অস্ট্রিয়ার ভিয়েনায় দানিউব নদীতে এক ঝাক মাছের মতো ভাসছিলো ইউরোর চকচকে বেশকিছু ব্যাঙ্ক নোট।
অল্প বয়সী এক ছেলে তখন ওই নোটগুলো দেখতে পেয়ে জাল নিয়ে নদীতে নেমে পড়ে এবং সাতার কেটে সেগুলো তীরে নিয়ে আসে।
একশো বা দুশো নয়, গুণে দেখা গেলো ওই ব্যাঙ্ক নোটের মূল্য এক লাখ ইউরোরও বেশি।
হায়রে কপাল, ছেলেটির জন্যে তখনও শিকে ছেড়েনি।
স্থানীয় একটি পত্রিকা বলছে, নদীর পার দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন লোক প্রথমে মনে করেছিলো ছেলেটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।
তখন তারা পুলিশকে খবর দেয়। বিধিবাম!
ছেলেটি যখন ব্যাঙ্ক নোটগুলো বগলদাবা করে তীরে এসে পৌঁছায় ততোক্ষণে সেখানে এসে হাজির হয় পুলিশ।
তারপর সেই টাকা চলে যায় পুলিশের হাতে।
সবগুলোই ৫০০ আর ১০০ টাকার নোট, একেবারেই আনকোরা।
কিন্তু টাকার ব্যাপারে ছেলেটি দমে যায়নি এখনও।
পুলিশের কাছে সে ওই টাকার ভাগ চাইছে। কারণ সে দাবি করছে যে নদীতে ঝাপ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সে এই টাকা উদ্ধার করেছে।
অস্ট্রিয়ায় সাধারণত কেউ যদি অর্থ খুঁজে পান তারপর সেটা পুলিশের কাছে জমা দেন তাহলে তাকে ওই অর্থের ৫ থেকে ১০ ভাগ দেওয়া হয়ে থাকে। পুলিশ বলছে, এক বছরের মধ্যে যদি টাকার মালিককে খুঁজে না পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত পুরোটা টাকাই এই ছেলেটিকে দিয়ে দেওয়া হবে।
পুলিশ এখন এই রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে যে এত্তো ইউরো নদীতে আসলো কিভাবে?
প্রথমে তারা ভেবেছিলেন জাল নোট। কিন্তু পরে তারা পরীক্ষা করে দেখেছেন নোটগুলো আসল।
পুলিশের একজন মুখপাত্র বলছেন, কোনো অপরাধের সাথে তারা এখনও এই টাকার সংযোগ খুঁজে পাচ্ছেন না।
ইউরোর নোটগুলো এখন শুকানো হচ্ছে।
পিয়জীত দেবসরকার: 'ত্রিদিব রায় ছিলেন এমন একজন রাজা যিনি ব্যক্তি স্বার্থ-র জন্য তাঁর রাজত্ব হারিয়েছেন'
উনিশ্শো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর, বিশেষ করে চাকমাদের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক আছে। চাকমাদের তৎকালীন রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।
কিন্তু ত্রিদিব রায়-এর সিদ্ধান্তের পেছনে কী কারণ ছিল বা কী ধরণের ঐতিহাসিক প্রেক্ষাপট সেই সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, সে বিষয়ে গবেষণা খুব বেশি হয়নি।
সম্প্রতি সেই কাজটি করেছেন লন্ডন-ভিত্তিক ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জীত দেবসরকার, যার বই ‘দ্য লাস্ট রাজা অফ ওয়েস্ট পাকিস্তান’ গত সপ্তাহে প্রকাশিত হয়েছে।
এই বইতে লেখক উপমহাদেশের বিশাল ক্যানভাসের মধ্যে চাকমাদের ইতিহাসের প্রাসঙ্গিকতার একটি জীবন্ত চিত্র এঁকেছেন। সেই চিত্রে তিনি ফুটিয়ে তুলেছেন কীভাবে একের পর এক চাকমা রাজা নিজেদের রাজত্ব এবং স্বাতন্ত্র্য রক্ষায় এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা চাকমা জাতিগোষ্ঠীকে তাদের প্রতিবেশী বাঙ্গালীদের প্রতিদ্বন্দ্বীতে পরিণত করেছিল।
রাজা ত্রিদিব রায়-এর রাজনৈতিক চিন্তা-ভাবনা ব্যাখ্যা করার জন্যই প্রিয়জীত দেবসরকার তাঁর বই-এর নামে তাঁকে ‘পশ্চিম পাকিস্তানের শেষ রাজা’ বলে আখ্যায়িত করেছেন।
মি: দেবসরকারের মতে, ১৯৫৩ সালে সিংহাসনে আরোহণ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত ত্রিদিব রায় নিজেকে পশ্চিম পাকিস্তানের এক জাতিগোষ্ঠীর রাজা হিসেবে দেখেছেন। রাজা ত্রিদিব রায় খুব চিন্তা-ভাবনা করেই বাংলাদেশের স্বাধীনতা প্রত্যাখ্যান করেছিলেন। রাজা ত্রিদিব রায়: সিংহাসনে আরোহণের দিন। মি: দেবসরকারের গবেষণা মতে, ত্রিদিব রায়-এর সিদ্ধান্ত ছিল আত্মস্বার্থ-কেন্দ্রিক। নিজের রাজত্ব এবং স্বায়ত্তশাসন টিকিয়ে রাখতেই ত্রিদিব রায় পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিলেন।
“উনি চাইছিলেন তাঁর রাজত্ব এবং রাজ পরিবারের শাসন যেন বজায় থাকে, যদিও অনেক সাধারণ চাকমা তাঁর নীতির বিপক্ষে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন”, মি: দেবসরকার বলেন।
বইটির ভিত্তি হচ্ছে দালিলিক গবেষণা, অর্থাৎ প্রকাশিত বা অপ্রকাশিত দলিল ছিল বইটির মৌলিক উপাদান। গবেষণার কাজ হয়েছে বিশ্বর বিভিন্ন অঞ্চলে – বাংলাদেশের রাঙ্গামাটি থেকে শুরু হয়ে পাকিস্তানের ইসলামাবাদ, তারপর শ্রী লংকা এবং থাইল্যান্ড হয়ে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স।
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক খেলার মাঠে চাকমা রাজাকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখেছেন লেখক। বইটির মূল লক্ষ্য ছিল সেই বিশ্লেষণের আলোকে রাজা ত্রিদিব রায়-এর কর্মকাণ্ড পর্যালোচনা এবং ব্যাখ্যা করা।
বই-এর শুরুতে ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরা হয়েছে, বিশেষ করে আরাকান এবং চট্টগ্রাম অঞ্চলে চাকমাদের আগমন এবং প্রভাব বিস্তারের ইতিহাস। এর পরে এসেছে, দিল্লিতে মোগল বাদশাহদের সাথে চাকমা রাজাদের সম্পর্ক এবং ব্রিটিশ শাসন শেষে পার্বত্য চট্টগ্রামকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অধীনস্থ করার সিদ্ধান্ত।
পার্বত্য চট্টগ্রামে মুসলিমরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও এলাকাটি পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয়। স্যার সিরিল র্যাডক্লিফ-এর এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও, তৎকালীন চাকমা রাজা নালিনক্সা রায় খুশিই হয়েছিলেন।
ভারতীয় কংগ্রেসের নীতি বেশ সোজা-সাপটা ছিল, বলছেন মি: দেবসরকার। তারা স্বাধীন ভারতে কোন ধরনের স্থানীয় রাজা-রাজকুমার বা রাজকীয় ক্ষুদ্র রাজ্য বরদাশত করবে না বলে জানিয়ে দিয়েছিল।
কাজেই, চাকমা রাজার পক্ষে ভারতে যোগ দিয়ে রাজত্ব টিকিয়ে রাখা অসম্ভব হতো। চাকমা রাজা ত্রিদিব রায়কে নিয়ে বিরল একটি গবেষণা। “আপনি যদি একটু পেছনে যান, আপনি দেখবেন চাকমারা ব্রিটিশ ভারতে সব সময় স্বায়ত্তশাসন উপভোগ করে আসছে। তাদের কিন্তু সব সময় একটি আলাদা রাজত্ব, আলাদা পরিচয় ছিল,” মি: দেবসরকার বলেন।
রাজা ত্রিদিব রায় মনে করেছিলেন পাকিস্তানের সামরিক শাসনই পার্বত্য চট্টগ্রামে চাকমাদের স্বায়ত্তশাসন নিশ্চিত করবে। শুরু থেকেই তিনি পশ্চিম পাকিস্তানের সামরিক এবং বেসামরিক আমলাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।
অন্যদিকে, পূর্ব পাকিস্তানের উদীয়মান জাতীয়তাবাদী আন্দোলন বা স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীদের সাথে সম্পর্ক স্থাপনকে তিনি কম গুরুত্ব দেন। এমনকি ১৯৭০ সালের নির্বাচনে বাঙ্গালী জাতীয়তাবাদের প্রবক্তা শেখ মুজিবের ব্যাপক বিজয়-এর পরেও তিনি তার অবস্থান পুনর্বিবেচনা করেন নি।
মি: দেবসরকার বলছেন, ত্রিদিব রায় ১৯৭০-এর নির্বাচনের আগে শেখ মুজিবের সাথে দেখা করলে তিনি তাঁকে আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবার অনুরোধ জানান। মুজিব ত্রিদিব রায়কে আশ্বাস দেন, যে তাঁর দল বিজয়ী হলে পার্বত্য এলাকার উন্নয়নে তিনি সহায়তা করবেন।
“কিন্তু রাজা ত্রিদিব রায়-এর মূল লক্ষ্য ছিল তাঁর রাজত্বের স্বায়ত্তশাসিত মর্যাদা রক্ষা করা এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, সে বিষয়ে হয়তো কোন সমস্যা ছিল”, মি: দেবসরকার বলেন।
তবে মি: দেবসরকার মনে করছেন, ত্রিদিব রায় ভেবেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নির্বাচনের ফলাফলকে কোন না কোন ভাবে নাকচ করে দিতে পারবেন।
“উনি যেহেতু পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ ছিলেন এবং তাদেরকে অনেক উন্নত মানের বাহিনী মনে করতেন, তিনি ভেবেছিলেন যে তাদের বিরুদ্ধে বিদেশী কোন হুমকি কাজ করবে না এবং তারা সব কিছু সামলে নিতে পারবে,” তিনি বলেন।
লেখক তাঁর কাজ ১৯৭১ সালের ডিসেম্বর মাসেই শেষ করে দেননি, কারণ ত্রিদিব রায়-এর রাজনৈতিক জীবন ১৯৭১-এর পর থেমে থাকে নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ১৯৭৩ সালে রাজা ত্রিদিব রায়কে দেশের প্রেসিডেন্ট হবার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম হতে চাননি বলে পদ গ্রহণ করতে পারেননি।
কিন্তু তারপরও, মি: দেবসরকার তাঁর উপসংহারে লিখছেন, “ত্রিদিব রায় ছিলেন এমন একজন রাজা যিনি শুধুমাত্র ব্যক্তি স্বার্থ-র জন্য তাঁর রাজত্ব হারিয়েছেন”।
চাকমাদের ৫০তম রাজা ত্রিদিব রায়-এর নাম ১৯৭২ সালের দালাল আইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তিনি সেই অভিযোগ মোকাবেলা করার জন্য কখনো বাংলাদেশে ফিরে আসেননি এবং ৭৯ বছর বয়সে ২০১২ সালের ১২ই সেপ্টেম্বর তাঁর মৃত্যু পর্যন্ত তিনি নির্বাসনে ছিলেন।
দ্য লাস্ট রাজা অফ ওয়েস্ট পাকিস্তান, ১৬১ পৃষ্ঠা। প্রকাশক: কুইনটাস। সাবির মুস্তাফাবিবিসি বাংলা
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যে বিতর্ক চলছে তাতে এবার যোগ দিয়েছেন বলিউড চিত্রনায়িকা সানি লিওনি। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেতা আমির খানের প্রতি সমবেদনা প্রকাশ করলেও তিনি বলছেন, "ভারত যদি নিরাপদ না হতো - তাহলে আমি এখানে থাকতাম না।"
ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাওয়ায় বলিউডের জনপ্রিয় তারকা আমির খান 'ভারত ছেড়ে অন্য কোথাও চলে যাবেন কিনা' এ বিষয়ে তার স্ত্রীর সাথে আলাপ করেছেন - এ কথা বলার পর থেকেই ভারতের রাজনৈতিক মহলে এ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
তবে বলিউড অভিনেত্রী এবং সাবেক পর্নো-তারকা সানি লিওনি আজ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, "অসহিষ্ণুতা শব্দটি ব্যবহার আমার কাছে 'ইন্টারেস্টিং' বলে মনে হয়েছে। আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি, ভারতকে আমি ভালোবাসি এবং থাকার জন্য এটা একটা দারুণ জায়গা। যদি এ দেশ নিরাপদ না-ই হতো, তাহলে আমি এখানে থাকতাম না।"
আমির খান তবে তিনি এটাও বলেন, "মিডিয়ায় সাধারণ মন্তব্যকেও ভুলভাবে ব্যাখ্যা করা হয় এবং আমার ক্ষেত্রেও তা ঘটেছে। সে কারণে আমির খানের প্রতি আমার সমবেদনা রয়েছে।"
ভারতীয়-কানাডিয়ান বংশোদ্ভূত সানি লিওনিকে সাধারণত রাজনৈতিক বিতর্ক থেকে দূরেই থাকতে দেখা গেছে।
তবে 'অসহিষ্ণুতা-বিতর্ক' নিয়ে মুখ খোলার পর সমালোচকরা বলছেন, সানি লিওনির আগামি ছবি 'মস্তিজাদে' যাতে সেন্সর বোর্ডের কাঁচি এড়িয়ে মুক্তি পেতে পারে - সে জন্যই তিনি এসব কথা বলে বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে খুশি করতে চাইছেন।
একজন অপসারিত স্বৈরশাসক হয়েও জেনারেল এরশাদ বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন।
বাংলাদেশে এরশাদ সরকারের পতনের মধ্যে দিয়ে যে নতুন দিনের সূচনা হবে বলে আশা করা হয়েছিলো তা সম্ভব হয়নি বলে মনে করা হচ্ছে।
শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন, “বাংলাদেশে একজন স্বৈরাচারীর পতন হলও কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার পতন হলো না।”
তার মতে, “একজন অপসারিত স্বৈরশাসক হয়েও জেনারেল এরশাদ বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। তিনি যে গুরুত্ব পাচ্ছেন তাতে এটাই প্রমাণ হয় বাংলাদেশে যে ব্যবস্থার মধ্যে আমরা আছি, যে গণতন্ত্রের চর্চা চলছে তা কোন গণতন্ত্রই নয়। এই গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে”
গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবসান ঘটেছিলে বাংলাদেশের সেনাশাসক জেনারেল এইচ এম এরশাদের সরকারের।
তার পতনের ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ।
তবে শেষ সময় পর্যন্ত সামরিক বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে গেছেন জেনারেল এরশাদ।
তার পতনের জন্য যে আন্দোলন এবং তার চাপে এরশাদের পতনের মাধ্যমে নতুন দিনের সূচনা হবে বলে আশা করা হয়েছিল।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করা হয় এরশাদ বিরোধী আন্দোলনকে।
কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে এইচ এম এরশাদের এবং তার দলের পুনর্বাসন হয়েছে।
তাহলে ২৫ বছর পরে এসে বাংলাদেশে গণতন্ত্র কোথায় দাঁড়িয়েছে?
মি চৌধুরী বলছেন, স্বৈরশাসক হয়েও জেনারেল এরশাদ বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তার একটি বড় কারণ হলও তার অনেক অর্থ আছে।
তাছাড়া তিনি স্থানীয়ভাবে সমর্থন পাচ্ছেন।
কিন্তু অন্যতম কারণ হলও তার যেহেতু কিছু ভোট আছে তাই বাংলাদেশের বড় যে দুটি দল আছে তারা দু পক্ষই ভোটের জন্য তাকে নিজেদের দিকে টানতে চায়।
যে ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে যাচ্ছে তাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনপ্রতিনিধিদের শাসন এবং সর্বোপরি নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলে মনে করেন অধ্যাপক চৌধুরী।
তিনি বলছেন, তার দায়ভার নিতে হবে বাংলাদেশের বড় দুই দলকেই।
তাদের প্রতিদ্বন্দ্বিতার ফাকে এরশাদ যে গুরুত্ব পাচ্ছেন তা তার পাওয়ার কোনও কারণই নেই।
তার মতে, “গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আবারো বাংলাদেশকে জনগণের মতের কাছেই যেতে হবে কিন্তু বাংলাদেশ জনমত তৈরির কোন পথ পাচ্ছে না। সেটা ভোটের মাধ্যমে হচ্ছে না, গণমাধ্যমে সম্ভব হচ্ছে না। মানুষের মতের কোন দাম বিদ্যমান ব্যবস্থার মধ্যে ধরা পড়ছে না। তবে বাংলাদেশের মানুষ সচেতন। তারা ডাক দিলে শোনে। কিন্তু বাংলাদেশে এখন সেই ডাক দেবার মানুষ নেই”
প্যারিসে সন্ত্রাসী হামলার এক মাস পার হতে না হতেই ফ্রান্সে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন - এবং এ পটভূমিতেই অনেক পর্যবেক্ষকের ধারণা এ নির্বাচনে অভিবাসী-বিরোধী উগ্র দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট ভালো করবে।
জনমত জরিপ বলছে, প্যারিস হামলার পর থেকেই ন্যাশনাল ফ্রন্টের জনপ্রিয়তা বাড়ছে। মনে করা হচ্ছে স্থানীয় নির্বাচনে ১৩টি অঞ্চলের মধ্যে দুই থেকে চারটি অঞ্চলে তারা ভালো করবে, যার প্রভাব পড়বে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও।
ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস সতর্ক করে দিয়েছেন, যেন ভোটাররা ন্যাশনাল ফ্রন্ট নেত্রী মারিন লু পেনের 'কৌশলের ফাঁদে' পা না দেন।
তবে মুশকিল হলো, মারিন লু পেনের বাবা জঁ মারি লু পেন যখন ন্যাশনাল ফ্রন্টের নেতা ছিলেন - তখন এটা 'ন্যাড়ামাথা গুন্ডাদের দল' বলে যে ইমেজ তৈরি হয়েছিল - তা তার মেয়ের সময় অনেক বদলে গেছে। মারিন লু পেন এখন এই দলে মাথা-কামানো লোক দেখা যায় না, তবে অশ্বেতাঙ্গ লোকও দেখা যায় না। এরা ইহুদিবিদ্বেষী কথাবার্তা বলার ব্যাপারে হুঁশিয়ার থাকেন । তবে ইসলামবিরোধী কথাবার্তা এ দলের নেতানেত্রীদের মুখে হামেশাই শোনা যায়।
তারা মনে করেন ব্যাপক অভিবাসনের কারণেই ফ্রান্সে উগ্রপন্থী ইসলামের উত্থান ঘটেছে।
ফিলিপ ল্যানসেড নামের একজন ব্যবসায়ী বিবিসিকে বলছিলেন, আগে তিনি ন্যাশনাল ফ্রন্টে যোগ দেবার কথা ভাবতেই পারতেন না, কিন্তু ১৩ই নভেম্বরের আক্রমণের পর দিনই তিনি এই দলে যোগ দিয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় কগোলাঁ শহরের মেয়র মার্ক এতিয়েন লাাঁসেদ বলছিলেন, "ইহুদিবিদ্বেষ তার আগের প্রজন্মের ব্যাপার। তবে ইসলামের সমস্যা হলো তারা সারা দুনিয়া জুড়ে শরিয়া কায়েম করতে চায়।"
ফ্রান্সের একটি শহর মার্সেই - যেখানে মুসলিম জনসংখ্যা আড়াই লক্ষ - সেখানকার একটি মসজিদের ইমাম আবদেররহমান গুল বলছেন, ন্যাশনল ফ্রন্ট সবক্ষেত্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
"শিক্ষা, চাকরি সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার হচ্ছেন মুসলিমরা - যা দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ আরো বাড়িয়ে দিচ্ছে।" এর পরিণতিতে যে কোন কিছুই ঘটতে পারে - বলেন তিনি।
এখানেই একটি নির্বাচনী সভায় মারিন লু পেন ফরাসী আত্মপরিচয়ের উল্লেখ করে বলেছেন, "আমরা জানি আমরা কি এবং কি নই। আমরা কোন ইসলামিক জাতি নই।"
মার্সেই শহরে ফ্রন্ট ন্যাশনালের উত্থানের পর শহর যেন দু'ভাগ হয়ে গেছে। একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বিবিসির গ্যাব্রিয়েল গেটহাউসকে বলছিলেন, আমরা তাদের এলাকায় যেতে ভয় পাই, তারা এখন আমাদের এলাকায় আসতে ভয় পায়।
এই 'তারা' 'আমরা' কারা?
তিনি বুঝিয়ে দেন - 'তারা' মানে 'ফরাসী' আর 'আমরা' মানে 'মুসলিম'।
এরশাদের পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের সাথে শেখ হাসিনা ও খালেদা জিয়া। ফাইল ছবি
বাংলাদেশে ১৯৯০-এ যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেনাশাসনের যুগের অবসান হয়েছিল - তার ২৫তম বার্ষিকীতে অনেকেই বলছেন যে গণতন্ত্রের প্রত্যাশা তারা করেছিলেন তা পূর্ণ হয় নি।
'যা চেয়েছিলাম তা হয় নি', 'অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু যাদের দেখছি তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ' - এমনটাই বলছেন অনেকে।
বাংলাদেশে এরশাদ সরকারের পতনের ২৫ বছর পূর্ণ হয়েছে আজ। গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবসান ঘটে জেনারেল এইচ এম এরশাদের শাসন।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করা হয় এই আন্দোলনকে। কিন্তু এই ২৫ বছরে গণতান্ত্রিক মূল্যবোধ কতটা প্রতিষ্ঠিত হয়েছে? সাধারণ মানুষ কি মনে করছে?
১৯৯০ সালে জেনারেল এরশাদ সরকারের পতনটি ছিল একটি দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ফসল। যে আন্দোলনে অংশ নিয়েছিল বাংলাদেশের তৎকালীন এবং বর্তমান প্রায় সকল বড় রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সেই আন্দোলনে সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছিল একটি নতুন সময়ে, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবার আশা ছিল সবার মধ্যে। কিন্তু সেই আশা কতটা পূরণ হয়েছে?
“আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়নি। যেই শ্রেণীর হাতে ক্ষমতা, তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং জনগণের মঙ্গলার্থে একটি শাসনব্যবস্থা মনেপ্রাণে চায়নি।” বলেন মোহাম্মদ হাবিবুল্লাহ, ৯০ এর আন্দোলনের সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
তার মতো ঢাকায় সাধারণ মানুষদের অনেকেই রাজনীতি নিয়ে সন্তুষ্ট নন।
“আমরা যাদের দেখছি তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। এটাতেই অভ্যস্ত হয়ে গেছি আমরা।” বলেন আরেকজন পথচারী।
কিন্তু এই গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব যাদের হাতে ছিল, সেই রাজনীতিবিদরা এই হতাশার দায়ভার কতটা নিচ্ছেন?
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুহ উল আলম লেনিন বলছেন, সামরিক এবং স্বৈরাচার শাসন থেকে উত্তরণ এবং সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ৯০এর গণআন্দোলনের বড় অর্জন।কিন্তু তার মতে, আরো অনেক কিছু করার আছে এবং এজন্যে সময়ের প্রয়োজন।
“এই অর্জনের পথে বাধা আছে। সাম্প্রদায়িকতা আছে, জঙ্গিবাদ আছে, মৌলবাদ আছে, সুপ্তভাবে হলেও অসহিঞ্চুতা আছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় ইংল্যান্ডের যেমন ২০০ বছর সময় লেগেছিল, আমাদেরও কিছুটা লাগবে। এতে হতাশ হওয়ার কিছু নেই।” বলেন মি. লেনিন।
বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক দল বিএনপিও মনে করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতিকূলতা রয়েছে। কিন্তু এই পথে একটি বড় বাধা পড়েছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতা ড. ওসমান ফারুক।
তিনি বলছেন, ব্যর্থতা রাজনীতিবিদদের রয়েছে, তবে এর বাইরেও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা আসছে এবং সেটিকেই তারা বড় করে দেখছেন।
“শত প্রতিকূলতা স্বত্ত্বেও ৯০ সালের পর তিনটি নির্বাচন হয়েছে এবং তিনটি সরকার সুষ্ঠুভাবে কাজ করেছে। এ ধারা ব্যাহত হয়েছে যখন ফখরুদ্দিন-মঈনুদ্দিনের নেতৃত্বে আরেকটি স্বৈরাচারী সরকার এলো। যদি তারা এই ধারা ব্যাহত না করতো, তাহলে হয়তো এতদিনে আমরা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র আরো সুসংহত করতে পারতাম।” বলেন মি. ফারুক।
তবে যেই সরকারকে হটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও এখন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তাদের বক্তব্য হল, গণতন্ত্র রক্ষায় তারা সেসময় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। দলটির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলছেন, কিন্তু এরপর বড় রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠায় উপযুক্ত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, “২৫ বছর ধরে দুটি দল পালাবদল করে মিউজিক্যাল চেয়ারের মতো সরকারে ছিল। তাদের দায়িত্বই সবচেয়ে বেশি ছিল।”
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা নিয়ে বাংলাদেশে তর্ক-বিতর্ক আগেও ছিল এবং এখনো রয়েছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে অসন্তোষও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এই বিতর্ক কবে শেষ হবে সেটি হয়তো কেউ বলতে পারছেন না, তবে রাজনীতিবিদরাও মনে করেন সহসাই বাংলাদেশে এই বিতর্ক শেষ হচ্ছে
না। মীর সাব্বিরবিবিসি বাংলা, ঢাকা
কাস্পিয়ান সাগরে আজারবাইজানের একটি তেল খনির প্ল্যাটফর্মে ঝড়ের মধ্যে আগুন লেগে অন্তত একজন নিহত ও ৩০ জন নিখোঁজ রয়েছেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে শনিবার জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় তেল কোম্পানি এসওসিএআর বিবিসিকে জানায়, আগুন লাগা গানেশলি খনির প্ল্যাটফর্মটিতে ৬৩ জন কর্মী ছিলেন, তাদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ঝড়ে একটি গ্যাস লাইন ক্ষতিগ্রস্থ হয়ে আগুনের সূত্রপাত হয়।
ঝড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও কর্মীদের উদ্ধার প্রচেষ্টায় বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।
ঘটনা তদন্তের জন্য প্রধানমন্ত্রী আর্তুর রসিজাদাকে প্রধান করে একটি কমিশন গঠন করেছেন প্রেসিডেন্ট আলিয়েভ।
আজারবাইজান তেল শ্রমিক অধিকার রক্ষা কমিটি জানায়, প্রায় ৪০ জন কর্মী প্ল্যাটফর্মের সঙ্গে বাঁধা একটি রাবারের ডিঙি নৌকায় ওঠার চেষ্টা করার সময় সেটি ফেটে যায়, এতে তাদের অনেকে পানিতে পড়ে যান।
এসওসিএআর এর পক্ষ থেকে শ্রমিক অধিকার রক্ষা কমিটির জানানো তথ্যটি নিশ্চিত করা হয়নি।
ঝড় চলার সময় কাস্পিয়ান সাগরের উপকূলীয় এলাকার আরেকটি তেল রিগের প্ল্যাটফর্ম থেকে তাদের আরো তিন কর্মী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে এসওসিএআর।
গানেশলি খনি থেকে আজারবাইজানের ৮০ শতাংশ তেল উত্তোলন করা হয়। রাশিয়া ও ইরানের সঙ্গে সীমান্ত থাকা আজারবাইজান কাস্পিয়ান সাগর এলাকার অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশ।
এর আগে শ্রমিক অধিকার রক্ষা কমিটির প্রধান মিরভারি জাখরামানলির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ৩২ জন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছিল।