বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

নাইট ক্লাবে আগুন:রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

 
                 অগ্নিকান্ডের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করে।          
      
রোমানিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকান্ডের ঘটনায় ৩২ জন নিহত হবার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা পদত্যাগ করেছেন।
নাইট ক্লাবে অগ্নিকান্ডের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভের পরদিনই প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। সেই বিক্ষোভে প্রায় বিশ হাজার মানুষ অংশ নিয়েছিল।
বিক্ষোভকারীরা আরো সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
তাদের অভিযোগ সরকারের দুর্নীতি এবং দুর্বল নিরাপত্তার অভাবেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সরকারের দিক থেকে নাইটক্লাবগুলোর অগ্নি নিরাপত্তা যথাযথভাবে তদারকি করা হয় না বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
গত শুক্রবার রাজধানী বুখারেস্টের একটি নাইট ক্লাবে এই অগ্নিকান্ড ঘটে।
সেখানে একটি ব্যান্ডদল যখন আতশবাজির প্রদর্শন করে তখন আগুন লেগে যায়। সেই নাইট ক্লাব থেকে বের হবার একটি মাত্র রাস্তা ছিল।
অগ্নিকান্ডের পর নাইট ক্লাবটির তিনজন মালিককে গ্রেফতার করা হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতির কারণে ক্লাবগুলোর অনুমোদন দেবার সময় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে তদারকি করা হয় না।
পদত্যাগী প্রধানমন্ত্রী মি: পন্টা নিজেও দুর্নীতির অভিযোগ মোকাবেলা করছেন। bbc

সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য নিহত

 
                     দুই সপ্তাহের ব্যবধানে আরেকজন পুলিশ সদস্য খুন হলেন।      
          
ঢাকার কাছে সাভারের আশুলিয়ায় একটি চেকপোস্টে আততায়ীর হামলায় পুলিশের একজন সদস্য নিহত এবং অন্য একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সাভারের নন্দন পার্কের সামনে এই চেকপোস্টে সে দু’জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
সাভার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে।
এ সময় দুর্বৃত্তরা এ সময় গুলিও ছুঁড়েছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।
আহত পুলিশ সদস্যদের একজন সাভারের এনাম মেডিকেল হাসপাতালে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে ঢাকার গাবতলিতে একটি চেকপোস্টে পুলিশের উপর একই ধরনের হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়।
কয়েকদিন আগে প্রকাশক এবং ব্লগারদের উপর হামলা করে একজনকে হত্যার পর পুলিশ সদস্যদের উপর আক্রমণের ঘটনা ঘটল।
তবে এই হামলা কারা চালিয়েছে সেটি পুলিশ এখনো কিছু বলতে পারছেনা। bbc

'হীরা নয়, আপনার স্ত্রীকে গৃহকর্মী উপহার দিন'

 
                     এই বিজ্ঞাপন অনেক বিতর্ক তৈরী করেছে।          
      
ভারতীয় উপমহাদেশে বিভিন্ন উপলক্ষে অনেক স্বামীর তরফ থেকে স্ত্রীকে শাড়ি-গহনা কিংবা উপহার দেবার রেওয়াজ প্রচলিত আছে।
কিন্তু ভারতের শহরাঞ্চলে অনেকের কাছে শাড়ি-গহনার চেয়ে এখন গৃহকর্মীকে অনেক বেশি মূল্যবান উপহার মনে হচ্ছে।
ভারতের একটি অনলাইন বিজ্ঞাপনে সেই বার্তা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, “দিওয়ালী উপলক্ষে আপনার স্ত্রীকে গৃহকর্মী উপহার দিন।”
বিজ্ঞাপনের একপাশে স্বামী-স্ত্রী অন্তরঙ্গ ছবি অন্যপাশে সুসজ্জিত একজন গৃহকর্মীর ছবি।
মাঝখানে লেখা আছে,“হীরা মূল্যহীন। আপনার স্ত্রীকে গৃহকর্মী উপহার দিন।”
এই বিজ্ঞাপনের ছবি টুইটারে ব্যাপক শেয়ার হয়েছে এবং সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
অনেকে এ ধরনের বিজ্ঞাপনকে ‘দাসত্বের বিজ্ঞাপন’ হিসেবে বর্ণনা করেছেন।
যে ওয়েবসাইটে এই বিজ্ঞাপনটি প্রচার করেছে তারা এখন ব্যাপক সমালোচনার মুখে।
সেখানে একজন মন্তব্য করেছেন, “ নারী গৃহকর্মী উপহার দেয়া যায়?”
আরেকজন মন্তব্য করেছেন, “ মানুষ তাহলে পণ্য হয়ে গেলো।দারুণ আইডিয়া!”
অনেকে বলছেন ভারতের শহরাঞ্চলে গৃহকর্মী অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই ধরনের অনলাইন বিজ্ঞাপন গৃহকর্মী খুঁজে পেতে সাহায্য করবে।
কিন্তু বিজ্ঞাপনের ভাষা এবং উপস্থাপনা ভুল বার্তা দিচ্ছে।
এই ওয়েবসাইটের অন্যতম প্রতিষ্ঠাতা অনুপম সিনহাল বলছেন তারা কাউকে আঘাত কিংবা ছোট করার জন্য এ বিজ্ঞাপন দেননি।
হালকাভাবে এই বিজ্ঞাপন তুলে ধরা হয়েছে বলে মি: সিনহাল বলছেন।
বিজ্ঞাপন নিয়ে এই ওয়েবসাইট এর আগেও বিতর্ক তৈরি করছিল। ধর্মীয় পরিচয় কিংবা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে গৃহকর্মী পছন্দ করার বিজ্ঞাপন তারা দিয়েছিল।
মি: সিনহাল বলেন ধর্মীয় কিংবা আঞ্চলিক পরিচয়ে গৃহকর্মী নিয়োগের বিজ্ঞাপনের নিয়ে তার প্রতিষ্ঠান একমত নয়।
কিন্তু যারা গৃহকর্মী নেয়, তাদের অনেকেই এগুলো চায় বলেই সেটি বিজ্ঞাপনে উল্লেখ করা হয়। সেজন্যই বিজ্ঞাপনে এ পরিচয়গুলো উল্লেখ করা হয় বলে জানিয়েছেন মি: সিনহাল।
ভারতে এর আগে নানা বিজ্ঞাপন টুইটারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। চলতি বছরের মে মাসে ভারতে একজন মা তার সমকামী সন্তানের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল।
অনেকে সে বিজ্ঞাপনকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে সেটির সমালোচনা করে। bbc

প্রেমিকের সাথে 'পালিয়ে যাওয়ায়' পাথর ছুঁড়ে হত্যা

 
    এই জায়গাটিতে রোখসানাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়।        
         
বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগ আফগানিস্তানে একজন নারীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে।
মোবাইল ফোনে ধারণ করা পাথর ছুঁড়ে হত্যার ৩০ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গর্তে থাকা সেই নারীকে ঘিরে একদল মানুষ পাথর ছুঁড়ছে। অন্যদিকে তার প্রেমিককে চাবুক মারা হচ্ছে।
জানা গেছে, সেই নারীর নাম রোখসানা এবং তার বয়স ১৯ থেকে ২২ এর মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে পাথর ছুঁড়ে মারার সময় সেই নারী চিৎকার করছেন।
একটি সংবাদ সংস্থা বলছে, তালেবান নিয়ন্ত্রিত এলাকা ঘোর প্রদেশে এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে।
রেডিও ফ্রি ইউরোপের খবরে বলা হয়েছে, সেই নারী বিয়ের উদ্দেশ্যে তার ২৩ বছর বয়সী প্রেমিকের সাথে ঘর থেকে পালিয়ে গেছে।
স্থানীয় তালেবান এবং ধর্মীয় নেতারা তাকে পাথর মেরে হত্যা করে। রোখসানাকে পাথর মেরে হত্যা করা হলেও তার প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেয়া হয়।
আফগানিস্তানে এ ধরনের হত্যাকাণ্ড বিরল ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে কাবুলের কেন্দ্রস্থলে এক নারীকে পিটিয়ে এবং গায়ে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করা হয়।
তার বিরুদ্ধে কোরআন পোড়ানোর মিথ্যে অভিযোগ তোলা হয়েছিল।
সেই হত্যাকাণ্ড আফগানিস্তানের ভেতরে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। bbc

সৌদি বাদশাহর 'গোপন স্ত্রী' পেলেন আড়াই কোটি ডলার

 
                     সৌদি বাদশাহ ফাহাদের 'গোপন স্ত্রী' জানান হার্ব     
           
প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদের ‘গোপন স্ত্রী’ বলে দাবিদার এক মহিলা লন্ডনের হাইকোর্টে মামলা করে আড়া্ই কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন।
৬৮ বছর বয়সী জানান হার্ব দাবি করেন যে সৌদি বাদশাহ ফাহাদ ১৯৬৮ সালে তাঁকে গোপনে বিয়ে করেছিলেন।
ফিলিস্তিনি বংশোদ্ভূত জানান হার্ব আরও বলেন, বাদশাহ ফাহাদের পরিবার তাদের বিয়ের বিরোধী ছিলেন, কারণ তিনি খ্রীষ্টান পরিবার থেকে এসেছেন। কিন্তু বিয়ের আগে তিনি ইসলাম ধর্মে দীক্ষা নেন।
মামলায় জানান হার্ব অভিযোগ করেন, ২০০৫ সালে মৃত্যুর আগে বাদশাহ ফাহাদ যখন গুরুতর অসুস্থ, তখন তাঁর এক ছেলে প্রিন্স আবদুল আজিজ লন্ডনের ডরচেষ্টার হোটেলে তাঁর সঙ্গে দেখা করেন। সেসময় প্রিন্স আবদুল আজিজ তাঁকে আশ্বাস দেন যে, রাজপরিবার তার ভরণপোষণের দায়িত্ব নেবে।
                 প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদ
বাদশাহ ফাহাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রিন্স আবদুল আজিজ তাঁর সৎ মাকে ১২ মিলিয়ন ডলার নগদ অর্থ ছাড়াও চেলসীর দুটি ফ্ল্যাট দেয়া হবে বলে জানান।
কিন্তু লন্ডনের হাইকোর্টে পেশ করার লিখিত বিবৃতিতে প্রিন্স আবদুল আজিজ এরকম কোন প্রতিশ্রুতির কথা অস্বীকার করেছেন।
কিন্তু হাইকোর্ট এই মামলায় জানান হার্বের পক্ষেই রায় দিয়েছে।
হাইকোর্ট রুল জারি করেছে যে তাকে পনের মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং লন্ডনের চেলসীতে দুটি বাড়ীর মূল্য বাবদ আরও দশ মিলিয়ন ডলার দিতে হবে। bbc

তাইওয়ান-চীন সম্পর্ক: ছেষট্টি বছরের বরফ কি গলছে?

 
                     প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট মা ইং জিউ।      
          
চীন ও তাইওয়ানের প্রেসিডেন্টদের মধ্যে প্রথমবারের মতো দেখা হতে যাচ্ছে।
ঐতিহাসিক এই ঘটনাটি ঘটতে যাচ্ছে আগামী শনিবার, সিঙ্গাপুরে।
তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই আলোচনার একমাত্র উদ্দেশ্য হল তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি স্থাপন করা।
চীন থেকেও বৈঠকটির খবর নিশ্চিত করা হয়েছে।
তাইওয়ান ১৯৪৯ সালে মূল ভূখণ্ড চীন থেকে আলাদা হবার পর গত ছেষট্টি বছরে একবারের জন্যও মুখোমুখি হননি দুদেশের প্রেসিডেন্ট।
ফলে দুই প্রেসিডেন্টে মধ্যে একটুখানি সাক্ষাৎ, সামান্য কুশলাদি বিনিময়ই যে ইতিহাসের জন্ম দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
অবশ্য এ বৈঠকের পর কোনও চুক্তি যে হবে না সেটা আগেই স্পষ্ট করা হয়েছে।
তাইওয়ানের মুখপাত্র জানাচ্ছেন, বৃহস্পতিবারই একটি সংবাদ সম্মেলন করে এই বৈঠকে যোগ দেয়ার ব্যাপারে নিজ তরফের ব্যাখ্যা তুলে ধরবেন প্রেসিডেন্ট মা ইং জিউ।
তাইওয়ান স্বশাসনে যাবার পর থেকেই দুদেশের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে।
তাইওয়ান নিজেদেরকে সার্বভৌম রাষ্ট্র বলেই মনে করে।
কিন্তু চীনের দাবী দ্বীপটি তাদেরই অংশ।
চীন মনে করে তাইওয়ান একদিন চীনের সাথে আবারো মিলে মিশে যাবে। bbc

মালদ্বীপে একমাসের জন্য জরুরি অবস্থা জারি

 
    Maldives President                 মালদ্বীপের প্রেসিডেন্ট নিরাপত্তা হুমকি মোকাবেলায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জরি করেছেন।     
           
মালদ্বীপের সরকার জাতীয় নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তার প্রতি হুমকি ঠেকাতে এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছে।
দুদিন পর বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রাটিক পার্টি, এমডিপি সরকার বিরোধী একটি বড় বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা নিয়েছে। তার আগে সরকার এই জরুরি অবস্থা ঘোষণা করল।
মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন দেশের নিরাপত্তা বাহিনীকে সন্দেহভাজনদের গ্রেপ্তারের ঢালাও ক্ষমতা দিয়েছেন।
দেশটির অ্যাটর্নি জেনারেল বলেছেন সম্প্রতি দুটি ভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং বিপদজনক অস্ত্রশস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রও উদঘাটন করা হয়েছে।
সোমবার কর্তৃপক্ষ জানায় প্রেসিডেন্ট ভবনের সামনে পেতে রাখা একটি বোমা তারা সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
এমডিপি নেতা মোহাম্মদ নাশিদকে সন্ত্রাস দমন আইনে দোষী সাব্যস্ত করে মার্চ মাসে কারাবন্দী করা হয়। ওই রায় নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
                                  ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি।                
                 প্রেসিডেন্ট ও তার স্ত্রী বহনকারী নৌযান বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয় ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে                
অ্যাটর্নি জেনারেল মোহাম্মেদ অনিল বলেছেন, ''উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক জনসাধারণ ও দেশের নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় জাতীয় নিরাপত্তা কাউন্সিল মালদ্বীপের জনগেণের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বের পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে।''
সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার আওতায় কিছু মৌলিক অধিকার এবং স্বাধীনতা খর্ব করা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে মালদ্বীপে রাজনৈতিক অর্ন্তদ্বন্দ্ব বেশ প্রকট হয়ে উঠেছে।
ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেপ্তার করা হয়েছে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে। প্রেসিডেন্টকে বহনকারী একটি নৌযান বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
নৌকায় ওই বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী আহত হয়েছিলেন।