বাংলাদেশের ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে আদাবর থানার এসআই রতন কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
সাময়িক বরখাস্ত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহউদ্দিন আহম্মেদ পরোয়ানা জারির এই আদেশ দেন।
গত ৩১শে জানুয়ারি ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে ওই ছাত্রী পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠার পর ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পূর্ণাঙ্গ তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিচার বিভাগীয় ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসআই রতন কুমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে যৌন হয়রানি করেছেন তা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
ভারতের শিলংয়ে ন’মাসেরও বেশি সময় ধরে প্রায় নির্বাসিত জীবন কাটানো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এখন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর – বা তা সম্ভব না হলে ভারতেরই অন্য কোনো বড় শহরে যাওয়ার জন্য আদালতে আবেদন করছেন।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য তার বিরুদ্ধে যে মামলা চলছে, তাতে পরবর্তী শুনানি এ সপ্তাহেই – তার ঠিক আগে মি আহমেদ শিলং থেকে বিবিসিকে জানিয়েছেন উন্নত চিকিৎসার সুযোগ পাওয়াটাই এখন তার অগ্রাধিকার।
বাংলাদেশে ফেরাটা যে এখনই তার ইচ্ছা নয়, সেটাও স্পষ্ট হয়ে গেছে তার কথা থেকেই।
গত বছরের ১২ই মে ভারতের শিলং শহরে ‘রহস্যজনকভাবে’ এসে পৌঁছনোর পর গত ন’মাসেরও বেশি সময় ধরে সেখানেই আছেন বিএনপি নেতা মি. আহমেদ।
প্রথমে মাসখানেক বিচারবিভাগীয় হেফাজত আর হাসপাতালে কাটাতে হলেও তারপর অবশ্য তিনি জামিন পেয়ে যান – যার শর্ত হল শিলং থেকে তিনি বাইরে যেতে পারবেন না।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ মামলায় পরবর্তী শুনানির দিন ১৮ই ফেব্রুয়ারি – কিন্তু তার আগে তিনি বলেছেন, হার্ট আর কিডনির ক্রমশ অবনতিটাই তাকে বেশি দুশ্চিন্তায় রেখেছে।
‘‘আমি খুবই অসুস্থ – আমার উন্নত চিকিৎসা দরকার। আর বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে পাসপোর্ট অ্যাক্টে আমার বিরুদ্ধে যে মামলা চলছে সেই বিচারাধীন বিষয়ে কিছু বলতে চাই না। আমরা আইনি পথেই এর মোকাবিলা করছি, এখন দেখা যাক,’’ বিবিসিকে বলছিলেন তিনি।
তবে ওই মামলায় মেঘালয় সরকারের নিযুক্ত কৌঁসুলি আই সি ঝা বিবিসিকে জানিয়েছেন আদালতে আরও কিছু সাক্ষীর জেরা করা বাকি, তবে মি. আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে গেছে অনেক আগেই।
পিপি মি. ঝা-র কথায়, ‘‘এখনও দু’জন সাক্ষীকে জেরা করা বাকি। তালিকায় মোট ছ’জনের নাম বাকি থাকলেও চারজনকে আমরা বাদ দিয়েছি – কারণ এদের মধ্যে কেউ কেউ ডাক্তার, যারা তাকে পরীক্ষা করেছিলেন। তাদের সাক্ষ্যের অতটা প্রয়োজন নেই।’’
Image copyrightAFPImage captionশিলং এর একটি হাসপাতালে চিকিৎসা চলছে সালাউদ্দিন আহমেদের
‘‘বাকি সাক্ষীদের জেরার পর অভিযুক্তের জবানবন্দী নেওয়া হবে, তারপর চূড়ান্ত যুক্তিতর্ক। মি. আহমেদ এখনও দোষ স্বীকার করেননি বলেই মামলাটা চলছে, নইলে অনেক আগেই এর নিষ্পত্তি হয়ে যেত,” বলছেন সরকারি কৌঁসুলি।
মি. আহমেদ অবশ্য বলছেন, আদালত কী রায় দেয় তার চেয়েও এই মুহূর্তে তিনি বেশি দুশ্চিন্তায় আছেন শিলংয়ের বাইরে ভাল চিকিৎসার সুযোগ পাবেন কি না তা নিয়ে।
‘‘দেশের বাইরে (সিঙ্গাপুরে) যেখানে আমি আগে চিকিৎসা করাতাম সেখানে করাতে পারলে ভাল, তা সম্ভব না-হলেও ভারতেরই দিল্লি বা অন্য শহরে যাতে আমার কিডনি ও হার্টের চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হয়, আদালতে আমারে আইনজীবী সে আবেদন জানাবেন। শিলংয়ের সেরা হাসপাতাল নেগ্রিমসে আমি চেক-আপ করাই, ওখানকার ডাক্তাররাও কিন্তু সেরকমই রেফার করেছেন,’’ বলেন সালাউদ্দিন আহমেদ।
শিলংয়ে একটি অতিথিনিবাস ভাড়া করে আছেন মি. আহমেদ, ঢাকা থেকে পরিবারের সদস্যরা অতটা আসতে না পারলেও বাংলাদেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীদের ভিড় কিন্তু সেখানে লেগেই আছে।
‘‘স্ত্রী-সন্তানরা অতটা আসতে পারেন না, তবে দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই পরিচিতরা, দলীয় কর্মীরা পুরনো ভালবাসার টানে প্রায় রোজই আসেন। কোর্ট-কাছারি আর হাসপাতালের বাইরে খুব একটা কোথাও যাওয়া হয় না, তবে অনলাইনে দেশের সব খবরই পাই – আর নানা বইটই, পত্রিকা পড়েই সময় কেটে যায়’’, বিবিসিকে বলছিলেন তিনি।
শিলংয়ে তিনি ঠিক কীভাবে এসে পৌঁছেছিলেন তা নিয়ে রহস্যের জট এখনও খোলেনি – তবে মি. আহমেদ সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।
রাজনৈতিক বা কূটনৈতিক যে সব বিষয়ে কথা বললে বিতর্ক তৈরি হতে পারে – আইনজীবীর পরামর্শে বিরত থেকেছেন সে সব প্রসঙ্গে মন্তব্য করা থেকেও।
Image copyrightReutersImage captionবোমা হামলায় বিধ্বস্ত এই হাসপাতাল
চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা মেদসা স’ ফ্রঁতিয়ের বা এমএসএফ বলছে, তাদের সহযোগিতায় সিরিয়ায় পরিচালিত একটি হাসপাতালে ইচ্ছাকৃতভাবে বোমা ফেলা হয়েছে।
সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে, ইদলিব প্রদেশে ৩০ শয্যার এই হাসপাতাল ধ্বংস হওয়ায় ৪০ হাজারের মতো লোক চিকিৎসা থেকে বঞ্চিত হবে।
এই হামলার জন্য এমএসএফ এখনও পর্যন্ত সরাসরি কাউকে দায়ী না করলেও, লন্ডন ভিত্তিক সিরিয়ান একটি মানবাধিকার গোষ্ঠী বলছে, রুশ বিমান থেকে এই হামলা চালানো হয়েছে।
মারাত আল নুমান নারেমর এই জায়গাটিতে মেদসা স’ ফ্রঁতিয়ের সহায়তায় পরিচালিত হাসপাতালটিতে দু’দফা আক্রমণে চারটি মিসাইল আঘাত হানে।
সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি ব্রিটিশ সংস্থা বলছে, এতে ন’জন মারা যায়, এবং রুশ বিমান থেকেই ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
বিমান হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে - যাতে দেখা যাচ্ছে আক্রান্ত ভবনটি থেকে ঘন কালো ধোয়ার কুণ্ডলী উঠছে। ওই ভিডিওতে একজন লোককে ঘটনার বর্ণনা দিতে শোনা যায়।
তিনি বলেন, আল্লাহ আমাদের সাহায্য করুন। এমএসএফের হাসপাতালে রাশিয়ান বিমান হামলা করেছে। এটা দ্বিতীয় হামলা।
Image copyrightReutersImage captionইদলিব প্রদেশের বিধ্স্ত হাসপাতাল
আরো খবর পাওয়া গেছে, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গ্রামের একটি হাসপাতালে এবং একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
আজাজ নামের এই জায়গাটিতে আলেপ্পো থেকে আসা সিরিয়ান শরণার্থীদের ভিড় বাড়ছে। আর এখানেই তুরস্কের বাহিনী একটি কুর্দি মিলিশিয়া গ্রুপের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে।
এই মিলিশিয়াদের তুরস্ক সন্ত্রাসী সংগঠন বলে মনে করলেও তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পায়, কারণ তারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র মনে করে। তারা সম্প্রতি এই এলাকায় অবস্থান সংহত করছিল।
তুর্কী প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোলু বলেছেন, আজাজ কুর্দিদের হাতে চলে যাক এটা তার সরকার কখনোই হতে দেবে না।
কিয়েভ সফররত মি. দাভুতোলু মস্কোর বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
Image copyrightImage captionকুর্দী যোদ্ধা
তিনি বলেন, “রাশিয়া যদি এরকম সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করতে থাকে এবং সিরিয়ার বেসামরিক লোকদের পালাতে বাধ্য করতে থাকে, তাহলে আমাদের এর জবাবে চরম ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিতে হবে।”
সিরিয়া এরই মধ্যে অভিযোগ করেছে যে তুরস্ক তার এই কুর্দিবিরোধী অভিযানের সময় প্রায় একশ সৈন্যকে সীমান্ত পার হয়ে সিরিয়ায় ঢুকতে দিয়েছে - যদিও তুরস্ক তা অস্বীকার করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর মধ্যেই বলেছেন, শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে সিরিয়ার এই সংঘাতের মধ্যে আরো বিদেশী সৈন্য জড়িয়ে পড়তে পারে।
এর জবাবে সোভিয়েত প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভিয়েদেভ বলেন, এর পরিণাম হবে একটি দীর্ঘ ও পূর্ণমাত্রার যুদ্ধ।
তিনি বলেন, “আপনারা কাউকে ভয় দেখাবার চেষ্টা করবেন না। কেউই নতুন কোন যুদ্ধ চায় না। কিন্ত আরব দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালাতে চায় তার পরিণাম হবে দীর্ঘ এবং পূর্ণমাত্রার যুদ্ধ ।”
বিবিসির মার্ক লোয়েন বলছেন, সিরিয়ায় এখন পরিস্থিতি এতই জটিল যে আর কোন নতুন যুদ্ধ শুরু হোক তা কেউ চায় না কিন্তু এখন তুরস্ক এর মধ্যে আবার আরো একটি যুদ্ধ শুরু করেছে।
কুর্দি বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ নেটোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক শান্তি আলোচনার ওপরও এর বিরূপ প্রভাব পড়েছে।
ইসলাম ধর্ম সম্পর্কিত একটি বই নিয়ে আপত্তি ওঠার পর ঢাকার একুশে বইমেলায় একটি প্রকাশনা সংস্থার স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে বইটিতে ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য রয়েছে জানতে পেরে তারা দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্টল থেকে বেশ কিছু বইও জব্দ করা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বিবিসিকে বলেছেন, বই মেলার নীতিমালা অনুসারেই ওই স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেছেন, বইটিতে ইসলামের নবী সম্পর্কে এমন কুৎসিত ও জঘন্য কথাবার্তা রয়েছে যে এই ব্যবস্থা না নেওয়া হলে বই মেলাটি চালিয়ে যাওয়া সম্ভব হতো না।
তিনি বলেন, এর ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এধরনের বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশকদেরকে দায়িত্ব নেওয়ার আহবান জানান মি. খান।
Image captionএকুশে বই মেলার একটি স্টলে বই সাজিয়ে রাখা হয়েছে
বাংলা একাডেমির এই বক্তব্যের জবাবে বইটির প্রকাশক ব-দ্বীপ প্রকাশনা কর্তৃপক্ষের মন্তব্য জানার জন্যে কাউকে পাওয়া যায়নি।
গত দুদিন ধরে এই বইটির প্রতিবাদে কিছু কিছু সংগঠন প্রতিবাদ জানায়। তার পরই প্রকাশনা সংস্থাটির স্টল বন্ধ করে দেওয়া হলো।
বইটি নিষিদ্ধ না করে প্রকাশনী সংস্থার এই স্টলটি কেনো বন্ধ করে দেওয়া হলো এই প্রশ্নের জবাবে মি. খান বলেন, এবিষয়ে প্রকাশনা সংস্থাটির কাছে জানতে চাওয়া হবে এবং তাদের জবাব সন্তোষজনক হলে স্টলটি আবার খুলে দেওয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বইটির কপি সংগ্রহ করে বাংলা একাডেমির কাছে জমা দেওয়া হয়েছে।
মি. খান বলেন, প্রকাশককে তারা খুঁজে পাচ্ছেন না। তারা ধারণা করছেন যে প্রকাশক গা ঢাকা দিয়েছেন।
Image captionরাষ্ট্রদ্রোহের অভিযোগে জেএনইউ ছাত্র সমিতির প্রেসিডেন্টের গ্রেপ্তারে প্রতিবাদে ছাত্র বিক্ষোভ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন দিল্লির জওহারলাল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলছে এবং তাতে মদত দিচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা।
জেএনইউ ক্যাম্পাসে কাশ্মীরী জঙ্গিদের পক্ষে প্রকাশ্যে শ্লোগান দেওয়া হচ্ছে -- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
পাঁচদিন আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতির প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সেই আটক নিয়ে ভারতের অন্যতম শীর্ষ ঐ শিক্ষা প্রতিষ্ঠানে এখন যে ছাত্র বিক্ষোভ চলছে, সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সিং বলেন জেএনইউতে দেশ-বিরোধী তৎপরতা চলছে।
মি সিং বলেন, ‘‘দেশকে এই বাস্তবতাটা বুঝতে হবে যে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সাঈদেরও জেএনইউয়ের ঘটনায় সমর্থন ছিল। দেশের সব রাজনৈতিক দলের উচিত এর বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করা – কারণ দেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।’’
Image copyrightFACEBOOKImage captionজওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির প্রেসিডেন্ট কানহাইয়া কুমার। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে আটক করা হয়েছে।বিতর্কিত ভিডিও
ভারতে বামপন্থী ও উদার চিন্তাধারার সবচেয়ে বড় পীঠস্থান বলে পরিচিত জেএনইউ ক্যাম্পাসে ২০০১য়ে ভারতীয় পার্লামেন্টে জঙ্গি হামলার ঘটনায় ফাঁসি-হওয়া আফজাল গুরুর সমর্থনে প্রকাশ্যে শ্লোগান দেওয়া হয়েছে --এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই এই বিতর্কের সূত্রপাত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করছে, ওই ভিডিওতে যেভাবে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে এবং ‘ঘরে ঘরে আরও আফজাল গুরু জন্মাবে’ বলে শ্লোগান দেওয়া হয়েছে – তারপর ক্যাম্পাসে অভিযান চালিয়ে দিল্লি পুলিশ কোনও ভুল করেনি।
ওই ভিডিওতে উমর খালিদ-সহ জেএনইউ-র কয়েকজন ছাত্রকে চিহ্নিতও করা হয়েছে, এবং ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমারকে, যিনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্টও।
Image copyrightPTIImage captionজেএনইউ ক্যাম্পাসে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি'র বিক্ষোভ।বিজেপির চক্রান্ত?
তবে ক্যাম্পাসের বাম ছাত্র সংগঠনগুলো বলছে, এই ভিডিও তাদের ফাঁসানোর জন্যও তৈরি করা হয়ে থাকতে পারে – কারণ ওই ছবিতে এমন বেশ কিছু ছাত্রকে ভারত-বিরোধী শ্লোগান দিতে দেখা গেছে যারা বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পরিচিত সদস্য বলেই তাদের দাবি।
একই সন্দেহ প্রকাশ করে বামপন্থী দল সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও বলেছেন ছড়িয়ে পড়া ভিডিওটা জাল কি না, আগে তার তদন্ত হওয়া প্রয়োজন ছিল।
তার বক্তব্য, ‘‘যেহেতু সেখানে বিজেপির ছাত্র শাখারও বেশ কিছু মুখ দেখা যাচ্ছে তাই গোটা ব্যাপারটা পরিকল্পনা করে করা হয়েছে কি না সেটা দেখতে হবে। মাত্র দু-সপ্তাহ আগে জেএনইউ-তে বিজেপি তাদের নিজের লোককে উপাচার্য করে এনে বসিয়েছে – তারপরই হয়তো ব্যাপারটা এভাবে সাজানো হয়েছে যাতে ক্যাম্পাসে হস্তক্ষেপ করার পথ প্রশস্ত হতে পারে।’’
এদিকে এই ঘটনার পর থেকেই জেএনইউ ক্যাম্পাসে বিরোধী রাজনীতিকদের আনাগোনা শুরু হয়ে গেছে।
কানহাইয়া কুমারের গ্রেফতারের প্রতিবাদে ক্যাম্পাসে যে ছাত্ররা আন্দোলন করছেন, শনিবার রাতে তাদের পাশে গিয়ে দাঁড়ান কংগ্রেস বাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীও।
সেখানে ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘‘সরকার বুঝতে পারছে না তোমাদের গুঁড়িয়ে দিতে গিয়ে তোমাদেরই তারা আরও শক্তিশালী করে তুলছে। দেশ-বিরোধী ছাত্ররা নয়, বরং যারা তাদের কন্ঠস্বর স্তব্ধ করতে চায় দেশ-বিরোধী তারাই।’’
বিরোধীদের এই সম্মিলিত চাপের মুখেও সরকার কিন্তু এখনও তাদের অবস্থানে অনড়। এমনকী, ছাত্রনেতাদের বিরুদ্ধে তদন্তের ভার দিল্লি পুলিশ এখন তাদের সন্ত্রাস-দমন শাখার হাতেও তুলে দেওয়ার প্রস্তাব করেছে।
বাংলাদেশে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে নতুন ১০টি মানহানির মামলায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
২০০৭-০৮ সালে সেনা সমর্থিত সরকারের সময় ছাপা খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানহানির অভিযোগে ঢাকা, সিলেট, রাঙামাটি, শরিয়তপুর সহ মোট নটি জেলায় এই মামলাগুলো হয়েছে।
এগুলোর মধ্যে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা একটি মামলায় ১০,০০০ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে ডেইলি স্টারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছেন। মামলাটি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রজন্ম লীগের একজন নেতা।
পূর্বাঞ্চলীয় বিভাগীয় শহর সিলেটের দুই ছাত্রলীগ নেতার করা দুটো মামলায় ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মামলাকারীদের একজন আওয়ামী লীগ সমর্থিত এই ছাত্র সংগঠনের সিলেট মহানগর সমিতির প্রেসিডেন্ট আব্দুল বাসিত রুম্মন। বাদীদের অন্যজন স্থানীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।
দুটো মামলাই হয়েছে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। স্থানীয় সাংবাদিক আহমেদ নূর জানিয়েছেন, মামলা দুটো গ্রহণ করে আদালত সমন জারী করেছে অর্থাৎ মাহফুজ আনামকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে গত সপ্তাহে খুলনা এবং লক্ষ্মীপুরেও মাহফুজ আনামের বিরুদ্ধে একই ধরণের দুটো মামলা হয়েছে। ঐ মামলা দুটোও করেন স্থানীয় ছাত্রলীগ নেতারা।
সম্প্রতি টেলিভিশনে এক আলোচনায় মাহফুজ আনাম বলেন, ২০০৭-০৮ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা গোয়েন্দাদের দেওয়া বিভিন্ন তথ্য যাচাই না করেই তারা ছেপেছিলেন। মি আনাম বলেন, তার এই সিদ্ধান্ত ভুল ছিল এবং এজন্য তিনি দু:খিত।
এই স্বীকারোক্তির পর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে মাহফুজ আনামের শাস্তি দাবি করা হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ডেইলি স্টার সহ বিভিন্ন মিডিয়াতে শেখ হাসিনা, খালেদা জিয়া সহ অনেক শীর্ষস্থানীয় অনেক রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগের খবর ছাপা হয়েছিল। সেনাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসব খবর সরবরাহ করতো বলে বিতর্ক রয়েছে।
সৌদি আরবের পক্ষে ইরানে কনস্যুলার অর্থাৎ ভিসা ও ভ্রমণ বিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড।
সম্প্রতি সৌদি এক শিয়ার নেতার শিরোচ্ছেদ এবং প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেওয়ার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বিচ্ছিন্ন।
কিন্তু হজ-উমরাহ পালনে যাতে ইরানিরা আসতে পারে, সেজন্যই সৌদি আরবের পক্ষে কাজ করার সুইজারল্যান্ডের এক প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদের আল জুবের আজ (রোববার) জানিয়েছেন সৌদি আরবের পক্ষে ইরানে কিছু কূটনৈতিক কাজ করতে সুইজারল্যান্ড প্রস্তাব দিয়েছে। "আমরা সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি।"
তবে ইরানের সাথে বিরোধ মেটাতে সুইজারল্যান্ডের মধ্যস্থতা করার সম্ভাবনা নাকচ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
ওদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে সৌদি আরবে ইরানের কিছু কূটনৈতিক কর্মকাণ্ড দেখার এক প্রস্তাব সুইজারল্যান্ড তেহরানকেও দিয়েছে।
অন্য দেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা সুইজারল্যান্ডের রয়েছে।
তেহরানে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কোনো দুতাবাস নেই। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ হয়ে ইরানে মার্কিন নাগরিকদের কনস্যুলার সুবিধে দেয় সুইজারল্যান্ড ।