শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

সেরেনার হাতে পাকড়াও ছুটন্ত মোবাইল-চোর

 
    serena_williams                 টেনিস তারকা সেরেনা উইলিয়ামস     
           
সেরেনা উইলিয়ামসের ফোন নিয়ে কেটে পড়ার মতলব ভাঁজছেন? উঁহু ভুলেও ওই কাজটি করতে যাবেন না, সেরেনা তাহলে আপনার পিছু ধাওয়া করতে এক মুহুর্তও ভাববেন না!
২১টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী টেনিস তারকা ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন – আমেরিকার একটি রেস্তারাঁয় সটান তার ফোন চোরের পেছনে দৌড় লাগিয়ে তাকে পাকড়াও করে ছেড়েছেন।
এই ঘটনার কথা সেরেনা নিজেই তার ফেসবুক পেজে বিশদ বর্ণনা দিয়ে লিখেছেন – সঙ্গে দিয়েছেন ‘সুপারউওম্যানে’র বেশে নিজের একটি ছবি, যা এই ঘটনার সঙ্গে একেবারে মানানসই!
৩৪ বছর বয়সী সেরেনা লিখেছেন, ‘গতকাল একটা রেস্তোরাঁয় আমার সঙ্গে অদ্ভুত এক ঘটনা ঘটেছে’। তার দাবি অনুযায়ী, রেস্তোরাঁয় এক লোক হঠাৎই তার ফোনটা তুলে নিয়ে খুব দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে।
‘এক মুহুর্ত না ভেবে আমি সঙ্গে সঙ্গে লোকটাকে তাড়া করি। আমার দৌড়ে দু-একটা চেয়ার টেবিলও উল্টে গিয়েছিল, কিন্তু সে দিকে না তাকিয়ে আমি ওকে ধরার জন্য ছুট দিই (এই জন্যই সঙ্গে ‘সুপারউওম্যানে’র ছবি)!’
‘ওর চেয়ে আমি অনেক বেশি জোরে দৌড়চ্ছিলাম, ফলে নিমেষের মধ্যে ওকে পাকড়াও করতে আমার একটুও কষ্ট হয়নি।’
তারপরই বেশ ‘রূঢ় অথচ শান্ত, শীতল গলায়’ সেরেনা তাকে জিজ্ঞেস করেন, সে কি নেহাত ভুল করে রেস্তারাঁ থেকে অন্য কারও ফোন তুলে এনেছে?
জবাবে আমতা আমতা করতে লোকটি শেষ পর্যন্ত বলে ফেলে, ‘আসলে আপনি ঠিকই ধরেছেন। ওখানে ব্যাপারটা এত গোলমেলে ছিল, আমি নিশ্চয় ভুল ফোনটা তুলে এনেছি।’
সেরেনা আরও জানিয়েছেন, এই ঘটনার পর রেস্তোরাঁয় উপস্থিত সবাই তাঁকে দাঁড়িয়ে উঠে অভিবাদন (‘স্ট্যান্ডিং ওভেশন’) জানিয়েছেন।
এই বছর ইউ এস ওপেন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাবই সেরেনা উইলিয়ামসের দখলে গেছে – যদিও চোট আঘাত থেকে সের ওঠার জন্য বছরের বাকি সময়টা তিনি বিশ্রামে আছেন।
কিন্তু সেই বিশ্রামের সময় সেরেনার মুকুটে যে এমন একটা সাঙ্ঘাতিক পালক যোগ হয়ে যাবে, তা বোধহয় তিনি নিজেও কল্পনা করেননি।
সেরেনার নিজের কথাতেই, ‘এটা হল মহিলাদের জন্য একটা দারুণ জয়!’ bbc

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ইরান ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়াতে হবে

d54bef018008e8c8361eaea1ab46956c_XL
 
ইরান এবং চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের বিমান বাহিনীর কমান্ডাররা। আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও  স্থিতিশীলতার জন্য এ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বেইজিং-এ ইরান ও চীনের বিমান বাহিনীর কমান্ডারদের মধ্যে এক বৈঠকে এ কথা বলেন তারা।
চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য এবং সেদেশের গণ মুক্তিফৌজ বিমান বাহিনীর প্রধান মাও শিয়াওতিয়ানের সঙ্গে বৈঠক করেন  চীন সফর সফররত ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহ সাফি। উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দলের প্রধান হিসেবে সরকারিভাবে চীন সফর করছেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহ সাফি বলেন, সামরিক অভিন্ন স্বার্থ সংক্রান্ত সব বিষয়ে ইরান ও চীনের সহযোগিতা জোরদার করা উচিত।  এ সম্পর্ক দুই দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এশিয়ার পাশাপাশি সারাবিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
তিনি আরো বলেন, তেহরান এবং বেইজিং অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ সব লক্ষ্যের মধ্যে রয়েছে অন্য দেশের স্বাধীনতাকামী আন্দোলনের পাশাপাশি এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো।
সাক্ষাতে চীনা কমান্ডার বলেন, চীন-ইরান পারস্পরিক সম্পর্ক বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে। ইরান এবং চীনের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে তৎপর হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
somoyerkonthosor

জরুরি পদক্ষেপ নিন, সরকারকে জাতিসংঘ

জেইদ রাদ আল হুসেইন
জেইদ রাদ আল হুসেইন
            
বাংলাদেশে ব্লগার-প্রকাশকদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাদ আল হুসেইন।

আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় মামলা, বিভিন্ন স্থানে তল্লাশি

 
    নিহত পুলিশ সদস্য মুকুল হোসেন   
             
বাংলাদেশের আশুলিয়ায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে একজন কনস্টেবলকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ গতকাল রাতে এই মামলা দায়ের করে। এছাড়া হামলার ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
হামলাকারীদের শনাক্ত করতে আশুলিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরবাইকে তল্লাশি চালানো হচ্ছে।
আশুলিয়া শিল্প এলাকায় গতকাল সকাল আটটার দিকে একটি চেকপোস্টে তল্লাশি শুরু করার জন্য শিল্প পুলিশের পাঁচজন সদস্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এমন সময় ছুরি, চাপাতি নিয়ে একদল দুষ্কৃতকারী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ করে। তারা কজন পুলিশ সদস্যকে কুপিয়ে এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশের একজন সদস্য মারা যান।
ঢাকার গাবতলী এলাকায় তল্লাশির সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার দু’সপ্তাহের মধ্যেই আশুলিয়ায় পুলিশের ওপর হামলায় হতাহতের ঘটনা ঘটলো।

ভারতে গরু চুরির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে হত্যার পর বিক্ষোভ

 
   
                 ভারতের অনেক রাজ্যে গরু খাওয়া বা বিক্রী নিষিদ্ধ হলেও মণিপুরে তেমন কিছু নেই।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে গরু চুরির সন্দেহে একজন মাদ্রাসার প্রধান শিক্ষককে হত্যার প্রতিবাদে স্থানীয় মুসলিম সংগঠনগুলো আজ হরতাল ডেকেছে।
সেইসাথে তারা কংগ্রেসের নেতৃত্বাধীন মণিপুর সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে বলে সংবাদদাতারা বলছেন।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিকে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মুসলিম সংগঠনগুলো।
ইমফল জেলার একটি মাদ্রাসার প্রধান শিক্ষক পঞ্চাশোর্ধ মোহাম্মদ হাসমাদ আলীকে একটি বাছুর চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সরকারি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক পঞ্চাশোর্ধ মোহাম্মদ হাসমাদ আলীর মরদেহ সোমবার সকলে পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।
পুলিশ জানিয়েছে, মিস্টার আলীর বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়। খবরে বলা হচ্ছে, মিস্টার আলীকে হত্যার পর হামলাকারীদের একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেযা হয়েছে।
২০১১ সালের জরিপ বলছে, মনিপুরের মোট জনসংখ্যার ৮ দশমিক ৩২ শতাংশ মুসলিম। সম্প্রতি উত্তর প্রদেশে গরুর মাংস খাওয়ার গুজবে পিটিয়ে হত্যা করা হয়।
তবে মিযোরামে গরুর মাংস খাওয়া নিয়ে কোনও বিতর্ক শোনা যায়নি। সেখানে গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞাও নেই। bbc

সিনাইয়ে বিধ্বস্ত রাশিয়ান বিমানটিতে বোমা ছিল?

                     দুই শতাধিক যাত্রী নিয়ে মিশরের সিনাইয়ে রাশিয়ান বিমানটি বিধ্বস্ত হয়   
              
বিবিসি জানতে পেরেছে, মিশরের সিনাইয়ে রাশিয়ার বিমান ধ্বসের ঘটনার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।
শনিবার মিশরের সিনাই উপত্যকায় ২২৪জন যাত্রী নিয়ে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটির উড্ডয়নের আগে সেটির কার্গো হোল্ডে একটি বোমা রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, সিনাইয়ের কয়েকটি গোষ্ঠীর গোপন আলাপ থেকে তারা, ওই হামলাটি সন্ত্রাসী হামলা ছিল বলে জানতে পেরেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কার্গোতে বোমা থাকার বিষয়টিকে তারাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।
তবে মিশরের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি।
ব্রিটেনের পর ফ্রান্স, আর বেলজিয়ামও মিশরের শার্ম আল শেইখে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
শনিবার ওই এলাকায় দুই শতাধিক যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হলে, নাগরিকদের ভ্রমণ সতর্কতার পর শুক্রবার থেকে হাজার হাজার পর্যটনকে ফিরিয়ে আনছে ব্রিটেন।
দেশে ফেরার সময় বিমানে তাদেরকে শুধু হ্যান্ড লাগেজ বহন করতে বলা হয়েছে। আর তাদের মালামাল পরে আলাদা বিমানে করে ফেরত পাঠানো হবে।
বিমান দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধুম্রজাল।
রাশিয়া বলছে, সঠিক কারণ জানতে দেরী হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ আরো অনেকেই বলছে যে, সন্ত্রাসী হামলার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।

প্রেসিডেন্ট না-হলেও সরকারে নেতৃত্ব দেব আমিই : সু চি

    myanmar_election_campaign                 মায়ানমারে চলছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি-র নির্বাচনী প্রচার     
           
মায়ানমারের বিরোধী নেত্রী আং সান সু চি অঙ্গীকার করেছেন, সে দেশের আসন্ন নির্বাচনে তাঁর দল জিতলে তিনিই সরকারের নেতৃত্ব দেবেন – যদিও তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।
মায়ানমারে আগামী রবিবার, ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা হবে সে দেশে গত পঁচিশ বছরের মধ্যে প্রথম উন্মুক্ত নির্বাচন।
কিন্তু এই নির্বাচনে মিস সু চি-র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) যদি জেতেও, তাহলেও দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে তাঁর সাংবিধানিক বাধা রয়েছে।
মায়ানমারের সেনাবাহিনী যে সংবিধানের খসড়া তৈরি করেছে, তাতে বলা হয়েছে বিদেশি নাগরিককে বিয়ে করলে কেউ দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না।
আং সান সু চি-র প্রয়াত স্বামী ঐতিহাসিক মাইকেল অ্যারিস ছিলেন ব্রিটিশ নাগরিক, ফলে নতুন সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্টর পদ মিস সু চি-র জন্যও রুদ্ধ।
কিন্তু এই পটভূমিতেও মিস সু চি আজ দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গনে ভাষণ দিতে গিয়ে বলেছেন এভাবে তাঁকে আটকানো যাবে না – কারণ ভোটে তাঁর দল জিতলে সরকার পরিচালনা করবেন তিনিই।
বিরোধী নেত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট হতে না-পারলেও নতুন সরকারের প্রধান হবেন তিনিই।
তবে পাশাপাশি একজন প্রেসিডেন্টকেও নিয়োগ করা হবে, যিনি ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি-র আদর্শ ও নীতি অনুসরণ করে কাজকর্ম চালাবেন।
মায়ানমার থেকে বিবিসির এক সংবাদদাতা বলছেন, আং সান সু চি-র এই বক্তব্যকে দেশের সেনাবাহিনীর উদ্দেশে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
তিনি আরও বলছেন, মিস সু চি-র এই বক্তব্যকে অসাংবিধানিক বলেও চিহ্নিত করা হতে পারে। bbc