রবিবার, ১ নভেম্বর, ২০১৫

সারাদেশে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

-----------------------_somoyerkonthosor

 সারাদেশে রোববার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে। চলতি বছর জেএসসি ও জেডিসিতে মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
 
এরমধ্যে ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ও ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি।
পরীক্ষার প্রথম দিনে জেএসসি’র ‘বাংলা প্রথমপত্র’ ও জেডিসি’র ‘কুরআন মাজীদ ও তাজবিদ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।
চলতি বছর সারাদেশের ২৮ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের এ ২৩ লক্ষাধিক শিক্ষার্থী ২ হাজার ৬২৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। গত বছরের চেয়ে এবার কেন্দ্রের সংখ্যা ১০২টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭০৭টি বৃদ্ধি পেয়েছে।
এবার জেএসসি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসি থেকে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিদেশের ৮টি কেন্দ্রে অর্থাৎ, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, কাতারের দোহা, ওমানের সাহাম, আবুধাবী, দুবাই ও বাহরাইনে মোট ৫৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।
এবছর জেএসসি ও জেডিসি’র অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ১ লাখ ১৮ হাজার ২১৪ জন ও ১৪ হাজার ৭৭৯ জন। এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য বিশেষ পরীক্ষার্থী জেএসসি’র ১ লাখ ৯ হাজার ৬২০ জন এবং জেডিসি’র ১১ হাজার ৯৫১ জনও পরীক্ষা দিবে।
গত বছর জেএসসি ও জেডিসিতে মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন বৃদ্ধি পেয়েছে।
২০১০ সাল থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। ওই বছর মোট ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলতি বছর ২৩ লক্ষাধিকে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীরা এবার বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দিবে।
এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নপত্রে দু’টি বিভাগ থাকলেও দু’টিতে অংশ নিয়ে একত্রে ৩৩ নম্বর পেলেই পাস বলে গণ্য হবে। এমসিকিউ ও সৃজনশীল একই খাতায় পরীক্ষা হবে। এমসিকিউর বৃত্ত ভরাট করতে হবে না, টিক দিলেই চলবে। এছাড়া কোনো পরীক্ষার্থীকেই আলাদাভাবে বৃত্তি পরীক্ষা দিতে হবে না। এ পরীক্ষার মূল্যায়নেই বৃত্তি প্রদান করা হবে।
শ্রবণ ও অন্যান্য প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। দৃষ্টি ও সেরিব্রাল প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ থাকবে।
 

বাংলাদেশে ব্লগার খুন: মামলা গড়ালো কতদূর?

 
বাংলাদেশে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫ জন ব্লগারকে তাদের লেখালেখির কারণে হত্যা করা হয়েছে। এখন শুধু লেখকই নয়, প্রকাশকেরাও হচ্ছেন হামলার শিকার।
একের পর এক হামলার ঘটনা ঘটলেও একটি বাদে কোনও মামলারই চোখে পড়ার মতো অগ্রগতি নেই।
শনিবার দুটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশকের উপর হামলার ঘটনায় এই প্রশ্নটিই আবারও সামনে উঠে এসেছে। দুটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকেই নিহত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করা হয়েছে।
প্রকাশনা প্রতিষ্ঠান দুটির একটি ‘শুদ্ধস্বর’, যার প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন গুরুতর আহত হন।
একই দিনে রাজধানীর শাহবাগে ‘জাগৃতি’ নামের আরেকটি প্রকাশনা সংস্থার প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
‘শুদ্ধস্বর’ প্রকাশনীর আহত প্রকাশক নিজেও একজন ব্লগার ছিলেন বলে জানা যাচ্ছে।
একের পর এক হামলার ঘটনা আগের মামলার ধীরগতি বা ব্যর্থতার দিকেই আঙ্গুল তুলে দেয়।
ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে বিচার কার্যক্রম ঠিক কি পর্যায়ে আছে? ঘটনাগুলোই বা কী ছিল?
                 বাংলাদেশে নিহত ৫ ব্লগার: (উপরে বাঁ থেকে) আহমেদ রাজিব হায়দার, অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান এবং (নিচে বাঁ থেকে) অনন্ত বিজয় দাশ ও নিলাদ্রী চট্টোপাধ্যায়।
আহমেদ রাজিব হায়দার:
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে যখন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার ফাঁসীর দাবীতে উত্তাল শাহবাগের আন্দোলন, তখন ১৫ই ফেব্রুয়ারি এই শাহবাগ আন্দোলনেরই এক কর্মী আহমেদ রাজিব হায়দার দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত হন।
পরে প্রচার করা হয় 'থাবা বাবা' নামে পরিচিত মি.হায়দার ছিলেন একজন নাস্তিক এবং তিনি ইসলাম ও এই ধর্মের নবী মোহাম্মদ সম্পর্কে কুরুচিপূর্ণ ব্লগ লিখতেন।
এই হত্যাকাণ্ডটিই ছিল ব্লগে লেখালেখির অপরাধে বাংলাদেশে প্রথম কোনও হত্যাকাণ্ড।
এই ঘটনায় সন্দেহের ভিত্তিতে সাতজনকে আটক করে পুলিশ এবং তদন্ত শেষে হত্যাকাণ্ডের এগারো মাস পর আদালতে অভিযোগ-পত্র দায়ের করা হয়।
ঢাকায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবিসিকে বলেন, 'বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন রয়েয়েছে। বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। এই মামলার রায় শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করছি'।
অভিজিৎ রায়:
অভিজিৎ রায় একজন মার্কিন প্রবাসী বাংলাদেশী।
তিনি মুক্তমনা নামে একটি ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা ছিলেন যেখানে বিজ্ঞান বিষয়ক নানা লেখালেখি করা হত।
এবছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসেন তিনি এবং ২৬শে ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে বাংলা একাডেমির বইমেলা দেখে ফেরার পথে আক্রমণের মুখে পড়েন।
হামলায় অভিজিৎ প্রাণ হারান। তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদও মারাত্মক আহত হন।
                 অভিজিৎ রায়                
এ ঘটনায় জড়িত সন্দেহে শফিউর রহমান ফারাবী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধিদল তদন্তের জন্যে ঢাকায় আসে।
পুলিশ বলছে, সন্দেহভাজন হিসেবে মোট ৮ জন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াশিকুর রহমান:
অভিজিৎ রায়কে হত্যার এক মাসেরও কম সময়ের মাথায় ৩০শে মার্চ ব্লগার ওয়াশিকুর রহমানকে ঢাকার তেজগাঁও এলাকার একটি সড়কে কুপিয়ে হত্যা করা হয়।
                 ওয়াশিকুর রহমান
এসময় হামলাকারীদের দুজনকে ধাওয়া করে ধরে ফেলে প্রত্যক্ষদর্শীরা।
এদের একজন পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবাব দেয় বলে জানাচ্ছে পুলিশ।
পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি মামলাটির তদন্ত করছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।
অভিযোগপত্রে যাদেরকে আসামী করা হয়েছে তাদের তিনজন কারাগারে আটক রয়েছেন। বাকি দু’জন পলাতক।
মি. রহমানের লেখালেখির অন্যতম একটি বিষয় ছিল ইসলামসহ নানা ধর্মের সমালোচনামূলক প্রসঙ্গ।
অনন্ত বিজয় দাস:
ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করা হয় গত ১২ই মে, সিলেটে। ঢাকার বাইরে এটাই একমাত্র ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা।
মি. দাশ বাসা থেকে বের হয়ে একটি ব্যাংকে যাবার পথে হামলার শিকার হন।
                 অনন্ত বিজয় দাস                
তিনি মুক্তমনা নামে একটি ব্লগে লিখতেন এবং সিলেট থেকে প্রকাশিত বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকার সম্পাদক ছিলেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহের ভিত্তিতে সিলেট থেকে পাঁচজন এবং ঢাকা থেকে দুইজনকে আটক করা হয়।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডেও নেয়া হয়।
তবে তাদের মধ্যে আটককৃত ইদ্রিস আলী নামে একজন স্থানীয় ফটো সাংবাদিককে সম্প্রতি জামিনে ছাড়া হয়েছে।
সংবাদদাতারা বলছেন, অপর চারজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ মামলার আর কোনও অগ্রগতির খবর এখনো জানা যায়নি। মামলাটি এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি'র অধীনে রয়েছে।
নীলাদ্রি চট্টোপাধ্যায়:
লেখালেখির অভিযোগে ব্লগার হত্যাকাণ্ডের সর্বশেষ সংযোজন নীলাদ্রি চট্টোপাধ্যায়।
                 নিলাদ্রী চট্টোপাধ্যায়                
গত ৭ই অগাস্ট দুপুরে বাড়িতে ঢুকে হত্যা করা হয় মি. চট্টোপাধ্যায়কে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
মামলাটির তদন্তের দায়িত্ব ডিবি বা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যেকটি হত্যাকাণ্ডই বলছে, নিহতদের দীর্ঘদিন ধরে অনুসরণ করা হয়েছে। প্রত্যেককেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যেকটি ঘটনার পরই ধর্মীয় মৌলবাদী সংগঠনের নামে দায় স্বীকার করা হয়েছে।
বিশ্লেষকরা বরাবরই বলে আসছেন, বিচারহীনতার কারণে দেশটিতে এ ধরণের হত্যাকাণ্ড থামানো যাচ্ছে না।

বাংলাদেশে ব্লগার, লেখক ও প্রকাশকের ওপর পৃথক দুটো হামলা: ১জন নিহত

                     আজিজ সুপার মার্কেটে জাগৃতির অফিসে হামলা চালিয়ে ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়                

বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ কয়েকজন ব্লগার, লেখক ও প্রকাশককে টার্গেট করে হামলা চালানো হয়েছে।
শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটে চালানো একটি হামলায় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির মালিক ফয়সাল আরেফিন দীপন নিহত হয়েছেন।
ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে।
এর আগে ঢাকার লালমাটিয়ায় আরো একটি প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরে ঢুকে হামলা করা হলে প্রকাশক ও ব্লগার আহমেদুর রশীদ টুটুলসহ সেখানে তিনজন আহত হন।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, আহতদের অবস্থা গুরুতর।
এই দুটো প্রকাশনা প্রতিষ্ঠান থেকেই নিহত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করা হয়েছিলো।
গত ফেব্রুয়ারি মাসে অভিজিৎ রায়কে ঢাকায় বইমেলার কাছে কুপিয়ে হত্যা করা হয়।
এবছরেই প্রায় একই ধরনের হামলায় চারজন ব্লগার নিহত হয়েছে।
শনিবারের সবশেষ হামলা ও হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছেন, 'অধিকাংশ হত্যাকারীকেই ধরা হয়েছে। তবে নতুন করে যারা হত্যা করছে তাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।'
হত্যাকারীরা কেনো আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
তবে তিনি ব্লগারদেরকেও লেখালেখির ব্যাপারে সংযত থাকার পরামর্শ দিয়েছেন।
দীপন হত্যা
ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেট বলে পরিচিত বহুতল একটি ভবনের তৃতীয় তলায় ছিল জাগৃতি প্রকাশনীর অফিস।
সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে তৃতীয় তলার অফিস কক্ষের বন্ধ দরজা ভেঙে বেড় করা হয় জাগৃতির মালিক ফয়সাল আরেফিন দীপনের মৃতদেহ।
তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল, অফিস কামরার মেঝে ছিল রক্তে প্লাবিত।
                            ত প্রকাশক ফয়সাল আরেফিন দীপন                
আজিজ সুপার মার্কেটটি মূলত বইপাড়া বলে পরিচিত, বহু প্রকাশনীর কার্যালয় এবং বইয়ের দোকান রয়েছে এখানে।
ঢাকার তরুণ বুদ্ধিজীবীদের আড্ডাস্থল বলেও এই আজিজ সুপার মার্কেটের খ্যাতি রয়েছে। নিহত দীপনের জাগৃতি প্রকাশনী এখানকার নামকরা একটি প্রকাশনা সংস্থা।
কারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে, তা পুলিশ এখনো স্পষ্ট করতে পারেনি।
পুলিশের রমনা জোনের এডিসি জসিম উদ্দিন বলেছেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তবে দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক অভিযোগ করছেন, আজ দুপুরে শুদ্ধস্বর প্রকাশনীতে ব্লগার ও প্রকাশকের উপর যারা হামলা চালিয়েছে এবং যে কারণে চালিয়েছে, দীপনকেও একই কারণে, একই ব্যক্তিরা হত্যা করেছে।
শাহবাগেরই আরেকজন প্রকাশকের কাছ থেকে জানা যাচ্ছে, জাগৃতি প্রকাশনী থেকে ইতিপূর্বে নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের দুটো বই প্রকাশিত হয়েছিল, তার মধ্যে একটি বইয়ের নাম ‘বিশ্বাসের ভাইরাস’ বলে ওই প্রকাশক জানিয়েছেন।
সন্ধ্যে সাড়ে ছ’টায় ফয়সাল আরেফিন দীপনের মৃতদেহ উদ্ধার করা হলেও এক ঘণ্টারও বেশী সময় ধরে উৎসুক জনতা ও সাংবাদিকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে, রাত সাড়ে আটটা নাগাদ ওই অপরাধ-স্থলে তদন্ত শুরু করতে পারেনি পুলিশ।
bbc

বাংলাদেশে আরো একজন ব্লগারের ওপর হামলা

 
                     হাসপাাতলে আহত প্রকাশক আহমেদুর রশীদ টুটুল   
             
বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন বই প্রকাশকসহ তিনজনের ওপর হামলার ঘটনায় তাঁরা আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই প্রকাশনী থেকে এর আগে খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।
পুলিশ জানিয়েছে, শুদ্ধস্বর প্রকাশনীর মালিকসহ এই তিন জনের ওপর ধারালো অস্ত্র নিয়ে প্রথমে আঘাত করা হয় এবং পরে গুলিও চালানো হয়।
এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।
শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলের ওপর হামলার ঘটনাটি ঘটেছে লালমাটিয়ায় প্রকাশনীটির অফিসে।
পুলিশ বলছে, সে সময় আহমেদুর রশীদের সঙ্গে ছিলেন তারেক রহিম এবং রণদীপম বসু। এরা সবাই লেখালিখির সঙ্গে জড়িত।
শুদ্ধস্বর প্রকাশনী থেকে মার্কিন প্রবাসী লেখক অভিজিৎ রায়ের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল।
মি. রায় গত ফেব্রুয়ারিতে স্ত্রীসহ ঢাকার বই মেলা থেকে বেরিয়ে বেরিয়ে হামলার মুখে পড়েন এবং ধারালো অস্ত্রের কোপে নিহত হন।
প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন আহত হওয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
                 বাংলাদেশে নিহত ৫ ব্লগার: (উপরে বাঁ থেকে) আহমেদ রাজিব হায়দার, অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান এবং (নিচে বাঁ থেকে) অনন্ত বিজয় দাশ ও নিলাদ্রী চট্টোপাধ্যায়।
সেখানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, আক্রমণকারীরা শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে ঢোকে বই কেনার নাম করে। এরপর তারা অতর্কিতে হামলা করে।
পুলিশের অন্য কর্মকর্তারা জানান, তিনজনের ওপর হামলার ঘটনাটি ঘটে যে ভবনে, সেটি একটি পাঁচ তলা ভবন।
চতুর্থ তলায় পৌনে তিনটার দিকে হামলাকারীরা ঘটনা ঘটিয়ে অফিসটির দরজা বন্ধ করে চলে যায়।
এরপর আশেপাশের ফ্লাট থেকে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে তাদের হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে আহতদের দেখে মহানগর পুলিশের শেখ মারুফ হাসান তাদের অবস্থা সম্পর্কে বলেন, মি. রহিমের ঘাড়ে, মাথায় আর দুই হাতেই আঘাত রয়েছে। এছাড়া, তাঁর কোমরে একটা গুলির চিহ্ন রয়েছে। বাকী দুজনের শরীরে আঘাত থাকলেও তুলনামূলকভাবে মি. রহিমের অবস্থা গুরুতর।
আহমেদুর রশীদ টুটুলই এই হামলার মূল লক্ষ্য ছিলেন বলে মনে করছেন প্রকাশনা জগতের সঙ্গে সংশ্লিষ্টরা।
তার শুদ্ধস্বর থেকে অভিজিৎ রায়ের বই প্রকাশিত হওয়ার পর থেকে তাকে হুমকি দেয়া হচ্ছিল বলে তাঁরা বলছেন।
আহমেদুর রশীদ টুটুলের ঘনিষ্ঠ ছিলেন আরেকজন লেখক শাহীন লতি।
তিনি বলছেন, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পর থেকেই তাকে হত্যা করা হবে, এমন হুমকি দেয়া হয়েছিল ।
তবে পুলিশের কর্মকর্তারা বলছেন, সাধারণ ডায়েরি করার পর আহমেদুর রশীদ টুটুলের জন্যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।
পুলিশ বলছে, এই তিনজনের ওপর কেন হামলা হয়েছে, তা কেবল তদন্ত শেষে বলা যাবে।

দু'শতাধিক আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

   

মিশরের সিনাই উপদ্বীপে ২২৪ জন আরোহী সহ এক রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থলে এখন উদ্ধার কর্মীরা অভিযান চালাচ্ছে।
একটি রুশ বিমান সংস্থার এই বিমানটি মিশরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখ থেকে পর্যটকদের নিয়ে ফিরে যাচ্ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে।
বিমানের আরোহীদের সকলেই ছিলেন রুশ নাগরিক।
খবরে বলা হচ্ছে, বিমানের পাইলট জরুরী অবতরণের জন্য চেষ্টা করছিলেন এবং সিনাই উপদ্বীপের এক পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়।
রাশিয়ায় বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, উড়ান শুরু করার ২৩ মিনিট পরেই বিমানটি সাইপ্রাসে নিয়ন্ত্রণ কক্ষের সাথে নির্ধারিত যোগাযোগ করতে ব্যর্থ হয় এবং রাডার থেকে হারিয়ে যায়।
পরে মিশরের প্রধানমন্ত্রী নিশ্চিত করেন যে সিনাইয়ের মধ্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রুশ কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ২১৭ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৩৮জন নারী এবং ১৭জন শিশু। এরা ছাড়াও ছিলেন সাতজন ক্রু।
বলা হচ্ছে, যাত্রীদের বেশিরভাগই পর্যটক এবং ক্রুসহ আরোহীদের সবাই নিহত হয়েছেন।
উদ্ধারকারীরা বলছেন, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে মৃতদেহ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোনো কোনো মৃতদেহ বিমানের সিটের সাথে বেল্ট দিয়ে বাধা।
সেখান থেকে বিমানের ব্ল্যাক বক্সটিকেও উদ্ধার করা হয়েছে। অত্যন্ত দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, ৫০টির মতো অ্যাম্বুলেন্স এই উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
উদ্ধারকারীরা বলছেন, বিমানটি দুই টুকরো হয়ে গেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন রোববার জাতীয় শোক ঘোষণা করেছেন। মিশরে উদ্ধারকারী দল পাঠাতেও নির্দেশ দিয়েছেন তিনি।
একই সাথে এই দুর্ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার একটি বার্তা সংস্থা বলছে, ফ্লাইটের নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে পশ্চিম সাইবেরিয়া-ভিত্তিক এই এয়ারলাইনটির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।
যাত্রীদের আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করতে রাশিয়ায় একটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।bbc

মদ খেয়ে, হাফপ্যান্ট পরে আদালতে বিচারক

                        
মদে বেহুঁশ হয়ে হাফ প্যান্ট আর টি-শার্ট পরে আদালত চত্বরে হাজির হয়েছিলেন বিচারক।
পরে গায়ের টি শার্টটিও খুলে ফেলেন তিনি!
ভারতের ত্রিপুরা রাজ্যের ওই বিচারককে শাস্তি দিয়েছে সেখানকার হাইকোর্ট।
ওই রাজ্যের অন্য একজন বিচার বিভাগীয় অফিসার আরও কড়া শাস্তি পেয়েছেন।
পি এইচ ডি-র পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়ায় অবসরগ্রহণে বাধ্য করা হয়েছে তাঁকে।
ত্রিপুরা সরকার ওই দুজনের শাস্তি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রথম ঘটনাটি ঊনকোটি জেলার কৈলাশহর আদালতের।
অন্য একটি জেলার পারিবারিক আদালতের বিচারক জেষ্ঠ্যমনি মূঢ়াসিং ছুটিতে থাকাকালীন মদে চূর হয়ে কৈলাশহর আদালতে চলে আসেন।
পরনে হাফ প্যান্ট আর টি শার্ট।
প্রথমে একজন সিভিল জজের সঙ্গে দুর্ব্যবহার করে তার দপ্তরে ঢুকে চেয়ার টেবিল ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
তারপরে এক সময়ে টি-শার্টটিও খুলে ফেলেন মি. মূঢ়াসিং – সেটির জায়গা হয় তাঁর কাঁধে।
ভরা আদালত চত্বরে তখন বিচারপ্রার্থী থেকে শুরু করে জজ সাহেবরা – সকলেই হতবাক খালি গায়ে হাফ প্যান্ট পরা মাতাল বিচারকের কাণ্ডকারখানা দেখে।
ঊনকোটি জেলা জজের রিপোর্ট আর বিভাগীয় তদন্ত রিপোর্টের ভিত্তিতে ত্রিপুরা হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে মি. মূঢ়াসিং যা করেছেন, তা কখনই একজন বিচারকের কাছে প্রত্যাশিত নয় –
আর এই ঘটনায় আইন-ভঙ্গও হয়েছে।
পরবর্তী দুবছর বেতন বৃদ্ধি হবে না জেষ্ঠ্যমনি মূঢ়াসিংয়ের - এটাই শাস্তি।
এই বিচারককে বেতন বৃদ্ধি বন্ধের শাস্তি দিলেও অন্য এক বিচারবিভাগীয় অফিসারকে চাকরি থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে।
গোমতী জেলার লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব প্রকাশ চন্দ্র বিশ্বাস ডক্টরেট ডিগ্রির একটি লিখিত পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন।
সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়।
তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত চলে। মি. বিশ্বাস দোষী প্রমাণিত হন।
সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে ত্রিপুরা হাইকোর্ট তাকে চাকরি থেকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

সিরিয়ায় আইএস দমনে বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

    সিরিয়ায় আইএস দমনে বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

                          
সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্যে যুক্তরাষ্ট্র তার একটি বিশেষ বাহিনীর অন্তত ৫০ জন সেনাকে সিরিয়ার উত্তরাঞ্চলে পাঠাতে যাচ্ছে।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র আইএসের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের লড়াইয়ের প্রশংসা করে বলেন, এ ধরনের শক্তিগুলোকে সহায়তার জন্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
তবে সিরিয়ায় বিশেষ বাহিনী প্রেরণে যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে রাশিয়া।
রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলছেন, সিরিয়ায় মার্কিন সেনা পাঠানো হলে তা ওই অঞ্চলে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি তৈরি করবে।
এদিকে সিরিয়া থেকে প্রাপ্ত খবরে জানা গেছে দামাস্কাসের কাছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি শহরে বোমা হামলায় অন্তত ৮০ জন মারা গেছে।
সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা বলছে সরকারি বাহিনীর মিসাইল হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।
সিরিয়ায় আইএস দমনে বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র                 ভিয়েনায় আলোচনায় বসেছিল বারোটিরও বেশি দেশ, যেখানে সিরিয়ার বিবদমান পক্ষগুলোও অংশ নিয়েছিল।                
সিরিয়া সংকট নিরসনে ভিয়েনা আলোচনা
সিরিয়ার গৃহযু্দ্ধে বিবদমান পক্ষগুলোকে যেসব দেশ সমর্থন দিয়ে আসছিলো তারা দেশটির সংকট সমাধানে একটি যুদ্ধবিরতির জন্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
যদিও তারা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যত প্রশ্নে একমত হতে পারেননি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন সিরিয়ার জনগণই তাদের প্রেসিডেন্টের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
যদিও যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা বলছে মিস্টার আসাদের কার্যত কোন ভূমিকা থাকতে পারেনা।
ওদিকে সিরিয়ার সরকার ও বিরোধীদের রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসতে জাতিসংঘকে আহবান জানানো হয়েছে।
এ বিষয়ে আগামী দু'সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসবে দেশগুলো। bbc