বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬

খালি প্লেনে রাজার হালে সফর করলেন একমাত্র যাত্রী

খালি বিমানের একমাত্র যাত্রী মিস ঝ্যাং।
Image captionখালি বিমানের একমাত্র যাত্রী মিস ঝ্যাং।
চীনের একজন মহিলা খালি বিমানের একমাত্র যাত্রী হিসেবে সফর করেছেন।
চীনা নববর্ষের ছুটিতে মিস ঝ্যাং যাচ্ছিলেন গুয়াংঝুতে তার গ্রামের বাড়িতে।
কিন্তু সে সময় চীনের উহান অঞ্চলে ধেয়ে আসছিল তুষার ঝড়।
উহান বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীরা ঝড়ে আটকা পড়ে যেতে পারেন এই আশঙ্কায় বিমান কোম্পানি যাত্রীদের কাছে জানতে চায় তারা আগের একটি ফ্লাইটে যেতে রাজি কি না।
বেশির ভাগ যাত্রীই এতে সায় দেয়।
কিন্তু মিস ঝ্যাং জানান যে তিনি নিয়মিত ফ্লাইটেই সফর করতে চান।
শেষ পর্যন্ত তার ফ্লাইটের সময় হলে বিমানে চড়ে তিনি দেখতে পান যে বিমানে তিনিই একমাত্র যাত্রী।
যাত্রার পুরো সময়টিতে মিস ঝ্যাংকে রাজকীয় সেবা দেয়া হয়।
বিমানের সব ফ্লাইট স্টুয়ার্ড তার খাবার, পানীয়, আরাম আয়েশের দিকে বিশেষ নজর দেন।
এমনকি এক পর্যায়ে বিমানের পাইলটও এসে তার সাথে দেখা করেন।
মহা খুশী মিস ঝ্যাং চীনের মাইক্রো ব্লগ সাইট ওয়েইবোতে এ নিয়ে একটি পোস্ট লেখেন।
সেখানে নববর্ষের মহা-ভাগ্যবতী হিসেবে অনেকেই তাকে অভিনন্দন জানালেও বেশ ক`জন বলেন, শুধু একজন যাত্রী নিয়ে আকাশে না উঠে বিমান কোম্পানির উচিত ছিল আরো যাত্রীর জন্য অপেক্ষা করা।
এতে অপব্যয় হয়েছে বলে তারা মন্তব্য করেন।

ভারতে বিদেশি ছাত্রীকে নগ্ন করে নির্যাতন: পাঁচ জন গ্রেফতার

Image captionশুধু গাড়ি পুড়িয়ে শান্ত হয়নি বিশৃঙ্খল জনতা।
আফ্রিকার দেশ তানজানিয়া থেকে ভারতে পড়তে আসা এক ছাত্রীকে প্রায় নগ্ন করে নির্যাতন চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরে রবিবার রাতে ওই ঘটনা ঘটে। তাঁর পোষাক খুলে নিয়ে ধাওয়া করে জনতা।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই ঘটনায় দু:খ প্রকাশ করে কর্ণাটক সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন। অন্যদিকে ভারতে নিযুক্ত তানজানিয়ার রাষ্ট্রদূত এটিকে সরাসরি বর্ণাবাদী আক্রমণ বলে বর্ণনা করেছেন।
রবিবার রাতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহরে একটি গাড়ী দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত। সুদান থেকে আসা অন্য এক ছাত্র মদ্যপ অবস্থায় স্থানীয় বাসিন্দা এক নারীকে গাড়ি চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই গাড়িচালককে মারধর করা হয় গাড়িটিতে আগুন দেওয়া হয়।
প্রায় আধঘন্টা পরে ওই জায়গা দিয়ে বন্ধুদের সঙ্গে যাচ্ছিলেন তানজানিয়ার ছাত্রীটি। আফ্রিকার অধিবাসী দেখেই এই ছাত্রীটি ও তাঁর বন্ধুদের ওপরে চড়াও হয় বাসিন্দারা।
Image captionআফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী ভারতে আসে।
বেঙ্গালুরুর আফ্রিকান স্টুডেন্টস ইউনিয়নের আইনী পরামর্শদাতা বসকো কাওয়েসি সংবাদমাধ্যমকে ওই ছাত্রীটির অভিযোগ জানিয়ে বলেন, “এই তরুণীটি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গায়ের জোরে পেরে ওঠে নি। তার পোষাক টেনে খুলে দেওয়া হয়। তিনি তখন চেষ্টা করেছিলেন একটা খালি বাসে উঠতে – যাত্রীরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে একটা অটোরিক্সাও তাঁকে উঠতে দেয় নি। তিনি যখন দৌড়ে বেড়াচ্ছেন রাস্তায়, তখন তাঁর গায়ে কিছু ছিল না এতকিছুর পরে যখন এরা পুলিশের কাছে যায়, তখন তাদের বলা হয় ওই ঘাতক গাড়ির চালক সুদানি ছাত্রটিকে নিয়ে এলে তবেই অভিযোগ নেওয়া হবে।“
পুলিশও স্বীকার করছে যে ওই ছাত্রীটির উর্ধাঙ্গে কোনও পোষাক ছিল না। কর্নাটক পুলিশের মহানির্দেশক ওম প্রকাশ জানাচ্ছিলেন, “ছাত্রীটি যখন বুধবার লিখিত অভিযোগ জানান, সেখানে তিনি লেখেন যে তাঁর উর্দ্ধাঙ্গের পোষাক খুলে নেওয়া হয়েছিল – ছেঁড়া হয় নি। উলঙ্গ করে রাস্তায় হাঁটানোর অভিযোগও তিনি করেন নি। স্থানীয় পুলিশ কেন প্রথমেই ব্যবস্থা নিল না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।“
এই ঘটনাটিকে সরাসরি বর্ণবাদী বা রেসিস্ট অ্যাটাক বলে বর্ণনা করছেন ভারতে নিযুক্ত তানজানিয়ার রাষ্ট্রদূত জন ডব্লিউ এইচ কাজাজি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে মি. কাজাজি বলছেন, “গোটা ঘটনাটি জেনে আমার ব্যক্তিগত মত হল দুটি ব্যাপারই হয়েছে এখানে – একটা যেমন জনরোষ – আর অন্যটা বর্ণবিদ্বেষ। গাড়ি দুর্ঘটনার জায়গাটির অনেকটা দূর দিয়ে যাচ্ছেন একজন – তাঁকে কেন আক্রমণ করা হল – যে ব্যক্তি দুর্ঘটনা ঘটিয়েছে, তার মতোই এই মেয়েটিও কালো বলে?”
কর্নাটক সরকার এটিকে অবশ্য বর্ণবাদী আক্রমন বলতে নারাজ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরণের কথায়, “এটি কখনই বর্ণবাদী হামলা নয়। ওই সুদানী ছাত্রের ঘটানো দুর্ঘটনার প্রতিক্রিয়ার ফলে এটা হয়েছে। বেঙ্গালুরুর এই ধরণের মানসিকতা নেই।“

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬

বাংলাদেশে শেখ মুজিবর রহমানের একটি ছবি ফটোশপে বিকৃত করা হয়েছে এই অভিযোগে ক্ষোভ ও বিতর্ক

চট্টগ্রামের বিভিন্ন সড়কে সম্প্রতি টানানো বাংলাদেশের স্থপতি শেখ মুজিবর রহমানের ছবি সম্বলিত একটি ফেস্টুন নিয়ে শহরটিতে বিস্তর বিতর্ক চলছে।
অভিযোগ করা হচ্ছে, ওই ফেস্টুনটিতে যে ছবি রয়েছে তার চেহারা শেখ মুজিবের হলেও দেহটি তার নয়, বরঞ্চ দেহটি চট্টগ্রামের একজন সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফের।
বলা হচ্ছে, কম্পিউটারের ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে এই ছবি সম্পাদনার কাজ করা হয়েছে।
এই ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে চট্টগ্রামের মানুষ, শহরটি গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে।
সর্বস্তরেই এই ছবির ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে।
ছোট খাট দুএকটি বিক্ষোভ প্রতিবাদের ঘটনাও ঘটেছে।
তবে আজ (বুধবার) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনার প্রতিবাদে এবং এমপি লতিফের শাস্তির দাবিতে একটি বড়সড় বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়েছে বলে চট্টগ্রাম থেকে স্থানীয় সাংবাদিকেরা জানাচ্ছেন।
Image copyrightZahid Hossain
Image captionআলোচিত সেই ফেস্টুন। চিত্র সৌজন্য: জাহিদ হোসেন।
চট্টগ্রামের একজন বাসিন্দা এবং 'খেলাঘর' নামে একটি সাংস্কৃতিক সংগঠনের নেতা জাহিদ হোসেনের তোলা ওই ফেস্টুনটির ছবিতে দেখা যাচ্ছে, শেখ মুজিবের একটি আপাদমস্তক ছবিরে নিচে একটি বানী লেখা।
এমপি লতিফের বয়ানে সেখানে লেখা রয়েছে "মানব সম্পদ মহাসম্পদ, এতে নেই দ্বিধা, এতেই মোদের দেশ এগুবে, বঙ্গবন্ধুর কথা।"
ছবিটিতে দেখা যাচ্ছে শেখ মুজিব যথারীতি একটি পাঞ্জাবির ওপর তার বিখ্যাত 'মুজিব কোট' পরে আছেন। নিচে সাদা পাজামা এবং কালো রঙের জুতো বা স্নিকার।
জাহিদ হোসেন বলছেন, "বঙ্গবন্ধু জীবনে কোনদিন স্নিকার পরে ছবি তোলেন নি। বঙ্গবন্ধু কখনো পাকিস্তানি সালোয়ার পরে ছবি তোলেননি।"
মি. হোসেন আরো বলেন, তারা ওই ছবিটির সাথে এমপি লতিফের একটি ছবি মিলিয়ে দেখেছেন এবং দেখা গেছে মাথার অংশ বাদ দিয়ে দুটো ছবিই নিচের দিকে হুবহু একই।
"বঙ্গবন্ধুর শত্রু, সমালোচনাকারী কিংবা যুদ্ধাপরাধীরাও যে কাজ করার দুঃসাহস দেখায়নি, আমাদের এই সংসদ সদস্য সেই দু:সাহস দেখিয়েছে", বলছিলেন জাহিদ হোসেন।
এই নিয়ে ফেসবুকেও অনেকেই কথা বলছেন এবং এই ছবি সম্পাদনার নিন্দা জানাচ্ছেন।
এ নিয়ে এমপি লতিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চট্টগ্রাম সফর উপলক্ষে তিনি এই ফেস্টুনগুলো করিয়েছিলেন।
তবে, ফেস্টুনে যে তার শরীরের সাথে শেখ মুজিবের মাথা জুড়ে দিয়ে ছবি ব্যাবহার করা হয়েছে সেটা তার অগোচররেই হয়েছে।
তিনিও ঘটনাটি জেনেছেন তখনই, যখন প্রধানমন্ত্রী চট্টগ্রাম ঘুরে যাবারও দুদিন পরে এটা নিয়ে কথা উঠেছে।
কোনও একটি পক্ষ স্বার্থ হাসিলের জন্য একাজ করেছে এবং কারা এটা করেছে সেটা খুঁজে বের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
"আমার বক্তব্য হচ্ছে কোন পক্ষ করেছে, কার মানুষ করেছে এটা ফাইন্ড আউট করতে হবে। এটা আমার দায়িত্ব খুঁজে বের করা", বলছিলেন এম এ লতিফ।

মধ্যপ্রাচ্য থেকে কমছে বাংলাদেশের রেমিট্যান্স আয়

মধ্যপ্রাচ্যে কমে আসছে শ্রমিকদের আয়।Image copyrightAFP
Image captionমধ্যপ্রাচ্যে কমে আসছে শ্রমিকদের আয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় সেটির ধাক্কা বাংলাদেশের রেমিট্যান্স আয়ের ওপর পড়তে শুরু করেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সর্বশেষ ডিসেম্বর মাসে বাংলাদেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে সে তুলনায় জানুয়ারি মাসে প্রায় ১২% কম এসেছে।
কর্মকর্তারা বলছেন, প্রতিমাসে রেমিট্যান্স বাবদ বাংলাদেশে প্রায় গড়ে ১.২ বিলিয়ন ডলারের আসে।
সাম্প্রতিক বছরগুলোতে রেমিট্যান্সের প্রবাহ বেশ উর্দ্ধমুখী ছিল।
কিন্তু গতমাস অর্থাৎ জানুয়ারি মাসে এসে সে উর্ধ্বমুখী প্রবণতায় বড় একটি ধাক্কা লাগলো।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল জানান, বাংলাদেশের রেমিট্যান্স সবচেয়ে বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে।
এক্ষেত্রে সৌদি আরব প্রথম স্থানে এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এর পরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রেমিট্যান্সের ক্ষেত্রে তারপরেই আবার মধ্যপ্রাচ্যের অবস্থান।
অভ্যন্তরীণ অর্থনীতির কারণে মধ্যপ্রাচ্যের কোম্পানিগুলিতে ছাঁটাইয়ের হুমকি বাড়ছে।Image copyrightGetty Images
Image captionঅভ্যন্তরীণ অর্থনীতির কারণে মধ্যপ্রাচ্যের কোম্পানিগুলিতে ছাঁটাইয়ের হুমকি বাড়ছে।
মি. পাল বলেন, তেলের দাম কমে যাওয়ায় সৌদি আরব ৯৮ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে যেটি বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় অর্ধেক।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক মন্দার বিষয়টি বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ কমে যাবার একটি কারণ বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের এই প্রধান অর্থনীতিবিদ।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমিকরা তাদের নির্ধারিত কর্ম ঘণ্টার বাইরে যে ওভারটাইম কাজ করতেন সেটিও কমে গেছে। যে কারণে অনেকে আগের তুলনায় দেশে কম পরিমাণ টাকা পাঠাচ্ছেন।
দুবাই থেকে সাংবাদিক সাইফুর রহমান জানান, তেলের দাম কমে যাবার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনেক ছোট-খাটো কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে অনেকেই চাকরি হারাবে বলে মি: রহমান বলেন।
তিনি বলেন, “তেলের দাম কতদিন নিচে থাকে সেটা দেখার বিষয়। কিছু কোম্পানি হয়তো টিকে থাকবে। কিন্তু এই প্রবণতা দীর্ঘায়িত হলে হয়তো বড় ধরনের সমস্যা হতে পারে।”
তেলের দাম কমে যাওয়ায় রেমিট্যাটেন্সের প্রবাহ কমলেও বাংলাদেশ আরেকটি উপায়ে লাভবান হচ্ছে।
তেল আমদানি বাবদ অনেক ডলার সাশ্রয় হচ্ছে।
রেমিট্যান্স কমে যে ক্ষতি হচ্ছে সেটি পুষিয়ে যাচ্ছে তেল আমদানি থেকে অর্থ সাশ্রয় করে।
বিরূপাক্ষ পাল বলেন, যোগ-বিয়োগে সমান হলেও বিদেশ থেকে রেমিট্যান্স আসার বাড়তি গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, “রেমিট্যান্সটা যখন আসে সেটা গ্রামে-গঞ্জে চলে যায়। রেমিট্যান্স কমে আসুক সেটা আমরা চাই না। কারণ এটা গ্রামীণ অর্থনীতিতে ভোগ প্রবণতার ব্যাপক শক্তি বাড়ায়।”

বাংলাদেশে কুমারী মা বা স্বীকৃতিহীন শিশুর আশ্রয় কোথায়?

Image captionবাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা রয়েছে, ধর্ষণের ফলে যদি কারো কোনও সন্তান হয়ে থাকে তাহলে তার দায়িত্ব রাষ্ট্র নেবে। কিন্তু এটা অনেক কঠিন এবং দীর্ঘ একটা প্রক্রিয়া, বলছেন মানবাধিকার কর্মীরা। (ছবিটি প্রতিকী)
বাংলাদেশে কোনও অবিবাহিত মেয়ে যদি সন্তানের জন্ম দেন তাহলে তার এবং তার সেই সন্তানের আশ্রয় কোথায় হবে, এটা এখন একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
যদিও দেশটির নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে, ধর্ষণের ফলে যদি কারো কোনও সন্তান হয়ে থাকে তাহলে তার দায়িত্ব রাষ্ট্রই নেবে।
কিন্তু এটাকে অনেক কঠিন এবং দীর্ঘ একটা প্রক্রিয়া বলে বর্ণনা করছেন মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের কর্মকর্তা নীনা গোস্বামী।
এদেরকে সহায়তা বা আশ্রয় দেবার জন্যও যথাযথ কোনও ব্যবস্থাও বাংলাদেশে নেই বলে উল্লেখ করেন মিজ গোস্বামী।
বাংলাদেশে সরকারের ব্যবস্থাপনায় বেশ কিছু এতিমখানা আছে উল্লেখ করে মিজ গোস্বামী বলেন, যে সন্তান স্বীকৃতি পাচ্ছে না তার বাবা কে, তার জন্য এখনো পর্যন্ত কোনও রাষ্ট্রীয় কাঠামোই কিন্তু গড়ে উঠেনি।
প্রসঙ্গটি সামনে আসে গত সোমবার ঢাকায় এক কুমারী মাতা তার নবজাতককে ছয় তলা ভবনের উপর থেকে ছুড়ে ফেলবার ঘটনা ঘটানোর পর।
ওই শিশুটি অবশ্য বিস্ময়করভাবে বেঁচে যায়।
পুলিশের বরাতে জানা যাচ্ছে, কুমারী এই মেয়েটিকে তার এক আত্মীয় ধর্ষণ করেছিল যার ফলশ্রুতিতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
তাই সন্তানটি প্রসব করবার পর মেয়েটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া এড়াতেই শিশুটিকে জানালা দিয়ে ছুড়ে ফেলে।
স্পষ্টতই বোঝা যাচ্ছে, ওই কিশোরীটি মনে করেছিল, এই সন্তানটি জন্ম দেয়ার জন্য বাংলাদেশের সমাজ ব্যবস্থা তাকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
নীনা গোস্বামী বলছেন, “পনের বছরের একটি শিশু যখন মা হয়ে যায়, সে কি জানে মায়ের মমত্ববোধটা কি? শরীর এবং মনে মা হওয়ার জন্য যে পরিপক্বতা আসার কথা সেটাই তার আসেনি। তার আগেই সে চাপিয়ে দেয়া মা হয়ে গেছে”।
“এই সমাজে থাকতে হলে যে পরিচয়টা তাকে দিতে হবে তার চাইতে হয়তো এখান থেকে বেরিয়ে যাওয়াটাই সে ভাল মনে করে এ ধরনের একটা পথ বেছে নিয়েছে”।
এর আগে গত বছরও একই রকম একটি ঘটনা ঘটতে দেখা গেছে ঢাকায়।
সেবার অবশ্য বস্তায় মোড়া একটি শিশুকে একটি ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
শিশুটিকে কুকুর কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছিল।
ওই শিশুটির মা কিংবা বাবার খোঁজ আজও মেলেনি।
তবে নীনা গোস্বামী বলছেন, সামাজিক কারণে শিশু ফেলে দেয়ার ঘটনা ঘটবার নজির বাংলাদেশে থাকলেও এটা খুব বেশী দেখা যায় না।

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০১৬

বাংলাদেশে কর্মরত বিদেশীদের আয়কর দিতে হবে: এনবিআর


bangladesh_garments
Image copyrightunk
বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী নাগরিকদের করের আওতায় আনার জন্য বিনিয়োগ বোর্ড এবং বেপজাকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশী নাগরিক কাজ করলেও তারা যথাযথ কর দিচ্ছেন না – এমন ধারণা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন "বিদেশীদের বাংলাদেশে কাজ করার সুযোগ আছে, কিন্তু তারা যদি করযোগ্য আয় করেও কর পরিশোধ না করেন - তাহলে আয়কর আইন অনুযায়ী সেটা একটা অপরাধ।"
বাংলাদেশে ঠিক কত বিদেশী নাগরিক কাজ করেন তার কোন সঠিক সংখ্যা নেই।
তবে তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন রপ্তানীমুখী শিল্প এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত বিদেশীর সংখ্যা চার লাখের মতো হতে পারে বলে বিনিয়োগ বোর্ড সূত্রে ধারণা পাওয়া গেছে। এদের অনেকেই যথাযথ আয়কর দেন না বলে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এনবিআরের কাজই হলো বাংলাদেশে যারা করযোগ্য আয় করছেন, তাদের করের আওতায় নিয়ে আসা। বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশে অনেক প্রতিষ্ঠানেই বিদেশীরা কাজ করছেন, এবং সে সুযোগও আছে।
"তারা আয় করছেন, কিন্তু আয়কর পরিশোধ করছেন না" - বলেন মি. রহমান।
এনবিআর চেয়ারম্যান বলেন, তারা বিনিয়োগ বোর্ড এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে পরিসংখ্যান সংগ্রহ করেছেন। তাতে দেখা যাচ্ছে যে অনেক বিদেশী নাগরিক পর্যটক ভিসা নিয়ে এসে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছেন।
ঠিক কি পরিমাণ আয়কর এভাবে ফাঁকি দেয়া হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংখ্যা অনেক বড় হবে, তবে তিনি অনুমাননির্ভর কোন কথা বলতে চান না।
তিনি বলেন, গত বাজেটের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে যেসব প্রতিষ্ঠানে অবৈধভাবে লোক নিয়োগ করা হবে তাদের বিরুদ্ধে কর সুবিধা প্রত্যাহার, বা জেল-জরিমানার মতো ব্যবস্থা নেয়া হতে পারে।
বিনিয়োগ বোর্ড এবং বেপজা (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি)-কে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

ডেমোক্রেটিক প্রার্থী নির্বাচনের ভোটে হিলারি এগিয়ে


hillary clinton
Image copyrightGetty
Image captionহিলারি ক্লিনটন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম দফা ভোটাভুটিতে এক শতাংশেরও কম ব্যবধানে জয়ের দাবি করেছেন হিলারি ক্লিনটন।
আইওয়া অঙ্গরাজ্যে ভোটাভুটির পর হিলারি ক্লিনটনের শিবির বলছে, তারাই এগিয়ে আছেন এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখন আর কোনভাবেই হিলারি ক্লিনটনকে টপকাতে পারবেন না।
একটি প্রেসিংক্ট বা নির্বাচনী এলাকার ফল এখনো ঘোষিত হয় নি। তবে সেখানেও অতি অল্প ব্যবধানে হিলারিই এগিয়ে আছেন। কিছু কিছু প্রেসিংক্টে 'টস' করে ফল নির্ধারিত হয়েছে।
হিলারি ক্লিনটন বলেছেন, ফলাফলের পর তিনি স্বস্তির নিংশ্বাস ফেলেছেন।
সবশেষ খবর অনুযায়ী হিলারি এবং স্যান্ডার্স উভয়েই ৫০ শতাংশের মতো ভোট পেয়েছেন, কিন্তু প্রাপ্ত ভোটের হিসেবে হিলারির ডেলিগেটের সংখ্যা ২২ জন, এবং স্যান্ডার্সের ডেলিগেট ২১ জন।
ted cruzImage copyrightGetty
Image captionরিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে গেলেন টেড ক্রুজ
সবচেয়ে বেশি অঙ্গরাজ্য বা 'ককাসে' যে প্রার্থী জিতবেন - তিনিই প্রেসিডেন্ট নির্বাচনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী হবেন।
অন্যদিকে, রিপাবলিকান পার্টির ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।
মি ক্রুজ রিপাবলিকান ভোটের ২৮ শতাংশ পেয়েছেন এবং মি. ট্রাম্প পেয়েছেন ২৪ শতাংশ।
মি. ক্রুজ বিজয়ের পর বলেছেন - এই ফলাফল প্রমাণ করে যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা মিডিয়ার ঠিক করার বিষয় নয়।