শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬

যে ছবি দেখে অঝোরে কাঁদলেন হৃতিক রোশন-আমির খান

Image copyrightbbc delhi
Image caption৫ই সেপ্টেম্বর ১৯৮৬ সালে ৩৬১ জন যাত্রী ও ১৯জন ক্রু নিয়ে প্যান অ্যাম বিমানটি হাইজ্যাক করে চারজন সশস্ত্র যাত্রী। (নীরজা ছবির একটি দৃশ্য)
সালটা ১৯৮৬, তারিখ ৫ই সেপ্টেম্বর। পাকিস্তানের করাচি বিমানবন্দরে মুম্বাই থেকে সবে এসে নেমেছে প্যান অ্যামের ফ্লাইট ৭৩, একটু বাদেই তা রওনা দেবে ফ্রাঙ্কফুর্ট হয়ে নিউ ইয়র্কের পথে।
ঠিক সেই সময়ই ৩৬১জন যাত্রী আর ১৯জন ক্রু সদস্যকে নিয়ে সেই বিমানটিকে হাইজ্যাক করে চারজন সশস্ত্র জঙ্গী।
লিবিয়ার মদতপুষ্ট আবু নিদাল অর্গানাইজেশনের সদস্য সেই জঙ্গীরা চেয়েছিল সেটিকে ইসরায়েলে উড়িয়ে নিয়ে গিয়ে কোনও উঁচু ভবনের সঙ্গে ধাক্কা মেরে বিরাট এক আঘাত হানতে।
ওই বিমানের ফ্লাইট পার্সার, অর্থাৎ প্রধান ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন নীরজা ভানোত – যার ওপর ছিল বিমানের সব আরোহীর দেখাশোনা আর তাদের যাত্রাকে আরামদায়ক করে তোলার প্রধান দায়িত্ব।
ভারতের চন্ডীগড়ে জন্মানো নীরজা তখন তার তেইশতম জন্মদিন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে – মডেলিং আর প্যান অ্যাম এয়ারলাইন্সের চাকরি সামলে কেরিয়ারে তরতর করে উন্নতি করছেন।
ছিনতাই হওয়া বিমানটিতে জঙ্গীদের প্রথম নিশানা ছিলেন মার্কিন নাগরিকরা। মোট ৪১জন মার্কিন নাগরিক ছিলেন সেই বিমানে।
কিন্তু নীরজা ও তার সঙ্গী অ্যাটেনডেন্টরা মিলে প্রথমেই কৌশলে সেই মার্কিন নাগরিকদের পাসপোর্টগুলো লুকিয়ে ফেলেন – যাতে জঙ্গীরা তাদের আলাদা করতে না পারে।
Image copyrightTrailer of Neerja
Image captionতিনটি বাচ্চাকে অসম সাহসিকতায় জঙ্গীদের বুলেটবৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে নীরজা নিজের প্রাণ আর বাঁচাতে পারেননি। (নীরজা ছবির দৃশ্য)
করাচি এয়ারপোর্টে ১৭ ঘন্টা ধরে হাইজ্যাক করে রাখার পর বিমানের ভেতর জঙ্গীরা গুলি চালাতে ও বিস্ফোরক প্রয়োগ করতে শুরু করে – তখনই মরিয়া নীরজা ভানোত বিমানের ইমার্জেন্সি ডোর খুলে একে একে যাত্রীদের বাইরে বের করতে থাকেন।
ইমার্জেন্সি ডোর খোলার পর নীরজা নিজেই প্রথমে বাইরে বেরোতে পারতেন, কিন্তু তা না-করে তিনি আগে সব যাত্রীকে বেরোতে সাহায্য করেন।
কিন্তু তিনটি বাচ্চাকে অসম সাহসিকতায় জঙ্গীদের বুলেটবৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে নীরজা নিজের প্রাণ আর বাঁচাতে পারেননি, বিমানের ভেতরই গুলিতে লুটিয়ে পড়ে তার নিথর দেহ।
শেষ পর্যন্ত ৪১জন মার্কিন যাত্রীর মধ্যে মারা যান মাত্র দুজন। ভারত, পাকিস্তান, আমেরিকা ছাড়াও ইউরোপ ও এশিয়ার নানা দেশের যাত্রীরা ছিলেন ওই বিমানে – নিজের প্রাণ দিয়ে তাদের এক রকম জীবন উপহার দিয়ে যান নীরজা ভানোত।
আজ থেকে প্রায় তিরিশ বছর আগে নীরজার সেই অসম সাহসিকতা আর মানবিকতা আজ প্রায় রূপকথার মতো শোনাতে পারে – তবে ভারত ও পাকিস্তান দুই দেশই কিন্তু তাকে অসীম শ্রদ্ধায় কুর্নিশ জানিয়েছিল।
নীরজা ভানোতকে ভারত সরকার মরণোত্তরভাবে সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা সম্মান অশোক চক্রে ভূষিত করেছিল। ২০০৪ সালে ভারতের পোস্টাল সার্ভিস তার সম্মানে একটি ডাকটিকিটও প্রকাশ করে।
যে দেশের মাটিতে নীরজা ভানোত অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, সেই পাকিস্তান সরকারও তাকে ‘তামঘা-ই-ইনসানিয়াত’ খেতাবে ভূষিত করেছিল, যা সে দেশে মানবিকতার শ্রেষ্ঠ স্বীকৃতি।
Image copyrightIndia gov
Image caption২০০৪ সালে ভারতের পোস্টাল সার্ভিস তার সম্মানে একটি ডাকটিকিটও প্রকাশ করে।
একজন মানুষ ভারত ও পাকিস্তান, উভয় দেশেই তার সাহস ও মানবিকতার জন্য সেরা সম্মানে সম্মানিত হয়েছেন – নীরজা ভানোত ছাড়া এমন দৃষ্টান্ত বোধহয় আর একটিও নেই।
নীরজা ভানোতের জীবনের এই অসাধারণ কাহিনি নিয়েই শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে একটি সিনেমা – নীরজা নামে যে ছবিটির পরিচালক হলেন রাম মাধবানি।
এই জীবনী-ভিত্তিক ছবি বা বায়োপিকে নীরজার ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
ভারতের চলচ্চিত্র জগতের দিকপালরা প্রায় সবাই মুক্তির আগে এই ছবিটির প্রিভিউ প্রিমিয়ার দেখে উচ্ছ্বসিত – তাদের প্রত্যেকে টুইটারে বা সোশ্যাল মিডিয়াতে নীরজা ছবির প্রশংসায় ফেটে পড়েছেন।
বলিউড তারকা হৃতিক রোশন টুইট করেছেন ‘অবিশ্বাস্য একটা পারফরম্যান্স! কোন্ ছবি দেখে শেষবার এত কেঁদেছি, মনে করতে পারলাম না!’
Image copyrightspice
Image captionনীরজা ছবিতে ফ্লাইট অ্রাটেনডেন্ট নীরজা ভানোতের ভূমিকায় বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
আর এক তারকা আমির খানও নীরজা দেখে একই রকম উচ্ছ্বসিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনিও বলেছেন সকলের এই ছবিটা দেখা উচিত।
মুম্বাইয়ে সিনেমা-জগতের ছোটবড় প্রায় সব অভিনেতাই নীরজা নিয়ে একই রকম ভাললাগা ব্যক্ত করেছেন।
নীরজার জীবনের এই গল্প বলার জন্য তার পরিবার এই ছবির নির্মাতাদের কাছে একটি পয়সাও রয়্যালটি দাবি করেননি।
গোটা ভারত এখন রুদ্ধশ্বাস উত্তেজনায় তিন দশক আগের এক অবিশ্বাস্য মানবিকতার চিত্রায়ন দেখার অপেক্ষায় বসে আছে!

মাহফুজ আনাম ইস্যুতে আওয়ামী লীগে ভিন্ন ভিন্ন মত

Image captionমাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি।
বাংলাদেশে ইংরেজী দৈনিক দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মানহানির মামলা নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন।
এদের একাংশ বলছেন, একজন সম্পাদকের বিরুদ্ধে এই মামলা সরকার ও দলের জন্য অস্বস্তি তৈরি করছে। অন্য অংশটি মামলার প্রতি সমর্থন জানাচ্ছেন।
মি. আনামের বিরুদ্ধে এপর্যন্ত ৭৩টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলায় মানহানির অভিযোগ এনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মি: আনাম ডিজিএফআইয়ের দেয়া তথ্য যাচাই না করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করেছিলেন।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের শাস্তি চেয়ে প্রথম বক্তব্য তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং ছেলে সজিব ওয়াজেদ জয়। ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মাহফুজ আনামের গ্রেপ্তার এবং বিচার চেয়েছিলেন।
এরপরই দেখা গেছে, সংসদে ইস্যুটি তোলেন আওয়ামী লীগের কয়েকজন সদস্য। এখন সারাদেশে একের পর এক মামলা হচ্ছে মাহফুজ আনামের বিরুদ্ধে।
তবে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী একের পর এক মামলা করাকে বাড়াবাড়ি বলে মনে করেন।
''আমার অবাক লাগে - এটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়েছে। জয় কিন্তু কথা বলে ছেড়ে দিয়েছে। জয় কোনো কেস করে নাই। প্রধানমন্ত্রী কোনো কেস করে নাই। অন্য লোক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করছে। মাহফুজ আনাম দেশদ্রোহী না। ভিন্নমত হইতে পারেন।'' বেসরকারি টেলিভিশন বাংলাভিসনে নিউজ অ্যান্ড ভিউজ নামে অনুষ্ঠানে বলেন শফিক সিদ্দিকী।
তিনি প্রশ্ন তোলেন মানহানির মামলা অন্য কেউ কীভাবে করেন?
মাহফুজ আনামকে ঘিরে এই ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কোনো বক্তব্য এখনও আসে নি।
তবে আওয়ামী লীগের ভেতর থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে। এখনকার পরিস্থিতি নিয়ে সরকার এবং আওয়ামী লীগ যে সমালোচনার মুখে পড়ছে সেটা দলের অনেকেই স্বীকার করছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ আলম লেনিন মনে করেন, পরিস্থিতিটা সরকার এবং তাদের দলের জন্য অস্বস্তি তৈরি করছে।
“ফেসবুকে দেয়া সজিব ওয়াজেদ জয়ের বক্তব্যের সাথে মামলার কোন সম্পর্ক নেই। এটা একটা সাধারণ প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়া থেকে কেউ উৎসাহে, কেউ অতিউৎসাহে মামলা করছে।”
মি: লেনিন আরও বলেছেন, “একদিকে কর্মীদের ক্ষোভের প্রকাশ ঘটছে, এটা যেমন সত্য, তেমনি এত মামলা দেয়ার ফলে অস্বস্তিকর পরিবেশও তৈরি করছে। এবং অহেতুক সরকারের ওপর দায় আসছে।”
তবে দলটির নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় একটি বক্তব্য তুলে ধরেছিলেন, ফলে আওয়ামী লীগের তরুণ অংশ সেটাকে একটা দায়িত্ব হিসেবে মনে করেছে। তরুণ অংশই মাহফুজ আনামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে একটা অবস্থান নিচ্ছে। অবশ্য তরুণ অংশের পক্ষে দলের প্রভাবশালী অংশও রয়েছে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, “যেহেতু আমাদের দলীয় নেত্রীর বিরুদ্ধে মিথ্যা খবর ডেইলি স্টার প্রকাশ করেছিল, সেকারণে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে মামলা করছে। এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কী ষড়যন্ত্র করা হয়েছিল এবং কারা তা করেছিল, এসব আইনগতভাবে তদন্তে বেরিয়ে আসা প্রয়োজন।”
যদিও সরকার এবং আওয়ামী লীগ দলীয় কোন পর্যায়ে মাহফুজ আনামের ইস্যূ নিয়ে আনুষ্ঠানিক কোন আলোচনা করেনি বা কোন সিদ্ধান্ত নেয়নি, কিন্তু সারাদেশে মামলাগুলো করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মাহফুজ আনামের ভুলের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেল খাটতে হয়েছিল। ফলে তারা এটি হালকাভাবে নিচ্ছেন না।
তিনি আরও বলেছেন, “মাহফুজ ভুল স্বীকার করায় তাঁর নিজেরই প্রত্রিকার সম্পাদকের পদ থেকে সরে যাওয়া উচিত।”

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬

ঢাকায় ট্রেনের ধাক্কায় বুয়েট ছাত্রের মৃত্যু


রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশের এএসআই সিরাজুল ইসলাম জানান।
তানভীর গওহর তপু নামের ২৩ বছর বয়সী ওই তরুণ বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে এএসআই সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেল লাইন পার হওয়ার সময় ট্রেন এসে পড়ায় লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন তপু। ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।”
স্থানীয়রা বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তপুকে মৃত ঘোষাণা করেন।   

মার্কিন সুপ্রিম কোর্টে নতুন বিচারক নিয়োগে অটল ওবামা

স্ক্যালিয়ারImage copyrightReuters
Image captionএনটোনিন স্ক্যালিয়ার মৃত্যুর পর মার্কিন সুপ্রিম কোর্টের একটি বিচারপতি পদ শূণ্য হয়
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সুপ্রিম কোর্টে নতুন একজন বিচারক মনোয়নের কাজ তার উত্তরসূরির কাছে রেখে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
মার্কিন সিনেটের রিপাবলিকান দলের সদস্যরা এই আহ্বান জানিয়েছিলেন।
মি. ওবামা বলেন, তিনি সংবিধান অনুযায়ী বিচারপতি এনটোনিন স্ক্যালিয়ার স্থলে নতুন বিচারপতি মনোয়ন করবেন এবং তারপর সিনেটের কাজ হবে সেটি সমর্থন দেয়া অথবা প্রত্যাখ্যান করা।
শনিবার বিচারপতি এনটোনিন স্ক্যালিয়ার মৃত্যুর পর মার্কিন সুপ্রিম কোর্টে নতুন একজন বিচারক নিয়োগ নিয়ে যে কোন্দল তৈরি হয়েছে এর মাঝেই এই ঘোষণা দিলেন বারাক ওবামা।
ওয়াশিংটনে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্য করে মি. ওবামা বলেন, সিনেটের উচিত তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা। তিনি বলেন , সাধারণ কাজেও বাঁধা দেয়ার যে হিংসাত্মক সংস্কৃতি তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার এটিই সময়।
"এখন কি হবে সেবিষয়ে সংবিধানে বেশ স্পষ্টভাবেই বলা আছে। যখনি সুপ্রিম কোর্টে কোন পদ শূন্য হবে, তখনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একজনকে সেখানে মনোনয়ন দেবেন। সিনেট সেটিকে প্রত্যাখ্যান করতে পারে, অথবা সেই মনোনিত ব্যক্তি সুপ্রিম কোর্টে নিয়োগ পাবেন।" বলেন মি. ওবামা।
প্রয়াত বিচারপতি স্ক্যালিয়া রক্ষণশীল ভাবধারার ছিলেন এবং দীর্ঘদিন যাবত তিনি সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন সিনেট সদস্যরা ঘোষণা দেন যে আগামী বছর নতুন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত তারা কোন মনোনয়ন নিশ্চিত করবেন না।
মি. স্ক্যালিয়ার মৃত্যুর আগ পর্যন্ত নয় সদস্যের সুপ্রিম কোর্টে রক্ষণশীলদেরই প্রাধান্য ছিল। ধারণা করা হচ্ছে, মি. ওবামা তার স্থলে একজন উদারপন্থী বিচারপতিকে নিয়োগ দেবেন। আর এটিই এড়াতে চাইছে রিপাবলিকানরা।
তবে প্রেসিডেন্ট ওবামা অঙ্গিকার করেছেন যে, নিয়মানুযায়ী যথাসময়েই তিনি তার মনোনিত প্রার্থীর নাম ঘোষণা করবেন।

পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে 'স্বর্ণ মন্দির'

পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে স্বর্ণ মন্দির
Image captionমন্দির কর্তৃপক্ষ বলছে কজন পর্যটককে জুতা পরে প্রবেশ করতে মানা করার জন্য তাদের হুমকি ধামকির মুখে পড়তে হয়েছে। (ছবি: সুপ্রীতি ধর)
বাংলাদেশে বান্দরবান জেলায় অবস্থিত অন্যতম একটি দর্শনীয় স্থান ‘বুদ্ধ ধাতু জাদি’ যেটি মূলত স্বর্ণ মন্দির নামেই পরিচিত সেই মন্দিরে পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মন্দির কর্তৃপক্ষ।
আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
তবে মন্দির কর্তৃপক্ষ বলছে পূজা বা ধর্মীয় রীতিনীতি পালন করতে চাইলে অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে।
কেন এমন সিদ্ধান্ত?
মন্দির কর্তৃপক্ষ বলছে , দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট করছে, বিভিন্নভাবে ভক্তদের হয়রানিও করেছে।
স্বর্ণ মন্দিরের প্রধান পুরোহিত উপ ঞ ঞা জোত মহাথেরের সেক্রেটারি বাচ মঙ জানিয়েছেন, “পর্যটকেরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে এমনকি পূজার আসনে বসে মন্দিরের পবিত্রতা নষ্ট করছে"।
"মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। অনেক পর্যটক জুতা নিয়েও মন্দিরে প্রবেশ করে। তাদের বাধা দিয়ে বাকবিতন্ডা তৈরি হয়েছে, মন্দিরের কর্মকর্তারা হুমকি-ধামকির মুখেও পড়েছেন”-বলেন মি: মঙ।
বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই মন্দির কর্তৃপক্ষ পর্যটকদের জন্য স্বর্ণ মন্দিরে ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানান বাচ মঙ।
পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে স্বর্ণ মন্দির
Image captionকিছু পর্যটক এসে মন্দিরের বেদীতে বসে পড়েন বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। (ছবি: সুপ্রীতি ধর)
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেননা।
তারা বলছেন, মন্দিরে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্তের কারণে জেলার পর্যটন ব্যবসায় ক্ষতি হতে পারে।
প্রায় ত্রিশ বছর ধরে বান্দরবানে বাস করছেন মফিজুল ইসলাম মামুন। স্বর্ণ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে নিতে পারছেননা তিনি।
বিবিসিকে মি: মামুন বলছিলেন, “দেশ-বিদেশের বিভিন্ন অনুদানে এই মন্দির হয়েছে। এটা দর্শনীয় একটা স্থান। এটাতো এভাবে বন্ধ করা ঠিকনা। তারা তাদের পূজার জন্য নির্দিষ্ট একটা সময়ে বন্ধ রাখতে পারে কিন্তু এভাবে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আনা ঠিক নয়। অনেক বিদেশী বন্ধুর এসেই গোল্ডেন টেমপলে যাবো অর্থাৎ স্বর্ণ মন্দিরে যাবার কতা বলে। এটাতো আমাদের দেশের জন্যও ক্ষতি”।
এ প্রসঙ্গে বাচ মঙ বলছেন “অনুমতি সাপেক্ষে তাদের মন্দিরে প্রবেশের বিষয়টি পর্যালোচনা করবেন মন্দিরের প্রধান”।
এমনকি পর্যটক বা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের পবিত্রতা ও নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে পারলে ভবিষ্যতে এটি আবার উন্মুক্তও করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন মি: মঙ।

বেলুনে ওড়ানো চিঠি ১৪৬ বছর পর অস্ট্রেলিয়ায়!

বেলুনে ওড়ানো চিঠি ১৪৬ বছর পর অস্ট্রেলিয়ায়!
Image caption১৮৭০ সালের ৭ই ডিসেম্বর চিঠিটি পোস্ট করা হয়।
১৪৬ বছর আগে প্যারিস থেকে বেলুনে ওড়ানো একটি চিঠি অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে।
এই চিঠিটি কিভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছালো তারই খোঁজ করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ।
ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় সময় মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি উড়িয়েছিলেন এক সন্তান।
১৮৭০ সালে ফ্রান্সের রাজধানীতে বসবাসকারী এক ব্যক্তি উত্তর ফ্রান্সের নরম্যান্ডিতে তার মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন।
চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন মা ও তার পরিবার নিরাপদ রয়েছে কিনা?
ন্যাশনাল আর্কাইভ বলছে কীভাবে চিঠিবাহী বেলুনটি এতদূর আসলো সে সম্পর্কে কোনও তথ্যই তাদের কাছে নেই।
ন্যাশনাল আর্কাইভের সহকারী মহাপরিচালক লুইস ডয়লি বিবিসিকে বলেছেন, এই চিঠিটি সেই সময়কার ফরাসি ইতিহাস জানার সুযোগ করে দিয়েছে।
ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় ১৮৭০ সালের সেপ্টেম্বর থেকে ১৮৭১ সালের জানুয়ারি পর্যন্ত প্যারিসকে চার মাসের বেশি সময় দখলে রেখেছিল প্রুসিয়ান বাহিনী।
শত্রুপক্ষ সিন নদী দিয়ে যাওয়া টেলিগ্রামের তার কেটে দেয়ায় প্রায় ২০ লাখ চিঠি গরম বাতাসের বেলুনে করে পাঠানো হয়েছিল।
সাবধানতার সঙ্গে ছোট খামে ভরে চিঠিগুলো বেলুনে করে শত্রুপক্ষের ওপর দিয়ে উড়িয়ে দেয়া হত।
এই চিঠিটির স্ট্যাম্পে দেখা যাচ্ছে ১৮৭০ সালের ৭ই ডিসেম্বর এটি পোস্ট করা হয়েছিল। কিভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছল তা এখনও রহস্য।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ খুজে দেখার চেষ্টা করছে অস্ট্রেলিয়ার সাথে এর কোনও যোগাযোগ আছে কিনা বা প্রেরকের কোন আত্মীয় ব্রিসবেনে বাস করছে কিনা।।

বাহুবলের শিশু হত্যার সন্দেহে আটক ২

অকুস্থলে ভীড় করেছেন শত শত মানুষImage copyrightfocus bangla
Image captionঅকুস্থলে ভীড় করেছেন শত শত মানুষ
বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় চার শিশু হত্যার ঘটনায় পুলিশ আব্দুল আলী ও জুয়েল মিয়া নামে দু`ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তবে স্থানীয় থানার ওসি মোশাররফ হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার কী ধরনের প্রমাণ পাওয়া গেছে তা জানাতে পারেননি।
আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় সম্পর্কেও তিনি কিছু বলতে চাননি।
এদিকে এই চার শিশুকে শ্বাসরোধে হত্যা করার প্রমাণ পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
ময়নাতদন্ত শেষে এমনটাই জানিয়েছেন জেলার সদর হাসপতালের চিকিৎসক দেবাশীষ দাশ ।
“তাদের শরীরের আঘাতের চিহ্ন ছিল। চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কাটা বা জখম ছিল না। তবে একজনের হাতের একটা অংশের মাংস ছিল না। হয়তো শেয়াল কুকুরে খেয়ে থাকবে। ৭২ ঘন্টা সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।”
এর আগে নিখোঁজ হওয়া চার শিশুর মরদেহ গ্রামের এক মাঠ থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এসব শিশুর মরদেহ পাওয়া গেল।
র‍্যাব জানিয়েছে, সুন্দ্রাটিকি গ্রামের এক মাঠে ওই শিশুদের মরদেহ পুঁতে রাখা ছিল।
গত শুক্রবার এই শিশুরা বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি।
র‍্যাব বলছে, নিহত শিশুরা একই পরিবারের চার জন ছেলে।