মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

'কনসার্ট আয়োজকদের চাবকানো উচিত'

 

    enrique_iglesias                 ‘লাভ এ্যান্ড সেক্স’ ট্যুরের অংশ হিসেবে কলম্বোর রাগবি স্টেডিয়ামে গান করেন ইগলেসিয়াস         
       
কলম্বোতে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট চলাকালে প্রহরার কঠোর বেষ্টনী ভেঙ্গে মঞ্চে উঠে পড়ে গায়ককে চুম্বনের চেষ্টা করে উন্মত্ত মেয়ে ভক্তরা।
কেউ গায়কের দিকে ছুড়ে দেয় নিজেদের অন্তর্বাস।
দেশের মেয়েদের এহেন আচরণকে অসভ্যের আচরণ বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
তিনি বলেছেন, এ ধরণের আচরণ শ্রীলঙ্কার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।
কিন্তু তবু ঐ আচরণের জন্য মেয়েদের নয়, বরং আয়োজকদের ধরে বিষাক্ত ষ্টিংরের লেজ দিয়ে বানানো চাবুক দিয়ে পেটানো উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।
মধ্যযুগে শ্রীলঙ্কায় এ ধরণের শাস্তির বিধান ছিল।
ইগলেসিয়াস গত সপ্তাহে নিজের ‘লাভ এ্যান্ড সেক্স’ ট্যুরের অংশ হিসেবে কলম্বোর রাগবি স্টেডিয়ামে এক কনসার্টে গান করেন।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের মালিক ক্রিকেটের সাবেক বিশ্ব তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধানে।
প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

থার্টি ফার্স্টে সন্ধ্যার পর অনুষ্ঠানে কড়াকড়ি

 

     new_year
                 ঢাকার কোনো সড়কের মোড়, ফ্লাইওভার বা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না
থার্টি ফার্স্টে নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করতে দেবে না পুলিশ।
এছাড়া ঐদিন সন্ধ্যা থেকে ১লা জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানীর সব বার ও ক্লাব বন্ধ থাকবে।
গুরুত্বপূর্ণ এলাকায় বসবে চেকপোস্ট, চলবে টহল।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তার স্বার্থেই নববর্ষ উদযাপনে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
রাজধানীর কোনো সড়কের মোড়, ফ্লাইওভার বা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না।
কোনো অনুষ্ঠান করা যাবে না উন্মুক্ত স্থানেও।
new_year                 ৩১শে ডিসেম্বর সন্ধ্যা থেকে ১লা জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানীর সব বার ও ক্লাব বন্ধ থাকবে                
ঐদিন নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
গুলশান, বারিধারা, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, ৩১শে ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত সব ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে।
এর আগে রোববার কক্সবাজারে সমুদ্র সৈকতসহ সকল উন্মুক্ত স্থানে ৩১শে ডিসেম্বর থেকে পরের ছয়দিন আয়োজিত যেকোনো অনুষ্ঠান সূর্যাস্তের আগে শেষ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
ঐ সময় সৈকতে ‘মেগা বিচ কার্নিভাল’ নামে বর্ষবরণের এক আয়োজন করছে জেলা প্রশাসন।

কোরীয় যৌন দাসীদের ক্ষতিপূরণ দেবে জাপান

 

    south_korean_comfort_women
ধারণা করা হয়, প্রায় দুই লক্ষ নারীকে সেসময় যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব কোরীয় যৌন দাসী জাপানী সেনা কর্মকর্তা ও জওয়ানদের মনোরঞ্জনে বাধ্য হয়েছিলেন, তাদের ক্ষতিপূরণ দেবে জাপান।
এজন্য দক্ষিণ কোরিয়াকে প্রায় সাড়ে আট মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান।
সিউলে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত এলো আজ।
বিষয়টি নিয়ে দুই দেশের বৈরিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই চলছে।
ধারণা করা হয়, প্রায় দুই লক্ষ নারীকে সেসময় যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল, যাদের একটি বড় অংশ ছিলেন কোরিয়ায় অধিবাসী।
দক্ষিণ কোরিয়া বরাবরই এজন্য জাপানকে ক্ষমাপ্রার্থনার দাবী জানিয়ে আসছে।
আর সেই সঙ্গে, ক্ষতিগ্রস্ত নারী যাদের মাত্র ছেচল্লিশ জন এখন বেঁচে আছেন, তাদের ক্ষতিপূরণ দেবার দাবী জানিয়ে আসছে।
এ দাবীতে সরকারের সাথে যুক্ত হয়েছে দেশটির নারীবাদী সংগঠনগুলোও।
দক্ষিণ কোরিয়ার সাথে জাপানের মূল বৈরিতার দুটি কারণের মধ্যে এটি অন্যতম।
আর অপর কারণ নানজিং গণহত্যা।
আর এই দীর্ঘ দ্বন্দ্বে সমাপ্তি ঘটাতে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন আজ।
আগেই ধারণা করা হচ্ছিল, এ বৈঠক থেকে ভালো কোন ঘোষণা আসতে পারে।
কারণ, জাপান আগেই জানিয়েছিল, কোরীয় যৌন দাসীদের ক্ষতিপূরণ দিতে তারা একটি সরকারী বরাদ্দ স্থাপনের কথা ভাবছে।

বিন লাদেনের সাবেক দেহরক্ষী মারা গেছে

 

    naser_al_bahri
                 নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলার সাথে মি. আল-বাহরি সরাসরি সম্পৃক্ত ছিলেন
দীর্ঘ রোগভোগের পর ইয়েমেনে মারা গেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি।
আবু জান্দাল নামে পরিচিতি মি. আল-বাহরি শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে মারা গেছেন, বলে বিবিসিকে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানে ছিলেন, মি. আল-বাহরি তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন।
ইয়েমেনের নাগরিক মি. আল-বাহরি, গুয়ানতানামো বে কারাগার থেকে ছাড়া পাবার পর ২০০৮ সালে নিজের দেশে ফিরে আসেন।
নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলা চালানোর ক্ষেত্রে মি. আল-বাহরি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।
পরে তিনি আল কায়েদা থেকে বেরিয়ে যান।
ইয়েমেনের তরুণ প্রজন্ম সন্ত্রাসবাদে উৎসাহিত হচ্ছে বলে ২০১০ সালে বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে মি. আল-বাহরি সতর্কবাণী দিয়েছিলেন।

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

আজ মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা

 
    bd_municipality_election_campaign
                 চট্টগ্রাম ও বরিশালসহ অনেক জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে
আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণার সময়সীমা।
প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জাতীয় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে দেশজুড়ে।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী'র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনী প্রচারের সময় শান্তিপূর্ণ এবং অনিয়ম দু’ধরণের ঘটনাই দেখতে পেয়েছেন তারা।
তিনি বলেছেন, চট্টগ্রাম ও বরিশালসহ অনেক জায়গায় শান্তিপূর্ণ এবং ভালো পরিবেশে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা।
সেসব জায়গার নির্বাচনী আচরণবিধি নিয়েও বড় কোন অভিযোগ শোনা যায়নি।
bd_municipality_election
                 নির্বাচন কমিশন শক্ত ব্যবস্থা নিতে পারলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে--শারমিন মুর্শিদ
তবে, সেই সঙ্গে দেশের অনেক জায়গায় সহিংসতা এবং অনিয়মের ঘটনা দেখতে পেয়েছেন তারা।
মিজ মুর্শিদ বলছেন, প্রাক নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক নয়।
কারণ ভোটারদের মধ্যে এক ধরণের আশংকা রয়েছে।
এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোন শক্ত ব্যবস্থা নিতে পারে, তাহলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে।
বাংলাদেশে আগামী বুধবার ৩০শে ডিসেম্বর পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
pouro_elex_poster                 প্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই নির্বাচনে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে                
প্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই স্থানীয় নির্বাচনে ভোটারদের ওপর জাতীয় রাজনীতির পুরো প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন মিজ মুর্শিদ।
কারণ এখানে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
নিয়ম অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে।
ফলে আজ সোমবার দিবাগত মধ্যরাতেই প্রার্থীদের সব ধরণের প্রচারণা বন্ধ করতে হবে।
সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না।

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত দুইজন

 

    bangladesh_rab                 নিহতরা জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র‍্যাবের ধারণা                
bangladesh_rab
bangladesh_rab
bangladesh_rab
বাংলাদেশের গাজীপুরে এক জঙ্গি আস্তানায় মধ্যরাতে চালানো এক অভিযানে দুজন নিহত হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।
অভিযান শেষে ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভোগড়া এলাকায় বাইপাস সড়কের কাছের একটি পরিত্যক্ত বাড়িতে ও আশেপাশের এলাকায় রোববার মধ্যরাতে এই অভিযান শুরু করে র‍্যাব।
ঐ এলাকা র‍্যাব ঘিরে ফেলার পর জঙ্গিরা র‍্যাবের ওপর হামলা চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়।
পরে বাড়ির ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে র‍্যাব।
যদিও মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি র‍্যাব।
তবে মি. খান জানিয়েছেন, নিহত দুজন জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র‍্যাব ধারণা করছে।
অভিযানে র‍্যাবের একজন সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে র‍্যাব বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এর আগে ঢাকার মিরপুর ও চট্টগ্রামের হাটহাজারিতে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড, স্নাইপার রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের ভরাডুবি: অধিনায়কের পদত্যাগের ঘোষণা

 

                               
সাফ টুর্নামেন্টের দুই ম্যাচে সাত গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।
রবিবার কেরালায় এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মামুনুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটিতে অধিনায়ক হিসেবে খেলার পর এই পদে আর থাকতে চান না তিনি।
ভুটানও এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।
ফলে আগামীকাল ভুটানের সাথে বাংলাদেশের শেষ ম্যাচটি হতে যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার।
তাই দুটো দলই বলছে, অন্তত শেষ ম্যাচে তারা সান্ত্বনার জয় পাওয়ার চেষ্টা করবেন।
                 অধিনায়ক মামুনুল ইসলাম, তার ফেসবুক থেকে নেওয়া ছবি                
অধিনায়ক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, “এই দল নিয়ে সামনে এগুনো খুব কঠিন। দায়িত্ব নিয়ে সবসময় হারতে চাই না।”
বলেছেন, এই ভরাডুবির জন্যে তিনি খুবই লজ্জিত।
এর আগের দুটি ম্যাচে বাংলাদেশ দল শিরোপাধারী আফগানিস্তানের কাছে ৪-০ গোলে এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে।
মামুনুল বলেন, এতো পরাজয়ের ভার তিনি আর বইতে পারছেন না।
                 বাংলাদেশের কোচ মারুফুল হক                
শোচনীয় এই পরাজয়ের জন্যে বাংলাদেশ দলের কোচ মারুফুল হকও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
বলেছেন, এই ব্যর্থতার জন্যে তিনিই দায়ী।
সাংবাদিকদের কাছে তিনি ইঙ্গিত দিয়েছেন, এরকম পরাজয়ের পর তিনি নিজেও আর কোচ থাকতে আগ্রহী নন।
সাফ ফুটবলে বাংলাদেশের এটাই সবচে শোচনীয় পরাজয়।