বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬

কয়লাখনি থেকে মিথেন গ্যাস উত্তোলনে কূপ খনন শুরু

 

Image copyrightGoogle Maps
Image captionজয়পুরহাটের জামালগঞ্জে আজ থেকে কয়লা খনি থেকে গ্যাস উত্তোলনের সম্ভাব্যতা যাচাই শুরু হচ্ছে
বাংলাদেশে আজ থেকে প্রথমবারের মত কোল-বেড মিথেন পদ্ধতিতে শুরু হচ্ছে মিথেন গ্যাস উত্তোলনের প্রথম ধাপের কাজ।
বাংলাদেশে যে কয়টি কয়লা খনি আছে, তারমধ্যে সর্ববৃহৎ কয়লাখনি জয়পুরহাটের জামালগঞ্জে আজ শুরু হচ্ছে এই গ্যাস কূপ খনন।
এসব কূপের মাধ্যমে গ্যাস উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা হবে। ফলে সেখানে কয়লা ও গ্যাসের নমুনা সংগ্রহ, গ্যাসের উপস্থিতি নির্ণয় করা হবে।
১৬ বর্গকিলোমিটার এলাকাব্যাপী এ খনিতে কয়লার মজুদের সম্ভাব্য পরিমাণ ১ হাজার ৫৩ মিলিয়ন মেট্রিকটন।
রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলার অর্থায়নে এই কাজ চলবে।
Image copyrightunk
Image captionবাংলাদেশের সবচেয়ে বড় কয়লার মজুদ রয়েছে জামালগঞ্জে
পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বলছিলেন, কয়লার ফাঁকে ফাঁকে এই গ্যাস জমে থাকে এবং সেগুলো তুলে আনার পদ্ধতিকেই বলা হয় কোল-বেড মিথেন। ফলে কয়লা সেখানে থেকে যাবে, কিন্তু গ্যাসটা তুলে আনা হবে।
এই খনিতে এক হাজার ১০০ মিটার গভীরতার তিনটা কূপ খনন করে গ্যাস উত্তোলন শুরু হবে।
মি. আহমেদ বলছেন, ''একেকটি কূপের কাজ শেষ হতে প্রায় ৪০ দিন লেগে যাবে। সবমিলিয়ে ১২০ দিনের কিছু বেশি সময় লাগবে। এরপর গ্যাসের সরবরাহ পরীক্ষা করার জন্য আরো দুটি কূপ খনন করা হবে। এসব পরীক্ষা থেকে পরামর্শক প্রতিষ্ঠান জানাবে, এই খনির গ্যাস উত্তোলন যোগ্য কিনা।''
খনিতে জমে থাকা গ্যাস উত্তোলনে গতবছরের ২১ জুন ভারতীয় একটি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করে পেট্রোবাংলা।
১৯৬২ সাল থেকে ১৯৬৫ সালে করা একটি জরিপে জয়পুরহাটের জামালগঞ্জে কয়লাখনির সন্ধান পাওয়া যায়।

গোল পাকিয়ে বা ভাঁজ করে রাখা যাবে যে টেলিভিশন

 

Image captionটেলিভিশন স্ক্রীনটি এতই পাতলা যে তা গোল পাকিয়ে রাখা যাবে
টেলিভিশন দেখা শেষ হওয়ার পর সেটা ভাঁজ করে বা গোল পাকিয়ে রেখে দিলেন এক পাশে। শুনতে কল্পকাহিনী মনে হলেও বাস্তবে এই প্রযুক্তি এখন নাগালের মধ্যেই।
এরকম এক টেলিভিশন ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে তৈরি করেছে এলজি এবং এটি তারা প্রদর্শন করছে লাস ভোগ কনজুমার ইলেকট্রনিক্সের বিশ্ব প্রদর্শনীতে।
এলজি এরকম একটি টেলিভিশন উদ্ভাবনের জন্য কাজ করছিল বহুদিন ধরে।
তাদের তৈরি এই টেলিভিশনের ডিসপ্লে হাই-ডেফিনিশন (এইচডি) মানের।
বিবিসির প্রযুক্তি বিষয়ক সংবাদাদাতা ডেভ লিকে এই নতুন টেলিভিশনটি পরীক্ষা করে দেখার সুযোগ দিয়েছিল এলজি।
তিনি জানাচ্ছেন, টেলিভিশনটি কার্যত একটি স্ক্রীনের মতো, যা কাগজের মতো গোল পাকিয়ে রাখা যায়।
এলজির তৈরি পরীক্ষামূলক টেলিভিশনটির স্ক্রীন সাইজ হচ্ছে ১৮ ইঞ্চি। কিন্তু তারা এখন ৫৫ ইঞ্চি সাইজের এরকম টেলিভিশন তৈরির পরিকল্পনা করছে। এই স্ক্রীন হবে ফোর-কে মানের, অর্থাৎ এইচডি-র চেয়েও চারগুণ উন্নত।
কিভাবে এটা সম্ভব হচ্ছে?
এলজি তাদের এই প্রযুক্তির রহস্য ফাঁস করছে না। তবে যেটা জানা যাচ্ছে তারা এখন এলইডির পরিবর্তে ওএলইডি প্রযুক্তিতে চলে যাচ্ছে।
ও-এলইডি বলতে অর্গানিক এলইডি। এই টেলিভিশনে ব্যাকপ্যানেলের কোন প্রয়োজন হবে না, সে কারণেই স্ক্রীনটিকে বাঁকানো যাবে।
কিন্ত বাঁকানো যায় এমন টেলিভিশনের দরকারটা কি?
এলজি বলছে, ইচ্ছেমাফিক ডিসপ্লে তৈরিতে খুব কাজে লাগবে এই টেলিভিশন স্ক্রীন, যেমন দোকান-পাটে। এছাড়া যারা ঘরের একটি কোনা টেলিভিশনের জন্য বরাদ্দ রাখতে চাননা, তাদের জন্য এই টেলিভিশন খুব কাজে আসবে। টেলিভিশন দেখা শেষ, গোল পাকিয়ে স্ক্রীনটা তুলে রাখুন কোথাও। ঝামেলা শেষ।

বিশ্বের সবচেয়ে বড় নীলা খুঁজে পেয়েছে শ্রীলঙ্কা

 
 Image copyright
Image captionএই নীলাটির নামকরণ করা হয়েছে দি স্টার অব আদম
বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির খোঁজ পেয়েছে শ্রীলঙ্কা।
দেশটির একটি খনি থেকে ১৪০৪.৪৯ ক্যারেটের ওই তারকা চিহ্নিত নীলাটি তুলে আনা হয়েছে।
শ্রীলঙ্কা রত্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, এর আগে এর চেয়ে বড় কোন নীলা আবিষ্কার কথা তাদের জানা নেই।
রত্মপুরা শহরের খনি থেকে আবিষ্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে দি স্টার অব আদম।
২০১৩ সালে ১৭ কেজি ওজনের একটি পাথর খণ্ড থেকে নীলাটি বের করা হলেও, রত্মটির ওজন সম্প্রতি জানা গেল।
এই নীলকান্তমণিটির ভিত্তি মূল্য একশ মিলিয়ন ডলার বা আটশ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি এর দ্বিগুণ মূল্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নীলাটির বর্তমান মালিক, নাম না প্রকাশ করার শর্তে বলেন, যখন প্রথম নীলাটি আমি দেখতে পাই, তখনি আমার ধারণা হয়েছিল যে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নীলা। তাই আমি কিছুটা ঝুঁকি নিয়েই নীলাটি কিনে ফেলি।
তবে কত টাকা দিয়ে তিনি নীলাটি কিনেছেন, তা জানাতে রাজি হননি।
শ্রীলঙ্কায় বছরে একশ মিলিয়ন ডলারের রত্ন ব্যবসা রয়েছে।
শ্রীলঙ্কার রত্ন ব্যবসায়ীরা বলছেন, ডাচেস অফ ক্যামব্রিজ, কেট মিডলটনের এনগেজমেন্ট রিং-এ একটি নীলা বসানো ছিল, যা শ্রীলঙ্কা থেকেই ১৭৭০ সালে আবিষ্কৃত হয়। সেই আংটিটি ছিল প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়নার।

মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

ইরানের সঙ্গে এবারে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে সৌদি আরব

 

bbc
Image captionসৌদি আরবের সাথে ইরানের সম্পর্কের অবনতি হচ্ছে প্রতিদিন
সৌদি আরব বলছে তারা ইরানের সাথে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে।
শিয়া নেতাকে মৃত্যুদণ্ড দেয়া নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা যে চরমে উঠেছে তারই প্রেক্ষিতে এখন বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করার কথাও বলেছে সৌদি আরব।
এর আগে তেহরানের সৌদি আরবের দূতাবাসে ভাংচুর করা হলে তাদের সাথে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। বিস্তারিত শুনুন মীর সাব্বিরের প্রতিবেদনে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাতকারে বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার কথা বলেন। তবে তিনি আরো উল্লেখ করেন সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র স্থানে ইরানের নাগরিকরা যেতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রী বলছেন ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণ বছরের পর বছর ধরে তাদের আগ্রাসী নীতি। বিশেষ করে গত কয়েক মাসের তাদের আচরণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্যিক সম্পর্ক সহ সব সম্পর্ক ছিন্ন করার।
এদিকে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনার জেরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সোমবার আরও তিনটি দেশ বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে।
bbcImage copyrightAP
Image captionবাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে
সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে শনিবার ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদের মধ্যে একজন ছিলেন শিয়া নেতা শেখ নিমর আল-নিমর। সৌদি আরবে শেখ আল-নিমরের মৃত্যুদণ্ড লেবানন থেকে ইরান পর্যন্ত বিভিন্ন দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
বিশ্বের এই অঞ্চলে শিয়া ও সুন্নিদের সবচেয়ে বড় শক্তি ইরান ও সৌদি আরব।
এদিকে ইরানে সৌদি দূতাবাসের ওপর হামলার ঘটনায় জাতিসংঘে ইরানের দূত জাতিসংঘের কাছে লেখা এক চিঠিতে বলেছেন তেহরানে দূতাবাস ভাংচুর করার ব্যাপারে যারা জড়িত তাদের ধরার চেষ্টা করছে তার দেশ।
খবর পাওয়া যাচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে কথা বলেছেন এই উত্তপ্ত পরিস্থিতি থেকে সরে আসার জন্য।

রেয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার জিনেদিন জিদান

 

zidaneImage copyrightGetty
Image captionরেয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় জিনেদিন জিদান
স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফরাসী তারকা জিনেদিন জিদানকে।
মাত্র সাত মাস বার্নব্যুর দায়িত্বে থাকার পর রেয়াল মাদ্রিদের ম্যানেজার পদ থেকে রাফায়েল বেনিতেজকে পদচ্যুত করে দায়িত্ব পুর্নবন্টন করা হলো।
৫৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড বেনিতেজকে রেয়ালের একটি বোর্ড মিটিংয়ের পর দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।
এরপরই রেয়ালের বি দলের কোচ জিনেদিন জিদানকে মূল দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়।
রেয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় জিদান বলেন, "সবকিছু যাতে ঠিকভাবে চলে, সেজন্যে আমি আমার হৃদয় এবং আত্মার সবটুকুই এই দায়িত্বের পেছনে ব্যয় করব।"

যুক্তরাষ্ট্রে অস্ত্র আইনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন ওবামা

 

gunImage copyrightEuropean photopress agency
Image captionঅস্ত্র আইন যুক্তরাষ্ট্রে একটি স্পর্শকাতর ইস্যু

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র কেনার সময় ক্রেতার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহসহ আরো কয়েকটি ব্যবস্থা নেয়ার বিধান করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে যা মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রেসিডেন্ট ওবামা। তবে দেশটির কংগ্রেস এসব ব্যবস্থার বিরোধিতা করছে।
এই আইনের ফলে যেসব বিক্রেতারা অনলাইন কিংবা অস্ত্র প্রদর্শনীতে অস্ত্র বিক্রি করবেন তাদেরকে ক্রেতাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বাধ্য করা হবে।
অস্ত্রের সমর্থকরা এধরণের যেকোন আইনের বিরুদ্ধে।
মি. ওবামা বলছেন, তার আইনগত কর্তৃত্বের সীমার মধ্যে থেকেই তিনি এসব ব্যবস্থা নিচ্ছেন এবং এটি মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় সংশোধনীতে মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার দেয়া হয়েছে।

লিট্‌ল মারমেইডকে ব্লক করেছে ফেসবুক

 

কোপেনহেগেনের উপকূলে লিট্‌ল মারমেইড-এর বিষন্ন ভাস্কর্য।Image copyrightGetty
Image captionকোপেনহেগেনের উপকূলে লিট্‌ল মারমেইড-এর বিষন্ন ভাস্কর্য।

ডেনমার্কের একজন রাজনীতিক সম্প্রতি রাজধানী কোপেনহেগেনের সবচেয়ে পরিচিত ভাস্কর্য -- হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অমর রূপকথা -- লিট্‌ল মারমেইড-এর একটি ছবি ফেসবুকে পোস্ট করতে গিয়ে দ্যাখেন যে তিনি সেটা পারছেন না।
ফেসুবক তাকে মেসেজ দিলো নগ্নতার প্রশ্নে ফেসবুকের যে নীতিমালা রয়েছে তার আওতায় ঐ ছবিটি তিনি পোস্ট করতে পারবেন না।
মেসেজ পড়ে সোশাল ডেমোক্র্যাট দলের এমপি মিস মিট জার্সকভ তো অবাক!
সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিষয়টা শেয়ার করে তিনি জানান, ফেসবুক তাকে জানিয়েছে লিট্‌ল মারমেইড ভাস্কর্যটি বেশি খোলামেলা এবং তার আবেদন যৌণাত্মক।
সেই কারণেই ফেসবুক এটি প্রকাশ করতে পারছে না।
তার পোস্টে ফেসবুকের এই নীতিমালাটিকে মিস জার্সকভ `অত্যন্ত হাস্যকর` বলে বর্ণনা করেন।
পরে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে নেয় এবং ছবিটি পোস্ট করতে দেয়।
নগ্নতার প্রশ্নে নীতিমালাকে ব্যাখ্যা করে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, চিত্রকর্ম, ভাস্কর্য এবং অন্যান্য শিল্পকর্মে যদি নগ্নতা থাকে তাহলে শিল্পের স্বার্থে সেগুলোর ছবি ফেসবুকে প্রকাশ করা যাবে।
তবে ডেনমার্কে লিট্‌ল মারমেইডই কিন্তু প্রথম এই সমস্যায় পড়েনি।
গত সেপ্টেম্বর মাসে সে দেশের একটি পর্যটন সংস্থার একটি ছবি ফেসবুক আটকে দিয়েছিল।
সেটি ছিল সি. ডাব্লিউ একার্সবার্গের ১৮৪১ সালের একটি তৈলচিত্র যার শিরোনাম আয়নার সামনে দাঁড়ানো নারী।
সেবারও ফেসবুক তার ভুল স্বীকার করে সিদ্ধান্ত পাল্টেছিল।
সি. ডাব্লিউ একার্সবার্গের তৈলচিত্র: আয়নার সামনে দাঁড়ানো নারী।
Image captionসি. ডাব্লিউ একার্সবার্গের তৈলচিত্র: আয়নার সামনে দাঁড়ানো নারী।