বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬

জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তানের অভিযান


পাঠানকোটে হামলার জন্য জয়েশ-ই মোহাম্মদের নিন্দা হয়েছে নানা দেশে।
Image copyrightAFP
Image captionপাঠানকোটে হামলার জন্য জয়েশ-ই মোহাম্মদের নিন্দা হয়েছে নানা দেশে।
ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জয়েশ-ই মোহাম্মদের কয়েকজন সদস্যকে আটক করেছে।
পাকিস্তানের সরকারি টেলিভিশন পিটিভিতে বুধবার এখবরটি নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে জয়েশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহারও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সভাপতিত্বে শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে জয়েশ-ই মোহাম্মদের সব অফিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পাশাপাশি এ বিষয়ে তদন্ত করার জন্য পাকিস্তানী তদন্তকারীদের পাঠানকোটে পাঠানরও সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২রা জানুয়ারি পাকিস্তান সীমান্তের অদূরে পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর এক ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত সাত ব্যক্তি নিহত হন।
আর এই আক্রমণ হয় লাহোরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কদিন পর।
কাশ্মীর-ভিত্তিক জয়েশ-ই মোহম্মদকে পাকিস্তান সমর্থন করে বলে ভারত সরকার অভিযোগ করেছে।
তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
ভারত সরকার বলছে, জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নিলে ভারত আগামী শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দেবে না।

অ্যাসিড ঝলসানো মুখ নিয়েই তিনি ফ্যাশন মডেল


ব্যতিক্রমী ফ্যাশন মডেল লক্ষী সা
Image copyrightvivandiva
Image captionব্যতিক্রমী ফ্যাশন মডেল লক্ষী সা
ভারতের একটি ফ্যাশন ব্র্যান্ড একজন নারী মডেলের সাথে চুক্তি করেছে, যিনি অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন।
প্রতিষ্ঠানটির নতুন পোশাকের মডেল হবেন লক্ষ্মী সা নামের এই নারী।
ভিভা এন ডিভা নামে এই পোশাক প্রতিষ্ঠানটি মিজ সা'কে নিয়ে যে প্রচারণা শুরু করতে যাচ্ছে তাকে তারা বলছে 'সাহসী মুখ'।
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ১৫ বছর বয়সে মিজ সা'য়ের মুখমণ্ডল লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে ৩২ বছর বয়স্ক এক ব্যক্তি।
এর পর থেকে লক্ষী সা ভারতে বেআইনি অ্যাসিড বিক্রির বিরুদ্ধে সবচাইতে সোচ্চার কণ্ঠস্বরে পরিণত হন।
বিবিসিকে তিনি বলেন, একটি পোশাকের ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগকে কাজে লাগিয়ে তিনি এমন উদাহরণ সৃষ্টি করতে চান যাতে শারীরিকভাবে অক্ষম মানুষেরাও সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন।
"এটা আমার জন্য এমন একটি প্ল্যাটফর্মও বটে যেখান থেকে অপরাধীদের কাছে একটি বার্তা যাবে যে, শারীরিক সৌন্দর্য ক্ষুণ্ণ করবার জন্য অ্যাসিড ছুঁড়ে মারার পরও মহিলারা সাহস হারাবে না।"
অ্যাসিড সারভাইভার্স ট্রাস্ট ইন্টারন্যাশনালের তথ্য মতে, ভারতে মহিলাদের ওপর বছরে ১০০০-এরও বেশী অ্যাসিড হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে অনেক ঘটনাই সংবাদমাধ্যমের খবরে আসে না।

"মুসলমানদের অপমান করা ঠিক নয়": ওবামা


Image copyrightReuters
Image captionঅষ্টম ও শেষবারের মতো স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিছুক্ষণ আগে দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বারাক ওবামা আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।
মার্কিন কংগ্রেসে তিনি এই ভাষণ দেন।
এতে তিনি বলেন, "যখন কোনও রাজনীতিবিদ নিজ দেশের বা বিদেশের মুসলিমদের অপমান করে বক্তব্য দেয়, যখন কোনও মসজিদ ভাংচুর করা হয়, সেটা আমাদেরকে নিরাপদ করে না।"
"এটা সঠিক নয়। এটা বিশ্বের চোখে আমাদেরকে ছোট করে ফেলে। এটা আমাদের লক্ষ্যে পৌঁছনোকে কঠিন করে তোলে। এটা আমাদের দেশের সাথে প্রতারণা করবার সামিল"।
তার এই বক্তব্য দেবার সময় উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ করতালিতে ফেটে পড়েন।
মুসলমান এবং অভিবাসীদের নিয়ে করা বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়ে আসছেন মি. ট্রাম্প।
প্রেসিডেন্ট ওবামার ওই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালে ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিল।
প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ মেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন মি. ওবামা।
আজ ছিল তার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।
মার্কিন কংগ্রেসেরে সামনে দেয়া বার্ষিক এই ভাষণে প্রথা অনুযায়ী পরবর্তী বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা এবং সরকারের আসন্ন নতুন নীতিমালা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্টরা।
কিন্তু আজকের ভাষণে প্রেসিডেন্ট ওবামা নতুন পরিকল্পনা তুলে ধরার বদলে নিজের বিগত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরাতেই বেশী মনযোগী ছিলেন।

পাকিস্তানে টিকা কেন্দ্রের কাছে বিস্ফোরণ: ১৪ জন নিহত


Image copyrightAFP
Image captionপাকিস্তানে পোলিও টিকা কর্মীদেরকে সার্বক্ষণিক সশস্ত্র প্রহরা দেয়া হয়।
কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের কোয়েটা শহরে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানো হয় এমন একটি ক্লিনিকের সামনে এক বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
মনে করা হচ্ছে নিহতদের অধিকাংশই পুলিশের সদস্য।
তারা ওই টিকা কেন্দ্রটির প্রহরায় ছিল।
পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো মনে করে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচী মূলত পাকিস্তানি শিশুদের বিরুদ্ধে একটি পশ্চিমা ষড়যন্ত্রের অংশবিশেষ।
ফলে পোলিও টিকা কর্মীরা সাম্প্রতিক বছরগুলোতে বহু ইসলামপন্থী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এজন্য তাদেরকে সবসময় সশস্ত্র প্রহরা দেয়া হয়।
সারা বিশ্বের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানেই শুধুমাত্র এখনো পোলিও রোগ মহামারি আকারে বিরাজ করছে।
বেলুচিস্তান প্রদেশের একজন মন্ত্রী সরফরাজ বুগতি সংবাদদাতাদের বলেন, সকালবেলা টিকা কর্মীরা যখন পরিদর্শনে বের হবার আগে কার্যালয়ে এসে হাজিরা দিচ্ছিলেন তখনই এই বিস্ফোরণটি ঘটে।
অন্তত কুড়ি জন মানুষ এতে আহতও হন।
মি. বুগতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, "আমরা একটি যুদ্ধক্ষেত্রে বসবাস করছি এবং এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না।"
সংবাদদাতারা বলছেন, ২০১৪ সালের সাথে তুলনা করলে গত বছর পোলিও টিকা কর্মীদের উপর কমই হামলার ঘটনা ঘটেছে।
পোলিও টিকা কর্মীদের উপর এর আগে সর্বশেষ হামলাটি হয়েছিল গত নভেম্বর মাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক স্থানীয় পোলিও সমন্বয়কের মৃত্যুর মধ্যে দিয়ে।

রোনালদোর মূর্তির গায়ে ‘মেসি’ লিখে দিল দুর্বৃত্তরা


Image copyrightTwitter
Image captionমাদেরিয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্রোঞ্জ মূর্তিটির এই হাল করেছে দুর্বৃত্তরা। ছবিটি কয়েক ঘন্টা আগে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ফরাসি ফুটবল সাংবাদিক নিকোলা ভিলা।
রেয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তির পিঠে বার্সেলোনা তারকা লিওনেল মেসির নাম ও জার্সি নম্বর লিখে দিয়েছে একদল দুর্বৃত্ত।
রোনালদোর নিজ শহর পর্তুগালের মাদেরিয়া শহরে ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই প্রমাণ আকারের ব্রোঞ্জ মূর্তিটি স্থাপন করা হয়।
সোমবার রাতে ফিফার বর্ষসেরা ফুটবলার বা ব্যালন ডি অর পুরষ্কার জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
ওই পুরষ্কারের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন এবং জরিপে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।
Image copyrightEPA
Image captionনিজের ব্রোঞ্জ মূর্তির পাশে ক্রিশ্চিয়ানো রোনালদো: ফাইল চিত্র
এর পরেই দেখা যায় মাদেরিয়ায় রোনালদোর ওই মূর্তিটির পিঠে কে বা কারা লাল কালিতে ইংরেজিতে ‘মেসি’ এবং তার নিচে ‘১০’ সংখ্যাটি লিখে রেখেছে।
উল্লেখ্য, বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ১০ সংখ্যা-ধারী জার্সি পরিধান করেন।
খবরে জানা যাচ্ছে, ঘটনাটি মাদেরিয়ার কর্তৃপক্ষের নজরে আসবার পরে বুধবারই মূর্তিটির পেছন থেকে এই লেখাগুলো মুছে ফেলা হয়েছে।
কিন্তু এরই মধ্যে ব্যাপারটি রোনালদো ভক্তদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।

আলু খেলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে


Image captionসপ্তাহে পাঁচবারের মতো আলু প্রধান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৫০ ভাগ বৃদ্ধি পায়।
মার্কিন বিজ্ঞানীরা বলছেন, গর্ভকালীন সময় যে সব নারীরা বেশি আলু খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি।
তারা ২১ হাজার গর্ভবতী নারীর ডাক্তারি কাগজপত্র ঘেঁটে এই তথ্য দিচ্ছেন।
তারা বলছেন, সপ্তাহে পাঁচবারের মতো আলু প্রধান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৫০ ভাগ বৃদ্ধি পায়।
আলুতে যে স্টার্চ থাকে সেটি রক্তে চিনির পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয়।
গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত সন্তান প্রসবের পরপরই দূরীভূত হয়, কিন্তু এটা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

১০ জন নাবিকসহ মার্কিন নৌযান আটক করেছে ইরান


  • য়ার করু
us sailorsImage copyrightGetty
Image captionদুটি টহল নৌকায় ছিলেন মার্কিন নাবিকেরা
দশজন নাবিকসহ মার্কিন দুটি টহল নৌযান আটক করেছে ইরান।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়।
মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। তিনি বলেন, পরবর্তীতে ইরানীয়রাই তাদেরকে জানান যে নাবিকরা নিরাপদ আছে।
ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে।
ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সাথে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা এপির একজন কর্মকর্তা বলছেন, দ্রুত ফলাফলের জন্য ব্যক্তিগতভাবে মি. জারিফের সাথে কথা বলেছেন মি. কেরি।
ইরানের পারমানবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের কারণে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে।
যদিও ওয়াশিংটন বলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, তবে কবে তাদের ফিরিয়ে দেয়া হবে তা এখনো পরিষ্কার নয়।
গত ডিসেম্বরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানের কাছে রকেট পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। সেসময় মার্কিন একজন সামরিক কর্মকর্তা ঐ পরীক্ষাকে ‘উচ্চমাত্রার প্ররোচনা’ বলে অভিহিত করেছিলেন।