শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ যাত্রা বিলম্বিত

     নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া তাদের টেস্ট ক্রিকেট দলের বাংলাদেশে যাওয়া বিলম্বিত করছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি সূত্রের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশে অস্ট্রেলিয়ার জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে সরকারী পরামর্শে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দলের রওনা হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু নিরাপত্তা বিষয়ক পরবর্তী পরামর্শ না আসা পর্যন্ত তাদের যাত্রা স্থগিত রাখা হচ্ছে।
জেমস সাদারল্যান্ড তার বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য দফতরের পরামর্শ তারা পেয়েছেন এবং এর ভিত্তিতে তারা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে মিলে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছেন।
তিনি আরও বলেন, তারা এই সফরে যেতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও করছেন। কিন্তু খেলোয়াড় এবং টিম সদস্যদের নিরাপত্তার ব্যাপারটি তাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে।
তবে কি ধরণের নিরাপত্তা ঝুঁকির কারণে এই সফর পেছানো হচ্ছে তার কোন বিস্তারিত তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়া দেয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি বিবিসি বাংলাকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের যাত্রা যে বিলম্বিত হচ্ছে নিরাপত্তার কারণে সেটা তাদেরকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে অস্ট্রেলিয়ার একটি নিরাপত্তা প্রতিনিধিদল আগামীকালের মধ্যে ঢাকায় আসবে। এরপর তারা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে তাদের মতামত জানাবে।
নিজামউদ্দীন চৌধুরি আরও বলেন, অস্ট্রেলিয়া দলের সফরসূচীতে কোন পরিবর্তন হবে না বলেই তারা আশা করছেন। সব ম্যাচ সময় মত হবে বলে তারা আশাবাদী। কারণ বাংলাদেশে রাজনৈতিক বা অন্য কোন কারণে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কখনোই বিঘ্ন হয়নি।
বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হওয়ার কথা চট্টগ্রামে ৯ই অক্টোবর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায় ১৭ই অক্টোবর।
এছাড়া তিন দিনের এক ট্যুর ম্যাচ শুরু হওয়ার কথা সামনের শনিবার ফতুল্লায়। এই ম্যাচ এখন হতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মুসলিম নির্দশন ধ্বংসকারীর বিচার হবে আন্তর্জাতিক আদালতে

                               

মালির টিমবাকটুর অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে তুলে দেয়া হয়েছে।
ইসলামী জঙ্গী আহমদ আল মাহদি আল ফাকি জঙ্গী গোষ্ঠী আনসার দীনের সদস্য। ২০১২ সালে এই গোষ্ঠী যখন টিমাবাকটু দখল করে নেয় তখন তারা সেখানকার অনেক ঐতিহাসিক ভবন ধ্বংস করে।
সাংস্কৃতিক নিদর্শন ধ্বংসের ঘটনাকে এই প্রথম ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচার হচ্ছে। আহমদ আল মাহদি আল ফাকি হবেন প্রথম ব্যক্তি যাকে এরকম অপরাধে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলি ফাটু বেনসাউডা বলেন, মালির ঐতিহাসিক নিদর্শনের ওপর এই হামলা ছিল সেখানকার জনগণের মর্যাদা ও পরিচয়ের ওপর এক ঘৃণ্য আক্রমণ।
ইসলামী জঙ্গীরা টিমবাকটুর অনেক ঐতিহাসিক মসজিদ এবং সমাধি সৌধ ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং অনেক ঐতিহাসিক পান্ডুলিপি আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
চতুর্দশ শতক থেকে আঠারো শতক পর্যন্ত টিমবাকটু ছিল ইসলামী শিক্ষার এক বড় কেন্দ্র। একসময় এখানে দুশোর বেশি স্কুল এবং বিশ্ববিদ্যালয় ছিল এবং মুসলিম বিশ্ব থেকে অনেকেই এখানে পড়াশোনা করতে আসতেন।
টিমবাকটুর প্রতিষ্ঠাতা অনেক মুসলিম সাধকের সমাধি সৌধ ইসলামী জঙ্গীরা গুড়িয়ে দেয়। এই সাধকদের খুবই শ্রদ্ধার চোখে দেখে স্থানীয়রা। কিন্তু ইসলামী জঙ্গীরা এসব সমাধি সৌধকে ‘পৌত্তলিকতা’ বলে গণ্য করে।
BBC BANGLA

হজে সাতশো মানুষের মৃত্যু ছিল তাদের নিয়তি: গ্রান্ড মুফতি

   

                 সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন-আবদুল্লাহ আল-শেখ
সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন-আবদুল্লাহ আল-শেখ হজ্জের সময় পদদলিত হয়ে সাতশোর বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে ‘মানুষের নিয়ন্ত্রণের বাইরে’ বলে বর্ণনা করেছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে তিনি বলেন, এদের ভাগ্য এবং নিয়তিতে যা লেখা ছিল, তা ছিল অবশ্যম্ভাবী। তিনি আরও বলেছেন, এজন্যে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রী দোষী হতে পারে না।
ইরান এবং আরও কয়েকটি দেশ এই ঘটনায় গাফিলতির অভিযোগে এনে সৌদি কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ঐ ঘটনায় এ পর্যন্ত সাতশোর বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা আটশোর বেশি।
এদিকে ব্রিটেনে একটি হজ ট্যুর প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ জাফারি সাতশোর বেশি মানুষের মৃত্যুকে ‘আল্লাহর ইচ্ছে’ বলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিপর্যয় আল্লাহর ইচ্ছে নয়, এটি বরং সৌদি কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার কারণে ঘটেছে।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সৌদি কর্তৃপক্ষ তাদের গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য রাস্তা বন্ধ করে দেয়ার পরই ভিড়ের চাপে এই ঘটনা ঘটেছে।
তবে রাজকীয় অতিথিদের গাড়ী বহরের জন্য রাস্তা বন্ধ রাখার কারণেই সেদিন ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা এবং পদদলনের ঘটনা ঘটে বলে যে অভিযোগ উঠেছে তাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
লন্ডনে সৌদী রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াফ আল সউদ এক বিবৃতিতে এরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কী এর আগে সুনির্দিষ্টভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কারণ সৌদি আরবের উর্ধ্বতন ব্যক্তিরা কখনোই ঐ এলাকায় গাড়ি নিয়ে যান না।
ইরান পন্থী টেলিভিশন চ্যানেল ‘প্রেস টিভি’ এবং লেবাননের ‘আদিয়ার’ টিভি এই গুজব ছড়াচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
উল্লেখ্য সৌদি আরবের বাদশাহ সালমান ইতোমধ্যে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
BBC BANGLA

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

পশু জবাই: নিয়মে আনার চেষ্টা সাড়া পায়নি

 

হজ্জ বিপর্যয় নিয়ে সমালোচনার মুখে সৌদি আরব

   

                 মিনার জনস্রোত: হজ্জ ব্যবস্থাপনায় সৌদি আরবের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান।
মুসলমানদের পবিত্র শহর মক্কার কাছে মিনা উপত্যকায় প্রচণ্ড ভিড়ের চাপে ৭১৭ জন মারা যাবার পর প্রবল সমালোচনার মুখে পরেছে সৌদি আরব সরকার।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল সৌদি আরবকে ‘অযোগ্য’ এবং ‘অদক্ষ’ অভিহিত করে তাদেরকে এই ব্যাপক মৃত্যুর জন্য দায়িত্ব স্বীকার করার আহ্বান জানিয়েছে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ বিপর্যয়ের জন্য হাজিদেরই দায়ী করে বলেছেন তারা নিয়মকানুন অনুসরণ না করায় ঘটনাটি ঘটেছে। কিন্তু সবাই তার কথা মানতে রাজি নয়।
নাইজেরিয়ার হাজি দলের নেতা কানো প্রদেশের আমীর মুহাম্মাদি সানুসি বলেন ভিড়ের চাপ আসে যখন জামারাত পিলারে যাবার এবং সেখান থেকে আসার নির্ধারিত রাস্তায় ভিন্নমুখী জনতার স্রোত মুখোমুখি হয়, যেটা হবার কথা না।
“আমরা সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা নিয়ম না মানার কারণে হাজিদের দোষারোপ না করেন”, মি: সানুসি বলেন।
সৌদি আরবরে হজ্জ কমিটির প্রধান যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ইতোমধ্যেই তদন্ত শুরু করে ‘দ্রুত ফল’ প্রকাশের আশ্বাস দিয়েছেন।
 
মিনার বিপর্যয়ে সব চেয়ে বেশি সংখ্যক নাগরিক মারা গেছে ইরানের – ১৩১ জন, এবং সৌদি আরবরে এই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী থেকেই সবচেয়ে তীব্র সমালোচনা এসেছে।
“আসল কথা হচ্ছে, হজ্জ ব্যবস্থাপনায় সৌদি আরব অদক্ষতার পরিচয় দিয়েছে, এবং এই ঘটনার জন্য রিয়াদকে দায়িত্ব স্বীকার করতেই হবে”, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল-এর মুখপাত্র কেয়ভান খোরসাভি বলেন।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান আলাদিন বরুজেরদি অন্যান্য মুসলিম দেশগুলোকে প্রতিবাদ করার আহ্বান জানান।
মৃতদের জাতীয়তা সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য:
ইরান – ১৩১
ভারত – ১৪
মিশর – ৮
পাকিস্তান – ৬
তুরস্ক – ৪
ইন্দোনেশিয়া – ৩
কেনিয়া – ৩
ভিড়ের চাপ সৃষ্টি হয় বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ছ’টায়, যখন লক্ষ লক্ষ হাজি ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপে হজ্জের শেষ রীতি পালন করছিলেন।
হাজিরা ‘জামারাত’ নামের কয়েকটি পিলার লক্ষ্য করে সাতটি পাথর ছুঁড়ে মারেন, যেখানে বলা হয় শয়তান নবী ইব্রাহীমকে প্রলোভন দেখানের চেষ্টা করেছিল।
মিনার পাঁচ-তলা জামারাত সেতুর কাছে হাজিদের দুটো বিশাল লাইন দুই রাস্তা দিয়ে এসে একে অপরের মুখোমুখি হয়।
গত ২৫ বছরে এটাই ছিল হজ্জের সময় সব চেয়ে ভয়াবহ ঘটনা                        
তবে এটা ছিল দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় বিপর্যয়। এ’মাসের ১১ তারিখে মক্কার মসজিদ আল-হারামে একটি বড় ক্রেন ভেঙ্গে পরলে ১০৯ জন মারা গিয়েছিলেন।
নয় বছর আগে আরেকটি বড় বিপর্যয়ের পর সৌদি আরব অবকাঠামো উন্নয়ন করার জন্য কোটি কোটি ডলার খরচ করেছে। একই সাথে, প্রতি বছর লক্ষ লক্ষ হাজি আসায় সৌদি অর্থনীতিও কোটি কোটি ডলার আয় করে।
bbc bangla

হজ্জ দুর্ঘটনা: ব্যবস্থাপনা পর্যালোচনার নির্দেশ সৌদি বাদশার

                     অাহত বহু মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ছোটাছুটি চলেছে      
          
সৌদি আরবের বাদশা সালমান হজ্জ পালনের সময় নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়ে হজ্জ ব্যবস্থাপনার মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
মিনায় পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৭। আহত হয়েছেন আরও ৮৬৩ জন।
গত পঁচিশ বছরের মধ্যে এটি অন্যতম সবচেয়ে ভয়াবহ হজ্জ দুর্ঘটনা।
বিশ লাখ হাজি প্রতীকি রীতি অনুযায়ী যখন শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ছিলেন তখন ভিড়ের চাপে এবং হুড়োহুড়িতে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
সৌদি বাদশা সালমান বলেছেন, ''হজ্জযাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ এবং হজ্জ ব্যবস্থাপনার মান উন্নয়নের প্রয়োজন রয়েছে।''
সৌদি সরকার ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রী খালেদ আল ফালি বলেছেন বহু হাজি কর্তৃপক্ষ নির্ধারিত ''সময়সূচি অমান্য করার'' কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
  • ইরানের সর্ব্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেইনি বলেছেন সৌদি সরকারকে ''বড়ধরনের দায়িত্ব স্বীকার করে নিতে হবে।'' তিনি বলেছেন, ''অব্যবস্থাপনা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না নেওয়াই এই দুর্ঘটনার জন্য দায়ী।'' এই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে ইরানের ৯৫জন হাজি মারা গেছেন।
  • হজ্জে নাইজেরীয় হাজিদের প্রতিনিধি দ্বিতীয় মোহাম্মদ সুনুসি বলেছেন হাজিরা নির্দেশ অমান্য করেছে বলে তাদের ওপর সৌদি কর্তৃপক্ষের চাপানো সঠিক নয়।
  • আমেরিকা সফররত পোপ ফ্রান্সিস নিউ ইয়র্কের সেন্ট প্যাট্রিক গির্জায় প্রার্থনাকালে মুসলমান সমপ্রদায়ের প্রতি তাঁর ''সহমর্মিতা ও একাত্মতা'' প্রকাশ করেছেন।
 গত ২৫ বছরে এটি অন্যতম সবচেয়ে ভয়াবহ হজ্জ দুর্ঘটনা
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্কি বলেছেন দুটি ভিন্ন পথ দিয়ে আসা হাজিদের দুটি বিশাল দল রাস্তা দুটির সংযোগস্থলে পৌঁছলে ভিড়ের চাপে ও হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটেছে।
 

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫

ছবিতে বাড়ি ফেরা

প্রিয় মানুষগুলোর সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে চায় সবাই। অনেকেই ঝুঁকি নিয়েও রওনা হয় গন্তব্যে। বাসে-ট্রেনে-লঞ্চে ঘরমুখো যাত্রীদের চিত্র।
ছবি: হাসান রাজাছবি: হাসান রাজাপ্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে যেতে হবে দেশের বাড়ি। বৃষ্টি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ঘরমুখো হয়েছেন এঁরা। ছবিটি আজ বুধবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা।
ছবি: মাসুদ রানা, গাজীপুরছবি: মাসুদ রানা, গাজীপুরগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ বুধবার ভোর থেকেই ঈদে ঘরমুখো মানুষের ঢল। দুপুরের দিকে এ সংখ্যা আরও বাড়তে থাকে।
ছবি: সোয়েল রানা, বগুড়াছবি: সোয়েল রানা, বগুড়াটিকিট নেই, ভেতরেও জায়গা নেই। তাই বলে কি থেমে থাকবে যাওয়া! যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে—জানার পরও অনেকেই ওঠেন ট্রেনের ছাদে। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার গাবতলী রেলওয়ে স্টেশন থেকে তোলা।
ছবি: আশরাফুল আলমছবি: আশরাফুল আলমআজ বুধবার গাবতলী বাসস্ট্যান্ডে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেককেই বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।
ছবি: হাসান রাজাছবি: হাসান রাজাট্রেনের জানালা দিয়ে ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা। ছবিটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজ বুধবার তোলা।
ছবি: হাসান রাজাছবি: হাসান রাজাকমলাপুর রেলওয়ে স্টেশনে আজ বুধবার বিকেলে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়।
ছবি: আবদুস সালামছবি: আবদুস সালামরাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। লঞ্চে ওঠার জন্য যাত্রীরা রীতিমতো প্রতিযোগিতায় নামেন। ছবিটি বুধবার দুপুরে তোলা।
ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দঈদের বাকি এক দিন। বাড়ি ফিরতে অনেকেই বৈরী আবহাওয়ার কারণে লঞ্চের পরিবর্তে ফেরিতেই পদ্মা পাড়ি দিচ্ছে। ফেরিঘাট থেকে দীর্ঘপথ হেঁটে বাস টার্মিনালের দিকে যাচ্ছে যাত্রীরা। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আজ বুধবার সকালে তোলা।
ছবি: আশরাফুল আলমগাবতলী বাস স্ট্যান্ডে বাসের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা।