শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মার্কিন দ্বৈত নাগরিক গ্রেফতার



আর্ন্তজাতিক ডেস্ক : দুই দেশের নাগরিকত্ব রয়েছে এমন এক নাগরিককে ইরানে গ্রেফতার করা হয়েছে। তিনি হচ্ছেন ইরানি বংশোদ্ভূত এ ধরণের চতুর্থ আমেরিকান নাগরিক। এ ঘটনায় তার ইরানের আদালতে সাজা হতে পারে। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম একথা জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পারিবারিক বন্ধুর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, দুবাই ভিত্তিক ব্যবসায়ী সিয়ামাক নামাজিকে তেহরান সফর করার সময় এ মাসের গোড়ার দিকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সম্ভাব্য গ্রেফতারের খবরা-খবরের ব্যাপারে আমরা অবহিত রয়েছি। আমরা এসব খবরের ওপর নজর রাখছি । এ ব্যাপারে এখন আর কিছুই বলতে পারছি না।’ এ ধরণের নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় ইরানে ইতোমধ্যে তিন মার্কিন নাগরিকের সাজা হয়েছে। এদের মধ্যে ওয়াশিংটন পোস্টের সংবাদদাতা জেসন রেজাইয়ান রয়েছেন। ২০১৪ সালের জুলাই মাসে তাকে গ্রেফতার করা হয় এবং গুপ্তচর বৃত্তির দায়ে তাকে অভিযুক্ত করা হয়। সাজাপ্রাপ্ত এ তিন নাগরিকের সকলেই ইরানি বংশোদ্ভূত । পোস্টের খবরে বলা হয়, গত ১৫ অক্টোবর ইরান ওয়্যার ওয়েবসাইটে অজ্ঞাতনামা এক মার্কিন ব্যবসায়ীকে গ্রেফতারের খবর জানা যায় এবং ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের বিভিন্ন টুইটে তার নাম নামাজি বলে উল্লেখ করা হয়। সিরিয়া সংঘাতের নিরসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার প্রাক্কালে ভিয়েনায় ইরানের পররাষ্ট মন্ত্রী মোহাম্মাদ জাভেদ জরিফের সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সাক্ষাতের পর আমেরিকান সংবাদ মাধ্যমে এ গ্রেফতারের খবর প্রকাশ পেল। - somoyerkonthosor

দ. চীন সাগরে মার্কিন জাহাজকে জবাব দেবে বেইজিং

481f714fbb47d4b13493aebac1ac8f35_XL
 
চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করলে মার্কিন জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
দক্ষিণ চীন সাগরে নির্মিত কৃত্রিম দ্বীপের কাছে মার্কিন জাহাজ পাঠানোর খবর বের হওয়ার পর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট ইয়াং ইউচুন এসব কথা বলেছেন।
তিনি বলেন, “আমরা এখনো আমেরিকার প্রতি আহ্বান জানাই যে, তারা যেন ভুল পথে না যায়। কিন্তু মার্কিন পক্ষ যদি তা অব্যাহত রাখে তাহলে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
লেফটেন্যান্ট ইয়াং ইউচুন জোর দিয়ে বলেন, চীন তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য কঠিন ভূমিকা নিতে মোটেই কুণ্ঠা বোধ করবে না।
somoyerkonthosor

রাশিয়া আর পরাশক্তি নয় : যুক্তরাষ্ট্র

 photo-1446192586

আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়া আর কোনো পরাশক্তি নয়। এর নিম্নগামী অর্থনীতির অবস্থান স্পেনেরও পরে। তা ছাড়া আগের সোভিয়েত ইউনিয়নের তুলনায় মস্কোর প্রভাব এখন অনেক সীমিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এ দাবি করেছে।
 
সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের কার্যালয়ের সেক্রেটারি জস আর্নেস্ট বলেন, গত কয়েক সপ্তাহে তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, রাশিয়ার দুর্বল অর্থনীতির অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। বিশ্বের ১৫তম বৃহৎ অর্থনীতির দেশ রাশিয়া। স্পেনেরও পরে তাদের অবস্থান।
 
জস আর্নেস্ট আরো বলেন, আগের সোভিয়েত ইউনিয়নের মতো কোনো প্রভাব রাশিয়ার নেই। সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী অর্থনীতিও নেই রাশিয়ার। দেশটির অর্থনীতি ধীরে ধীরে আরো খারাপ ও পৃথক হয়ে যাচ্ছে। বন্ধুরাষ্ট্র সিরিয়ার আসাদ সরকারের জন্য যুদ্ধ লড়তে হচ্ছে রাশিয়াকে।  ইরান ও সিরিয়ার পক্ষ নিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের রণতরীর কাছে রাশিয়ার যুদ্ধবিমান
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সেক্রেটারি জস আর্নেস্ট বলেন, জাপান সাগরে আন্তর্জাতিক জলসীমায় থাকা যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের ওপর দিয়ে রাশিয়ার দুটি যুদ্ধবিমান উড়েছে। চলতি সপ্তাহেই এ ঘটনা ঘটেছে। রাশিয়ার দুটি যুদ্ধবিমান দেখার পরপরই রণতরী থেকে দুটি এফ-১৮ বিমান ওড়ানো হয়। রাশিয়ার দুটি বিমান যতক্ষণ রণতরীর কাছে ছিল, যুক্তরাষ্ট্রের চারটি বিমানও এর কাছাকাছি অবস্থান করছিল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এর আগেও অন্য দেশের সার্বভৌমত্ব নষ্ট করে রাশিয়ার বিমান উড়েছে। এর প্রতিবাদও করা হয়েছে। তবে উল্লিখিত ঘটনা কিছুটা ভিন্ন, কারণ এটি ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়। somoyerkonthosor
 

গ্রিসে নৌকা ডুবে ২২ শরণার্থীর মৃত্যু

Boat-sank-near-greece
 
আর্ন্তজাতিক ডেস্ক : এজিয়ান সাগরের গ্রিস উপকূলে নৌকা ডুবে ১৯ শরণার্থীর মৃত্যু হয়েছে। এছড়া উপকূলরক্ষীরা ১৩৮ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। শুক্রবার তুরস্ক থেকে আসার সময় কালিমনস দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।
 
এদিকে একই দিন রোডস উপকূলে শরণার্থীদের নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছে। এখান থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
 
চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রিস উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটলো। বুধবার লেসবস উপকূলে নৌকা ভেঙে গেলে ১৬ শরণার্থীর মৃত্যু হয়। পরে উপকূলরক্ষীরা ২৭৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, আফগানিস্তান, সিরিয়া, ইরাক ও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ থেকে প্রতিদিন হাজার হাজার শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর ও এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছার চেষ্টা করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৭ লাখ শরণার্থী নৌকায় করে ইউরোপ এসে পৌঁছেছে।

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় : ওবায়দুল কাদের


51505_0
ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। আজ ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। কথাগুলো বলছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । শুক্রবার সকালে বেগমগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, মন্ত্রী হলেই সুনাম অর্জন করা যায় না। আর ভাষণ দিয়েও সুনাম হয় না। কাজ দিয়ে, অ্যাকশন দিয়ে, সৎ-সততা দিয়ে সুনাম অর্জন করতে হয়। এর আগে সকালে নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনীর বড়পোল নামক স্থানে বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্লাহ সড়কের (ফেনী-নোয়াখালী মহাসড়ক) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, শমশের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাজনক বহিঃপ্রকাশ। তার আগে বিএনপির অভ্যন্তরীণ কলহ ও কোন্দলে ব্যারিস্টার নাজমুল হুদা দল ছেড়েছিলেন। তিনিও বিএনপির প্রথম সারির নেতা ছিলেন।
সময়ের কণ্ঠস্বর:

নেলসন ম্যান্ডেলা বিশ্বে সর্বাধিক শ্রদ্ধেয়, ড. ইউনূস নবম

image_525_73667
 
ফিচার: বর্ণবাদ বিরোধী দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বিশ্বব্যাপী সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের শীর্ষে রয়েছেন । আর নবম শীর্ষ শ্রদ্ধার পাত্র হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) নতুন এক জরিপে এ কথা বলা হয়েছে। সংস্থাটি গ্লোবাল শেপার্স অ্যানুয়াল সার্ভে ২০১৫-এর ফল প্রকাশ করে ২৫শে অক্টোবর। এ জরিপে অংশ নিয়েছেন ১০৮৪ ব্যক্তি। এদের প্রত্যেকেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপার্স কমিউনিটির সদস্য। এ কমিউনিটিটি হলো বিশ্বের ৪৫০টি শহরভিত্তিক উদীয়মান নেতৃস্থানীয় ব্যক্তিদের একটি নেটওয়ার্ক। বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি শহরে জরিপটি করা হয়। জরিপে নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০ দশমিক এক ভাগ আর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে এতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও তৃণমূল থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাদের কাজের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পান মোহম্মদ ইউনূস। তিনি একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা এবং অর্থনীতিবিদ। ওই জরিপে দেখা গেছে, দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন পোপ ফ্রাঁসিস। এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন তেসলা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪র্থ) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (৫ম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (৬ষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (৭ম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (৮ম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট (১১তম)।
 

‘চিনিকলকে বাঁচিয়ে রাখতে আখচাষিদের আন্তরিক হতে হবে’

 
‘চিনিকলকে বাঁচিয়ে রাখতে আখচাষিদের আন্তরিক হতে হবে’
‘চিনিকলকে বাঁচিয়ে রাখার জন্য আখচাষিদের আন্তরিক হতে হবে। চিনিকলে কর্মরতদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।’
 
শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। প্রসঙ্গত, ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ  মাড়াই করে ১৯ হাজার ৫৬০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৮.১৫%।
 
মন্ত্রী বলেন, ‘নর্থ বেঙ্গল সুগার মিলের সাথে র-সুগার রিফাইনারি, কো-জেনারেশন, বায়োগ্যাস প্লান্ট এবং রপ্তানিযোগ্য ডিস্টিলারি স্থাপন করা হবে। সকলের সহযোগিতায় চিনি শিল্পকে একটি সম্মানজনক আবস্থায় নিয়ে যাওয়া হবে।’
 
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে জেলার-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলার-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,  জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বক্তব্য রাখেন।