ্রাসা এবং সামাজিক প্রতিষ্ঠানে দান করা হয়। ফলে চামড়ার যোগানদাতারা দাম নিয়ে দর কষাকষিতে যান না।
চামড়া পচনশীল হওয়ায় দ্রুত বিক্রির তাগিদও থাকে। এই সুযোগও বড় ব্যবসায়ীরা নিয়ে থাকেন।
                 তিন বছর ধরে ঈদে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হচ্ছে কম দামে।                 
চট্টগ্রামের মিরেরসরাই এলাকা থেকে চামড়ার একজন পাইকারি ব্যবসায়ী শাহ আলম বলেছেন, চামড়া সংগ্রহের দাম তাদের সংগঠনগুলো ঢাকা থেকেই নির্ধারণ করে দেয় এবং সেটিই তাদের মানতে হয়।
এসব বক্তব্য মানতে রাজি নন ট্যানারি ওনার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ।
তার বক্তব্য হচ্ছে, সংগ্রহ করা চামড়ার বেশিরভাগই রপ্তানি করা হয়, সেজন্য আন্তর্জাতিক বাজারে দাম কমার বিষয়কে তারা অগ্রাধিকার দেন।
তিনি আরও উল্লেখ করেছেন, বছরে একবার ঈদে কোরবানির পশু থেকে তাদের শিল্পের বড় যোগান আসে। আর মাঠপর্যায়ে মূলত মৌসুমী ব্যবসায়ীরা সরাসরি চামড়া সংগ্রহ করে।
সেকারণে বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভবনা থাকে আর সেই পরিস্থিতি সামাল দেয়ার জন্যই দাম নির্ধারণ করা হয় বলে ঐ ব্যবসায়ী নেতা বলেছেন।
বছরে প্রায় ২৪কোটি বর্গফুট চামড়ার চাহিদার ষাট শতাংশই আসে ঈদে কোরবানির পশু থেকে। এর বিশ শতাংশ ব্যবহার হয় দেশের জুতা তৈরির কারখানাসহ চামড়াজাত বিভিন্ন পণ্য তৈরির কাজে । আর বাকি আশি শতাংশ চামড়া ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়।
চামড়া শিল্পের সংগঠনগুলো বলছে ঈদে প্রায় ৪২ লাখ গরু এবং প্রায় ৫ লাখ মহিষ ও ছাগল কোরবানির মাধ্যমে চামড়া সংগ্রহ করা হয়ে থাকে।

 

 

ইউরোপে অভিবাসী সংকট: কোটা পদ্ধতির বিরুদ্ধে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

migrantসম্প্রতি হাঙ্গেরিতে অভিবাসীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে      
          
ইউরোপে আসা প্রায় ১ লাখ ২০ হাজার অভিবাসীদের স্থানান্তর করার যে প্রস্তাব ইইউ-র স্বরাষ্ট্রমন্ত্রীরা অনুমোদন করেছে, তাতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মধ্য ইউরোপের দেশগুলো। ঐ পরিকল্পনায় ইটালি, গ্রিস এবং হাঙ্গেরি থেকে অভিবাসীদের ইইউভূক্ত অন্যান্য দেশে স্থানান্তর করার কথা রয়েছে।
ইউরোপিয় ইউনিয়নের অধিকাংশ সদস্য দেশ অভিবাসীদের স্থানান্তরের পরিকল্পনার পক্ষে ভোট দিলেও চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়া ঐ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
ভোটদানের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেন, তিনি কোন ধরণের বাধ্যতামূলক কোটা বাস্তবায়ন করবেন না। তবে হাঙ্গেরি বলেছে, তারা ইইউ-এর সিদ্ধান্তে অখুশি হলেও, এই সিদ্ধান্ত তারা মেনে নেবে।
ইইউ-র সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে চেক প্রেসিডেন্ট মিলোস জেমানও মন্তব্য করেন যে ভবিষ্যতে সবাই এটি বুঝতে পারবে।
বিবিসির ইউরোপ সংবাদদাতা ক্রিস মরিস বলছেন, জাতীয় সার্বভৌমত্ব জড়িত এমন একটি বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না নিয়ে সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়াটা খুবই অস্বাভাবিক।
ইইউ পরিকল্পনার আওতায় অভিবাসীদের গ্রহণ করাটা স্বেচ্ছার ভিত্তিতে উল্লেখ করা হলেও দেশগুলোর এ বিষয়ে খুব বেশি সুযোগ দেয়া হবে না বলেই ধারণা করা হচ্ছে।
ইইউ আইনের অনুযায়ী কোন দেশ যদি অভিবাসন বিষয়ে কোন নীতি পালনে অসম্মত হয় তবে তারা ইউরোপিয় কাউন্সিলে এনিয়ে আবেদন জানানোর অধিকার রাখে।
আগামী বুধবার ইউরোপিয় ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠকে পরিকল্পনাটি অনুসমর্থনের জন্য উত্থাপন করা হবে।
এদিকে ব্রিটেন বলছে, আগামী পাঁচ বছরে তারা যে ২০ হাজার সিরিয় শরণার্থীকে স্থান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের প্রথম দলটি দেশটিতে এসে পৌছেছে।
 
BBC BANGLA

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

রাজনৈতিক স্থিতিশীলতা রপ্তানির ক্ষেত্রে বড় প্রশ্নবোধক চিহ্ন

    বাংলাদেশ সহিংসতা বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে ব্যবসায়ীরা অনেক দিন ধরে অভিযোগ করছেন - ফাইল ছবি      
          
বাংলাদেশের পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে বলে মনে করেন এই শিল্পের মালিকরা।
২০২১ সালের মধ্যে রপ্তানি আয় পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা এক রোডম্যাপ প্রকাশের পর তাঁরা এ কথা বলেছেন।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এই রোডম্যাপটি তৈরি করেছে।
এতে বলা হয়, এই লক্ষ্য অর্জন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং যোগাযোগ অবকাঠামোয় দ্রুত বড় ধরণের অগ্রগতি ঘটাতে হবে।
বিজিএমইএ’র বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম বিবিসিকে বলেন যে গত বছর ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে ৫০ বিলিয়ন ডলার’ আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করার পরপরই রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।
একটি কারখানা
                 বাংলাদেশের একটি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা - ফাইল ছবি
এর ফলে বাংলাদেশের যে ইমেজ সংকট হয়েছে, সেখান থেকে উত্তরণ প্রয়োজন বলে তিনি মনে করেন।
মি. ইসলাম বলেন, ৫০ বিলিয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ব্যাংকের সুদের হার, পণ্য বহুমুখীকরণ, জ্বালানী সরবরাহ – এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, গত ১০ বছরে বাংলাদেশের পোশাক শিল্পে গড়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, আর ৫০ বিলিয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রবৃদ্ধি হতে হবে বছরে ১১ শতাংশ হারে।
তবে অটোমেটিক বলে কিছু নেই, ঘুমিয়ে থাকলে এই প্রবৃদ্ধি অর্জন করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

টেক্সাস স্কুল ছাড়লো ঘড়ি বানিয়ে গ্রেফতার হওয়া আহমেদ

    আহমেদ মোহামেদ  স্কুল বালক আহমেদ মোহামেদ পিতার পাশে দাড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন - ফাইল ছবি            
    
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুসলিম যে বালকটি তাঁর বানানো একটি ঘড়ি স্কুলে নিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়েছিল, সেই বালকের পরিবার তাকে স্কুলটি থেকে ছাড়িয়ে নিয়েছে।
ঐ ঘড়িটিকে বোমা বলে মনে করার পর আহমেদ মোহামেদকে গ্রেফতার করা হয়েছিল।
তার পিতা মোহামেদ এল-হাসান মোহামেদ বলেন যে তিনি তাঁর সব সন্তানকে ঐ এলাকার স্কুল থেকে সরিয়ে নিয়েছেন।
তাঁর মতে, গ্রেফতারের ঘটনা আহমেদের উপরে ক্ষতিকর প্রভাব ফেলেছে।
আহমেদের গ্রেফতারের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পর তার বিরুদ্ধে আনা অভিযোগ খুব দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়।
আহমেদ মোহামেদ                 যে ঘড়ি নিয়ে এত হৈচে - ফাইল ছবি                

টেক্সাসের আরভিংয়ে ম্যাকআরথার স্কুলে তাকে গ্রেফতার করা হয়েছিল।
মি. মোহামেদ বলেন, আহমেদ ম্যাকআরথার স্কুলে ফিরে যেতে চায় না। বাচ্চারা আর সেখানে সুখী নয়।
তিনি আরো জানান যে আহমেদ বেশ কিছু স্কুল থেকে ভর্তি হওয়ার আমন্ত্রণ পেয়েছে, তবে একটি সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আরো সময় নিতে চান।
বুধবারে পুরো পরিবার নিউইয়র্কে যাচ্ছে, কারণ জাতিসংঘের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি আহমেদের সঙ্গে দেখা করতে আগ্রহী।
আহমেদ                           
                 ঘরে বানানো ঘড়িকে বোমা মনে করার পর আহমেদকে গ্রেফতার করা হয় - ফাইল ছবি

এরপর আহমেদের পিতা তাকে নিয়ে সৌদি আরবের মক্কায় যাওয়ার আশা করছেন।
মি. মোহামেদ বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থণা করবো যাতে তিনি সহায় হোন।
ফিরে আসার পর তাদের পরিকল্পনা হলো হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করা।
গত সপ্তাহে আহমেদ জানায় যে সে স্কুল পরিবর্তন করতে চায়, কারন তার শিক্ষক তার বানানো ঘড়িটিকে একটি হুমকি হিসেবে নেয়ার বিষয়টিতে সে খুবই দুঃখ পেয়েছে।
 
BBC BANGLA

"বিনাশর্তে পাকিস্তান যাবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা"

    ক্রিকেট দল   বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল - ফাইল ছবি               
 
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশের নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিবিসি বাংলাকে বলেছেন যে পাকিস্তানের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই কেবল নারী ক্রিকেটারদের সে দেশ সফরের অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা জানি যে পাকিস্তানের সামগ্রিক অবস্থা ভালো না। কিন্তু তাঁরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।
এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সফরের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের নারী ক্রিকেটারদের এই সফর হবে শর্তবিহীন, অর্থাৎ এর বিনিময়ে বাংলাদেশ কিছু আশা করছে না।
মি. শিকদার বলেন, নারী ক্রিকেটারদের সফরের আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশের একটি নিরাপত্তা দল পাকিস্তান সফর করে সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে নিরাপত্তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে।
তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে বলেও তিনি জানান।
পাকিস্তান নিরাপত্তা                           
পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কা দীর্ঘদিনের, আর সে কারণে দেশটিতে অনেক দিন কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি - ফাইল ছবি                
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার পর পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন বন্ধ ছিল।
শেষ পর্যন্ত চলতি বছরেই জিম্বাবোয়ের সফরের মাধ্যমে দেশটিতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে।
তবে ক্রিকেটের বড় ও প্রভাবশালী দেশগুলো এখনো পাকিস্তান সফর করতে চাইছে না।
বাংলাদেশের পুরুষ জাতীয় ক্রিকেট দলকে এর আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে সেই সফর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নারী ক্রিকেটাররা আগামী ২৭শে সেপ্টেম্বর পাকিস্তানে যাবেন বলে আশা করা হচ্ছে।
এই সফরে তাঁরা করাচি ও লাহোরে দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশে প্রত্যর্পণ পেছাতে চান নূর হোসেন?

  •    
                 পশ্চিমবঙ্গে আটকের পর নূর হোসেন (ফাইল চিত্র)
বাংলাদেশের নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার অন্যতম অভিযুক্ত ও ভারতের পশ্চিমবঙ্গে আটক নূর হোসেন তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন প্রক্রিয়া পিছতে চাইছেন।
পশ্চিমবঙ্গ সরকার মি. হোসেনের বিরুদ্ধে তাদের দায়ের করা অনুপ্রবেশের মামলা তুলে নিতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছে।
আজ সেই আবেদনের শুনানি ছিল উত্তর চব্বিশ পরগনার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে।
মি. হোসেনের পক্ষ নিয়ে আজই প্রথম কোনও উকিল হাজির হন।
আইনজীবী অনুপ ঘোষ তার আবেদনে জানান যে তাঁদের বক্তব্যও যেন আদালত শোনেন।
প্রথমে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুনানির দিন দেওয়া হয়। পরে সরকারি উকিল মামলাটির গুরুত্ব ব্যাখ্যা করলে অক্টোবরের গোড়াতেই শুনানির দিন দেওয়া হয়।
অনুপ্রবেশের মামলা তুলে নিতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকার যে আবেদন করেছে আজ তা বিবিসির হাতে এসেছে।
bbc
                 অনুপ্রবেশের মামলা তুলে নিতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকার যে আবেদন করেছে আজ তা বিবিসির হাতে এসেছে।
ভারতীয় দণ্ডবিধির ৩২১ নম্বর ধারা অনুযায়ী দায়ের করা ওই আবেদনে সরকার জানিয়েছে, ‘মি. হোসেন বাংলাদেশের একজন দাগী অপরাধী। তাঁর নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিস রয়েছে। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতেই তিনি ভারতে এসে বেআইনিভাবে লুকিয়ে ছিলেন’।
আবেদনে আরো বলা হয়, ‘বাংলাদেশ সরকার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে মি. হোসেনকে নিজেদের দেশে ফেরত নিতে চেয়েছে। সেজন্যই সরকার অনুপ্রবেশের মামলাটি প্রত্যাহার করে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়’।
এই আবেদনের কপি রাজ্য সরকারের 'গোপন বিভাগে'ও পাঠানো হয়েছে যারা এধরনের অতি স্পর্শকাতর বিষয়গুলির ওপরে নজর রাখে।
ওই আবেদনের প্রেক্ষিতে আইনজীবীদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছিল যে ভারতে বেআইনিভাবে প্রবেশ করে এদেশে যে অপরাধ করছেন মি. হোসেন তার বিচার এবং শাস্তি হওয়ার পরে তাঁকে ফেরত পাঠানো যাবে, নাকি
বিচার চলাকালীন সরকার মামলা তুলে নিলে বাংলাদেশে প্রত্যাবর্তন করা যাবে তাঁকে।
সরকারী আইনজীবী বিকাশ রঞ্জন দে বিবিসিকে জানান, আদালতের পূর্ণ ক্ষমতা রয়েছে বিচারের যে কোনও পর্যায়ে মামলা প্রত্যাহারের সরকারী আর্জি মেনে নেওয়া যেতে পারে।
তবে সরকার কোন প্রেক্ষিতে মামলাটি তুলতে চাইছে বা অভিযুক্তর বিরুদ্ধে সেদেশে কত গুরুতর মামলা রয়েছে সেগুলো অবশ্যই আদালত খতিয়ে দেখবে।
নূর হোসেন আর তাঁর দুই সঙ্গী গত বছর ১৪ই জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালী এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন।