বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট সিস্টেম ক্রয়ে অনুমোদন

--------------------_somoyerkonthosor

সময়ের কণ্ঠস্বর : বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের ‘স্যাটেলাইট সিস্টেম’ ক্রয়সহ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
  সচিবালয়ে মঙ্গলবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু উপগ্রহে স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। টার্ণ-কি পদ্ধতিতে এটি কিনতে ব্যয় হবে ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা। আর এ কাজটি করবে ফ্রান্সের প্রতিষ্ঠান থেলাস এলিনিয়া স্পেস। এক প্রশ্নে জবাবে তিনি জানান, স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের বিষয়টি এ প্রকল্পের মূল কাজ। এর আগে প্রকল্পের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একটি স্লট ক্রয় ও অপরটি পরামর্শক নিয়োগ। তিনি বলেন, মোহাম্মদপুর ‘এফ’ ব্লকে সীমিত আয়ের লোকদের কাছে বিক্রির জন্য ১ হাজার ২০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ১৬ তলা বিশিষ্ট দুটি ভবন (৭ ও ৮) নির্মাণ কাজের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, এর মধ্যে ৭ নম্বর ভবনের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব বাবদ ব্যয় বেড়েছে ৯৯ লাখ ১২ হাজার টাকা। আর ব্যয় বৃদ্ধির ফলে মোট ব্যয় দাঁড়িয়েছে ১৮ কোটি ১৮ লাখ টাকা। অন্যদিকে, ৮ নম্বর ভবনের দ্বিতীয় ভেরিয়েশনের ব্যয় বেড়েছে ৯৮ লাখ ৭৩ হাজার টাকা। এতে মোট ব্যয় বেড়েছে ১৮ কোটি ১৯ লাখ টাকা। সরকার বলছে, বঙ্গবন্ধু উপগ্রহ উৎক্ষেপণের ফলে বাংলাদেশের স্যাটেলাইট টিভি অপারেটরদের আর বিদেশ থেকে ব্যান্ডউইডথ ভাড়া করে সম্প্রচার চালাতে হবে না। এই কৃত্রিম উপগ্রহ দিয়ে টেলিযোগাযোগ সেবাও দেওয়া সম্ভব হবে। এতে বছরে ১১০ কোটি টাকার বিদেশি মুদ্রা সাশ্রয় হবে । ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ’ প্রকল্পের আওতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বাংলাদেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ, যাতে টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সেবা দেওয়ার জন্য ৪০টি ‘ট্রান্সপন্ডার’ থাকবে। ভূমি থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে। গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে এ দুটি স্টেশন হবে। ২০১৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। -

জর্জিয়ার বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার

 f1435ef14123367fc4ac050ef19548f5_XL

জর্জিয়ার কোস্টগার্ডকে ‘প্রশিক্ষণ দিতে’ একটি মার্কিন যুদ্ধজাহাজ আজ (মঙ্গলবার) জর্জিয়ার উপকূলে ভিড়েছে। ইউক্রেন সংকট এবং সিরিয়ায় রুশ হামলাকে কেন্দ্র করে যখন ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে টানটান উত্তেজনা বিরাজ করছে তখন এ খবর পাওয়া গেল। গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার সমৃদ্ধ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার মার্কিন ৬ষ্ঠ নৌবহরের অন্যতম সদস্য। এটি আজ (মঙ্গলবার) জর্জিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী বাতুমি নৌ ঘাঁটিতে নোঙ্গর করেছে। জর্জিয়ার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধজাহাজটি তিনদিন ওই বন্দরে অবস্থান করবে। বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটো জোটের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে প্রতিশ্রুতি আমেরিকার রয়েছে তা বাস্তবায়নের অংশ হিসেবে ইউএসএস পোর্টার জর্জিয়ায় এসেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে রাশিয়ার সীমান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। রাশিয়া এ বিষয়টির তীব্র বিরোধিতা করেছে। এ কারণে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া প্রজাতন্ত্র জর্জিয়ার সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতাকে ভালো চোখে দেখে না মস্কো। ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে রাশিয়ার সংক্ষিপ্ত এক যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে করে জর্জিয়ায় ‘মানবীয় ত্রাণ’ পাঠায়। তারপর থেকে দেশটিতে প্রায় নিয়মিত যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ওয়াশিংটন। কিন্তু রাশিয়া তৎকালীন মার্কিন প্রেডসি জর্জ ডাব্লিউ বুশের ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছিল, ত্রাণ পাঠানোর জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। 
somoyer konthoshor

সৌদি এক সুন্দরী তরুণীর অভিজ্ঞতা!

Sarah-620x360

 সারাহ মিশরি, সৌদি আরবের এক সুন্দরী তরুণী। তবে তিনি গত ১০ মাস ধরে ইরানে বসবাস করছেন। পড়াশোনা করার জন্যই মূলত ইরানে আসা। ইরানে নিজের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে লিখে জানান সারাহ।

 তিনি লিখেছেন, সৌদি আরব ও ইরানের মধ্যে বৈরী সম্পর্ক রয়েছে এই বিষয়টি গোপনীয় নয়। হজের সময় সৌদিতে ক্রেন দুর্ঘটনা ও মিনায় পদপিষ্ট হয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মৃত্যুর মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে উঠে। ইরানের অনেক সাহিত্য ও কাহিনী পড়েছি। ইরানের প্রতি দুর্বলতার জন্যই লন্ডন থেকে ইরানে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমার এই সিদ্ধান্ত পরিবারের কোন সদস্য মেনে নেয়নি। তারা আমাকে সবাই বাধা দেয় ইরানে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। আমি ইরানে আসার পরে একজন জিজ্ঞেস করেন ইরানে আপনার নেতিবাচক অভিজ্ঞতা কি? উত্তরে আমি তাদের বলি এখনো কোন নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হইনি। হজ করতে গিয়ে সৌদিতে শতশত ইরানি নাগরিকের প্রাণহানির জন্য সৌদি নাগরিক হিসেবে ইরানের কোন নাগরিক আমাকে বিন্দুমাত্র বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি। আমি সুন্নি নাগরিক হলেও ইরানের নাগরিকরা আমার প্রতি যত্নের কোন হেরফের করেনি। ইরানিরা অনেক দয়ালু ও আন্তরিক। তারা মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকে সত্যিই ভিন্ন। ভিন্ন ভিন্ন মানুষের রাজনৈতিক আদর্শ ভিন্নরকম। আমি যখন কথা বলি ইরানিরা আমাকে ভারতীয় নাগরিক মনে করে। আমার ফার্সি উচ্চারণের জন্যই আমাকে ভারতীয় নাগরিক মনে করেন তারা। যখন জানতে পারে আমি সৌদির নাগরিক তখন আরো বেশি আগ্রহ নিয়ে আমার কাছে আসে তারা। জানতে চায় সৌদির নাগরিক হয়েও কেন ইরানে থাকছি। আমি ইরান পছন্দ করি কি না এসব বিষয় জানতে চায় তারা। আমি ইরানের অনেক অঞ্চল ভ্রমণ করেছি। ইরানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর শহর রয়েছে। ইরানিদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। একবার ব্যাগ হারিয়ে গিয়েছিল। ব্যাগে ড্রাইভিং লাইসেন্স, আইডিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। আমার বন্ধু ও পুলিশ বলছিল এটি পাওয়া যাবে না। আমার মন ভিষণ খারাপ হয়ে গিয়েছিল। তার কিছুদিন পরেই এক মহিলা আমাকে ফোন দিয়ে জানায় সে একজন ট্যাক্সি চালকের স্ত্রী। তার স্বামীর ট্যাক্সি থেকে একটি ব্যাগ পেয়েছেন। পরে ব্যাগটি আমাকে ফেরত দেয়। সারা পৃথিবীতে উগ্রবাদী রয়েছে শুনেছি তবে ইরানে একজনও উগ্রবাদী দেখিনি। মিনা দুর্ঘটনার পরে আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। আগে তারা আমার সঙ্গে যে ব্যবহার করত মিনা দুর্ঘটনার পরেও একই ব্যবহার করছে কোন ব্যতিক্রম ব্যবহার করেনি। মিনা ট্রাজেডির পরে একদিন আমি একটি ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খেতে যাই। সেখানে আমার ইরানের এক বন্ধু দুষ্টুমী করে রেষ্টুরেন্টের ক্যাশিয়ারকে বলে আমার কাছে কোন খাবার বিক্রি না করে কারণ আমি সৌদির নাগরিক। সঙ্গে সঙ্গে ইরানের কয়েকজন এসে তাদের দেশের নাগরিকের এমন বিরুপ আচরণের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে আমি তাদের বলি আমরা মজা করছি, আমরা দুই জন বন্ধু।

সময়ের কণ্ঠস্বর ডেস্ক :

ইকবালের ভাতিজার কাণ্ডে কেন ব্যবস্থা নয়: হাই কোর্ট

গুলশানে এইচ বি এম ইকবালের ভাতিজার গাড়ির ধাক্কায় চারজন আহত হওয়ার পর ফেইসবুকে আসা ছবি।
গুলশানে এইচ বি এম ইকবালের ভাতিজার গাড়ির ধাক্কায় চারজন আহত হওয়ার পর ফেইসবুকে আসা ছবি।
            
 
 ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের ভাতিজার গাড়ির ধাক্কায় চারজন আহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

অর্ধশত স্বেচ্ছাসেবীকে ‘ছুটিতে’ ফেরত পাঠাচ্ছে জাপান


বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত জাইকার ৪৮ জন স্বেচ্ছাসেবীকে চার সপ্তাহের ছুটিতে পাঠাচ্ছে জাপান। রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যার পর বিপন্ন বোধ করায় তাদের সাময়িকভাবে দেশে ফেরত নেওয়া হচ্ছে। জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থায় (জাইকা) কর্মরত দুই জ্যেষ্ঠ কর্মকর্তা আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই কর্মকর্তা বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটলে নভেম্বরের শেষে জাইকার এসব স্বেচ্ছাসেবী ফিরে আসবেন।
জাইকার কর্মকর্তারা বলেন, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে কর্মরত ৬৮ জন স্বেচ্ছাসেবীর মধ্যে ৪৮ জনকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এঁদের মধ্যে ৩১ জনকে আজ মঙ্গলবার টোকিওতে পাঠানো হয়েছে। বাকি ১৭ জনকে কাল বুধবার নিজ দেশে পাঠানোর কথা রয়েছে। এসব স্বেচ্ছাসেবী রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ছিলেন। যে ২০ জন স্বেচ্ছাসেবী বাংলাদেশে থাকবেন, তাঁদের সবাই কাজ করছেন শহর এলাকায়।
গত ৩ অক্টোবর রংপুরে কুনিও হোশিকে হত্যার পর থেকেই জাইকার স্বেচ্ছাসেবীদের চলাফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে জাপান সরকার। কুনিও হত্যার পর যেসব স্বেচ্ছাসেবী বিপন্ন বোধ করছিলেন তাদের কাউকে কাউকে আগেই ঢাকায় নিয়ে আসা হয়েছিল। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় কর্মরতরা এত দিন নিজেদের আবাসস্থলে অনেকটা স্বেচ্ছাবন্দী হয়েছিলেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জাইকার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কুনিও হত্যার পর জাপানের সরকারি কর্মকর্তা ও নাগরিকদের পায়ে হেঁটে, রিকশায় ও খোলামেলা পরিবহনে চলাফেরার করতে নিষেধ করা হয়। গাড়ি ছাড়া চলাফেরা না করতে জাপানের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বার্তা দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত জাইকার স্বেচ্ছাসেবীদের নিজেদের আবাসে বসে থাকা ছাড়া উপায় ছিল না। কারণ জাইকার বর্তমান কাঠামোতে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত তাঁদের সব স্বেচ্ছাসেবীকে গাড়ি দেওয়া সম্ভব নয়।
জাইকার অপর এক কর্মকর্তা বলেন, স্বেচ্ছাসেবীদের চার সপ্তাহের জন্য জাপানে ফেরত নেওয়া হচ্ছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাঁদের আবার বাংলাদেশে আনা হবে।
অবশ্য এর আগে গত জানুয়ারিতে দেশে রাজনৈতিক সংঘাত শুরু হওয়ার পরপর জাইকার স্বেচ্ছাসেবীদের সাময়িকভাবে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময় তাদের নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে স্বেচ্ছাসেবী পাঠিয়ে আসছে জাপান। এ পর্যন্ত এ দেশের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন খাতে কাজ করেছেন ১২ শরও বেশি জাপানি স্বেচ্ছাসেবী।
prothom alo

অস্ট্রেলীয়র পায়ে আঁকা হিন্দু দেবীর উল্কি নিয়ে ভারতে বিতর্ক

 
                     ম্যাথিউ গর্ডন অভিযোগ করেছেন তাকে এই কোনারক রেস্তোঁরায় হয়রানির শিকার হতে হয়         
       
এক অস্ট্রেলীয় অভিযোগ করেছেন তার পায়ে আঁকা হিন্দু দেবতার উল্কির কারণে তাকে এক রেস্তোঁরায় হেনস্থার শিকার হতে হয়েছে।
পুলিশ বলছে ওই ব্যক্তি শহর ছেড়ে চলে গেছেন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর শহরে।
ম্যাথিউ গর্ডন নামে ওই ব্যক্তি বলেছেন তার হাতে আঁকা ওই ছবির কারণে তাকে ও তার বান্ধবীকে শহরের একটি রেস্তোঁরায় হয়রানি করা হয় এবং তাকে থানায় গিয়ে ক্ষমা চেয়ে চিঠি লিখতে বাধ্য করা হয়।
তবে ব্যাঙ্গালোর পুলিশ বিবিসি হিন্দিকে জানায় ওই ব্যক্তিকে ক্ষমা চেয়ে কোনোরকম চিঠি লিখতে বাধ্য করা হয় নি।
ভারতে অস্ট্রেলীয় দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলীয় নাগরিকদের স্থানীয় রীতিনীতি ও আচার সম্পর্কে যথাযথ গবেষণা করার অনুরোধ জানানো হয়েছে।
ব্যাঙ্গালোর পুলিশ বলছে তারা ঘটনাটা তদন্ত করে দেখছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে মিঃ গর্ডন বলেন একদল লোক তাদের রেস্তোঁরায় হেনস্থা করতে শুরু করেন, যাদের রাজনৈতিক দলের সদস্য বলে মনে হয়েছে।
''এদের একজন আমার কাছে এসে আমার উল্কি নিয়ে প্রশ্ন করে। কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের ঘিরে ফেলে এবং বলে আমার পায়ের চামড়া ছাড়িয়ে ওই ছবি তুলে ফেলবে।''
মিঃ গর্ডনকে হয়রানি যারা করেছিল তাদের মধ্যে একজন রমেশ ইয়াদব বিজেপির স্থানীয় কর্মী।
তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ মিঃ গর্ডনকে ক্ষমা চেয়ে যে চিঠি লিখতে বাধ্য করেছিল বলে তিনি অভিযোগ করেছেন তার কপি মিঃ গর্ডন তার ফেসবুক পাতায় পোস্ট করেছেন।
''আমার চামড়ায় আমি কী ছবি উল্কি করিয়েছি তার জন্য আমাকে ক্ষমা কেন চাইতে হবে এবং হয়রানিরই বা শিকার হতে হবে?'' লিখেছেন মিঃ গর্ডন।

 bbc

নারী সংবাদকর্মীদের সংবাদমাধ্যমে কাজ না করার হুমকি

 
                     অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ প্রমুখ ব্লগার হত্যাকান্ডের পর দায়িত্ব স্বীকার করে বার্তা প্রচার করেছিল আনসারুল্লাহ বাংলা টিম।    
            
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠনের নাম দিয়ে হুমকি সম্বলিত ইমেইল পাঠানোর পর দেশটির পুলিশ বলছে, এই হুমকিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং গোয়েন্দারা এখন এই ইমেইলের সত্যতা নিরূপণ ও করণীয় ঠিক করতে কাজ করছে।
সোমবারই ‘সকল গণমাধ্যমের প্রতি খোলা চিঠি এবং হুঁশিয়ারি বার্তা’ শিরোনামের ওই ইমেইলটি পায় বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যম যেখানে সংবাদমাধ্যমগুলোকে জঙ্গীবাদবিরোধী খবর প্রচার না করতে এবং নারী সংবাদকর্মীদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ ছয়টি নির্দেশনার কথা তুলে ধরা হয়। এবং এই নির্দেশনা না মানলে সংবাদমাধ্যম সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়।
আনসারুল্লাহ বাংলা বিডি অ্যাট জিমেইল ডট কম, এই ঠিকানা থেকে ইমেইলটি যায় দুই ডজনেরও বেশি সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমের ইমেইল ঠিকানায়।
ইমেইলে যে ছয়টি দাবির কথা বলা হয়, তার প্রথমটিতেই উল্লেখ করা হয় কোনো নারী সংবাদকর্মী সংবাদমাধ্যমে কাজ করতে পারবে না।
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের বার্তা সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ বলছেন, ইমেইলটি পাওয়ার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, পুলিশকে জানিয়েছেন এবং কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন।
তবে সব সংবাদমাধ্যমই যে চিঠিটিকে গুরুত্বের সাথে নিয়েছে তেমনটি নয়।
দৈনিক মানবজমিনের বার্তা সম্পাদক কাজল ঘোষ বলছেন, গণমাধ্যমকর্মীদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। ফলে এই ইমেইলটিকে আলাদাভাবে দেখছেন না তারা।
তাছাড়া এই ইমেইলটির সত্যতা নিয়েও সংশয় প্রকাশ করেন মি. ঘোষ।
তবে পুলিশ বলছে তারা এই হুমকিটিকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে।
ঢাকায় পুলিশের মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলছেন, গোয়েন্দারা ইমেইলটির সত্যতা নিরূপণ এবং উৎস সন্ধানের কাজ করছেন।
তাছাড়া এ সম্পর্কিত করণীয়ও তারা ঠিক করার প্রক্রিয়ায় রয়েছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশে সম্প্রতি আততায়ীদের হাতে নিহত একাধিক ব্লগার ও লেখক হত্যাকান্ডের ঘটনায় এই আনসারুল্লাহ বাংলা টিমের হাত রয়েছে বলে ধারণা করা হয়।
এর মধ্যে অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ প্রমুখ ব্লগার হত্যাকাণ্ডের ঘটনার পরপরই দায়িত্ব স্বীকার করে বার্তা প্রচার করেছিল আনসারুল্লাহ বাংলা টিম নামে এই নিষিদ্ধ সংগঠনটি।