বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬

কাশ্মীরের হিমবাহের ভেতর ছয়দিন ধরে ‘অভাবনীয়ভাবে’ বেঁচে আছেন একজন ভারতীয় সৈনিক

Image copyrightAFP
Image captionশূন্যের অনেক নীচের তাপমাত্রায় ছয়দিন ধরে বরফের মধ্যে লড়াই করেছেন ভারতীয় ওই সৈনিক
ছয়দিন আগে সিয়াচেন হিমবাহের একটি ধসের নীচে চাপা পড়েছিলেন ভারতীয় সৈনিক হানামানথাপ্পা।
ছয় হাজার মিটার উপরে, অন্তত আট মিটার গভীর তুষারে নীচে আরো নয়জন সৈনিকের সঙ্গে তিনিও চাপা পড়েন।
অন্যরা সবাই মারা গেছেন। তবে ল্যান্স নায়েক হানামানথাপ্পা জীবিত রয়েছেন বলে নিশ্চিত হয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনী বলছে, তাকে তুষারের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হিমবাহ থেকে তাকে নামিয়ে আনা হবে।
সেনাবাহিনীর একটি বিবৃতি বলছে, তার অবস্থা খুবই গুরুতর। আমরা আশা করছি, এই 'মিরাকল' (তাকে জীবিত পাওয়া) অব্যাহত থাকবে। আমাদের জন্য দোয়া করুন।
Image copyrightIndian Army
Image captionসিয়াচেন হিমবাহ এলাকা বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত
বুধবার হটাৎ নেমে আসা ধ্বসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই চৌকিটি পুরোপুরি তুষারের নীচে চলে যায়।
এরপরই ভারতীয় সেনাবাহিনী আর বিমান বাহিনী সৈনিকদের সন্ধানে ‘লাইন অব কন্ট্রোলের’ কাছাকাছি অভিযান শুরু করে। কিন্তু সেনাবাহিনী তখন জানিয়েছেন, সেখানে কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই কম।
এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইটার বার্তায় সৈনিকদের জন্য শোকবার্তা জানিয়েছিলেন।
সিয়াচেন হিমবাহ বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। এই জায়গার দাবি করছে ভারত ও পাকিস্তান, উভয় দেশ।
ফলে এখানে দুই দেশের সৈন্যরাই টহল দেয়।
গতমাসেও আরেকটি তুষার ধসে চারজন ভারতীয় সৈনিক নিহত হয়েছিল।

মানহানির সাথে জড়িত অনেকেই সরকারি দলে- ইনু

inu
Image captionতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিবিসিকে বলেছেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার-মানহানির সাথে জড়িত অনেকেই সরকারি দলে রয়েছেন।
তিনি বলেন, মানহানির জন্য বিচারের প্রশ্ন উঠলে তাদেরও বিচার হওয়া দরকার। "যদি মানহানির ঘটনা ঘটেই থাকে শুধু মাহফুজ আনাম কেন?"
২০০৭-০৮ তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা গোয়েন্দাদের দেয়া তথ্য ছাপার জন্য আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ আজ (মঙ্গলবার) ইংরেজি দৈনিক মাহফুজ আনামের বিরুদ্ধে দুটো মানহানির মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সে সময় শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর ছেপে তার মানহানি করা হয়েছে।
তথ্যমন্ত্রী অবশ্য বলেন, সরকার এই সব মামলার পেছনে নেই এবং সে সময়কার ঘটনা নিয়ে সরকার এখন মাথা ঘামাচ্ছে না।
সেনা গোয়েন্দাদের দেয়া তথ্য যাচাই না করে ছাপা নিয়ে ভুল স্বীকারের জন্য তথ্যমন্ত্রী প্রকারান্তরে মাহফুজ আনামের প্রশংসা করেছেন।
anam
Image captionসরকারি দলের তোপের মুখে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম
"মাহফুজ আনাম স্বীকারোক্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন...আমি মনে করি ভুল স্বীকার করে তিনি সাহসের কাজ করেছেন।"
যে সব সেনা গোয়েন্দা কর্মকর্তা সংবাদমাধ্যমে তথ্য দিতেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে কিনা -- এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান তথ্যমন্ত্রী।
"গোয়েন্দা সংস্থাগুলোর কাজের পরিধি খতিয়ে দেখা যেতে পারে, তাদের কর্মপদ্ধতি ঠিক করে দেয়া যেতে পারে।"
বুধবার ডেইলি স্টারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার এক টিভিতে এক প্রশ্নের জবাবে মাহফুজ আনাম বলেন, ২০০৭-০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া বিভিন্ন দুর্নীতির খবর যাচাই না করেই তারা ছেপেছিলেন। মি আনাম বলেন, যাচাই না করে এ ধরণের খবর ছাপা তার সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল কাজ ছিল।
এই স্বীকারোক্তির পর থেকে সরকারি দলের বহু নেতা মাহফুজ আনামের বিচার দাবি করছেন।

আরব আমিরাতে সুখ-শান্তি দেখতে বিশেষ মন্ত্রণালয়

uae
Image copyright
Image captionপ্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল মাকতুম আরব আমিরাতের সরকার ঢেলে সাজাতে চাইছেন।
সংযুক্ত আরব আমিরাতে সরকার এবং জাতীয় অনেক নীতি ঢেলে সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম।
তার অংশ হিসাবে, তিনি 'সুখ-শান্তি' এবং 'সহনশীলতা' নিয়ে দুটো পৃথক মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন।
অভিনব এই দুই মন্ত্রণালয়ের জন্য দুজন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে।
শেখ মাকতুম, যিনি একই সাথে দুবাইয়ের শাসক, বলেছেন, সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে যাতে দেশের জনগণ খুশি থাকে, তৃপ্ত থাকে।
সহনশীলতা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, "সহনশীলতাকে সংযুক্ত আরব আমিরাতের মৌলিক মূল্যবোধ হিসাবে প্রতিষ্ঠা করাই হবে এর কাজ।"
সরকারের অনেক কাজ বেসরকারি খাতের কাছে তুলে দেয়ার পরিকল্পনা করছেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী।
"আমরা মন্ত্রীর সংখ্যা নিয়ে আগ্রহী নই। আমরা চাই এমন কিছু মন্ত্রী যারা সমাজের পরিবর্তন অনুধাবন করে সেইমত কাজ করতে পারদর্শী।"
সরকার ও রাষ্ট্র পরিচালনায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়াতে খুবই আগ্রহী ইউএই প্রধানমন্ত্রী।
২২ বছরেরও কম বয়সী একজন নারী মন্ত্রীকে দিয়ে তিনি একটি যুব কাউন্সিল গঠন করছেন। এই কাউন্সিল বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।

উ. কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন করছে: যুক্তরাষ্ট্র

Image copyrightAP
Image captionইয়ংবিন পারমানবিক কেন্দ্রের স্যাটেলাইট চিত্র।
উত্তর কোরিয়া তাদের সম্প্রতি চালু করা একটি পারমাণবিক চুল্লিতে পুনরায় প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রধান।
ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার সতর্ক করে দিয়ে বলছেন, পিয়ংইয়ং অচিরেই পারমানবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়ামের মালিক বনে যেতে পারে।
দেশটি আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিরও উদ্যোগ নিয়েছে বলে জানাচ্ছেন তিনি।
একটি সিনেট কমিটির মুখোমুখি হয়ে মি. ক্ল্যাপার বলেন, এটি একটি একটি প্লুটোনিয়াম রিঅ্যাকটর, যেখান থেকে পারমানবিক বোমার কাঁচামাল পাওয়া সম্ভব।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়ানোর পথে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশটি গত সেপ্টেম্বর মাসেই ইয়ংবিনের প্রধান পারমানবিক চুল্লির কার্যক্রম পুনরায় চালু করে।
আর এর পর গত মাসেই চতুর্থতম পারমানবিক অস্ত্র পরীক্ষাটি চালায়।
কুড়ি কিলোটন সক্ষমতার একটি বোমা তৈরিতে চার কেজির মতো প্লুটোনিয়ামের প্রয়োজন এবং বিশেষজ্ঞদের মতে, পূর্ণ উৎপাদনে থাকলে ইয়ংবিনের চুল্লী থেকে বছরে একটি পারমানবিক বোমা তৈরির কাঁচামাল পাওয়া সম্ভব।

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি ধাক্কা, নিহত ৯


germany_train_aacident
Image copyrightReuters
Image captionদুর্ঘটনা ঘটেছে জার্মানির সাথে অস্ট্রিয়ার সীমান্তের কাছে।
মিউনিখের ৬০ কিমি দক্ষিণ-পূর্বে অস্ট্রিয়ার সাথে সীমান্তের কাছে দুটো যাত্রী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পুলিশ এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করেছে।
আহত হয়েছে একশরও বেশি যাত্রী, যাদের মধ্যে অনেকের জখম গুরুতর।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনের গুরুতর।
স্থানীয় একজন সাংবাদিক বিবিসিকে বলেছেন, নিহতদের সংখ্যা বাড়তে পারে।
germany_train_collisionImage copyrightReuters
Image captionআহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার
অনেকে এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের টেনে বের করার চেষ্টা করছে। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই দুর্ঘটনার পর একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন বাভারিয়া প্রদেশে গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবারের এই দুর্ঘটনা সবচেয়ে মারাত্মক।

গুগলের প্রধান নির্বাহীর বেতন সবেচেয়ে বেশী


pichai
Image copyrightGetty Images
Image captionগুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী সুন্দর পিচাই
ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে ১৯৯ মিলিয়ন ডলারের (১৯ কোটি ৯০ লাখ) শেয়ার দেওয়া হয়েছে।
এরপর, যুক্তরাষ্ট্রে বেতনের তালিকায় এক নম্বরে চলে গেছেন ৪৩ বছরের ভারতীয় বংশোদ্ভূত মি পিচাই। তার মালিকানায় বর্তমানে যত শেয়ার আছে তার বাজার মূল্য ৬৫০ মিলিয়ন ডলার (৬৫ বোটি ডলার)।
তবে এই শেয়ারগুলো মি পিচাই একবারে পাবেন না। ২০১৯ সাল পর্যন্ত পর্যায়ক্রমে তাকে এই শেয়ার দেওয়া হবে।
তবে গুগলের দুই প্রতিষ্ঠাতার সম্পদ মি পিচাইয়ের চেয়ে বহুগুণ বেশি। ল্যারি পেইজের সম্পদের পরিমাণ ৩৪০ কোটি ডলারেরও বেশি। কোম্পানির আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সম্পদের পরিমাণ প্রায় ৩৪০ কোটি ডলার।
Image copyrightReuters
মি পিচাই গুগলে যোগ দেন ২০০৪ সালে। প্রথম দিকে তিনি গুগল ক্রোম সহ গুগলের কিছু সফটওয়্যার এবং গুগল ড্রাইভের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
পরে তার তত্ত্বাবধানের জিমেইল এবং গুগল ম্যাপস তৈরি হয়।
গত সপ্তাহে অ্যাপলকে টপকে গুগল বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের জায়গা করে নিয়েছে।
গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর- এই তিন মাসে গুগলের মুনাফা ৪৯০ কোটি ডলারে পৌঁছে।

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬

বার্মায় সেনাবাহিনীর সাথে অং সান সূচির সমঝোতা?


Image copyrightAP
Image captionঅং সান সূচির দল বিপুল ভোটে জয়ী হলেও সাংবিধানিক বিধিনিষেধের কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারছেন না
মিয়ানমারে সাধারণ নির্বাচনের পর তিন মাস পার হলেও, সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মার্চের মাঝামাঝির আগে প্রেসিডেন্ট নির্বাচিত করা হচ্ছে না।
কেন তা হবে না – সেটা বলা হয়নি, তবে সংবাদদাতারা বলছেন, এই ঘোষণার পর জল্পনা বাড়বে যে অং সান সূচিকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগের চেষ্টা চলছে কিনা।
মিয়ানমারের বর্তমান সংবিধান অনুসারে মিস সূচি প্রেসিডেন্ট হতে পারবেন না, কারণ তার দুই ছেলে বিদেশী পাসপোর্টের অধিকারী।
মিয়ানমারের সংসদের তরফে ঘোষণা করা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের কাজটি করা হবে ১৭ই মার্চ।
কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী এবং মিস সূচির মধ্যে কোন সমঝোতা হয়েছে কি না, কিংবা তিনি এখনই তার শক্তি দেখাতে শুরু করেছেন কিনা -- এই প্রশ্নই এখন সবার মনে।
যদি সত্যি সত্যি কোন সমঝোতা হয়, তবে তা হবে একটি বিপজ্জনক খেলা।
Image captionমিয়ানমার সংসদের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্যে বরাদ্দ
বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, দেখে মনে হয় মিস সূচির বর্তমান পরিকল্পনা হচ্ছে, তার দলের এমপিদের দিয়ে সংবিধানের সেই অনুচ্ছেদগুলো আপাতত স্থগিত করে দেয়া যার কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারছেন না।
এ ধরনের কোন পদক্ষেপের বিধান মিয়ানমারের বর্তমান সংবিধানে নেই।
এবং এটি শেষ পর্যন্ত করা হলেও তা অবৈধ এবং সংবিধান-বিরোধী বলে আদালতে চ্যালেঞ্জ হতে পারে।