মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

ক্রিকেটের অনিশ্চয়তা কাটাতে আস্থা তৈরি জরুরী'


   
 
নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছে অস্ট্রেলিয়ার টেস্ট দল         
       
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পর এবার দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ সফরে আসছে না। এর আগের সপ্তাহেই জঙ্গি আক্রমণের আশংকার কথা জানিয়ে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আশ্বস্ত করার চেষ্টা করলেও এটা বোধহয় স্পষ্ট যে পর পর দুটি বিদেশী ক্রিকেট দলের সফর স্থগিত হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট এক ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতি কাটাতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিদেশী দেশগুলোর মধ্যে আস্থা তৈরি জরুরী বলে মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষকরা।
উইজডেন ইন্ডিয়া ক্রিকেট সাময়িকীর সিনিয়র সম্পাদক সাম্য দাশগুপ্ত বলছিলেন, এ ধরণের ঘটনা এখানে অনেক বেশি ঘটে বলে হয়তো আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু অনেক দেশ এরকম ব্যাপারে অনভ্যস্ত। কোন দেশ যদি তাদের ক্রিকেটারদের বিষয়ে ভয়ভীতি থাকে, তাহলে না আসায় তাদের দোষ দেয়া যায় না।
সাম্য দাশগুপ্ত বলছেন, পাকিস্তানের দিকে তাকালে বোঝা যায়, এসব ঘটনা তার ইমেজের উপর কিরকম প্রভাব ফেলেছে, সেটা এখনো কাটেনি। এখন খেলোয়াড়দের উপর নিরাপত্তা হুমকি যদি থাকে, যদি একটা ঘটনা ঘটে যায়, তার পরিণাম কি হবে?
‘তার তুলনায় ক্রিকেট বা যেকোনো একটা খেলার চেয়ে সেটা ঠেকানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকম পরিস্থিতিতে বরং খেলা না হওয়াই ভালো।‘ বলছেন মি. দাশগুপ্ত।
এরকম পরিস্থিতিতে পাকিস্তান যেভাবে ক্রিকেটের জন্য আন্তর্জাতিক ভেন্যু বেছে নিয়েছে, বাংলাদেশকেও কি সেরকম করতে হবে?
এই প্রশ্নের জবাবে মি. দাশগুপ্ত বলছেন, এখনো বাংলাদেশ সেই অবস্থায় পৌঁছায়নি। এখনো কোন সন্ত্রাসী গোষ্ঠীর লিংক পাওয়া যায়নি।
মি. দাশগুপ্ত বলছেন, ভারত সরকার যেভাবে ক্রিকেটারদের নিরাপত্তার ভরসা দিতে পেরেছেন, হয়তো পাকিস্তান সরকার সেটা পারেনি। ব্যাপারটা আসলে একটা আস্থার বিষয়।
সেই আস্থা তৈরি করতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, বলছেন সাম্য দাশগুপ্ত। তবে এখন যে পরিস্থিতি, ছয়মাস পরে হয়তো তা পাল্টেও যেতে পারে।
bbc bangla

ভারতে বাচ্চা ছেলের পেটে ভ্রূণ

             ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চার বছরের একটি বাচ্চা ছেলের পেটে একটি ভ্রূণ পাওয়া গেছে।

আংশিকভাবে পরিণত হাত, পা, নখ আর মাথাসহ ঐ অপরিণত ভ্রূণটি অপারেশন করে সরিয়ে দেয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর এলাকার ঐ শিশুটি পেটের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে এসেছিল।
ওই শিশুটির চিকিৎসক ডা. প্রসূন ঘোষ বিবিসি বাংলাকে জানান, “ব্যথার সঙ্গে পেটটা কিছুটা ফোলা-ও ছিল। প্রথমে ভেবেছিলাম টিউমার রয়েছে। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে ওর পেটে আরেকটি অপরিণত ভ্রূণ রয়েছে।“
৫-৬ লক্ষ শিশুর মধ্যে হয়তো একজনের পেটে এরকম ভ্রূণ পাওয়া যায়, চিকিৎসাবিজ্ঞানে যার নাম foetus in foetu বা ভ্রূণের মধ্যে ভ্রূণ।
ডা. ঘোষ ব্যাখ্যা করেন, “গর্ভধারণের সময়ে দেখা যায় যে একটি ভ্রূণ অন্য ভ্রূণটির ভেতরে চলে যায়। মায়ের শরীর থেকে পুষ্টি নিয়ে যখন একটি ভ্রূণ পরিণত হতে থাকে, তার শরীরে থাকা ছোট ভ্রূণটিও কিছুটা পরিণত হয়।``
``আবার জন্মের পরে সদ্যজাতের শরীর থেকে পুষ্টি নিয়েও ছোট ভ্রূণটি বাড়তে থাকে। এটা সেরকমই একটা অতি বিরল ঘটনা।“

তুরস্কের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান: রুশ রাষ্ট্রদূতকে তলব

    russia warplane                 রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিরিয়ায় হামলার ফুটেজ।                 

তুরস্কের আকাশ সীমায় দ্বিতীয়বারের মতো রুশ যুদ্ধবিমান ঢুকে পড়ার পর রুশ রাষ্ট্রদূতকে আবারো ডেকে পাঠিয়েছে তুরস্ক সরকার।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত রোববার একই রুশ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করে।
এর একদিন আগেই সিরিয়া সীমান্তের কাছে একটি রুশ যুদ্ধবিমান তুরস্কের সীমানায় ঢুকে পড়লে সেটিকে তাড়া করতে দেশটি দুটো যুদ্ধবিমান পাঠিয়েছিল।
মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট একে দায়িত্বহীন এবং অত্যন্ত বিপজ্জনক আচরণ বলে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা করেছে।
নেটো রাশিয়াকে এটা বন্ধ করারর দাবিও জানিয়েছে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
রাশিয়া অবশ্য বলছে সিরিয়াতে ইসলামিক স্টেট ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থানের উপরেই বিমান হামলা চালানো হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র ও তুরস্ক বলছে বিষয়টা সেরকম নয়।
syria russia                 সিরিয়াতে রাশিয়ান হামলার একটি এরিয়াল ভিউ।                 
আসলে বাশার আল আসাদের বিরুদ্ধে যারা লড়ছে, রাশিয়া শুধু তাদেরই টার্গেট করছে।
রাশিয়াকে আসাদ সরকারের দীর্ঘদিনের মিত্র হিসেবে মনে করে পশ্চিমা বিশ্ব।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জনকেরী বলেছেন রাশিয়া তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে তুরস্ক তার জবাব যেভাবে দিয়েছে তা তার অধিকার।
এর ফলে তুরস্ক রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলার মতো ঘটনা ঘটে যেতে পারে।
আর সেই ধরনের বিষয় ঘটার সম্ভাবনাটাই এখানে উদ্বেগের।
তবে আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি অনিচ্ছাকৃত বলছে রাশিয়া। খারাপ আবহাওয়ার কারণে মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেটি ঘটেছে বলে রাশিয়া বলছে।
তবে নেটো মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলছেন নেটো সদস্য তুরস্কের নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছেন।
রাশিয়ার আচরণ ঐ অঞ্চলে শান্তি আনার জন্যে কাজ তো করছেই না উল্টো বরং ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে রাশিয়ার হামলার মুখে পরা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোও এখন রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দিচ্ছে।
সবমিলিয়ে সিরিয়া ইস্যুতে রাশিয়ার জড়িয়ে পড়ার বিষয়টির বেশ সমালোচনা চলছে।
bbc bangla

সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, বিদেশি হত্যায় বিএনপি ও জামায়াতের মদদ আছে

গণভবনে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়গণভবনে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়* দেশে রাজনৈতিক সংকট নেই। বিদেশি রাষ্ট্রনায়কেরাও সরকারের বৈধতা কিংবা নির্বাচনের বিষয়ে প্রশ্ন করেননি
* এতই যদি রাজনৈতিক সংকট থাকত, তাহলে বাংলাদেশ এলডিসির নেতৃত্ব কীভাবে পেল?

ইতালি ও জাপানের নাগরিক হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন, এ ঘটনায় সরকারের সব অর্জন ম্লান হয়ে যায়নি। বিদেশি নাগরিকদের হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পর গতকাল রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিএনপি-জামায়াতের যোগসূত্র বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ ঘটনার পেছনে নিশ্চয়ই তাদের মদদ আছে। আমাদের অর্জনগুলো ম্লান করার জন্য এ ঘটনাগুলো ঘটানো হয়। এটার পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তাদের হাত আছে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যার স্টাইলটা একই রকম। ইতালির নাগরিককে চারটি গুলি মারা হয়েছে। একটা গুলিও মিসফায়ার হয়নি। চারটা গুলিই লাগল। এটা সুপরিকল্পিত। আমি স্মরণ করাতে চাই এর আগে বিএনপির এক নেতার বক্তব্য। এরপর তাঁর রি-অ্যাকশন। সেগুলো যদি মিলিয়ে দেখেন, তাহলে জিনিসটা খুব স্পষ্ট হয়ে যায়।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। তারাই পঁচাত্তরের পর ২১ বছর ক্ষমতায় ছিল। আজকে তাদের যখন বিচার হচ্ছে, কিছু রি-অ্যাকশন তো হবেই। এখানে কিছু গণসচেতনতা দরকার।’
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন শুরু করেন বেলা সাড়ে ১১টায়। প্রথমে তিনি লিখিত বক্তব্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান, বিভিন্ন বৈঠকে অংশ নেওয়া এবং সরকারের নানা অর্জন তুলে ধরেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গেই বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। বিদেশি রাষ্ট্রনায়কেরাও সংকটের কথা বলেননি। সরকারের বৈধতা কিংবা নির্বাচনের বিষয়েও কেউ তাঁকে প্রশ্ন করেননি। প্রধানমন্ত্রী বেতন ও মর্যাদার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে বিরক্তি প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার আহ্বান জানান।
বড় অর্জন বাদ দিয়ে ছোট দুর্ঘটনা নিয়ে বেশি সংবেদনশীল না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই থাকি, এখন তথ্যপ্রযুক্তির যুগ। যখন যে ঘটনা ঘটছে খবর পাচ্ছি। ইনস্ট্রাকশন দিচ্ছি। আমরা ব্যবস্থা নিচ্ছি। কাজেই আমি আপনাদের বলব, সব অর্জন একেবারে ধ্বংস হয়ে গেল এ ঘটনায়; এই যদি আপনাদের চিন্তাভাবনা হয়, তাহলে আমার মনে হয়, ওই বিএনপি-জামায়াত রাজাকারদের যে উদ্দেশ্য, সেটাই সফল।’
প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার ক্রিকেট দল না আসার প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেট দল যে এল না, অস্ট্রেলিয়ায় কী ঘটল? সেখানেও সঙ্গে সঙ্গে দুজনকে গুলি করে মারল। আমি জানি না, আমাদের মিডিয়াগুলো হাইলাইট করেছে কি না। অস্ট্রেলিয়া কী জবাব দেবে? যেসব দেশ বাংলাদেশে একজন হত্যার পর রি-অ্যাকশন দেখাল, তারা অস্ট্রেলিয়ার এই হত্যাকাণ্ড এবং আমেরিকার স্কুলে গুলি করে হত্যার পর কী করল? তারা কি সেখানে ঘোষণা দিয়ে দিয়েছে, এখানে রেড অ্যালার্ট হয়ে গেছে? আমরা একটা ঘটনা ঘটলে বেশি সেনসেটিভ হয়ে যাই। অর্জনগুলো যেন শ্যাডো হয়ে গেল। অর্জনগুলো হারিয়ে গেল। আমরা এত মানসিক দৈন্যে কেন ভুগি?’
গবেষণায় এসেছে, সরকার ও দলের চেয়ে প্রধানমন্ত্রী বেশি জনপ্রিয়। দল, সরকার ও ব্যক্তি শেখ হাসিনার মধ্যে এই পার্থক্য কেন—এ প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা গাছ যখন বেড়ে ওঠে, সেই গাছের শিকড় থাকে। আপনি গাছটা দেখেন, ফুলটা দেখেন, ফলটা দেখেন। কিন্তু শিকড়টা দেখেন না। আমার রেটিং যাই হোক না কেন, আমার শিকড় হচ্ছে আমার দল। দলের সহযোগিতা আছে, সমর্থন আছে বলেই আমি এত দূর উঠতে পেরেছি।’
বাংলা নববর্ষে উৎসব ভাতা চালু করা নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে এই উৎসবে সবাই যোগ দেয়। সর্বজনীনভাবে এই উৎসব পালিত হয়। সেটা বিবেচনায় নিয়ে পয়লা বৈশাখে উৎসব বোনাস দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
দেশে সংকট নেই, বিদেশিদের আগ্রহ উন্নয়ন: বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিদেশি সরকারপ্রধানদের মনোভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নেদারল্যান্ডসের রানি, সুইডেন ও বেনিনের প্রধানমন্ত্রী—কেউ এসব বিষয়ে কোনো প্রশ্ন তোলেননি। তিনি বলেন, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী যাঁদের সঙ্গে দেখা হয়েছে, কেউ বাংলাদেশে সংকট বা নির্বাচন বিষয়ে আলোচনাই করেননি। বরং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকেই তাঁরা সাধুবাদ জানিয়েছেন।
জাতিসংঘে বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখন এলডিসির নেতৃত্বে বাংলাদেশ। এতই যদি রাজনৈতিক সংকট থাকত, তাহলে বাংলাদেশ এলডিসির নেতৃত্ব কীভাবে পেল? সংকট দেশের বাইরে না, দেশের ভেতরের কিছু মানুষের মনের সংকট চলছে। বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। বাইরে কোনো সংকটের কথা কেউ বলেননি, দেখিওনি।’
বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে বিদেশিরা ভালোভাবে নেয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটা-ওটা ঘটনা তো ঘটতেই থাকবে এবং তারা চুপ করে তো বসে থাকবে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব আর তারা চুপ করে বসে থাকবে, এটা আপনারা আশা করেন কী করে? তারা তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেই থাকবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা। আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, তাদের লবিস্ট আছে, টাকাপয়সা আছে। হয়তো লবিস্ট নিয়োগ করে কিছু কথা বলাতে পারে, লেখাতে পারে, এটা ঠিক। কিন্তু বাংলাদেশের উন্নয়নের ধারাটা আমরা রাখতে পেরেছি।’
আইএস নেই: দুজন বিদেশি নাগরিক হত্যায় আইএসের মতো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার খবর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতালির নাগরিককে হত্যার পর শিকাগো থেকে সোশ্যাল স্ট্যাটাস আসে—আইএস এর সঙ্গে জড়িত। তার সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনা তো তদন্ত করতে হবে। এখানকার গোয়েন্দারা কোনো সূত্র এখনো পায়নি। তখন কে একটা স্ট্যাটাস দিয়ে দিল, তা আমাদের গ্রহণ করতে হবে? কেন করতে হবে?’
জঙ্গি মোকাবিলায় বর্তমান সরকার নতুন কোনো কৌশল নিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম ও সীমানা নেই। কেউ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। দেশে কেউ কোথাও এ ধরনের কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তারা যথাযথ ব্যবস্থা নেবে।
সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: গাইবান্ধার আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলামের গুলিতে শিশু রক্তাক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, সেই সংগঠনে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি কি না, সেটাই বড় কথা। আমরা কিন্তু ঘটনা ধামাচাপা দিই না, প্রশ্রয়ও দিই না। কাল আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে আলাপ করেন। সঙ্গে সঙ্গে আমি বললাম, এখনই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জের রাজনৈতিক অবস্থা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, সুন্দরগঞ্জে জামায়াতের উৎপাত আছে। ওখানে সংগঠন টিকিয়ে রাখাই কঠিন। কারণ, ওখানে জামায়াতে ইসলামী খুন-খারাবি করছে। সেখানে আওয়ামী লীগের নেতাদের হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত করতে হবে। তবে সরকার সাংসদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে, মামলা দেওয়া হয়েছে।
দেশের সমস্যা দেশেরই সম্পদ দিয়ে মোকাবিলা করছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা করছি, শুরু করেছি। বাংলাদেশ এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। হাত পেতে চলা আর দাও দাও করা, এটা চাই না। আমরা মুক্তিযুদ্ধ করেছি। বিজয়ী জাতি। মাথা উঁচু করে চলতে চাই। যদি আমাদের নুন-ভাতও খেতে হয়, নিজের উপার্জনে খাব। ধার করা টাকা দিয়ে বিরিয়ানি খেতে রাজি না।’
আওয়ামী লীগেও দেশপ্রেমিক ব্যক্তি আছেন, ভবিষ্যতে সরকার গঠন করলে তাঁদের নিয়েই দেশ পরিচালনা করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে এমন বক্তৃতা করেছেন বলে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি কী বললেন? উনি আওয়ামী লীগে প্রেমিক খুঁজে পেয়েছেন? উনি আওয়ামী লীগে প্রেমিক কীভাবে খুঁজে পেলেন, আমি জানি না। উনি যদি আওয়ামী লীগে দেশপ্রেমিক খুঁজে পান, খুব ভালো কথা।’
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি-জামায়াতের বিক্ষোভে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘তাঁর ব্যাপারে আমার কমেন্ট করার কিছু নাই। যার যে আপন জায়গা খুঁজে পেয়েছে। দেশবাসী বিচার করুক।’
prothom alo

বিজেপি-আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্র বানাতে চায়’


ইকলাখ-কাণ্ড নিয়ে সমাজবাদী পার্টি (এসপি) জাতিসংঘের দ্বারস্থ হতে চলেছে। উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী ও সমাজবাদী পার্টির শীর্ষ নেতা আজম খান আজ সোমবার লখনৌয়ে বলেছেন, ন্যায়বিচারের আশায় তিনি জাতিসংঘের দ্বারস্থ হবেন। সে জন্য ইতিমধ্যেই তিনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুনের কাছে সময় চেয়েছেন।
দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় বিসাদা গ্রামে গত সপ্তাহে একটা বাছুর জবাইয়ের গুজবের বলি হন মুহম্মদ ইকলাখ। সেই ঘটনায় তাঁর ছোট পুত্র দানিস গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
গো-হত্যার অভিযোগে ইকলাখ-খুনকে কেন্দ্র করে দেশের রাজনীতি সেই থেকে সরগরম। আজম খান এই ঘটনাকে বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে তুলনা করে সোমবার বলেন, বিজেপি ও আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চলেছে। ইকলাখ হত্যা তারই একটা ধাপ। তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষ ভারত যদি হিন্দুরাষ্ট্র হয়ে যায়, তা হলে এ দেশে মুসলমানদের ভূমিকা কী হবে?’ তিনি বলেন, জাতিসংঘে তাঁরা এটাই জানতে চাইবেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব ইতিমধ্যেই ইকলাখের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সবরকমের সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন। ৪৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন তিনি। দানিসের চিকিৎসার দায়িত্বও সরকার নিয়েছে। রাজ্য বিজেপি নেতারা আবার এই সিদ্ধান্তে ক্ষিপ্ত। তাঁরা বলছেন, রাজ্য সরকার মুসলিম-তোষণের রাজনীতি শুরু করেছে। স্থানীয় বিজেপি নেতাদের আরও ক্ষোভ, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ৭ জনই বিজেপি পরিবারের সদস্য। মুজফফরনগরের দাঙ্গায় অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত বিজেপির বিধায়ক সঙ্গীত সোম বিসাদা গ্রামে গিয়ে অভিযুক্তদের পরিবারের সঙ্গে গতকাল রোববার দেখা করেন। সেখানে তিনি বলেছেন, নির্দোষ যুবকেরা শাস্তি পেলে দল তার উপযুক্ত জবাব দেবে।
গো-হত্যা ও নরহত্যা নিয়ে রাজনীতির এই চাপান-উতোরের মধ্যেই হতে চলেছে বিহারের নির্বাচন এবং সেখানেও উন্নয়নের স্লোগানকে পেছনে ফেলে সামনে চলে এসেছে গরুর রাজনীতি। বিজেপি জিতলে যাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সুশীল কুমার মোদি বলেছেন, দল বিহারে সরকার গড়লে গোটা রাজ্যে গো-হত্যা নিষিদ্ধ করা হবে। প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেছেন, ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি গরু পাচার বন্ধ করে দিয়েছেন। বিসাদা গ্রামের ঘটনায় প্রধানমন্ত্রী এখনো কিন্তু মুখ খোলেননি। ভোটের মুখে লালু প্রসাদ তাই মোদিকে কটাক্ষ করে বলেছেন, উনি অন্ধ ধৃতরাষ্ট্র।
ইকলাখের পরিবার আপাতত বিসাদা গ্রামে নেই। গোটা তল্লাট পুলিশে সয়লাব। গ্রামবাসীরা চাইছেন না এই ঘটনা নিয়ে রাজনীতি হোক। তাঁরা এ-ও চাইছেন না নিহত ইকলাখের পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাক। স্থানীয় হিন্দুরা ইকলাখের পরিবারকে এ নিয়ে ‘অনুরোধ’ও করেছেন।
এই পরিস্থিতিতে ইকলাখের বড় পুত্র মুহম্মদ সরতাজ এক বেসরকারি টিভির অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, ‘এমনটা ঘটতে পারে কখনো ভাবিনি। গ্রামের অধিকাংশ মানুষই ভালো। সবাই সব সময় মিলেমিশে থেকেছি। দুচারজন খারাপ হয়তো এই কাজ করেছে। কিন্তু গ্রামবাসীরাই সবাইকে আগলে রাখছে।’ সরতাজ ভারতীয় বিমানবাহিনীর কর্মী। ঘটনার দিন চেন্নাইয়ে ছিলেন। রাজনীতিবিদদের প্রতি তাঁর আবেদন, দয়া করে এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। এটা রাজনীতি করার সময় নয়।
prothom alo

মিনায় নিহত বাংলাদেশী হাজির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে

    মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাড়ালো ৫১ জনে             হজ্জের সময় ভিড়ে চাপা পড়ে সেসময় নিহত হন ৭৬৯ জন। (ফাইল ছবি)                

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিবিসিকে জানিয়েছেন, মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশী হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
তবে এখনও পর্যন্ত ১৩০ জন বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নিখোঁজদের খোঁজে কাজ চলছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে যেয়ে খোঁজখবর চালাচ্ছেন।
সৌদি কর্তৃপক্ষ নিহত হাজিদের ছবি ধাপে ধাপে প্রতিদিন প্রকাশ করছে।
নিখোঁজ বাংলাদেশী হাজিদের স্বজনদের মিনার পাশের এলাকা মুয়াইসামে যেয়ে সেখানে প্রকাশিত ছবি যাচাই করতে বলেছে দূতাবাস।
গত ২৪শে সেপ্টেম্বর মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।
bbc bangla

বান্দরবানে দুইজন পর্যটকসহ ৩ জন নিখোঁজ

   

 
বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান বিবিসিকে জানিয়েছেন ঢাকা থেকে বান্দরবানে বেড়াতে যাওয়া দুইজন পর্যটক ও তাদের সঙ্গে থাকা স্থানীয় একজন গাইডকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে তারা খবর পেয়েছেন।
নিখোঁজদের খুঁজতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলাম জানিয়েছেন, মুন্না ও জুবায়ের নামে দুজন পর্যটক ও স্থানীয় বাসিন্দা মানসাই ম্রোকে একদল অস্ত্রধারী ধরে নিয়ে গেছে বলে জেনেছেন তারা।
মি: ইসলাম জানান, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সশস্ত্র অপহরণকারী দলের পোশাক দেখে মনে হয়েছে তারা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্য।
মনিরুল ইসলাম জানাচ্ছেন, পর্যটক দু'জন গত ২৮শে সেপ্টেম্বর থেকে বান্দরবানে ছিলেন।
গত ৩রা অক্টোবর শনিবার রুমা উপজেলার শেষ সীমায় বিলাইছড়ির নতুনপুকুর এলাকায় ছিলেন তারা, সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দা মানসাই ম্রো।
মনিরুল ইসলাম জানাচ্ছেন, ওই জায়গা থেকেই অস্ত্রধারীরা তাদের অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা এবং তারা মনে করছেন এই তিনজনকে অপহরণ করে সশস্ত্র দলটি ভারত সীমান্ত দিয়ে পার হয়ে গেছে।
এরপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছেনা ওই তিনজনের।
স্থানীয়ভাবে মনে করা হচ্ছে গত আগস্ট মাসে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছিল বলে এর প্রতিশোধ নিতে ওই সংগঠনটি এমন করেছে।
ঘটনাটি ৩রা অক্টোবর ঘটলেও গত দুইদিনে তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে বিলাইছড়ি উপজেলার বরথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে ঘটনা সম্পর্কে জানিয়েছেন।