বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬

পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে 'স্বর্ণ মন্দির'

পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে স্বর্ণ মন্দির
Image captionমন্দির কর্তৃপক্ষ বলছে কজন পর্যটককে জুতা পরে প্রবেশ করতে মানা করার জন্য তাদের হুমকি ধামকির মুখে পড়তে হয়েছে। (ছবি: সুপ্রীতি ধর)
বাংলাদেশে বান্দরবান জেলায় অবস্থিত অন্যতম একটি দর্শনীয় স্থান ‘বুদ্ধ ধাতু জাদি’ যেটি মূলত স্বর্ণ মন্দির নামেই পরিচিত সেই মন্দিরে পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মন্দির কর্তৃপক্ষ।
আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
তবে মন্দির কর্তৃপক্ষ বলছে পূজা বা ধর্মীয় রীতিনীতি পালন করতে চাইলে অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে।
কেন এমন সিদ্ধান্ত?
মন্দির কর্তৃপক্ষ বলছে , দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট করছে, বিভিন্নভাবে ভক্তদের হয়রানিও করেছে।
স্বর্ণ মন্দিরের প্রধান পুরোহিত উপ ঞ ঞা জোত মহাথেরের সেক্রেটারি বাচ মঙ জানিয়েছেন, “পর্যটকেরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে এমনকি পূজার আসনে বসে মন্দিরের পবিত্রতা নষ্ট করছে"।
"মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। অনেক পর্যটক জুতা নিয়েও মন্দিরে প্রবেশ করে। তাদের বাধা দিয়ে বাকবিতন্ডা তৈরি হয়েছে, মন্দিরের কর্মকর্তারা হুমকি-ধামকির মুখেও পড়েছেন”-বলেন মি: মঙ।
বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই মন্দির কর্তৃপক্ষ পর্যটকদের জন্য স্বর্ণ মন্দিরে ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানান বাচ মঙ।
পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে স্বর্ণ মন্দির
Image captionকিছু পর্যটক এসে মন্দিরের বেদীতে বসে পড়েন বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। (ছবি: সুপ্রীতি ধর)
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেননা।
তারা বলছেন, মন্দিরে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্তের কারণে জেলার পর্যটন ব্যবসায় ক্ষতি হতে পারে।
প্রায় ত্রিশ বছর ধরে বান্দরবানে বাস করছেন মফিজুল ইসলাম মামুন। স্বর্ণ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে নিতে পারছেননা তিনি।
বিবিসিকে মি: মামুন বলছিলেন, “দেশ-বিদেশের বিভিন্ন অনুদানে এই মন্দির হয়েছে। এটা দর্শনীয় একটা স্থান। এটাতো এভাবে বন্ধ করা ঠিকনা। তারা তাদের পূজার জন্য নির্দিষ্ট একটা সময়ে বন্ধ রাখতে পারে কিন্তু এভাবে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আনা ঠিক নয়। অনেক বিদেশী বন্ধুর এসেই গোল্ডেন টেমপলে যাবো অর্থাৎ স্বর্ণ মন্দিরে যাবার কতা বলে। এটাতো আমাদের দেশের জন্যও ক্ষতি”।
এ প্রসঙ্গে বাচ মঙ বলছেন “অনুমতি সাপেক্ষে তাদের মন্দিরে প্রবেশের বিষয়টি পর্যালোচনা করবেন মন্দিরের প্রধান”।
এমনকি পর্যটক বা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের পবিত্রতা ও নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে পারলে ভবিষ্যতে এটি আবার উন্মুক্তও করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন মি: মঙ।

বেলুনে ওড়ানো চিঠি ১৪৬ বছর পর অস্ট্রেলিয়ায়!

বেলুনে ওড়ানো চিঠি ১৪৬ বছর পর অস্ট্রেলিয়ায়!
Image caption১৮৭০ সালের ৭ই ডিসেম্বর চিঠিটি পোস্ট করা হয়।
১৪৬ বছর আগে প্যারিস থেকে বেলুনে ওড়ানো একটি চিঠি অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে।
এই চিঠিটি কিভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছালো তারই খোঁজ করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ।
ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় সময় মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি উড়িয়েছিলেন এক সন্তান।
১৮৭০ সালে ফ্রান্সের রাজধানীতে বসবাসকারী এক ব্যক্তি উত্তর ফ্রান্সের নরম্যান্ডিতে তার মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন।
চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন মা ও তার পরিবার নিরাপদ রয়েছে কিনা?
ন্যাশনাল আর্কাইভ বলছে কীভাবে চিঠিবাহী বেলুনটি এতদূর আসলো সে সম্পর্কে কোনও তথ্যই তাদের কাছে নেই।
ন্যাশনাল আর্কাইভের সহকারী মহাপরিচালক লুইস ডয়লি বিবিসিকে বলেছেন, এই চিঠিটি সেই সময়কার ফরাসি ইতিহাস জানার সুযোগ করে দিয়েছে।
ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় ১৮৭০ সালের সেপ্টেম্বর থেকে ১৮৭১ সালের জানুয়ারি পর্যন্ত প্যারিসকে চার মাসের বেশি সময় দখলে রেখেছিল প্রুসিয়ান বাহিনী।
শত্রুপক্ষ সিন নদী দিয়ে যাওয়া টেলিগ্রামের তার কেটে দেয়ায় প্রায় ২০ লাখ চিঠি গরম বাতাসের বেলুনে করে পাঠানো হয়েছিল।
সাবধানতার সঙ্গে ছোট খামে ভরে চিঠিগুলো বেলুনে করে শত্রুপক্ষের ওপর দিয়ে উড়িয়ে দেয়া হত।
এই চিঠিটির স্ট্যাম্পে দেখা যাচ্ছে ১৮৭০ সালের ৭ই ডিসেম্বর এটি পোস্ট করা হয়েছিল। কিভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছল তা এখনও রহস্য।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ খুজে দেখার চেষ্টা করছে অস্ট্রেলিয়ার সাথে এর কোনও যোগাযোগ আছে কিনা বা প্রেরকের কোন আত্মীয় ব্রিসবেনে বাস করছে কিনা।।

বাহুবলের শিশু হত্যার সন্দেহে আটক ২

অকুস্থলে ভীড় করেছেন শত শত মানুষImage copyrightfocus bangla
Image captionঅকুস্থলে ভীড় করেছেন শত শত মানুষ
বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় চার শিশু হত্যার ঘটনায় পুলিশ আব্দুল আলী ও জুয়েল মিয়া নামে দু`ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তবে স্থানীয় থানার ওসি মোশাররফ হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার কী ধরনের প্রমাণ পাওয়া গেছে তা জানাতে পারেননি।
আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় সম্পর্কেও তিনি কিছু বলতে চাননি।
এদিকে এই চার শিশুকে শ্বাসরোধে হত্যা করার প্রমাণ পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
ময়নাতদন্ত শেষে এমনটাই জানিয়েছেন জেলার সদর হাসপতালের চিকিৎসক দেবাশীষ দাশ ।
“তাদের শরীরের আঘাতের চিহ্ন ছিল। চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কাটা বা জখম ছিল না। তবে একজনের হাতের একটা অংশের মাংস ছিল না। হয়তো শেয়াল কুকুরে খেয়ে থাকবে। ৭২ ঘন্টা সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।”
এর আগে নিখোঁজ হওয়া চার শিশুর মরদেহ গ্রামের এক মাঠ থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এসব শিশুর মরদেহ পাওয়া গেল।
র‍্যাব জানিয়েছে, সুন্দ্রাটিকি গ্রামের এক মাঠে ওই শিশুদের মরদেহ পুঁতে রাখা ছিল।
গত শুক্রবার এই শিশুরা বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি।
র‍্যাব বলছে, নিহত শিশুরা একই পরিবারের চার জন ছেলে।

বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬

ভাইয়ের হয়ে নির্বাচনী প্রচারণা চালালেন জর্জ বুশ

Image copyrightAP
Image captionনির্বাচনী প্রচারণায় অনেক অর্থ ব্যয় করলেও সফল হতে পারেননি জর্জ বুশের ভাই জেব বুশ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রার্থী ছোট ভাই জেব বুশের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
শনিবারের প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে সোমবার দক্ষিণ ক্যারোলিনায় এ প্রচারণা চালান জর্জ বুশ।
জর্জ ডব্লিউ বুশের উত্তরাধিকারী জেব বুশ রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ক্রুদ্ধ আক্রমণের শিকার হয়েছেন।
সাবেক ফ্লোরিডা গর্ভনর জেব বুশ নির্বাচনী প্রচারণার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন। কিন্তু অর্থ ব্যয় করেও তেমনভাবে সফল হতে পারেননি জেব বুশ।
আগের দুই রাজ্য নিউ হ্যাম্পশায়াল ও আইওয়ায় পরাজিত হয়েছেন জেব বুশ।
আইওয়ায় ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং নিউহাম্পাশায়ারে টেক্সাস সিনেটর টেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন তিনি।
Image copyrightReuters
Image captionসোমবার ভাই জেব বুশের হয়ে নির্বাচনী প্রচারণা চালান জর্জ বুশ।
মি: বুশের পরিবার তার প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের যুদ্ধ থেকে অনেকটা দূরেই ছিল বলা যায়। জেব বুশও নিজে নিজেই তার নির্বাচনী কাজ করে আসছিলেন।
কিন্তু গত সপ্তাহে মি: বুশের মা বারবারা বুশ জেব বুশের সমর্থনে কথা বলেন।
আর গত শনিবারে টেলিভিশন বিতর্কে জেব বুশ তার ভাইয়ের প্রেসিডেন্ট আমল নিয়ে কথা বলেন। তিনি বলেন যে “আমাদের নিরাপদ রাখার জন্য জর্জ বুশ রাষ্ট্রের নিরাপত্তার একটা সিস্টেম তৈরি করেছেন”।
ওই বিতর্কে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প জর্জ বুশ সরকারের আমলকে আক্রমণ করে কথা বলেন। ইরাক যুদ্ধের কারণ নিয়ে মি: বুশ মিথ্যা কথা বলেছেন এমন অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে ইরাক যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
আর এখানে জর্জ বুশকে সমর্থন করে কথা বলেছেন জেব বুশ।
ভাইয়ের হয়ে নির্বাচনী প্রচারণা চালালেন জর্জ বুশImage copyrightGetty
Image captionগত শনিবার এক টিভি বিতর্কে জেব বুশ, টেড ক্রুজ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র তিক্ত বাকবিতন্ডা হয়।
তবে মি: ট্রাম্প কটাক্ষ করে বলেছেন-“তোমার ভাইয়ের শাসনামলে ওয়ার্ল্ড ট্রেইড সেন্টার মাটিতে মিশে গেছে মনে রেখো”।
বিশেষজ্ঞদের মতে সাবেক প্রেসিডেন্টকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য নির্বাচনী লড়াইয়ে তার অবস্থান দুর্বল করে ফেলতে পারে। কারণ দক্ষিণ ক্যারোলিনায় ব্যবসায়িক নেতা থেকে শুরু করে সাবেক সেনা সদস্য সব রিপাবলিকানদের কাছেই ভোটের আবেদন জানিয়েছেন।
অন্যদিকে দক্ষিণ ক্যারোলিনায় জর্জ বুশ ও তার বাবাকে অন্যতম ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। প্রাইমারি নির্বাচনে তারা দুজনেই এ অঞ্চলে জয়ী হয়েছিলেন।
দক্ষিণ ক্যারোলিনার সিনেটর জেব বুশকে সমর্থনে প্রচারণার সময় বলছেন ‘আমার এলাকায় বুশ আমল মানেই একটি স্বর্ণ যুগ’।

রাষ্ট্রদ্রোহের অভিযোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গ্রেফতার

india policeImage copyrightAP
Image captionআফজাল গুরুর ফাঁসির বার্ষিকী নিয়ে দিল্লিতে দুটি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা
ভারতের পুলিশ আজ রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রভাষক এস এ আর গিলানীকে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে অভিযোগ, মি. গিলানী এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাতে 'ভারত-বিরোধী শ্লোগান' দেয়া হয়েছিল।
বলা হচ্ছে, ফেব্রুয়ারির ১০ তারিখ দিল্লির প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদী নেতা আফজাল গুরুর নামে 'প্রশংসাসূচক শ্লোগান' দেয়া হয়। সে সময় মি. গিলানী, অন্য আরো তিনজনের সাথে মঞ্চে বসা ছিলেন।
দিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবনে ২০০১ সালের হামলায় সংশ্লিষ্টতার দায়ে ২০১৩ সালের ৯ই ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসি হয়।
ওই মামলায় সংশ্লিষ্টতার দায়ে মি. গিলানিও অভিযুক্ত হয়েছিলেন - তবে পরে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয় এবং তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি ফিরে পান।
আফজাল গুরুর ফাঁসির বার্ষিকীকে কেন্দ্র কিছুদিন ধরেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চলছে।
এ ব্যাপারে একজন ছাত্রনেতাকে পুলিশ আটক করার পর গত বেশ কিছুদিন ধরেই প্রতিবাদ বিক্ষোভ চলছে।
সমালোচকরা বলছেন, এই বিক্ষোভকারীদের কর্মকান্ড 'ভারত-বিরোধী', তবে অন্যরা বলছেন, তাদের আটক করাটা মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

‘ইসলাম বিতর্ক’ বইয়ের প্রকাশক পাঁচ দিনের রিমান্ডে

আদালতে নেয়া হচ্ছে ‘ইসলাম বিতর্ক’ বইয়ের প্রকাশককে
Image captionবইমেলায় বাংলা একাডেমীর স্টল।
বাংলাদেশে 'ইসলাম বিতর্ক' নামে একটি বইয়ের প্রকাশক শামসুজ্জোহা মানিক এবং আরো দুজনকে আজ আদালতে হাজির করার পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
শাহবাগ থানার পুলিশ বিবিসি বাংলাকে জানিয়েছে মি. মানিককে পাঁচদিনের, বইটির মুদ্রককে দু'দিনের, এবং বিপণনকারীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ইসলাম ও নবী মুহাম্মদের বিরুদ্ধে আপত্তিকর কথা থাকার অভিযোগে গতকাল বাংলা একাডেমির বইমেলায় এই বইটির প্রকাশকের স্টলটিও বন্ধ করে দেয়া হয়।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
সোমবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে বইটিতে ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য রয়েছে জানতে পেরে তারা দ্রুত এর প্রকাশনা সংস্থা ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধের সিদ্ধান্ত নেন।
স্টল থেকে বেশ কিছু বইও জব্দ করা হয।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বিবিসিকে বলেছেন, বইটিতে ইসলামের নবী সম্পর্কে এমন কুৎসিত ও জঘন্য কথাবার্তা রয়েছে যার কারণে বইমেলা চালিয়ে যাওয়াটাই হুমকির মুখে পড়তো।

বাংলাদেশে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

mahfuz anam
Image captionমাহফুজ আনামের বিরুদ্ধে মোট ৫৫টি মানহানির মামলা হয়েছে
বাংলাদেশের ইংরেজি দৈনিক দি ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালত আজ একটি মানহানির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মি. আনাম সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে স্বীকার করেন যে বিগত তত্বাবধায়ক সরকারের সময় তার ভাষায় 'সামরিক গোয়েন্দা বিভাগের পাঠানো শেখ হাসিনার কথিত দুর্নীতির তথ্য' তার পত্রিকায় 'কোনরকম যাচাই না করে ছাপিয়ে' তিনি ভুল করেছেন।
এর পর থেকেই তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক মানহানির মামলা দায়ের করা হচ্ছে।
আজই নারায়ণগঞ্জে মোহাম্মদ মোহসিন মিয়া নামে একজন আইনজীবী ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানির মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামন শরীফের আদালতে এ মামলা করা হয়।
শুনানীর পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে সরকারপক্ষের আইনজীবী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
ডেইলি স্টার পত্রিকার দেয়া এক হিসেব অনুযায়ী এ পর্যন্ত মাহফুজ আনামের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অন্তত ৫৫টি মানহানির মামলা দায়ের করা হয়েছে, যাতে হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
এর মধ্যে আজই অন্তত ১৭টি মামলা দায়ের করা হয় বলে পত্রিকাটি বলছে।