শনিবার, ২ জানুয়ারি, ২০১৬

সৌদি আরবে শিয়া নেতার মৃত্যুদন্ডের বিরুদ্ধে বিক্ষোভ

 

Image copyrightAP
Image captionশেখ নিমরের মৃত্যুদন্ডের খবরে সৌদি আরবে বিক্ষোভ শুরু হয়েছে
সৌদি আরবের এক নেতৃস্থানীয় শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদন্ড কার্যকর করার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।
সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে যে ৪৭ জনের মৃত‍্যুদন্ড কার্যকর করা হয়েছে শিয়া নেতা শেখ নিমর আল নিমর তাদের অন্যতম।
শেখ নিমর আল নিমর সৌদি আরবের সবচেয়ে সুপরিচিতি শিয়া নেতাদের একজন। শিয়া তরুণদের মধ্যে তার প্রচুর অনুসারি রয়েছে।
তার মৃত্যুদন্ড কার্যকর হওয়ার খবরে সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।
সৌদি আরবের শিয়া অধ্যূষিত পূর্বাঞ্চলীয় শহরে এর বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেন কয়েকশো মানুষ। তারা রাস্তায় মিছিল করে সৌদি রাজপরিবারের ধ্বংস চেয়ে শ্লোগান দেন।
ইরান বলেছে, সৌদি আরবকে এ ঘটনার জন্য কড়া মূল্য দিতে হবে।
ইরানের এক শিয়া নেতা আয়াতোল্লাহ আহমেদ খাতামি একে 'অপরাধ' হিসেবে বর্ণনা করে বলেছেন, এ ঘটনা সৌদি রাজপরিবারের ধ্বংস ডেকে আনবে।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরী আল মালিকিও একই ধরণের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
বাহরাইনে এ ঘটনার বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে।
২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে যে সরকার বিরোধী গণবিক্ষোভ শুরু হয়, শেখ নিমর তাতে জোরালো সমর্থন জানিয়েছিলেন। সৌদি আরবের ঐ অঞ্চলের শিয়ারা বহুদিন ধরে সরকারের বিরুদ্ধে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ করে আসছে।
দু বছর আগে শেখ নিমরকে যখন গ্রেফতার করা হয়, তার প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ হয়েছিল।
গত অক্টোবরে বিচারে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
তার বিরুদ্ধে সৌদি শাসকদের অমান্য করা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নেয়ার অভিযোগ আনা হয়।

শেখ নিমর: সৌদি শিয়াদের কন্ঠস্বর নাকি ইরানের অনুচর

 

Image copyrightReuters
Image captionশেখ নিমর আল নিমর: জনপ্রিয় সৌদি শিয়া নেতা
শেখ নিমর আল-নিমর সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের মধ্যে তুমুল জনপ্রিয় এক নেতা। বিশেষ করে শিয়া তরুণদের মধ্যে তার প্রচুর অনুসারি রয়েছে।
আরব বসন্তের পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও বিক্ষোভ শুরু হয়েছিল। শেখ নিমর আল-নিমর এই বিক্ষোভে জোরালো সমর্থন দেন।
সৌদি আরবের রাজপরিবারের সবচেয়ে তীব্র সমালোচকদের একজন তিনি।
বিগত দশকগুলোতে তাকে সৌদি সরকার বেশ কয়েকবার গ্রেফতার করে।
২০১২ সালে যখন তাকে গ্রেফতার করা হয়, তখন এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে তিনজন নিহত হয়।
সৌদি আরব অভিযোগ করে যে শেখ নিমর ইরানি মদতপুষ্ট।
Image copyrightAP
Image captionসৌদি আরবের শিয়া তরুণদের মধ্যে শেখ নিমরের বহু অনুসারি রয়েছে
তবে ২০০৮ সালে শেখ নিমর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
উইকিলীকসের ফাঁস করা তথ্য অনুযায়ী এই সফরের সময় তিনি তীব্র মার্কিন বিরোধী এবং ইরানপন্থী অবস্থান থেকে সরে আসার চেষ্টা করেন।
সৌদি আরবের শিয়ারা বহুদিন ধরেই নানা ধরণের বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ করে আসছে সৌদি রাজপরিবারের বিরুদ্ধে। শেখ নিমর যেহেতু এই শিয়াদের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন, স্বাভাবিকভাবেই সৌদি রাজপরিবার তাকে এক বড় হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে।
বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে ইরানের প্রভাব বলয় বাড়ছে, তা সৌদি আরবকে উদ্বিগ্ন করে তোলে।
ইরান আগেই শেখ নিমরের মৃত্যুদন্ড কার্যকর না করার জন্য সৌদি আরবকে হুঁশিয়ার করে দিয়েছিল।
কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সব আবেদন অগ্রাহ্য করে শেষ পর্যন্ত এই শিয়া নেতার মৃত্যুদন্ড কার্যকর করে সৌদি আরব।
এ খবর ছড়িয়ে পড়ার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে সৌদি আরবের শিয়া অধ্যূষিত অঞ্চলে। বিক্ষোভ হয়েছে বাহরাইনে।
ইরান এর প্রতিবাদ জানাতে তেহরানে সৌদি কূটনীতিককে তলব করেছে।
ইরানের পররাষ্ট্র দফতর বলেছে, এ ঘটনার কড়া মূল্য দিতে হবে সৌদি আরবকে।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরী আল মালিকী বলেছেন, এ ঘটনার জের ধরে সৌদি রাজপরিবারের পতন ঘটবে।
লেবাননের শিয়া দল হেযবোল্লাহ এটিকে হত্যাকান্ড বলে বর্ণনা করেছে।
তারা বলেছে, শেখ নিমরকে এই পরিণতি বরণ করতে হয়েছে সৌদি আরবের নির্যাতিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে সোচ্চার হওয়ার কারণে।
এ ঘটনার যে প্রতিক্রিয়া ইতোমধ্যে দেখা গেছে, তা মধ্যপ্রাচ্যেরে অগ্নিগর্ভ পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলবে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতে বিমান ঘাঁটিতে আক্রমণ, অন্তত সাতজন নিহত

 

Image copyrightAP
পাকিস্তান সীমন্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর এক ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত সাতজন নিহত হয়েছে।
এদের মধ্যে চারজন সন্দেহভাজন জঙ্গী এবং তিন জন সেনা সদস্য।
ভারতীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়, এবং তাদের মোকাবেলায় সেনাবাহিনীর কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
বিমান ঘাঁটিতে জঙ্গীদের বিরুদ্ধে এখনো অভিযান চলছে।
ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে, এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল।
একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আক্রমণে ভারত-শাসিত কাশ্মীরের জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে।
''আমাদের বিশ্বাস, তারা জয়েশ-এ-মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী'', কর্মকর্তা এএফপিকে বলেন।
কাশ্মীর-ভিত্তিক এই সংগঠনকে পাকিস্তান সমর্থন করে বলে ভারত অভিযোগ করে। তবে পাকিস্তানে এই অভিযোগ বরারবই প্রত্যাখান করে আসছে।
Image copyrightAP
Image captionপাঠানকোট ঘাঁটিতে মিগ-২৯ এর মত অত্যাধুনিক জঙ্গি বিমান আছে (ফাইল ফটো)।
এই আক্রমণ আসলো লাহোরে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পরেই।
অগাস্ট মাসে পাঞ্জাবের ঘুরুদাসপুরে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়। প্রায় ১২ ঘণ্টা ঘরে চলা বন্দুক যুদ্ধে তিনজন আক্রমণকারী নিহত হয়।

শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬

জার্মানিতে ৭০ বছর পর বাজারে আসছে হিটলারের বই

 

mein kampfImage copyrightAFP
Image captionহিটলারের বইয়ের একটি পুরোনো সংস্করণের প্রচ্ছদ
নাৎসী নেতা এডলফ হিটলারের ইহুদিবিরোধী ম্যানিফেস্টো 'মাইন কাম্পফ' ৭০ বছর পর আবার জার্মানির বাজারে কিনতে পাওয়া যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এই বইয়ের পুনর্মুদ্রণ নিষিদ্ধ ছিল।
তবে নতুন যে সংস্করণটি বাজারে পাওয়া যাবে সেটিতে মূল পাঠের সাথে সাথে সমালোচনামূলক টীকা-ভাষ্য যুক্ত থাকবে - যার উদ্দেশ্য হলো, বইটি যে বাজেভাবে লেখা এবং এর বক্তব্য যে অসংলগ্ন - তা তুলে ধরা।
অনেকে মনে করেন 'মাইন কাম্পফ' - যার আক্ষরিক অর্থ 'আমার সংগ্রাম' - একটি 'শক্তিশালী' গ্রন্থ এবং এর বক্তব্য পাঠককে 'মোহিত' করে ফেলে। কিন্তু এ ধারণা যে সত্যি নয় - তা তুলে ধরাই এ নতুন সংস্করণের উদ্দেশ্য।
hitlers_mein_kampfImage copyrightAFP Getty
ইহুদি সংগঠনগুলোও এই নতুন সংস্করণ প্রকাশকে স্বাগত জানিয়েছে, এবং তারা বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধনযজ্ঞ কেন ঘটেছিল - তা ব্যাখ্যা করতে এটা সহায়ক হবে।
মনে করা হচ্ছে এখন পৃথিবীর অনেক দেশেই বইটির নতুন সংস্করণ প্রকাশিত হবে।
মাইন কাম্পফ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৫ সালে - হিটলার জার্মানির ক্ষমতায় আসার আট বছর আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে নাৎসী জার্মানির পতন হয় ১৯৪৫ সালে, এবং হিটলার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তার বাংকারে আত্মহত্যা করেন।
hitlers_mein_kampfImage copyrightPA
এর পর বইটির কপিরাইটের মালিক হয় জার্মানীর দক্ষিণাঞ্চলীয় ব্যাভারিয়ার আঞ্চলিক সরকার। তারা বইটি ঘৃণা ছড়াতে পারে এ আশংকায় এর পুনর্মুদ্রণ নিষিদ্ধ করে। তবে যুদ্ধের সময় বইটি এত ছাপা হয়েছিল যে তার কপি সারা দুনিয়াতেই সহজপ্রাপ্য।
জার্মান আইন অনুযায়ী কপিরাইটের মেয়াদ হচ্ছে ৭০ বছর এবং তা পার হয়ে যাওয়ায় এর পুনর্মুদ্রণে আর বাধা নেই।
অবশ্য জার্মান কর্মকর্তারা বলছেন, তারা এ বইয়ের মূল পাঠ সবাই যেন হাতে না পায়, তার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করবেন - কারণ এমন ভয় আছে যে বইটি নব্যনাৎসী মনোভাব উস্কে দিতে পারে।

'রাষ্ট্রপতির ভূমিকায় পরিবর্তন আনার ক্ষমতা শুধু সংসদের'

 

Image captionবাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ মনে করেন শপথ নেবার পর থেকে গত প্রায় তিন বছরে তিনি পরিপূর্ণভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।
বঙ্গভবনে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সংবিধানে যা আছে তার ভেতরে থেকেই রাষ্ট্রপতিকে দায়িত্ব পালন করতে হয়।
বাংলাদেশে অতীতে রাজনৈতিক কোন সংকটের সময় সুশীল সমাজের নেতৃবৃন্দ বা অন্য অনেকেই বলেছেন যে এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকা দরকার।
এ ব্যাপারে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, রাষ্ট্রপতির ভূমিকা বিষয়ে যদি কিছু যোগ করতে হয় তাহলে সংসদকেই সে সিদ্ধান্ত নিতে হবে।
বর্তমানে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির পক্ষে আসলে কতটা ভূমিকা রাখা সম্ভব?
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আবদুল হামিদ সে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, সংবিধানেই বলা আছে যে রাষ্ট্রপতি কতটা করতে পারেন, কি হবে তার ভুমিকা।
"সংবিধানে যদি কিছু যোগ করতে হয়, তাহলে সকল দলমত নির্বিশেষে সবার সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যরা যেভাবে সংবিধানকে দাঁড় করাবে, সে মোতাবেকই রাষ্ট্রপতিকে চলতে হবে" - বলেন তিনি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সংবিধান সংশোধন করতে হলে শুধু রাজনৈতিক দল নয়, সংসদ সদস্যদের দু-তৃতীয়াংশের সম্মতি লাগবে।
তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সহ অন্যান্য দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে তার আলোচনা হয়েছে। তাদের বক্তব্য পরে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সময় তাকে জানিয়েছেন।
"অর্থাৎ সাংবিধানিকভাবে যেটুকু দায়িত্ব পালন করা সেখানে আমি কৃপণতা করি নি, আমি বলবো যে সততার সাথেই তা পালন করেছি" - বলেন রাষ্ট্রপতি।

তেল আবিবের পানশালায় বন্দুকধারীর গুলি: নিহত ২

 

tel aviv shootingImage copyrightReuters
Image captionঘটনাস্থলে ইসরায়েলি পুলিশের ছোটাছুটি
ইসরায়েলের তেল আবিব শহরের কেন্দ্রস্থলে এক জনাকীর্ণ পানশালায় এক বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত দু'জন নিহত এবং আরো সাত জন আহত হয়েছে।
পুলিশ বলছে, গুলিবর্ষণকারী পালিয়ে গেছে। জানা গেছে, আক্রমণকারী ছিল একজন যুবক এবং তার হাতে একটি এ্যাসল্ট রাইফেল ছিল।
এই হত্যাকান্ডের পেছনে কি উদ্দেশ্য কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে গত কয়েক মাসে ইসরায়েলিদের ওপর অনেকগুলো ফিলিস্তিনি আক্রমণ ঘটেছে।
এবার নতুন বছর শুরুর আগে আগে নিরাপত্তা জোরদার করা হলেও সুনির্দিষ্ট কোন আক্রমণের হুমকি ছিল না, বলছে পুলিশ।
তবে তেল আবিবের মেয়র রন হুলদাইকে উদ্ধৃত করে জেরুসালেম পোস্ট পত্রিকা জানাচ্ছে, এটি হয়ত জাতীয়তাবাদ-প্রসূত একটি সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা।
বন্দুকধারীর সন্ধানে এখন ব্যাপক অভিযান শুরু হয়েছে। পুলিশ একাধিক ভবনে তল্লাশি চালিয়েছে। বেশ কিছু রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
তেল আবিবের ডিজেংঅফ স্ট্রিট নামে একটি রাস্তার ওপর অবস্থিত বারটিতে আসা লোকজনের ওপর আক্রমণকারী স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
গত ২৩শে ডিসেম্বর পর্যন্ত ফিলিস্তিনিদের ছুরি ও বন্দুক নিয়ে চালানো আক্রমণে ২১ জন ইসরায়েলি নিহত হয়েছে। আর ফিলিস্তিনি নিহত হয়েছে ১৩১ জন - যাদের বেশিরভাগই আক্রমণ চালাতে গিয়ে বা ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়।

বাংলাদেশে জরায়ুর ক্যান্সার হচ্ছে বছরে ১২ হাজার নারীর

 

cervical cancer
Image captionজরায়ুর ক্যান্সার আক্রান্ত কোষ
বাংলাদেশে প্রতিবছর প্রায় ১২ হাজার নারী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বলে একটি পরিসংখ্যানে বলা হচ্ছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিবাহ, কম বয়েসে বা ঘন ঘন সন্তান হওয়া, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা এসবই এর প্রধান কারণ - যা সচেতন হলে অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।
আক্রান্তের সংখ্যার দিক থেকে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই এই জরায়ুর ক্যান্সারের স্থান।
একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ থেকে জরায়ু ক্যান্সার নিয়ে একটি সচেতনতা কার্যক্রম শুরু করেছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এই উদ্যোগের সাথে জড়িত আছেন।
ডা: রাসকিন বিবিসি বাংলাকে বলেন, বাল্য বিবাহ, অল্প বযেসে সন্তান হওয়া, ঘন ঘন সন্তান হওয়া, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা - এসবই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হবার প্রধান কারণ। দরিদ্র জনগোষ্ঠীর নারীদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যায়।
সচেতনতা থাকলেই এটি প্রতিরোধ করা সম্ভব, বলেন তিনি। তা ছাড়া এই রোগটি আগ্রাসী পর্যায়ে পৌছাতে ২০-২৫ বছর সময় লাগে - ফলে একটি সাধারণ পরীক্ষার মাধ্যমেই এটা ধরা পড়া সম্ভব।
প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে এর নিরাময় করা যাবে, বলছিলেন ডা. রাসকিন।
তিনি বলেন, এমনকি কোন কোন ক্ষেত্রে জরায়ু কেটে বাদ না দিয়েও এর চিকিৎসা সম্ভব।
ডা. রাসকিন বলছিলেন, সচেতনতা সৃষ্টির জন্য তারা শহর ও গ্রামে প্রচুর পরিমাণ পোস্টার ও লিফলেট বিলি করছেন, র‍্যালি করছেন। এর মাধ্যমে জরায়ুর ক্যান্সারের ঝুঁকি এবং কারণগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে।