বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

অনলাইনে সাড়া ফেলেছে 'তুমি কোনো মুসলিম নও'

 

    youaintnomuslimbruv                 মেট্রো সংবাদপত্রের প্রথম পাতা    
            
লন্ডনে শনিবার লেইটনস্টোন টিউব স্টেশনে এক ব্যক্তি ছুরি চালিয়ে তিনজনকে আহত করার সময় আরেকজন লোক 'তুমি কোনো মুসলিম নও' বলে তাকে যে ধিক্কার জানিয়েছিলেন - তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও এর প্রশংসা করেছেন।
মুহাইদিন মির নামের সোমালিয়ান-বংশোদ্ভূত ২৯ বছরের ওই যুবক তিন ব্যক্তিকে ছুরিকাঘাত করার সময় বলছিলেন যে 'সিরিয়ার ঘটনাবলীর প্রতিশোধ নেবার' জন্যই তার ওই আক্রমণ। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে টেজারগান দিয়ে নিয়ন্ত্রণে এনে গ্রেফতার করে।
ওই আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি এখনো হাসপাতালে।
youaintnomuslimbruv
লেইটনস্টোনের আক্রমণের মোবাইল ফোন ভিডিও
মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে শোনা যায়, উপস্থিত লোকজনের একজন চিৎকার করে আক্রমণকারীর উদ্দেশ্যে বলছেন, 'ইউ এইন্'ট নো মুসলিম ব্রাভ' অর্থাৎ 'তুমি কোনো মুসলিম নও ভাই।'
যিনি এ কথা বলেন তার মুখ ভিডিওতে দেখা যায় নি, তার পরিচয়ও এখনো জানা যায় নি। কিন্তু টিভির খবরে প্রচারিত ওই ভিডিওটিতে তার কণ্ঠ ব্যাপক সাড়া ফেলে ব্রিটেনে।
ঘটনার পরদিনই টুইটারে এ উক্তিটি সবচাইতে জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়। জনপ্রিয় সান্ধ্য দৈনিক মেট্রো সহ একাধিক জাতীয় সংবাদপত্র প্রথম পাতায় এটিকে নিয়ে খবর প্রচার করে।
youaintnomuslimbruv                           
ব্রিটিশ সমাজের বহু খ্যাতনামা ব্যক্তি ও রাজনীতিবিদরা এটি রিটুইট করেন, এর প্রশংসা করেন।
সবশেষ এতে যোগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, আমরা এ বিষয়ে বহু বক্তৃতা দিই, কিন্তু ওই লোকটি আমার চাইতে অনেক ভালোভাবে তার বক্তব্যকে এক লাইনে প্রকাশ করেছেন।
টম নামে একজন তার টুইটে লেখেন, "এর চেয়ে বড় সত্য কথা কেউ কোনোদিন বলে নি।'
আলি নামের একজন উক্তিটির সমর্থনে কোরানের একটি আয়াত উদ্ধৃত করে লেখেন, একজন মানুষকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যারই সমতুল্য।
youaintnomuslimbruv                           
জাফর আব্বাস নামে একজন টুইট করেন, আজ আমি ব্রিটিশ হিসাবে গর্ববোধ করছি। মো ফারুক নামের একজন বলেন, তিনি লক্ষ লক্ষ লোকের মনের কথাটি বলেছেন।
ম্যাট কেলি নামে একজন লেখেন, এই লোকটি গত দশ বছরের সব কথাকে একটি বাক্য দিয়ে বলে দিয়েছেন।
লেখক সরফরাজ মঞ্জুর টুইট করেন, কেউ কি বলতে পারেন 'ইউএইন্টনোমুসলিমব্রাভ' টি শার্ট কোথায় পাওয়া যাচ্ছে?
মুহাইদিন মির নামের আক্রমণকারীকে গতকাল হত্যাপ্রচেষ্টার অভিযোগে আদালতে তোলা হয়।

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

সাক্ষী সুরক্ষা আইন করার নির্দেশ




বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এখন কোথায়?

 
                     বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রবিবারই এক অনুষ্ঠানে বলেছেন, ঢাকা ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি এখন মূল্যায়ন করছে।    
            
পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের সম্পর্কে বেশ ভাটা চলছে।
বাংলাদেশে সম্প্রতি যুদ্ধাপরাধের দায়ে দুজন শীর্ষস্থানীয় বিরোধী রাজনীতিকের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে পাকিস্তানের অবস্থান এবং ঢাকা ও ইসলামাবাদে দুই দেশের কূটনীতিবিদদের তলব পাল্টা তলবকে কেন্দ্র করে এখন দু'দেশের সম্পর্কে বেশ তিক্ততা তৈরি হয়েছে।
এরই মধ্যে বাংলাদেশে বিভিন্ন তরফ থেকে দাবি তোলা হচ্ছে, এই সুযোগে বাংলাদেশের উচিৎ পাকিস্তানের সাথে সম্পর্কচ্ছেদ করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে ঘোষণা দিয়েছে তাদের তরফ থেকে পাকিস্তানের সাথে আর কোনও সম্পর্ক রাখা হবে না।
এরকম প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রবিবারই এক অনুষ্ঠানে বলেছেন, ঢাকা ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি এখন মূল্যায়ন করছে।
পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আসলেই কি কোনও সত্যিকারের অর্থ বহন করে, নাকি কথার কথা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কূটনৈতিক বিশ্লেষক ড. আব্দুর রব খান।
এই বক্তব্য অবশ্য দু'দেশের মধ্যেকার সম্পর্কের অবনতিকে স্বীকৃতি দেয় বলেই মনে করেন ড. খান।
কিন্তু প্রশ্ন উঠেছে দু'দেশের মধ্যে সম্পর্কের কতটা অবনতি হয়েছে? সেটা কি সম্পর্কচ্ছেদ করবার মতো?
এর আগেও এরকম তিক্ততা এসেছে দু'দেশের মধ্যে উল্লেখ করে ড. খান বলছেন, “স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সাথে মধুর সম্পর্ক কখনোই হয়নি”।
তবে এখনো সম্পর্কের ‘সত্যিকারের অবনতি’ হয়নি বলে মনে করেন।
“যদি বলা যেত যে হাইকমিশনারকে বহিষ্কার করেছে অথবা তারা তাকে প্রত্যাহার করেছে, তাহলে সেটা হবে সম্পর্কের অবনতির সত্যিকারের ইঙ্গিত”।
ড. খান স্মরণ করিয়ে দেন, এর আগেও ঢাকায় এক পাকিস্তানি কূটনীতিক বাংলাদেশের মুক্তিবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করার পর সম্পর্ক এমন তিক্ততার পর্যায়ে গিয়েছিল যে ওই কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ইসলামাবাদ।
পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না বলেও মনে করেন ড. খান।
তিনি বলেন, এটা হলে ‘দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে’।
এখানে উল্লেখ করা যেতে পারে, ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের বিচারে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরের পর গত ২২শে নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ঐ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে।
এর প্রতিবাদে বাংলাদেশ ২৩শে নভেম্বর ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায়।
জবাবে পাকিস্তানও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে।

দুই ভবনের আধাআধি জোড়া দিয়ে অদ্ভূত স্থাপত্য

 
    china_strange_building_hybrid                           
চীনে পৃথিবীর অনেক দেশেরই বিখ্যাত স্থাপত্যকীর্তি বা ভবনের হুবহু নকল তৈরির একটা ঝোঁক আছে।
মিশরের পিরামিডের পাশের স্ফিংক্স, লন্ডনের টাওয়ার ব্রিজ, অস্ট্রিয়ান আলপাইন গ্রাম হালস্টাটান্ড, ইতালির ভেনিস শহরের চীনা সংস্করণ - এরকম অনেক হুবহু নকল তৈরি হয়েছে চীনের নানা শহরে। বেশ দর্শকও টানে এগুলো।
তবে সবশেষ এ তালিকায় যা যোগ হয়েছে তা অতি বিচিত্র।
চীনের উত্তরে শি জিয়াঝুয়াং বলে একটি শহর আছে সেখানে তৈরি হয়েছে একটি অদ্ভূত ভবন - যা দেখে মনে হবে দুটি ভবনের দুটি টুকরোকে যেন একসাথে জোড়া দেয়া হয়েছে।
এই ভবনটির এক অংশ বেজিংএর বিখ্যাত টেম্পল অব হেভেনের আদলে, আর অপর অংশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে।
পুরো ভবনটি চারতলা সমান উঁচু।
বেজিং-ওয়াশিংটন হাইব্রিড এই ভবনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এজন বলেছেন, এটা একটা সৃষ্টিশীল নিরীক্ষা । আরেকজনের মতে, এটি চীন -মার্কিন বন্ধুত্বের প্রতীক।
আরেকজন মন্তব্য করেছেন, এটি হচ্ছে দুই ডিজাইনারের ঝগড়ার পরিণতি।

চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ, আমেরিকা বনাম ইসলামের যুদ্ধ নয়: ওবামা

 
   
                 ওভাল অফিসে এই ভাষণটি দেন প্রেসিডেন্ট ওবামা।
ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে যে হামলায় চৌদ্দ জন নিহত হয়েছে, সেটিকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওই হামলাকারীরা যে সংগঠনের সমর্থক বলে দাবী করেছেন সেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করে দেয়া হবে।
তবে এই সন্ত্রাসী গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধকে আমেরিকা ও ইসলাম ধর্মের মধ্যেকার লড়াই হিসেবে দেখাটা উচিৎ হবে না বলে মন্তব্য করেন মি. ওবামা।
কট্টর পন্থার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার মুসলমানদের অংশ নেবারও আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তাদের এক ক্রিসমাস পার্টিতে চালানো ওই হামলাটির প্রতিক্রিয়ায় ওভাল অফিসে বসে বিরল এই ভাষণটি দেন প্রেসিডেন্ট ওবামা।
গত বুধবার বন্দুকধারী এক বিবাহিত দম্পতি হামলাটি চালিয়ে চৌদ্দ জনকে হত্যা করে।
সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক নামের ওই দম্পতি পরে পুলিশের হাতে নিহত হয়।
পরে জানা যায়, তাশফিন মালিক তার ফেসবুক পাতায় দেয়া পোস্টে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছে আনুগত্য স্বীকার করার কথা লিখেছিল।
মি. ওবামা অবশ্য তার ভাষণে বলেন, হামলাটি সংগঠিত করবার পেছনে কোনও বিদেশী শক্তি বা গোষ্ঠীর হাত রয়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

পশ্চিমা জোটের হামলায় সিরিয়ার সরকারি সৈন্য নিহত

 
                               
সিরিয়ার একটি সেনা ক্যাম্পে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলায় প্রেসিডেন্ট আসাদ সরকারের অন্তত তিনজন সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে ১০ জনেরও বেশি সৈন্য।
দেশটির পূর্বাঞ্চলে দেইর আল জোর প্রদেশে চালানো অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ার সরকার এই অভিযানের নিন্দা করে বলেছে, এটা তাদের দেশের বিরুদ্ধে বড়ো ধরনের আগ্রাসন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চারটি যুদ্ধবিমান থেকে একটি সেনা ক্যাম্পের ওপর রবিবার সন্ধ্যায় ন’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
তারা বলছে, এই হামলায় তিনটি সামরিক যান, ভারী মেশিনগান এবং বহু গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে।
তবে অ্যামেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট বলছে, তাদের কোনো জঙ্গি বিমান কোনো সামরিক ঘাটিতেই আক্রমণ করেনি।
                           
জোটের একজন মুখপাত্র বলেছেন, ওই এলাকাতেই তাদের বিমান হামলা করেনি।
এই প্রদেশের বড়ো অংশই তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে।
এই খবরটি সত্য হলে সিরিয়ার সরকারি সো ক্যাম্পের ওপর এই হামলা হবে অভিযান শুরু হওয়ার পর প্রথম কোনো হামলা।
পশ্চিমা জোট গত বছর থেকে প্রেসিডেন্ট আসাদ সরকারের সাথে কোনো ধরনের সমন্বয় ছাড়াই জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।
গত সপ্তাহে সামরিক অভিযান শুরু করেছে ব্রিটেন।
আর সবশেষ জার্মানিও তাদের জঙ্গি বিমান, যুদ্ধ জাহাজ ও বারোশ সৈন্য পাঠাতে যাচ্ছে।

বাংলাদেশে বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে ব্রিটেনের তাগাদা

                                
বাংলাদেশের বিমান বন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সরকারকে তাগাদা দিয়েছে ব্রিটেন।
মিশরের শার্ম আল শেখ থেকে উড়ে যাওয়া একটি রুশ বিমান সিনাইয়ে বিধ্বস্ত হওয়ার পর ব্রিটেনের পরিবহন দপ্তর বাংলাদেশসহ বিশ্বের সবকটি দেশের বিমান চলাচল কর্তৃপক্ষকে এই তাগাদা দিয়েছে।
বলা হচ্ছে, বিমানের ভেতরে রাখা একটি বোমার বিস্ফোরণে ওই রুশ বিমানটি বিধ্বস্ত হয়, যাতে ২২৪ জন নিহত হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের বিমান বন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ব্রিটিশ কর্মকর্তাদের একটি দল ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পরিদর্শন করেছেন। এবিষয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও।
এয়ারপোর্টের নিরাপত্তার ব্যাপারে তারা বাংলাদেশকে কিছু সুপারিশও করেছেন।
বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিবিসিকে বলেছেন, এয়ারপোর্টগুলোতে নিরাপত্তার জন্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কীনা সেটাই তারা খতিয়ে দেখছেন। তারা যাত্রী ও মালবাহী বিমানগুলোর ফ্লাইটের নিরাপত্তার ব্যাপারেও জানতে চেয়েছেন।
তিনি বলেন, বিমানটি যে এয়ারপোর্ট থেকে উড়ে যায় ওই বিমানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেদেশের।
                 সিনাই এ রুশ বিমান বিধ্বস্ত হেল ২২৪ জন নিহত হয়েছে। বলা হচ্ছে, বিমানের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হয়েছে                
ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরে লোকজনের যাওয়া আসা, বিস্ফোরক চিহ্নিত করার ব্যবস্থা ও বিমানে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নিরাপত্তার প্রক্রিয়ার মতো বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন।
মি. মেনন বলেন, নিরাপত্তার সব ব্যবস্থাই বাংলাদেশের বিমান বন্দরগুলোতে নেওয়া হয়েছে। তারপরেও সেটা আরো জোরদার করা হয়েছে।
তিনি জানান, যাত্রীদের চেক ইনের সময়েও এই নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে তাদেরকে বেল্ট, ঘড়ি বা জুতো খুলতে হতো না। কিন্তু এখন সেটা চালু করা হয়েছে।
পরিবহন পরীক্ষা করে দেখার জন্যে স্ক্যানিং যন্ত্রসহ বিস্ফোরকের সন্ধানে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড।
ব্যাগেজ হ্যান্ডলিং এর সাথে যারা জড়িত তাদের ব্যাপারে গোয়েন্দা ও পুলিশের ক্লিয়ারেন্সও নেওয়া হচ্ছে।
মি. মেনন বলেছেন, সাধারণ যাত্রীদের জন্যে যতোটা অসুবিধা হয় তারচেয়েও বেশি অসুবিধা হয় মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চ পদস্থ কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপিদের জন্যে।
দেখা গেছে, তাদেরকে বিদায় ও স্বাগত জানাতে বিমান বন্দরে প্রচুর লোকজন ঢুকে পড়ে। তিনি বলেন, “তাদেরকে অভ্যর্থনা জানাতে অনেক সময় একশো দেড়শো লোকও হাজির হয়।”
ব্রিটেনের পক্ষ থেকে নিরাপত্তার এই তাগাদা দেওয়া হলেও আরো যেসব দেশের এয়ারলাইন্স বাংলাদেশে যাতায়াত করে সেসব দেশের পক্ষ থেকে ঢাকাকে কিছু বলা হয়নি।