মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

বিএসএফের গুলিতে চলতি বছর সবচেয়ে বেশি বাংলাদেশী নিহত

 
                     ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী হত্যার ঘটনা ঘটেছে                
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী নিহত হয়েছে বলে বলছে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো।
আইন ও সালিশ কেন্দ্র বলছে, চলতি বছরে এপর্যন্ত বিএসএফের গুলিতে ৪৫জন বাংলাদেশী নিহত হয়েছে। গতবছর এই সংখ্যা ছিল ৩৩জন।
মঙ্গলবার ভোরেও বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে হেমন্ত চন্দ্র নামের একজন বাংলাদেশী নিহত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নুর খান লিটন জানিয়েছেন, এ বছর মারা যাওয়া পয়তাল্লিশজনের মধ্যে ৩১ জন গুলিতে আর ১৪জন শারীরিক নির্যাতনে নিহত হয়েছে।
তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা শূন্যে নামিয়ে আনার আলোচনা হয়েছে, ভারত প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু তা আর কার্যকর হয়নি। এ ধরণের হত্যাকাণ্ডের বিচার না হওয়াটা এর একটি বড় কারণ বলে তিনি মনে করেন।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ বলছে, এ বছর নভেম্বর মাস পর্যন্ত বিএসএফের গুলিতে ৪১জন বাংলাদেশী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০জন। আর ২৭ জন বাংলাদেশীকে বিএসএফ অপহরণ করেছে।
                 প্রতিমাসেই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীরা হতাহত হচ্ছে                
অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান বলেন, ২০১০ সালের পর এ বছর বিএসএফের গুলিতে সবচেয়ে বেশি বাংলাদেশী নিহত হয়েছে। বাংলাদেশের নাগরিকদের প্রতি বিএসএফ কোন প্রকার সম্মানই দেখাচ্ছে না। বরং তারা আগ্রাসী ভূমিকা নিয়েছে।
এমনকি অনেক সময় তারা বাংলাদেশের ভেতরে এসেও আক্রমণ করছে, বলেন মি. খান।
অধিকারের হিসাবে, ২০১৩ সালে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা ছিল ২৯জন। ২০১২ সালে ৩৮জন আর ২০১১ সালে ৩১জন।
এর আগে ২০১০ সালে এই সংখ্যা ছিল ৭৪জন।
অধিকার বলছে, দুই দেশের মধ্যে অবৈধ অনুপ্রবেশ কারীকে গ্রেপ্তার ও হস্তান্তরের সমঝোতা এবং চুক্তি থাকলেও, বিএসএফ সেটি লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশীদের দেখামাত্রই গুলি করছে।
অধিকারের মতে, বিএসএফ তাদের ‘দেখামাত্র গুলি’ নীতি থেকে একবিন্দুও সরে আসেনি।

সীমান্তে হত্যা বন্ধে বিজিবি প্রধানের পরামর্শ

 

    মেজর জেনারেল আজিজ আহমেদ, মহাপরিচালক, বিজিবি
মেজর জেনারেল আজিজ আহমেদ, মহাপরিচালক, বিজিবি
ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে হত্যাকান্ড বন্ধ করতে হলে রাতের বেলা বাংলাদেশীদের সীমান্ত অতিক্রম বন্ধ করতে হবে বলে পরামর্শ দিয়েছেন বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি`র প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেছেন, সীমান্তে হত্যা বন্ধ করতে হলে বাংলাদেশী গরু চোরাকারবারীদের তৎপরতাও বন্ধ করতে হবে।
বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে গত পাঁচ বছরের মধ্যে এ বছরই সবচেয়ে বেশি সংখ্যায় বাংলাদেশী সীমান্ত এলাকায় নিহত হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র বলছে, চলতি বছরে এ পর্যন্ত বিএসএফের গুলিতে ৪৫ জন বাংলাদেশী নিহত হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৩ জন।
সর্বশেষ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত হন।
তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ এই পরিসংখ্যানের সাথে একমত নন।
বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, হত্যার বেশিরভাগ ঘটনা ঘটে সীমান্তের ওপারে ভারতীয় ভূখন্ডে।
তিনি বলেন, চোরাকারবারীরা সব সময় চেষ্টা করে বিজিবি`কে ফাঁকি দিতে। চোরাকারবারীরা গরু আনতে কখনও কখনও সীমান্তের ৩/৪ কিলোমিটার ভেতরে চলে যায় বলে তিনি জানান।
``প্রতিনিয়ত গরু আসে দেশের মধ্যে। আমাদের কথা হচ্ছে গরু আনতে আপনারা যান কেন?`` মি. আহমেদ বলেন, ``ওরা যদি বার্ডারে এসে দিয়ে যায় তো দিয়ে যাবে। আপনারা কেন যাবেন?``
সীমান্তে হত্যার প্রশ্নে তাহলে শুধু বিএসএফকেই দোষারোপ করা চলে কি না, এই ধরনের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন এক্ষেত্রে বাংলাদেশীদেরও দোষ রয়েছে।
কিন্তু আইনভঙ্গ করে সীমান্ত অতিক্রম করলেই হত্যা করতে হবে কেন? এই প্রশ্নের জবাবে মেজর জেনারেল আাজিজ জানান, ভারতের সাথে আলোচনার সময় তিনি বরাবরই এই কথাটি তুলে আসছেন।
তবে ভারতীয় পক্ষ থেকে কোন জবাব ছিল কি না, সে সম্পর্কে তিনি অবশ্য কোন মন্তব্য করেন নি।

ঘুমন্ত ড্রাইভারের হাতে বাস, ধাক্কা মারলো বিমানে

 
    অভ্যন্তরীণ রুটগুলিতে এয়ার ইন্ডিয়া এ ধরনের এটিআর বিমান ব্যবহার করে থাকে।
                 বেশ ক`টি অভ্যন্তরীণ রুটে এয়ার ইন্ডিয়া এ ধরনের এটিআর বিমান ব্যবহার করে থাকে।
ভারতের কলকাতা বিমান বন্দরে ক্লান্ত এক ড্রাইভার মঙ্গলবার স্টিয়ারিং হুইলেই ঘুমিয়ে পড়েনএবং তার বাসটিকে সোজা উঠিয়ে দেন এক যাত্রীবাহী বিমানের ওপর।
কর্মকর্তারা বলছেন, এয়ার ইন্ডিয়ার ছোট মাপের একটি অ্যাডভান্সড টর্বোপ্রপ বিমান ভোরবেলায় শিলচরের দিকে যাত্রার জন্য তৈরি হচ্ছিল।
এ সময় ঐ বিমানটিতে সরাসরি গিয়ে ধাক্কা মারে জেট এয়ারওয়েজের একটি বাস। এই বাসগুলি বিমানবন্দর আর বিমানে যাত্রী আনা-নেয়ার কাজ করে।
ঘটনাচক্রে বিমান বা বাসটিতে সেই সময়ে কোনও যাত্রী ছিলেন না।
প্রাথমিক তদন্তের সময় বাস চালক মোমিন আলি নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন যে সারারাত ডিউটি করার পরে তিনি বাস চালানোর সময় ঘুমিয়ে পড়েন। তখনই বাসটি তার নির্দিষ্ট পথ থেকে সরে যায়, আর বিমানে গিয়ে ধাক্কা মারে।
মেডিক্যাল পরীক্ষায় দেখা গেছে যে ওই চালক নেশার ঘোরে ছিলেন না। কিন্তু বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সরকারি নিরাপত্তা সংস্থা ঐ চালককে জিজ্ঞাসাবাদ করছে।
সংঘর্ষের ফলে বিমানটির একটি ডানা এবং ইঞ্জিনের ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এয়ার ইন্ডিয়ার সূত্রগুলি বলছে, ক্ষয়ক্ষতির পরিমান তারা এখনও নির্ধারণ করতে পারে নি, কিন্তু সেটা বেশ কয়েক কোটি টাকা হবে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এই ক্ষতিপূরণ বিমার মাধ্যমে নেওয়া হবে না কি জেট এয়ারওয়েজের কাছ থেকে চাওয়া হবে, সেটাও এখনও ঠিক হয় নি।
এ নিয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করে নি এয়ার ইন্ডিয়া বা জেট এয়ারওয়েজ।
কলকাতা বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

আইএসের সংখ্যালঘু হত্যাকে 'গণহত্যা বিবেচনা করা উচিত'

 
    yazidi                 এমপিদের চিঠিতে বলা হচ্ছে, তথাকথিত আইএস ইয়াজিদিদের মতো সংখ্যালঘু গোষ্ঠিগুলোকে টার্গেট করছে    
            
তথাকথিত ইসলামিক স্টেটের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানিয়ে ৬০ জনেরও বেশি ব্রিটিশ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন।
ডেভিড ক্যামেরনকে তার প্রভাব ব্যবহার করে জাতিসংঘের সাথে একটি সমঝোতায় পৌছানোর আহ্বান জানানো হয়েছে, যাতে আইএসের হত্যাকাণ্ডের ঘটনায় গণহত্যা শব্দটি ব্যবহার করা হয়।
চিঠিতে বলা হচ্ছে, এটি করা হলে অপরাধীদের কাছে একটি বার্তা পৌছে যাবে যে তাদেরকে ধরা হবে, বিচার করা হবে এবং শাস্তি দেয়া হবে।
আইএস নিয়মতান্ত্রিকভাবে ইরাক এবং সিরিয়ার খ্রিষ্টান এবং ইয়াজিদিসহ সংখ্যালঘু গোষ্ঠিগুলোকে হত্যা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়াজিদিদের প্রতি আইএসের আচরণ ইরাকে তাদের সম্ভাব্য গণহত্যার একটি প্রমাণ।
মানবাধিকার সংস্থাগুলোও এর আগে সতর্ক করে দিয়েছিল যে জিহাদী গোষ্ঠিটি ইরাকের বড় অংশ থেকে সংখ্যালঘু গোষ্ঠিগুলোকে নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা চালাচ্ছে।
সংসদ সদস্য রড ফ্লেলো এবং ডেভিড এল্টনের লেখা চিঠিতে বলা হয়, আইএস যে গির্জার নেতাদের হত্যা করছে, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের অপহরণ করছে এবং "খ্রিষ্টান মেয়েদের যৌনদাসীতে পরিণত করছে ও নিয়মতান্ত্রিকভাবে ধর্ষণ করছে' তার পরিষ্কার প্রমাণ রয়েছে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তালগোল নিয়ে অনলাইনে ঝড়

 
    miss universe                 প্রথমে মিস কলম্বিয়াকে মুকুট পরানো হয়     
           
ভুল প্রতিযোগীকে মিস ইউনিভার্সের মুকুট পরানো নিয়ে অনলাইনে এখন অবিশ্বাস এবং হাস্যরসের বন্যা বইছে।
মিস কলম্বিয়া আরিয়াডনা গুটিয়ারেজকে ২০১৫ সালের মিস ইউনিভার্স ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকেরা জানান যে তিনি আসলে প্রথম রানার-আপ হয়েছেন।
পরবর্তীতে মিস ফিলিপিন্স পিয়া আলোনজো উর্টজবাখকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
রাতভর #MissUniverse2015 ছিল টুইটারের সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগ এবং হাজার হাজার টুইটার ব্যবহারকারীরা ঠাট্টা এবং মিমের মাধ্যমে তাদের অবিশ্বাস প্রকাশ করে যাচ্ছেন।
'মিস ইনফরমেশন'
'অপ্রস্তুত কাকে বলে' একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য।
অন্য আরেকজন টুইটার ব্যবহারকারী, কানাডার মার্ক মিচের টুইট ছিল 'এবং বিজয়ী হচ্ছে - মিস ইনফরমেশন'।
miss universeভুল বোঝাবুঝির অবসানের পর মিস ফিলিপাইনের মাথায় মুকুট দেয়া হয়                
ফেসবুক ব্যাবহারকারীরাও মিস ইউনিভার্সের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে তাদের মতামত দিয়ে যাচ্ছেন।
'এটি সবচেয়ে বিরক্তিকর মিস ইউনিভার্স প্রতিযোগিতা' মন্তব্য একজন টুইটার ব্যবহারকারীর।
তবে অনুষ্ঠানের উপস্থাপক পরে একটি টুইটার বার্তায় 'ভুলটি তারই ছিল' উল্লেখ করে প্রতিযোগীদের কাছে ক্ষমা চেয়েছেন।

হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলন: ক্ষতিপূরণ দেবে বলছে সরকার

 
    tea_garden                 হবিগঞ্জের চা শ্রমিকদের সাথে অন্যান্য এলাকার চা শ্রমিকেরাও যোগ দিয়েছেন 
               
বাংলাদেশে হবিগঞ্জের কয়েকটি চা বাগানের লিজ নেয়া জমিতে সরকার একটি বিশেষ অর্থনৈতিক জোন করার পরিকল্পনা করছে। কিন্তু সেটি বন্ধের দাবিতে আন্দোলন করছেন সেখানকার শ্রমিকরা।
চা বাগান সংলগ্ন এসব জমিতে চা শ্রমিকেরা ধান চাষসহ বিভিন্ন কৃষিকাজ করে থাকেন।
হবিগঞ্জে আন্দোলনরত শ্রমিকদের সাথে যোগ দিয়েছেন মৌলভীবাজারের চা শ্রমিকরাও। সবমিলিয়ে ১৫ টি চা বাগানের প্রায় ১৫ হাজারের মতো শ্রমিক আন্দোলন করছেন।
শ্রমিকরা বলছেন, সাত দিনের মধ্যে তাদের দাবি মেনে না নিলে পুরোপুরি কর্মবিরতিতে যাবেন তারা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলছেন, চা শ্রমিকেরা খুব অল্প মজুরিতে কাজ করেন বলে তারা এই জমির ওপর অনেক বেশি নির্ভরশীল।
"মাত্র ৬৯ টাকা দৈনিক মজুরিতে আমরা কাজ করতে পারছি কারণ ঐ জমিটা আমরা ভোগ করতে পারি বলে। দেড়'শ বছর ধরে আমরা যে জমিতে চাষ করছি সেট নিয়ে নিলে আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে যায়।" বলেন মি. কৈরী।
এদিকে চা শ্রমিকদের এমন অভিযোগের প্রেক্ষাপটে হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, চা বাগান সংলগ্ন এসব জমি 'পতিত জমি' হিসেবেই পড়ে রয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এই জমিগুলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলকে বন্দোবস্ত দেয়া হয়েছে।
"এখানে গ্যাস আছে, বিদ্যুৎ আছে। দেশী-বিদেশী কোম্পানীগুলো এখানে আসলে এলাকার উন্নয়ন ঘটবে। বিশেষ করে চা শ্রমিকদেরও একটি মুক্তির পথ তৈরি হবে।" বলেন সাবিনা আলম।
ইকোনোমিক জোন হলে স্বয়ংক্রিয়ভাবেই চা শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
চা শ্রমিকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং একটি তালিকা করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণও দেয়া হবে জানাচ্ছেন হবিঞ্জের জেলা প্রশাসক।
তবে ক্ষতিপূরণের বিষয়ে শ্রমিকদের সাথে কোন আলোচনা করা হয়নি বলে দাবী করছেন চা শ্রমিক নেতা মি. কৈরী।
তিনি বলছেন, এর আগেও চা বাগানের জমি নিয়ে শ্রমিকদের নানা সুবিধা দেয়ার কথা বলা হলেও সেগুলো বাস্তবায়ন হয়নি।
মি. কৈরী বলছেন, চা শ্রমিকদের আন্দোলনের সাথে চা বাগানের মালিকদের সম্পর্ক নেই। তিনি বলছেন, তারা শুনেছেন যে মালিকেরাও জমি না নেয়ার পক্ষে তাদের মতামত দিচ্ছেন।

বক্স অফিস রেকর্ডের পথে স্টার ওয়ার্স

 
    ডার্থ ভেডার                 স্টার ওয়ার্সের চরিত্র ডার্থ ভেডারের সাজে একজন ভক্ত     
           
উত্তর আমেরিকায় সাপ্তাহিক ছুটির দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করতে যাচ্ছে স্টার ওয়ার্স: দ্য ফোর্স এওয়েকেন্স।
ডিজনি বলছে, সাপ্তাহিক ছুটির দিনে টিকেট বিক্রি থেকে প্রায় ২৩ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে চলচ্চিত্রটি- এর আগের রেকর্ডটি ছিল জুরাসিক ওয়ার্ল্ডের দখলে, গত জুনে মুক্তির পর তাদের আয় ছিল ২ কোটি ৮ লাখ ডলার।
মুক্তির পর মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে প্রায় ৫১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে চলচ্চিত্রটি।
স্টার ওয়ার্সহোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্টের সংবাদ সম্মেলনের সময় পেছনে স্টার ওয়ার্সের চরিত্র স্টর্মট্রুপার এবং আর টু- ডি টু                
জুরাসিক ওয়ার্ল্ড এর চেয়ে কিছুটা বেশি আয় করেছিল, তিন দিনে ৫২ কোটি ৫০ লাখ ডলার আয় করে রেকর্ড গড়েছিল জুরাসিক।
তবে জুরাসিক ওয়ার্ল্ডের রেকর্ড গড়ার ক্ষেত্রে একটি বড় সুবিধা ছিল ওয়ার্ল্ড প্রিমিয়ারের একইসাথে চীনে চলচ্চিত্রটির মুক্তি। কিন্তু বিশ্বে চলচ্চিত্রের দ্বিতীয় বৃহত্তম এই বাজারে স্টার ওয়ার্স মুক্তি পাবে আগামী ৯ই জানুয়ারি।
এরই মধ্যে মুক্তির প্রথম রাতে যুক্তরাষ্ট্র এবং কানাডায় আয়ের রেকর্ড গড়েছে দ্য ফোর্স এওয়েকেন্স।
বিশ্লেষকরা বলছেন, চলচ্চিত্রটি বিশ্বে সর্বকালের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়তে পারে।
প্রায় ৩০ বছর আগের ১৯৮৩ সালে রিটার্ন অফ দ্য জেডাই পর্বের পর থেকে স্টার ওয়ার্সের এই পর্বের কাহিনীটি শুরু হয়েছে।