শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

গরুর মাংসের প্রসঙ্গ থাকায় তথ্যচিত্র দেখাতে বাধা ভারতে

 
                      ভারতের বিভিন্ন জায়গায় এই গরুর মাংস নিয়ে চলছে বিক্ষোভ ও বিতর্ক         
       
গরুর মাংসের প্রসঙ্গ থাকায় একটি তথ্যচিত্র প্রদর্শন করতে দিতে রাজি হয় নি ভারত সরকার। দিল্লিতে আয়োজিত তথ্যচিত্র উৎসবে প্রথমে নির্বাচিত হওয়ার পরেও শেষ মুহুর্তে পাঁচজন ছাত্রছাত্রীর তৈরি ওই ছবিটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্তের কোনও কারণ দেখানো হয় নি। তবে ছবিটির নির্মাতারা বলছেন গোমাংস নিয়ে ভারতে যে বিতর্ক চলছে, সেজন্যই ছবিটি সম্ভবত বাদ পড়েছে, যদিও এই ছবিটির মূল বিষয়বস্তু কখনই গোমাংস নয় বলে বলছেন ছবিটির নির্মাতারা।
‘কাস্ট অন দা মেনু কার্ড’ নামের ওই তথ্যচিত্রটি দিল্লিতে আয়োজিত মানুষের জীবনযাত্রা কেন্দ্রিক একটি তথ্যচিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। কিন্তু উৎসব শুরুর ঠিক আগে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে তালিকা চূড়ান্ত করে পাঠিয়েছে, তাতে ওই একটি তথ্যচিত্রকে বাদ দেওয়া হয়েছে।
ওই তথ্যচিত্র উৎসবের পরিচালক মনোজ ম্যাথ্যু বলছেন, “আমরা স্বাভাবিকভাবেই বিচলিত আর হতাশ। এই তথ্যচিত্র উৎসবে জীবন-জীবিকার বৃহত্তর ইস্যুগুলি নিয়ে তৈরি করা ছবি দেখানো হয়। এই ছবিটিকে বাদ দেওয়ার কোনও কারণ দেখানো হয় নি, আবার তালিকাতেও নেই। তবে কয়েকজন সরকারি আধিকারিক জানিয়েছেন যে গোরুর মাংস নিয়ে যে বিতর্ক চলছে, সে কারণেই ছবিটি বাদ পড়েছে।’’
“কিন্তু এধরণের বৃহত্তর ইস্যুগুলো নিয়ে তো চর্চ্চা, সুস্থ বিতর্ক করা প্রয়োজন। কিন্তু তার বদলে গরুর মাংস নিয়ে যে বিতর্ক চলছে, সবার দৃষ্টি এখন সেদিকেই,’’ মন্তব্য মনোজ ম্যাথ্যুর।
               ছবির নির্মাতারা বলছেন গরুর মাংস নয়, ছবিটির মূল বিষয় হল ভারতের গরুর মাংস প্রক্রিয়াকরণ শিল্পে জাত-পাতের বিষয়।                
ছবিটির নির্মাতারা বলছেন গরুর মাংস নয়, তাদের ছবিটির মূল বিষয় হল ভারতের গরুর মাংস প্রক্রিয়াকরণ শিল্পে জাত-পাতের বিষয়টি।
গরুর মাংস নিয়ে যে বিতর্ক এখন চলছে, তারা বলছেন তার অন্তত দেড় বছর আগে তারা ছবিটি বানিয়েছিলেন।
ভারতের খ্যাতনামা সমাজবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান – টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস–এর যে পাঁচজন ছাত্রছাত্রী কাস্ট অন দা মেনু কার্ড নামের ওই তথ্যচিত্রটি বানিয়েছিলেন, তাদেরই একজন অতুল আনন্দ বলছেন যে পৃথিবীর অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানীকারক দেশ হল ভারত।।
“তথ্যচিত্রটিতে আমরা বলেছি যে পৃথিবীর অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানীকারক দেশ হল ভারত। এই শিল্প যারা নিয়ন্ত্রণ করেন, সকলেই তথাকথিত উচ্চবর্ণের মানুষ, অনেকেই বিজেপির নেতা। কীভাবে তারা গরুর মাংস প্রক্রিয়াকরণ বা চামড়ার ব্যবসা থেকে লাভবান হচ্ছেন – সেগুলো যেমন দেখানে হয়েছে, তেমনই দেখানো হয়েছে কথিত নিম্নবর্ণের মানুষদের এখানে কীভাবে দিনমজুরিতে কাজ করতে হয়। এই সামাজিক ভেদাভেদই ছবিটার মূল বিষয়।“
অতুল আনন্দ আরও বলছিলেন যে এই ছবি তৈরি করার চিন্তাটা তাদের মাথায় আসে ক্যাম্পাসের ক্যান্টিনে গরুর মাংস কেন পাওয়া যায় না, তার খোঁজ করতে গিয়ে।
ভারতের কোনও বড় শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেই গরু বা শূকরের মাংস দেওয়া হয় না, যদিও অনেক ছাত্রছাত্রীই সেটা খেতে চান। কেন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত খাদ্যতালিকায় গরুর মাংস রাখা হবে না, ছবিতে সেই প্রশ্ন তুলেছেন অতুল আনন্দ আর তার সহযোগীরা।
গরুর মাংস খাওয়া নিয়ে গত প্রায় একমাস ধরে ভারতে বিতর্ক চলছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী বা বিজেপি-র শীর্ষনেতারা এই প্রসঙ্গে হয় চুপ করে থাকছেন, অথবা কোনও বক্তব্য রেখে বিতর্ক আরও বাড়িয়ে তুলছেন।

লন্ডনে ব্রিটেনের বৃহত্তম মসজিদ নির্মাণের পরিকল্পনা নাকচ

 
   
 
তাবলিগি জামায়াতের পরিকল্পিত মসজিদের নকশা     
 
           
লন্ডনে তাবলীগি জামায়াতের উদ্যোগে এক বিশাল মসজিদ নির্মাণের পরিকল্পনা ব্রিটিশ সরকার নাকচ করে দিয়েছে।
তাবলীগি জামায়াত এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় ২০০২ সালে। তাদের পেশ করা পরিকল্পনা এবং নকশা অনুযায়ী এই মসজিদে প্রায় দশ হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ পড়তে পারবে। অনুমতি পেলে এটি হতো ব্রিটেনের বৃহত্তম মসজিদ।
কিন্তু স্থানীয়দের আপত্তির মুখে শুরু থেকেই এই মসজিদ তৈরির পরিকল্পনা আটকে যায়।
মসজিদ নির্মাণের জন্য তাবলীগি জামায়াত নিউহ্যাম কাউন্সিলে প্রায় সতের একর জায়গা কেনে বহু বছর আগে।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনেক আলোচনার পর নিউহ্যাম কাউন্সিল ২১০২ সালে এই মসজিদ তৈরির পরিকল্পনা নাকচ করে দেয়।
তাবলীগি জামায়াত এর বিরুদ্ধে ব্রিটেনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপীল করেছিল।
কিন্তু সেই আপীলও নাকচ করে দিয়েছে সরকার।
ব্রিটেনে তাবলীগি জামায়াতের নেতারা যুক্তি দিয়েছিলেন যে, নামাজীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তাদের একটি বড় মসজিদ দরকার।
উল্লেখ্য নিউহ্যামে তাবলীগি জামায়াতের ক্রয় করা জমিতে এখন একটি অস্থায়ী মসজিদ রয়েছে।
তাবলীগি জামায়াতকে এই মসজিদটি বন্ধ করার জন্য তিন মাস সময় দিয়েছে। bbc

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

বিদেশীরা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে : তোফায়েল আহমেদ

   

                 বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বাংলাদেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,তৈরি পোশাক রপ্তানি বা ব্যবসার ক্ষেত্রে বিদেশী হত্যার ঘটনার নেতিবাচক কোন প্রভাব পড়েনি।
বিবিসি বাংলার প্রবাহ টেলিভিশন অনুষ্ঠানে তিনি একথাও বলেছেন, রাজনৈতিক কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দু’জন বিদেশীকে হত্যা এবং তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
বাংলাদেশে ইটালি এবং জাপানের দু’জন নাগরিককে হত্যার ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।এ নিয়েও মন্ত্রী মি: আহমেদ বলেছেন, বিদেশীরা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে।
যদিও বৃহস্পতিবার রাতে বিবিসি বাংলার প্রবাহ টেলিভিশন অনুষ্ঠানের এক প্রতিবেদনে উঠে এসেছে যে তৈরি পোশাক শিল্পের বিদেশী ক্রেতাদের ঢাকায় একটি নিয়মিত মাসিক বৈঠক স্থগিত করা হয়েছে কিছুদিন আগে।যদিও বিদেশী ক্রেতাদের পক্ষ থেকে এর কারণ বলা হয়নি।
কিন্তু তৈরি পোশাক খাতের মালিকদের অনেকে বলেছেন, বিদেশী দু’জনকে হত্যার ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণেই বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এমনকি এখন বাংলাদেশের গার্মেন্টস মালিকদেরকেই অন্য দেশে গিয়ে বিদেশী ক্রেতাদের সাথে বৈঠক করতে হচ্ছে।
তবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানি বা বিদেশের সাথে বাণিজ্যে নেতিবাচক কোন প্রভাব পড়েনি।
                 এখানে খুন হয়েছিলেন ইটালির নাগরিক তাভেলা চেজার                
ইটালি এবং জাপানের দু’জন নাগরিককে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র এবং বটেনসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তোলে।
সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলছে। কিন্তু বিদেশিরা সন্তুষ্ট হয়েছে, এমন ধারণা তারা এখনও দেয়নি।
পরিস্থিতিটা সরকারকে চাপে ফেলেছে কিনা, এমন প্রশ্নও উঠছে।মন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্য হচ্ছে, সরকার কোন চাপে নেই। তিনি পশ্চিমাদের অবস্থানেরই সমালোচনা করেন।
বিদেশী নাগরিক হত্যার ঘটনার পর থেকেই সরকারের মন্ত্রীদের অনেকেই বিরোধীদল বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন।
ইটালির নাগরিক হত্যার মামলায় চারজনকে গ্রেফতারের পর বিএনপির ঢাকা মহানগর কমিটির শীর্ষ পর্যায়ের একজন নেতা আব্দুল কাইয়ুমকে অন্যতম সন্দেহভাজন হিসেবে সরকার বলছে।
মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে না।
রংপুরের এই স্থানেই খুন হয়েছিলেন জাপানি নাগরিক কুনিও হোশি                
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে বিদেশী হত্যাকাণ্ড বা তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটানো হয়েছে,তা তদন্তে বেরিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মি: আহমেদ মনে করেন, হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং বিদেশীরাও বিষয়গুলো অনুধাবন করতে পারবে।

বাংলাদেশের একটি জেলে পল্লীতে হামলার দায়ে ছয়জন আটক

 
    
 
                             পূজার আতশবাজি নিয়ে ঘটনার সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।    
             
বাংলাদেশের ফেনী জেলায় পুলিশ বলছে, স্থানীয় একটি জেলে পল্লীতে হামলার ঘটনাকে কেন্দ্র মামলায় অভিযুক্তদের ছয়জনকে তারা গ্রেফতার করেছে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন, গত মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের পূজাতে আতশবাজি পুড়ানোর সময় চাঁদা দাবি করায় এই হামলার ঘটনা ঘটে।
একটি দোকান ও অন্তত পাঁচটি বাড়িতে ভাংচুর করায় ফেনী সদর থানায় একটি মামলা হয়েছে।
মি: মোর্শেদ বলেন এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে তারা।
পাঁচগাছিয়া উপজেলার ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানাচ্ছিলেন ঐ পুলিশ কর্মকর্তা।
হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীপূজা উৎযাপনের সময় গত মঙ্গলবার রাতে মাতিয়ারা উপজেলার জেলেপাড়ায় মানুষ আতশবাজি পুড়ান।
সেখানকার একজন বাসিন্দা জওহরলাল দাশ বলছিলেন এলাকার কিছু মানুষ তাদের কাছে বাজি পুড়ানোর বিনিময়ে চাঁদা দাবি করছিলেন।
সেই চাঁদা না দেয়াতে এর পরের দিন অর্থাৎ বুধবার রাতে তাদের কয়েকটি পরিবারের ওপর হামলা হয়।
এই ঘটনায় টুলু রানী নামে একজন গর্ভবতী মহিলার শরীরে আঘাত লাগে।
পাঁচগাছিয়ার একজন মেম্বার তাজুল ইসলাম ঘটনাস্থল থেকে বিবিসিকে বলেন এই ধরণের হামলার ঘটনা আগে কখনো ঘটেনি।

বাংলাদেশে স্কুল শিক্ষায় ছেলেদের ছাড়িয়ে যাচ্ছে মেয়েরা

 
                               
বাংলাদেশে এবছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় প্রায় দেড় লাখ বেশি।
এটিকে বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি হিসেবে দেখছে সরকার।
সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধার পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে।
বিশ্লেষকদের অনেকে মনে করেন, মেয়েদেরকে এখন বাবা-মা স্বাবলম্বী হিসেবে দেখতে চান এবং সেটাও নারী শিক্ষার প্রসারে অবদান রাখছে।
এবার সাধারণ স্কুল এবং মাদ্রাসার অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ লাখের বেশি শিক্ষার্থী।
সেখানে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সামাজিক দিক থেকে বড় বাধা তৈরি হতো। এখন সে সব চ্যালেঞ্জ অনেকটা মোকাবেলা করা সম্ভব হয়েছে। আর জুনিয়র সার্টিফিকেট পরিক্ষায় মেয়েদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সমাজের মানসিকতার পরিবর্তনের প্রভাব পড়েছে বলেও তিনি মনে করেন।
মন্ত্রী উল্লেখ করেছেন, ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপবৃত্তি বেশি দেয়া হচ্ছে। এর সঙ্গে বিনা মূল্যে বইও দেয়া হচ্ছে। এ ধরণের সরকারি সুবিধাগুলোও মেয়েদের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
যশোরের শার্শা উপজেলায় পাকসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেছেন, তার স্কুলেই ছাত্রীর সংখ্যা বাড়ছে এবং মেয়েরাই ফল ভাল করছে। কয়েক বছর ধরে এমন ধারা তিনি লক্ষ্য করছেন।
তিনি আরও বলেছেন, “গ্রামে লেখাপড়া করে অনেক মেয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন বা অন্য চাকরি করছেন। এটা দেখে গ্রামের অন্যান পরিবারগুলোতেও মানসিকতার পরিবর্তন হচ্ছে।মেয়েরা অর্থের দিক থেকে স্বাবলম্বী হবে, এখন এই চিন্তা কিন্তু গ্রামেও বাড়ছে।”
সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, মেয়েরা শিক্ষা লাভ করে চাকরি করে বুড়ো মা-বাবাকে দেখবে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যেও এমন আকাংখা এখন বাড়ছে। ফলে এখনকার বাস্তবতায় দরিদ্র জনগোষ্ঠীর কাছেও লিঙ্গ বৈষম্যের বিষয়ও কমে আসছে।
তবে শিক্ষা থেকে ঝরে পড়ার অভিযোগ এখনও রয়েছে। দারিদ্র এবং সেকারণে বাল্যবিবাহের বিষয়ও রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনে করেন, স্কুল শিক্ষা শেষে ধারে কাছে কলেজ বা উচ্চ শিক্ষার সুযোগ কম থাকায় এই পর্যায়ে এসে মেয়েদের ঝরে পড়ার সংখ্যা বেশি হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সকলে মিলে মেয়েদের শিক্ষার পরিবেশ পরিবর্তন করা সম্ভব হয়েছে। এখন ঝরে পড়া ঠেকাতেও সকলের একসাথে কাজ করার বিষয়ে সরকার গুরুত্ব দিতে চাইছে।

সৌদি ব্লগার পেলেন ইউরোপীয় মানবাধিকার পুরস্কার

 
                     শাখারভ পুরস্কার বিজয়ী সৌদি ব্লগার রাইফ বাদাউই     
           
সৌদি ব্লগার রাইফ বাদাউই ইউরোপীয় পার্লামেন্টের ‘শাখারভ শান্তি পুরস্কার’ পেয়েছেন।
রাইফ বাদাউইকে সৌদি সরকার চাবুক মারার শাস্তি দেয়ার পর তা বিশ্ব জুড়ে ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল।
রাইফ বাদাউই যেন শাখারভ শান্তি পুরস্কার গ্রহণ করতে পারেন সেজন্যে তাঁকে মুক্তি দেয়ার জন্য সৌদী বাদশাহ সালমানের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ।
ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে মিস্টার বাদাউইকে দশ বছরের জেল এবং এক হাজার দোররা মারার শাস্তি দেয়া হয়।
রাইফ বাদাউইর মুক্তির দাবিতে বিক্ষোভ                
বিশ্বের বিভিন্ন দেশে যারা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন তাদেরকে শাখারভ শান্তি পুরসাকর দেয়া হয়। সোভিয়েত বিজ্ঞানী এবং ভিন্নমতাবলম্বী আন্দ্রে শাখারভের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
রাইফ বাদাউই ‘ফ্রি সৌদি লিবারেলস’ বলে একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। ২০১২ সালে তাকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সাজা দেয়া হয়।
ইতোমধ্যে এ বছরের জানুয়ারিতে তাঁকে ৫০টি দোররা মারা হয়েছে। কিন্তু বাকী দোররা মারা স্থগিত রাখা হয়।
গত জুনে সৌদি আরবের সুপ্রীম কোর্ট তাঁর বিরুদ্ধে সাজা বহাল রাখে।
                 নিজের সন্তানদের সঙ্গে রাইফ বাদাউই                
রাইফ বাদাউইর কানাডা প্রবাসী স্ত্রী এনসাফ হায়দার বলেছেন, এই পুরস্কার তাদের কাছে আশা এবং সাহসের বার্তা বয়ে এনেছে।
আন্দ্রে শাখারভ পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নেলসন মানডেলা, অং সান সুচি এবং মালালা ইউসুফজাই। bbc

অবশেষে 'এক সন্তান নীতি' বাতিল করছে চীন

 
                                
বহু দশক ধরে কঠোরভাবে 'এক সন্তান নীতি' অনুসরণের পর চীন অবশেষে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এখন থেকে চীনের সব দম্পতি দুটি সন্তান নিতে পারবেন বলে জানাচ্ছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
কমিউনিষ্ট পার্টির তরফ থেকে দেয়া এক বিবৃতিতে আজ এই ঘোষণা দেয়া হয়।
১৯৭৯ সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়। এর লক্ষ্য ছিল চীনে জন্মহার কমানো এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনে এই নীতি পরিবর্তনের জন্য চাপ তৈরি হচ্ছিল। বিশেষ করে যেভাবে চীনের জনসংখ্যায় তরুণদের তুলনায় প্রবীনদের সংখ্যা বাড়ছে তা নিয়ে।
ধারণা করা হয়, চীনের এক সন্তান নীতির কারণে দেশটিতে অন্তত ৪০ কোটি জন্ম নিরোধ করা গেছে।
যেসব দম্পতি এই এক সন্তান নীতি লংঘন করেছেন, তাদের জন্য জরিমানা থেকে শুরু করে কর্মচ্যূতি এমনকি জোর করে গর্ভপাত ঘটানোর মত কঠোর সাজার বিধান ছিল।
কিন্তু বিগত দশকগুলোতে ক্রমাগত এই নীতি কিছুটা শিথিল করা হয়। কারণ বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করছিলেন, এই নীতির কারণে চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। bbc